এসএসসিতে ফেল করায় নবাবগঞ্জে পরিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সিংহড়া গ্রামে মুক্তা ঢালী নামে (১৭) এক শিক্ষার্থী মঙ্গলবার সকালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মুক্তা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মদনখালী গ্রামের শান্তি ঢালীর মেয়ে।

মামা মলয় বেপারীর বাড়ি বেড়াতে এসে সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর মুক্তা জানতে পারেন যে, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তিনি।এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার এএসআই ফিরুজ নিউজ৩৯কে জানান, অন্য কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ তার মামা মলয় বেপারীর কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের মামা মলয় বেপারী বলেন, ‘মুক্তা সোমবার পরীক্ষার ফলাফল পেয়ে ফেল করেছে জেনে মন খারাপ করে ছিল। মঙ্গলবার সকালে সবার অজান্তে সে আত্মহত্যা করে।’

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই জখম

বেড়েই চলছে ইভটিজিং। রুপ নিয়েছে সামাজিক ব্যাধির। এবার ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটে কর্তৃক গুরুতর জখম হয়েছে ইভটিজিং এর শিকার মেয়ের ভাই।
আর আহতের নাম কনক। সে মেয়ের বড় ভাই। দোহার থানার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাদিয়া (ছদ্মনাম) স্কুলে যাওয়ার পথে তাকেসহ তার বান্ধবীদের নিয়মিত উত্ত্যক্ত করতো ফাহিম-মন্টুসহ ৬/৭ জনের একটি দল। ইতিপূর্বে এ নিয়ে গ্রাম্য সালিস বসে ফাহিমকে শাসানো হয়।
জানা যায়, রবিবার নাদিয়া ও তার বান্ধবীরা স্কুলে যাওয়ার পথে; ফাহিম-মন্টু বরাবরের মতো উত্ত্যক্ত করে। এতে ঐদিনই বিকালে কনকের সাথে তীব্র বাক-বিতন্ডায় হাতাহাতি হয় ফাহিমদের। রবিবার সন্ধ্যার পরে আগে থেকেই ওৎ পেতে থাকা ফাহিম ও তার সংঙ্গী-সাথীরা বাড়ী ফেরার পথে দেশীয় অস্ত্রে-শাস্ব্রে সজ্জিত হয়ে আক্রমন করে এলোপাথাড়ি কোপাতে থাকে কনককে। এসময় গুরুতর আহতাবস্থায় কনককে দোহার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত ডাক্তার তাকে এক্স-রে করে মাথায় আটটি সেলায় দেয়।
বিষয়টি নিয়ে এলাকায় সমঝোতার চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে এ রিপোর্টের লেখা পর্যন্ত থানায় কোনো ডায়েরী বা মামলা হয়নি বলে জানা গেছে।

চাঁদার প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে আহত

দোহারের রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া গ্রামের ইজ্জত আলী মাদবরের ছেলে বিপ্লবকে(৩০) চাঁদার দাবিতে পিটিয়ে আহত করেছে স্থানীয় মৃত কালু মেম্বারের ছেলে রাশেদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, প্রায় ১২/১৫ দিন পূর্বে স্থানীয় যুবক রাশেদ বিপ্লবের কাছে চাঁদা দাবি করে। এ ঘটনার জের ধরে গত ৬ মে রোববার রাজমিস্ত্রির কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তৈয়ব আলী মাদবরের বাড়ির নিকট আশা মাত্র আগে থেকে প্রস্তুত হয়ে থাকা রাশেদ(২৬), রাজু(১৯), নাজমুল(১৯)সহ আরো তিন স্থানীয় যুবক তার উপর আক্রমন করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনাকে কেন্দ্র করে দোহার থানায় অভিযোগ করলে দোহার থানা পুলিশ তাৎক্ষনিক তিনজনকে গ্রেফতার করে। রাশেদ, রাজু, নাজমুলকে নবাবগঞ্জের সাদাপুর থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য রাশেদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ ছাড়াও অস্ত্র মামলা আছে।

