নবাবগঞ্জে একটি বাড়ি একটি খামার গ্রাম নির্বাচনী সভা

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকার ঘোষিত একটি বাড়ি একটি খামার প্রকল্পের গ্রাম নির্বাচনী সভা করেছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে আওতাধীন ১০টি ইউনিয়নের ৫ হাজার ৪’শ পরিবারকে অন্তভূক্ত করা হবে।

বৃহস্পতিবার দুপুরে কলাকোপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদসদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল সভায় জানান, উপজেলার ১০ টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের অতিদরিদ্র পরিবার গুলোতে সচ্ছলতা ফিরিয়ে আনতে তাদের চিহ্নিত করা এবং প্রতিটি ওয়ার্ডে ৬০ সদস্য বিশিষ্ট একটি সমিতি গঠন করা হবে।

এদের প্রাথমিক ভাবে সমিতির মাধ্যমে তার ব্যাংক একাউন্টে প্রতিমাসে ২০০ টাকা জমা করতে হবে এবং সরকারী তহবিল থেকে আরো ২০৯ টাকা দেবে সরকার। পরে সরকারি ভাবে তাদের ঋণ দেয়া হবে। যাতে তাদের পরিবার গুলো বাড়তি উপার্জন করতে পারে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা দেওয়ান মাহবুবুর রহমান। আরো উপস্থিত ছিলেন কলাকোপা ইউপি চেয়ারম্যান তৈয়ব আহম্মেদসহ ৯টি ওয়ার্ডে ইউপি পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ।

নবাবগঞ্জে রিভলবারসহ গ্রেফতার ১

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিদেশী রিভলবারসহ অহিদউর রহমান অহিদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ সেপ্টেম্বর শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কামারখোলা গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অহিদ উল্লেখিত গ্রামের মবজেল খানের ছেলে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক রাসেল জানান, ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে চুড়াইন রিক (এনজিও) অফিসের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে ঐরাতে পুলিশ অহিদের বাড়িতে গিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ  করেন।

এক পর্যায়ে  সে অস্ত্রের কথা স্বীকার করে একই গ্রামের ফজল মিয়ার পরিত্যাক্ত ভিটায় নিয়ে যায়। সেখানে একটি খরের পালার ভিতর থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো কাঠের বাট যুক্ত একটি বিদেশী রিভলবার বের করে দেয়। এসময় পুলিশ তাকে অস্ত্রসহ  গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান অহিদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে চুড়াইন রিক (এনজিও) অফিসে অহিদের স্ত্রী মরিয়ম বেগম পূর্বের টাকা পরিশোধ করে পূণরায় ঋণের জন্য আবেদন করলে অফিস কর্মকর্তারা তাকে ঋণ দিতে অপরাগতা জানান।

তাৎক্ষনিক মরিয়ম তার স্বামী অহিদকে অফিসে খবরদিয়ে এনে বিস্তারিত জানান। কেন ঋণ দেয়া হবে না অহিদ রিক কর্মকর্তাদের কাছে জানতে চাইলে অহিদের সাথে কর্মকর্তাদের তর্ক-বিতর্ক হয়। অহিদ তখন কোমর থেকে রিভলবার বের করলে অফিসারদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে রিভলবার থেকে গুলি বের হয়ে অহিদের হাতের আঙ্গুলে লাগে। গুলির শব্দ শুনে  স্থানীয়রা ঘটনাস্থলে এলে অহিদ ও তার স্ত্রী চলে যায়। শুক্রবার রিক কর্মকর্তারা নবাবগঞ্জ থানায় অহিদের বিরুদ্ধে জিডি করেন।

নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিকীর মৃত্যু

0

নিউজ৩৯ ♦ বিশিষ্ট শিক্ষাবীদ, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকী বার্ধক্যজনিত কারনে শুক্রবার সকাল ৯টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বিকালে দোহার পৌরসভায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আজীবন সহজ, সরল ও অমায়িক জীবন যাপন করা আবু বকর সিদ্দিকী স্যার ছিলেন সকলের প্রিয় মানুষ। কর্মজীবনে তিনি নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি নবাবগঞ্জ এতিমখানার শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দোহার উপজেলা জামায়াত ইসলামের সাবেক বায়তুল মাল সম্পাদক ছিলেন।

তার নামাজে জানাজায় উপস্থিত মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডা. বোরহান উদ্দিন খান বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বাধীনতা যুদ্ধে তার ভুমিকা ইতিহাসে অবিস্বরনীয় হয়ে থাকবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে ও মানুষ হিসাবে তার যদি কোন ভুল করে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।

