দোহার-নবাবগঞ্জ মডেল উপজেলা হিসেবে গড়তে চাই: এ্যাড সালমা ইসলাম

0

“ঢাকার দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার উন্নয়নের জন্যই জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের কাছে আমি ঋণী। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই উন্নয়ন করতে চাই। এজন্য উপজেলা প্রশাসন, চেয়ারম্যানগন, সাংবাদিক, সব শ্রেণী-পেশাসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।” দশম জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট সালমা ইসলাম ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ) থেকে নির্বাচিত হওয়ার পর রোববার প্রথম পৃথকভাবে দোহার-নবাবগঞ্জ উপজেলা কর্মকর্তা, প্রশাসন, চেয়ারম্যান ও সাংবাদিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, “দলীয় ভেদাভেদ ভুলে এলাকার জন্য সবাই একসঙ্গে কাজ করলে উন্নয়ন হবেই ইনশাআল্লাহ। দোহার-নবাবগঞ্জে গ্যাস সংযোগ দেয়ার সার্বিক উদ্যোগের প্রত্যয় ব্যক্ত করে বলেন, এলাকায় গ্যাস সংযোগ দিলে শুধু রান্নার সুযোগ-সুবিধাই হবে না, এলাকায় শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এতে এলাকার বেকারত্ব দূর হবে।”

দোহার-নবাবগঞ্জকে যে কোনো মূল্যে সন্ত্রাসমুক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, “আমার এলাকায় সন্ত্রাসের কোনো ঠাঁই নেই। এলাকার মানুষ শান্তিতে থাকতে চায়। তাদের শান্তি প্রতিষ্ঠায় যা যা করণীয় তাই করা হবে। সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।”

বিকাল ৩টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসন অয়োজিত উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, ঢাকা-১ আসন দোহার-নবাবগঞ্জ এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত করাই আমার স্বপ্ন। উপজেলার সব দফতরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। আপনারা যে যেই সেক্টরে আছেন, সেই সেক্টরের উন্নয়নের ধারাবাহিতা নিয়ে আমি আপনাদের সঙ্গে বসতে চাই এবং সব কাজে সহযোগিতা করতে চাই।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেখানে উপজেলার সব দফতরের কর্মকর্তা, নবাবগঞ্জ থানার ওসি মো. সায়েদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক ও উপজেলা এলাকার ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ও ইউপি চেয়ারম্যানরা নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা তাদের নিজ নিজ এলাকার চিত্র তুলে ধরেন।

পুলিশকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকদ্রব্যসহ সব অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আরও তৎপর হতে হবে জানিয়ে তিনি বলেন, “আমি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেব না। থানায় যেন কোনো নিরীহ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার না হন। কোনো অপরাধী যেন ছাড় না পায়। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসাসহ সব অপরাধমূলক কর্মকান্ডে কঠোর হস্তে দমন করতে হবে। কোনো দলীয় লোকজন কোনোভাবেই থানায় যেন প্রভাব বিস্তার করতে না পারে। দলীয় লোক ক্ষমতার অপব্যবহার করতে চাইলে আশ্রয় দেবেন না এবং প্রয়োজনে আমাকে ফোন করবেন। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সমাজকে যেন কোনোভাবেই অপরাধীরা কলুষিত করতে না পারে। মনে রাখতে হবে পুলিশ জনগণের বন্ধু। পুলিশের ধর্ম জনগণের সেবা করা।”

ইউপি চেয়ারম্যানরা তাদের এলাকার চিত্র তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বাবু মানবেন্দ্র দত্ত, মো. তৈয়ব আহম্মেদ, আবেদ হোসেন, আলীমোর রহমান খান পিয়ারাসহ ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

দোহারে নারী পাচারকারী দলের ৩ সদস্য আটক

0

তাইমিয়াঃ ঢাকার দোহার উপজেলায় মুক্তিপণ আদায় করার সময়ে নারী পাচারকারী দলের লাভলু (৩২), মনজু (৩০), আয়নাল (৫১) নামে ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার কার্তিকপুর বাজার এলাকা থেকে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির তাদের আটক  করে দোহার থানায় সোপর্দ করে।

আটককৃতরা লাভলু উপজেলার বাস্তা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে, মনজু হরিচন্ডি গ্রামের মৃত শেখ সাদেকের ছেলে, আয়নাল মাহমুদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বলে জানা যায়।