সোনিয়া গান্ধির অনুদানে দোহার-নবাবগঞ্জে মন্দির ভিত্তিক পাঠদান

পরিতোষ ♦ সোনিয়া গান্ধির অনুদানে দোহার নবাবগঞ্জে চলছে মন্দির ভিত্তিক পাঠদান। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ৩০ জন ছাত্রের একটি ব্যাচ নির্দিষ্ট মন্দিরে পড়ানো হয়। সারা দেশসহ দোহার নবাবগঞ্জের প্রতিটি ইউনিয়নে প্রধান মন্দির গুলোতে চলছে এই কার্যক্রম। জানা যায়, রাজিব গান্ধী তহবিল থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতায় হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। একজন হিন্দু ধর্মীয় শিক্ষক ১৮০০ টাকা বেতনে এই পাঠদান করছেন। সাধারণতঃ ৪/৬ বছরের শিশুদের ধর্মীয় এই পাঠদান করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দোহার থানা ঋষি বাড়ী মন্দিরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আড়িয়াল বিলে ইরি ধানের বাম্পার ফলন

আড়িয়াল বিলে ইরি ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বছরের মত এবারও এখানে ইরি ধানের চাষ করা হয়। ধানের ফলন দেখে কৃষকরাও সন্তুষ্ট । এখন ধান সংগ্রহ ও মারাই এর কাজ শুরু হয়েছে। জমির মালিকদের কাছ থেকে জানা যায় এবারের ধানে চিটার পরিমান তুলনা মুলক ভাবে কম। এবারের এই বাম্পার ফলনের ফলে হাসি ফুটেছে সাধারন কৃষকের মুখে।

কৃষক মজিবর শিকদার বলেন, এবার লোডশেডিং বেশি হওয়ায় তাদের তাদের সেচ কাজে একটু  সমস্যা হলেও, কৃষকদের আন্তরিক পরিচর্যা ও পর্যাপ্ত পানি সেচ, সারের যোগান এই ফসল ফলাতে ভুমিকা রেখেছে।

তিনি আরও বলেন, তাছাড়া সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় এবং শিলা বৃষ্টি না হওয়ায় ফলন ভাল হয়েছে বলে জানান ইরি প্রজেক্টের মালিকেরা। তাছাড়া এবার ধানের রোগ বালাই না থাকায় এবার কৃষকরা ধানের বাম্পার ফলন ঘরে তুলতে পারবেন বলে যানান প্রজেক্ট মালিকরা।

গত বছর চেয়ে এবার বিদুৎ সমস্যার কারনে তেলের মাধ্যমে তারা জেনারেটরের মাধ্যমে সেচ চালান। তারপর ও ফলন ভাল হয়ায় তাদের তেমন কোন ক্ষতি হবে না, প্রজেক্ট মালিকরাও এবার আর্থিক ভাবে প্রচুর লাভবান হবেন বলে আসা করছেন। গত কয়েক দিন ধরে ধান কাটা শুরু হয়েছে।

তবে কৃষকদের আক্ষেপ করে বলতে শোনা যায়, তারা ব্যাঙ্কে গেলে পর্যাপ্ত সহযগীতা পান না। পাননি সরকারি সারের ভর্তুকি। বিদ্যত ও পাননি চাহিদা মোতাবেক। কিন্তু ধান ও চালের দাম বাড়ায় তারা আসা করছেন ন্যায্য মূল্য পাবেন।  

ইতিহাসের এই দিনে: ৭ মে

বছরের ১২৮ তম দিন (অধিবর্ষে)

১৭১৮: আমেরিকায় জ্যা ব্যাপটিস্ট কর্তৃক নিউ অরলিয়ন্স শহর প্রতিষ্ঠিত হয়।  

১৮৪০: মিসিসিপির নাচেজে টর্নেডোর আঘাতে ৩১৭ জন নিহত হয় যা আমেরিকার ইতিহাসে ২য় বৃহত্তম সংখ্যা।

১৮৪৬: এখন পর্যন্ত টিকে থাকা আমেরিকার সবচে’ পুরোনো সাপ্তাহিক ক্যাম্ব্রিজ ক্রনিকল ক্যাম্ব্রিজ থেকে প্রথম প্রকাশিত হয়।

১৯৪৬: মাত্র ২০ জনের মতো কর্মী নিয়ে টোকিও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে সনি নাম নেয়।