এই সময় দোহার উপজেলা জামায়াত ইসলামের আমির প্রিন্সিপাল এবিএম কামাল হোসেন বলেন,  হযরত আবু বকর(রাঃ) এর মতো তার জীবন ছিল। আমরা তাকে দেখছি, তার সান্নিধ্যে এসেছি। তিনি ছিলেন চলমান আবু বকর(রাঃ)। এই সময় তাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশ।

দোহারের চান্দেরবাজারে রহস্যজনক মৃত্যু নাকি খুন

0

নিউজ৩৯♦ দোহারের বানাঘাটার চান্দেরবাজারে গৃহবধুর মৃত্যু নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে। এটা কি পরিকল্পিত হত্যা নাকি “অশরীরি দূর্ঘটনায়” রহস্যজনক মৃত্য। বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায় নি। নিহতের পিতা শেখ আবুল হোসেন মঙ্গলবার রাতে নুরজাহান (১৮) কে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে দোহার থানায় অভিযোগ করেন। 

এ ঘটনায় পুলিশ হত্যার অভিযোগে নিহতের স্বামী শফিকুল ইসলাম (২৬) ও তার নানী শুক্কুরী বেগম (৫২)-কে আটক করেছে। জানা যায়, নুরজাহানের লাশ মঙ্গলবার রাত ১০টায় চান্দেরবাজারের নিকট থেকে উদ্ধার করে পুলিশ। এসময় এলাকাবাসী ধারণা করে মৃত্যুটা “জিন/ভূতের কাজ”। কিন্তু পরবর্তীতে থানায় লাশ আনা হলে তার গলায় দাগ পাওয়া যায়।

দোহার থানার ওসি আলমগীর হোসেন নিউজ৩৯-এর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দুইজনকে গ্রেফতারের কথা স্বীকার করেন। তিনি নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথাও স্বীকার করেছেন।

বৃহস্পতিবার সকালে তাদের কোর্টে চালান করে দেওয়া হয়েছে। এরপূর্বে বুধবার সকালে নুরজাহানের লাশ পোস্টমর্টাম করার জন্য মিটফোর্ডে পাঠানো হয়।

নুরজাহানের বাবা আবুল হোসেন জানান, শফিকুল তার মেয়েকে প্রায়ই নির্যাতন করতো।

নবাবগঞ্জে লাভলু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

0

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাহ্রাচর কান্দি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে লাভলু হত্যা মামলার প্রধান আসামী মৃদুল হোসেন (২৫) কে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬টার দিকে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে বাহ্রাচরের কান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ইশতিয়াক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টায় গাজীপুর জেলার ভবাণীপুর নওলাপাড়া গ্রামের একটি মেস বাসায় অভিযান চালিয়ে লাভলু হত্যা মামলার প্রধান আসামী মৃদুলকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃদুল হত্যার কথা স্বীকার করেছে। বুধবার ৫ দিনের রিমান্ডচেয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্ল্যেখ, গত ৯ জুলাই উপজেলার বাহ্রা চর কান্দি এলাকার সালাহউদ্দিনের বাড়ীর পাশের পাট ক্ষেতে বখাটেরা লাভলুকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে ৩ জনকে আসামী করে মামলা করেন। এ মামলার আরেক আসামী ইমরান কারাগারে রয়েছে। অপর একজন পলাতক রয়েছে।

দোহারে বিদুৎ অফিস ঘেরাও করেছে অটোরিক্সা মালিক ও চালকরা

0

দোহার থানার অটোরিক্সার মালিক ও চালকদের বাড়ির আবাসিক মিটারকে বাণিজ্যিক মিটারে পরিবর্তন করায় গত কাল দুপুর ১২.০০ টার দিকে দোহার জোনাল অফিসের সামনে অটোরিক্সার মালিক ও চালকরা রাস্তা অবরোধ করে রাখে। এসময় ব্যারিস্টার নাজমুল হুদার গাড়িবহর সেখান দিয়ে যাওয়ার সময় তাঁর কাছে এ বিষয়টি জানানো হয় এসময় তিনি তাদের আশ্বাস দেন।

এবিষয়ে দোহার জোনাল অফিসার মহম্মদ আব্দুল লতিফ নিউজ৩৯কে জানান, কোন দাবিদাওয়া নিয়ে এখন পর্যন্ত কেউ আসেনি। সরকার গত ১১/৮/১৩ তারিখে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, যারা অটো রিক্সা চালায় তাদের বাড়ির মিটার বাণিজ্যিক মিটারে পরিবর্তন করতে হবে।