অপহত তানিয়ার বাবা ইসলাম চাকলাদার জানান, গত বছরের ৮ ডিসেম্বর সাভার উপজেলার নবীনগরের ভাঙ্গারী ব্যবসায়ী হামিদুল শেখের স্ত্রী তানিয়া আক্তার (২২) কে ৬০ হাজার টাকায় জর্ডানে গৃহকর্মী হিসেবে চাকুরীতে পাঠায়। তানিয়ার বাবার বাড়ির ফরিদপুর জেলার সদরপুর থানার বালুরচর চাকলাদার গ্রামের প্রতিবেশী শেখ কুদ্দুছের এতে সাহায্যে করেন। এতে মধ্যস্থতা করেন ঢাকার দোহার উপজেলার হরিচন্ডি গ্রামের মনজু। সেই মোতাবেক তানিয়াকে তার বাবা ইসলাম চাকলাদারসহ পরিবারের লোকজন বিমানবন্দরে দিয়ে আসেন। গত ১২ জানুয়ারি রোববার ইসলাম চাকলাদারকে তানিয়া ফোন দিয়ে তার উপর নির্যাতন হচ্ছে ২ লাখ টাকা না দিলে তাকে ছাড়া হবে না। ফোনের পরিপেক্ষিতে ঢাকার একটি আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা নামে একটি সংগঠনের সাথে যোগাযোগ করেন তানিয়ার বাবা আসলাম চাকলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংস্থাটির সদস্যদের সহায়তায় শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কার্তিকপুর বাজার এলাকায় মুক্তিপনের টাকা নিতে আসে লাভলু, মনজু, আয়নাল। এসময়ে আগে থেকে ওঁত পেতে থাকা চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির তাদের আটক করে। এবিষয়ে শনিবার রাতে তানিয়ার বাবা ইসলাম চাকলাদার অভিযুক্ত লাভলু, মনজু, আয়নালকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৮ (৩০) ধারায় মামলা করেন।
দোহার থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, আটককৃতদের ৩ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শিকারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

0

শিকারীপাড়া-জামসা সড়কে গতকাল শুক্রবার এক মোটর সাইকেল দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত সেলিম (২৫)-এর বাড়ী শিকারীপাড়ায়, গতকাল দু্পুরে সে মোটরসাইকেলে করে জামসা যাচ্ছিল। পথে  একটি সিএনজি চালিত গাড়ীকে পাশ কাটাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে উল্টো দিক থেকে আসা ভাড়ায় চালিত আরেকট মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই চালকের মৃত্যু হয়। নিহতের পিতার নাম করিম বেপারী।

দূর্ঘটনায় অপর মোটর সাইকেলের দুই আরোহী আহত হয়, তাদের বান্দুরার এক ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

দোহারে ২ ডাকাত আটক

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলায় মনির হোসেন (২৪) ও শেরআলী (২৫) নামে সন্দেহভাজন ২ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মনির হোসেন উপজেলার মধুরচর গ্রামের মোতালেব ফকিরের ছেলে ও শেরআলী চর লটাখোলা গ্রামের শেখ জালালের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় এসআই হারুনের নেতৃত্বে একদল পুলিশ টহল দিচ্ছিল। এসময় কিছু দুরে চকের মধ্যে ১০/১২ জন লোক দেখতে পায়। তারা পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করলে মনির হোসেন ও শেরআলীকে আটক করে পুলিশ। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। সকালে তাদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ চলছে।

দোহার উপজেলা আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি বিলুপ্ত

0

বিগত আওয়ামী লীগ সরকারের ৫ বছরে লাগামহীন ভাবে টি.আর কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দোহার উপজেলা আওয়ামী লীগের ৮ টি ইউনিয়ন কমিটি বাতিলের ঘোষণা দিয়েছেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক খোকন শিকদার।  মঙ্গলবার বিকাল ৫টায় দোহার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।

দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল বলেন, বিগত ৫ বছরে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের ভাই মোতালেব খানের নেতৃত্বে গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ টি.আর কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেছেন মোতালেব খান ও তার ঘনিষ্টজনেরা। এবং এক্ষেত্রে দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশও তারা থোড়াই কেয়ার করেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোকন শিকদার সভায় বলেন, সব ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে বার বার ফোন করেও কাউন্সিল করানো যায় নি। দলের কাজের থেকে তাদের টি.আর কাবিখার অর্থের দিকেই বেশি নজর ছিল। তাই আগামীতে ভাল নেতৃত্ব সৃষ্টির লক্ষে ও গনতন্ত্রকে রক্ষার  জন্য অচিরেই ইউনিয়নগুলোতে সম্মেলন করে নতুন নেতৃত্ব সামনে এনে ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগকে সক্রিয় করা হবে।

দোহারে সহিংসতার জড়িতদের আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবি

0

ঢাকার দোহার উপজেলায় আওয়ামী লীগের এক বর্ধিত সভা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে নেতারা  হত্যার সাথে জড়িতদের দল থেকে বহিষ্কারের দাবি জানান।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আওয়ামীলীগের এক বর্ধিত সভা ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সভাপত্বিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

১০ম জাতীয় সংসদ নির্বাচনোত্তর সহিংসতায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে ট্রিপল মার্ডারের পর উপজেলা আওয়ামী লীগ এ বর্ধিত সভার করে।

বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন শিকদার বিলাসপুরের হাজারবিঘা গ্রামে ট্রিপল মার্ডারের তীব্র নিন্দাজ্ঞাপন করে বলেন, এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। তাদের অবিলম্বে দল থেকে বস্থিকার করতে হবে। এ হত্যাকান্ডের দায় উপজেলা আওয়ামীলীগ নিতে পারে না।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা বলেন, অত্যাচারি, জুলুমবাজ, হায়ানাদের জনগণ ভোটের মাধ্যমে পরাজিত করে দোহার থেকে তাদেরকে বিতারিত করেছে। এ কারণে দোহারবাসীর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ বিজয়ের আনন্দে মিষ্টি বিতরণ করেছে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, দুর্ণীতিবাজ ও স্বজনপ্রীতির নায়ক আ. মান্নান খানকে বিগত ৫ বছরের কর্মকান্ডের জন্য ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করেছে। একটি ডাকাত ফ্যামেলী উপজেলা আওয়ামী লীগকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছিলো। কেউ তাদের সামনে সত্য কথাটি বলতে সাহস করতো না।

এ সময় তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বর্তমান সরকারের মন্ত্রী তোফায়েল আহম্মেদের একটি কথার উদ্ধৃতি টেনে বলেন, একটি উল্লুকের কারণে একটি সুন্দর সাজানো ফুলের বাগান তছনছ হয়ে যেতে পারে। ঠিক তেমনি আ. মান্নান খানের ছোট ভাই মোতালেব খানের কারণে উপজেলা আওয়ামী লীগ ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছিলো। এখন থেকে আপনারা একত্রিত হয়ে বিগত দিনের সব ভেদাভেদ ভুলে গিয়ে উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলুন। এ সময়ে উপজেলার রাইপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারী সোমবার দোহার উপজেলার হাজারবিঘা গ্রামে নির্বাচনোত্তর সহিংসতায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. আব্দুল মান্নান খানের নৌকা প্রতীক সমর্থিত হুকুমালী চোকদারের লোকজন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামের লাঙ্গল প্রতীক সমর্থক আলাউদ্দিন মোল্লার লোকজনের ওপর হামলা করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মকবুল হোসেন মোল্লা, মুকসেদ খন্দকার এবং মাসুদ খন্দকারসহ তিন জনকে কুপিয়ে হত্যা করে এবং আট জনকে গুরুতর আহত করে। পরে মুকসেদ খন্দকারের পুত্র মোতালেব খন্দকার বাদী হয়ে ৫৬ জনের নামে এবং আরো ৮০/৯০ জনকে আসামী করে দোহার থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় দোহার উপজেলা আওয়ামী লীগের ভাবমূর্তি কিছুটা নষ্ট হয়।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি করম আলী, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনারকলি পুতুল প্রমুখ।

নবাবগঞ্জে ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড় প্রতিয়োগিতা অনুষ্ঠিত

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ১৪ জানুয়ারী মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লি গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড় প্রতিয়োগিতা। প্রতি বছরের মত এ বছরও এ ষাঁড়ের দৌড় দেখতে ভীড় জমায় হাজার হাজার মানুষ। যুগ যুগ ধরে চলে আসা গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যের মধ্যে ষাঁড়ের দৌড় একটি। আর গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করেন বিলপল্লি সবুজ সংঘ।

এ লড়াই দেখতে ভীড় জমায় নারী-পুরুষ, শিশু বৃদ্ধসহ হাজার হাজার মানুষ। এ ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ৯টি ষাঁড়। ষাঁড়ের লড়াই দেখতে আসা বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ জানায়, এ ধরনের প্রতিযোগিতা গ্রামাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে। বিলপল্লি গ্রামে এ ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করে আমাদের হারানো ঐতিহ্য ধরে রাখার প্রয়াস।

নয়নশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পলাশ চৌধুরী বলেন, “এটি আমাদের গ্রামবাংলার ঐতিহ্য। এটি এক  পর্যায়ে হারাতে বসেছিল আমরা তা ধরে রাখার চেষ্টা করছি।”

অবিলম্বে দশম সংসদ নির্বাচন বাতিল করুন: নাজমুল হুদা

0

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার উচ্চ আদালতে রিট করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

আজ (শুক্রবার) বেলা ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবিধানের ১২৩(খ) অনুচ্ছেদ উল্লেখ করে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “সংসদ সদস্যরা দশম জাতীয় সংসদে শপথ নেয়ার মধ্য দিয়ে ৯ম সংসদ ভেঙে গেছে। কিন্তু নবম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই দশম সংসদ গঠিত হলো, যা নির্বাচনকালীন সরকার হিসেবে গণ্য হতে পারে অর্থাৎ বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার।”

ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “ক্ষমতাসীন দলের তথাকথিত মন্ত্রী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য ‘শপথ গ্রহণের মধ্য দিয়ে ৯ম জাতীয় সংসদ বিলুপ্ত হলো এবং দশম সংসদের যাত্রা শুরু হলো’-এটা প্রণিধানযোগ্য নয়। দশম সংসদ নির্বাচনের যে শিডিউল নির্বাচন কমিশন দিয়েছে তা বেআইনি ও বাতিলযোগ্য।”

তিনি আরও বলেন, “৯ম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে ১০ম সংসদের তফশিল ঘোষণা করে নির্বাচন দেয়ায়, নির্বাচনও অবৈধ হয়ে গেছে। সুতরাং এ তফশিলের আওতায় নির্বাচিত সংসদ সদস্যরাও অবৈধ। অতএব নির্বাচন কমিশন সংবিধানের ১২৩ (৩) ক দফা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করতে পারেনি, তাই এ নির্বাচন বাতিলযোগ্য।”

নাজমুল হুদা বলেন, “যে ধরনের নির্বাচন হয়েছে, আমি শিওর প্রধানমন্ত্রীও তাতে সন্তুষ্ট নন। তাই সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করে নতুন তফসিল ঘোষণা করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করতে হবে।”

নিজেকে বিএনপি ও বিএনএফের নেতা দাবি করে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “আমি আগাগোড়াই বিএনপিতে ছিলাম। বিএনপিতেই আছি। ফ্রন্টের মধ্যে রীতিমত ক্যু করে নিজেকে চেয়ারম্যান দাবি করেন আবুল কালাম আজাদ। ফ্রন্টের পক্ষ থেকে আমরা তাকে নির্বাচন বর্জনের নির্দেশ দিয়েছিলাম। কিন্তু দলের সেই নির্দেশ তিনি মানেননি। এখন নির্বাচন কমিশনকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ ওই লোক দলের সিদ্ধান্ত অমান্য করে তথাকথিত নির্বাচনের মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছেন।”

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনএফের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ জিয়া, যুগ্ম মহাসচিব আশরাফুজ্জামান সদস্য ফারুক হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

দোহার পেল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

0

এরশাদ সরকারের পতনের পর থেকে প্রতি সরকারেই দোহারের কেউ না কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন, এমনকি নির্বাচনকালীন ‘সর্বদলীয় সরকারে’ও নবাবগঞ্জের সাথে সম্মিলিত আসনে প্রতিমন্ত্রী পেয়েছিল। দশম সংসদে এই আসন থেকে জাতীয় পার্টির সালাম ইসলাম পরাজিত করনে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খানকে। এর মাধ্যমে দোহার হারায় মন্ত্রী। শাইনপুকুরবাসী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় দোহার শেষ পর্যন্ত একজন প্রতিমন্ত্রী পায়।

আসাদুজামান খান কামাল ঢাকা-১২ (তেজগাঁ) আসনের সংসদ সদস্য। তিনি রবিবার বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

আসাদুজামান খান কামাল ফুলতলার পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান সদস্য।

উল্লেখ্য সরকারের নতুন মন্ত্রিপরিষদের সদস্য হয়েছেন ৪৮ জন। এর মধ্যে ২৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী ১৭ এবং ২ জনকে উপমন্ত্রী করা হয়েছে।

গালিমপুরে বসত বাড়িতে ডাকাতি: আহত ৩

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বসত বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ডাকাতরা একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত করে। গুরুত্বর আহত ১ জনকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকায় পাঠিয়েছেন। ৯ জানুয়ারী বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গালিমপুর ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামের আইয়ুব সিকদারের বাড়িতে ডাকাতরা এ ঘটনা ঘটায়।

শুক্রবার সকালে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতরা হলেন, আইয়ুব সিকদারের স্ত্রী সালমা বেগম (৪৫), তার দুই ছেলে সালমান (২০) ও সিয়াম (১৮)। আইয়ুব সিকদার ঢাকার একটি কারখানায় চাকুরী করেন বলে স্থানীয়রা জানান। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ১২/১৪ জনের একটি ডাকাত দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার গালিমপুর ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামের গোরস্থান সংলগ্ন আইয়ুব সিকদারের বাড়িতে হানা দেয়। টিনশেড ঘরের কেচি গেটের তালা কেটে লোহার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরের ভিতরে থাকা সালমা বেগম, তার দুই ছেলে সালমান ও সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে এবং ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

আহতদের রাতেই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
শুক্রবার সকালে কেরানীগঞ্জ সার্কেল এএসপি ডা. শহিদুল ইসলাম সহ নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ডাকাতি কিনা ঠিক বুঝা যাচ্ছে না। তবে অভিযোগ পেলে মামলা নেয়া হবে।