১৯৪৮: নেদারল্যান্ডের হেগ কংগ্রেসে কাউন্সিল অব ইউরোপ প্রতিষ্ঠিত হয়।

১৯৯৮: মোটরগাড়ী নির্মাতা প্রতিষ্ঠান মার্সেডিজ-বেঞ্জ ৪০ বিলিয়ন ডলারে ক্রিসলার কিনে নিয়ে ডাইমলারক্রিসলার গঠন করে।

১৯৯৯: সাবেক যুগশ্লাভিয়ার বেলগ্রেডে চীনা দূতাবাসের উপর ন্যাটোর বিমান হামলায় ৩ চীনা নাগরিক নিহত হয় ও ২০ জন আহত হয়।

 

জন্ম:

১৮১২: ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং জন্মগ্রহণ করেন।

১৮৬১ – রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু।

১৯৩১ – সিদ্দিকা কবীর, বাংলাদেশের পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ।

 

মৃত্যু:
১৯০৯ – হের্মান অস্ট্হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯৭১ – রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর ছিলেন।

আজ:

রাশিয়া ও বুলগেরীয়ায় রেডিও দিবস।

প্রকাশ্যে শতাধিক গাছ কর্তন ও সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দিনের আলোতে সবার সামনে কেটে ফেলা হল শতাধিক গাছ। উত্তর জয়পাড়া চৌধুরী পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ৩০/৪০ জনের ভাড়াটে একটি সন্ত্রাসী দল শুক্রবার সকাল ৯টার দিকে জসিমউদ্দীনের বসত ভিটার গাছ কেটে ফেলে।

উমেদ আলি ও পরশ আলী ও সেলিমের নির্দেশে প্রতিবেশী জসিমউদ্দীনের দোকানের পাশের তার বসতভিটার প্রায় সবগুলো গাছ দ্রুততার সাথে কেটে ফেলে চলে যায় সন্ত্রাসীরা, গাছের মালিকের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। এসময় সন্ত্রাসীরা বাদী পক্ষের ৭ম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্র মিঠুনকে (১২) ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে।

বাদী পক্ষ খবর দেবার প্রায় ২ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনায় ক্ষতিগ্রস্থ জসিমউদ্দীন দোহার থানায় ১৪৩, ১৪৪, ৪৪৭, ৪২৭ ধারায় একটি মামলা করেন, ওসি জানান আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করা হয়েছে। ৭ জনের নামে করা মামলায় পুলিশ ৩ জনকে ঘটনার দিনই গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল উমেদ আলী, শাহিন ও থানার মোড়ের খলিল।

ঘটনার ২ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন দোহার থানার ওসি আলমগীর। থানার তিনটি গাড়ীর মধ্যে একটি নষ্ট ও বাকি দুইটি টহলে থাকার পরও পুলিশ সিএনজিচালিত গাড়ী নিয়ে ঘটনাস্থল পৌঁছায়।

ঘটনার পরদিন শনিবার আসামী খলিলকে জামিন নিয়ে জয়পাড়ায় মোটরসাইকেল নিয়ে মহড়া  করতে দেখা যায়।

দোহারে অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ :: বৃহস্পতিবার মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী উর্মী। ঊর্মির বাড়ী দোহার থানার দক্ষিন ইউসুফপুর গ্রামে। তার পিতার নাম ফয়জুল ইসলাম পেশায় জয়পাড়া পরিবহনের হেল্পার।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে পরীক্ষা শেষে বাড়ি ফিরলে প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝগড়া হয়। প্রতিবেশীরা জানায় এতে উর্মী শারীরিকভাবে আঘাত করা হয়, এরপর সন্ধ্যা সাতটার দিকে সে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। দীর্ঘক্ষণ পরেও দরজা না খুললে আনুমানিক রাত ৯টার দিকে দরজা ভেংগে তাকে বিষ পানের কারনে অচেতন অবস্থায় পাওয়া যায়।

দ্রুত তাকে জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ নিতে পরামর্শ দেন। রাত সাড়ে দশটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ভোর পাঁচটার দিকে সে মারা যায়।