পরে অবরোধকারীরা দোহার নির্বাহী অফিসার শামিম হক পাভেলের নিকট একটি আবেদন পত্র জমা দেয়। এ সময় নির্বাহী অফিসার তাদেরকে আন্দোলন না করে সরকারের কাছে মিটারের জন্য আবেদন করতে বলেন। তিনি বাংলাদেশের আন্দোলনের প্রেক্ষাপটে বলেন, আন্দোলনের ফলে আন্দোলন কারি ও প্রশাসনের উভয়েরই ক্ষতি হয় । তাই আন্দোলন না করে শান্তিপূর্ণ ভাবে কাজ করার পরামর্শ দেন।

দোহার থানার এসআই শিব শংকর তাদের পরামর্শ দেন যে, তাঁরা সরকারের কাছে কিছু মিটারের জন্য পরামর্শ দেন । এসময় গাড়ি চালকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

 

নবাবগঞ্জ উপজেলা স্টাফ কোয়ার্টারের পুকুরে নারীর লাশ উদ্ধার

গত ৩০ আগষ্ট শুক্রবার নবাবগঞ্জ উপজেলার স্টাফ কোয়াটারের পুকুর থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ পুলিশ।

 নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ইশতিয়াক রাসেল জানান, শুক্রবার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলার স্টাফ কোয়াটারের পুকুরে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ ভেঁসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে সূরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

তিনি আরো জানান, মৃতদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সংবিধান সমুন্নত রেখেই নির্দলীয়, নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব: নাজমুল হুদা

চুল পরিমাণ না নড়েও যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে সমুন্নত রেখে একটি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন সম্ভব, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ/উপ-অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে অবহিত করতেই আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আমার প্রস্তাবসমূহ নিম্নরূপ :

১। মাননীয় প্রধানমন্ত্রী সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করবেন বাংলাদেশ নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করতে এবং সেই লক্ষ্যে জাতির স্বার্থে বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে।

২। মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর এতদসংক্রান্ত পরামর্শ অনুযায়ী দুই নেত্রীর সম্মতিক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অপর চারজন নির্বাচন কমিশনারকে নিয়োগ প্রদান করবেন।

৩। মাননীয় প্রধানমন্ত্রী সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী তার নির্বাহী ক্ষমতা নির্বাচনকালীন সময়ের জন্য নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের হাতে ন্যস্ত করবেন।

৪। মাননীয় প্রধানমন্ত্রী অনুচ্ছেদ ৭২(১) এর দ্বিতীয় শর্ত মোতাবেক মহামান্য রাষ্ট্রপতিকে অবিলম্বে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেবেন এবং মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জাতীয় সংসদ ভেঙে দেবেন।

৫। সংসদ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে সংবিধানের ৫৭(১) (খ) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে।

৬। সংসদ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে সংবিধানের ৫৮(১) (খ) অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীদের পদ শূন্য হবে।

৭। মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এবং তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে নির্দেশ দেবেন এবং সরকারি কর্মকর্তাদের নিয়োগ-বদলিসহ আইনশৃঙ্খলা রক্ষা করা সংক্রান্ত প্রধানমন্ত্রীর সব দায়িত্ব এবং ক্ষমতা নির্বাচনকালীন সময়ের জন্য প্রধান নির্বাচন কমিশনার নির্বাহ করবেন। নির্বাচন কমিশন নির্বাচনকালীন অতিরিক্ত দায়িত্ব পালনের অংশ হিসেবে সরকারের রুটিন কাজসমূহ সম্পাদন করবেন (সংবিধানের ৫৫(২) ও ১১৯(২) অনুচ্ছেদ অনুসরণে)।

৮। সংবিধানের ১২৩(৩) (খ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন সংসদ ভেঙে যাওয়ার তারিখ হতে পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবেন এবং জাতীয় নির্বাচনের ফলশ্রুতিতে নির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নির্বাচনকালীন অতিরিক্ত দায়িত্বের মেয়াদ শেষ হবে।

দুই নেত্রীর নেতৃত্বাধীন দুই জোটের এ বিষয়ে সংলাপ এখন সময়ের দাবি। জাতির প্রত্যাশা এই সংলাপই দেশকে এক অবশ্যম্ভাবী দুর্যোগের হাত থেকে রক্ষা করতে পারে, নিশ্চিত করতে পারে নির্বাচনকালীন এক শান্তিপূর্ণ সোহার্দ্যপূর্ণ পরিবেশের। প্রয়োজন শুধু সদিচ্চার।

দীর্ঘ ৭ বছর পর উপজেলা বিএনপি অফিস খুললেন নাজমুল হুদা

দীর্ঘ ৭ বছর পর দোহার থানা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় (এবি ব্যাংকের উপরে) পুনরায় খুললেন বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য ব্যাঃ নাজমুল হুদা। আগামী ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষ্যে এক সময়ের সরগরম এই কার্যালয় আবার উপজেলা বিএনপি’র কেন্দ্র হিসাবে মিলন মেলায় পরিণত হবে বলে নেতা-কর্মিদের আশা।

এ ব্যাপারে নাজমুল হুদা নিউজ৩৯ এর এই প্রতিবেদককে জানান, দীর্ঘদিন বিএনপি’র কার্যক্রম ধীরে চললেও অফিসটি ১লা সেপ্টেম্বর থেকে রাজনৈতিকভাবে সরগরম হয়ে উঠবে। নেতা-কর্মিরা এখানে এসে প্রশান্তি লাভ করবে। ১লা সেপ্টেম্বর মুকসেদপুর থেকে বাহ্রা পর্যন্ত একটি র‍্যালী হবে; তারপর এই কার্যালয়ে কেক কেটে অফিসের পুনঃউদ্বোধন করা হবে।

স্বেচ্ছাসেবকদল নেতা মশিউর রহমান মাখন বলেন, দুঃসময়ে অনেকেই বিএনপি ও ব্যাঃ হুদাকে ত্যাগ করে চলে গেলেও আমরা কয়েকজন নিয়মিত অফিসের নিচ তলায় আড্ডা দিয়েছি। চা খেয়েছি। পরম মমতায় দীর্ঘ ৭ বছর জীবনের ঝুঁকি নিয়ে আগলে রেখেছি এই অফিসকে।

উপস্থিত নেতা-কর্মীরা বলেন শীঘ্রয় দাদা পুরনো রুপে ফিরে আসছেন। দলীয় হাই-কমান্ডের নির্দেশে তিনি উপজেলা বিএনপি’র সাংগাঠনিক কাঠামো সুসংগত করছেন ।

এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদল সভাপতি আবুল হাশেম, সহ-সভাপতি আঃ হান্নান, সেক্রেটারী সেণ্টু ভুইয়া, সাবেক জেলা সভাপতি মাসুদ পারভেজ, কলেজ ছাত্রদল সভাপতি জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল আহবায়ক শাখাওয়াত হোসেন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবকদল নেতা মশিউর রহমান মাখন সহ অন্যান্য নেতা-কর্মিরা।  

বান্দুরায় ইছামতিতে ডুবে ব্যাবসায়ীর মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদীতে ডুবে রাব্বি (২০) নামে এক তরুণ ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।

রাব্বির সঙ্গে পিকনিকে আসা মো. সাইফুল আলম জানান, সাভার বাস স্ট্যান্ড থেকে ২৮ আগষ্ট সকাল ৭টায় উৎসব প্লাজার ৭৯ জন ব্যবসায়ী-কর্মচারী পিকনিকের উদ্দেশ্যে ট্রলারে করে রওনা দিয়ে দুপুর ১টার দিকে নবাবগঞ্জের বান্দুরা এসে পৌঁছায়।

পিকনিকে আসা সকলকে নিরাপত্তার জন্য নদীতে নেমে গোসল করতে বারণ করা হয়। সাইফুল আলম আরো জানান, জোহরের নামাজ পড়ার জন্য পিকনিকে আসা লোকজন মসজিদে গেলে নিষেধ অমান্য করে রাব্বি, মুরাদ ও হারুন নদীতে গোসল করতে নামে।

গোসলের এক পর্যায় তারা তিনজনে বান্দুরা হলিক্রশ স্কুলের তীর থেকে নয়নশ্রীর দিকে সাঁতার কেটে নদী পার হতে যায়। নদীর প্রায় দুই তৃতীয়াংশ পার হওয়ার পর রাব্বি নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় তারা নৌকা ও জাল দিয়ে ব্যাপক খুজাখুজি করেও রাব্বিকে উদ্ধার করা সম্ভব হয় নি।

পরে নয়নশ্রী ইউনিয়নের মেম্বার কামালের সহায়তায় থানায় খবর দিলে পুলিশ এসেও তাকে উদ্ধার করতে পারে নি। কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ডুবুরীর দল সন্ধ্যার পর এসে টানা ২ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে রাত সোয়া ৯টার দিকে রাব্বির লাশ ইছামতি নদী থেকে উদ্ধার করে।

লাশ অ্যাম্বুলেন্সে করে সাভারে নিয়ে যাবে বলে জানা গেছে। নিহত রাব্বির গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদরে। তার পিতার নাম আনোয়ার হোসেন। নিহত রাব্বি সাভারের রাজাসন এলাকায় বাবা-মার সঙ্গে বসবাস করত। সাভার উৎসব প্লাজায় রাব্বি ক্রীড়া সামগ্রীর দোকানের মালিক বলে জানা গেছে।