ইদানিং দোহার, নবাবগঞ্জ এলাকায় উর্মীর বয়সী ছেলেমেয়েদের আত্মহত্যার ঘটনা বেড়েছে। এ ব্যাপারে ডা. হরগোবিন্দ সরকার (অনুপ)-এর সাথে যোগাযোগ করালে তিনি নিউজ ৩৯ কে জানান, “এ বয়সে সাধারণত আবেগটা বেশি থাকে, সহ্য ক্ষমতা থাকে কম, তাই অতি অল্প কষ্টেও অনেক সময় বড় হয়ে দেখা দেয়। আবার দেখা যায়, তারা তাদের কষ্টের কথাও কারো সাথে ভাগাভাগি করতেও পারে না।”

বন্ধ হয়ে গেল কিছুক্ষন সিনেমা হল

কামরুল/আলমাস, নিউজ ৩৯ ♦ ক্রমাগত লোকসান, মানহীন সিনেমা প্রদর্শন, দর্শকের জন্য হলের পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব আর সর্বপরি দর্শকের হল বিমুখিতা সব কিছু মিলিয়ে বন্ধের পথে জয়পাড়ার কিছুক্ষন সিনেমা হল। জানা গেছে জমিসহ সিনেমা হলটি ৩ কোটি ৪০ লক্ষ টাকায় বিক্রি করা হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে কিছুক্ষন সিনেমা হল ভেঙ্গে ঐ স্থানে  সুপার মার্কেট বা কারখানা করা হতে পারে।

সময় গড়ানোর সাথে সাথে সংকুচিত হয়ে পড়ছে দোহার থানার বিনোদনের প্রধান কেন্দ্রগুলো। কাঁচারীঘাট সিনেমা হল, জয়পাড়া পুরাতন সিনেমা হল, সুতারপাড়া সিনেমা হলের বন্ধের তালিকায় যোগ হলো কিছুক্ষন সিনেমা হল। ফলে বিনোদনের ব্যবস্থা দিনে দিনে কমে আসছে দোহারবাসীর। সেই সাথে অশ্লীল যাত্রা পালা, নৃত্যের নামে অশ্লীলতা ভ্যারাইটি শো এই সব অপসংস্কৃতির আগ্রাসনে বন্ধ হতে বসেছে সুস্থ বিনোদন। আর এই অপসংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে না পারার খেসারত দিচ্ছে ৬০ এর দশকের সুস্থ বিনোদনের এক মাত্র মাধ্যম সিনেমা হল।

গত কয়েক বছর থেকে টানা ক্ষতির মুখে থাকা এই সিনেমা হলটি বিক্রি করে দিতে অনেকটা বাধ্য হয় মালিক পক্ষ। জানা গেছে উত্তর জয়পাড়ার তিন দোকান নিবাসী আমীন বেপারীর ছেলে এই সিনেমা হলটি ক্রয় করে নিয়েছেন।

দোহার পৌরসভায় নিয়ন লাইট স্থাপন

কামরুজ্জামান/আলমাস, নিউজ ৩৯ ♦ দোহার পৌরসভায় অবশেষে স্থাপন করা হচ্ছে নিয়ন লাইট। দোহার পৌরসভার নয়টি ওর্য়াডে এই লাইটগুলো স্থাপন করা হবে। দোহার পৌরসভায় মোট ৯৫০ টি নিয়ন রাইট স্থাপন করা হবে।

তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে মাত্র আট বছরে প্রথম শ্রেনীর পৌরসভায় পরিনত হওয়া দোহার পৌরসভার উন্নয়নের জন্য ইতিমধ্যে ১২০০ টি নিয়ন লাইট স্থাপন করার কাজ চলছে।

প্রাথমিক পর্যায়ে দোহার পৌরসভার নয়টি ওর্য়াডে এই ৯০০টি লাইট ও করম আলীর মোড় থেকে দোহার ফিলিং স্টেশন পর্যন্ত ৫০টি লাইট স্থাপন করা হচ্ছে। আর বাকি ২৫০ লাইট এই লাইট স্থাপন করা নিয়ে দোহার পৌরসভার জনসাধারনের মাঝে দেখা দিয়েছে উৎসাহ।