ইছামতীর তীরের অবৈধ স্থাপনা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কুমারবাড়িল্যা এলাকায় ইছামতী নদীতীরে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা ভাঙার নির্দেশ দেওয়ার সাত দিন পরও তা ভাঙা হয়নি।গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী মো. শাহজাহান ওরফে সারু কুমারবাড়িল্যা এলাকায় নদীতীর দখল করে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। উপজেলার কুমারবাড়িল্যা মৌজার কুমারবাড়িল্যা-দাউদপুর বাজার সেতুর দক্ষিণ পাড়ে ইছামতীর তীর, নদী ও কুমারবাড়িল্যা খালের কিছু অংশ দখল করেই এই স্থাপনা গড়া হচ্ছে।এ নিয়ে ৬ জুলাই গণ মাধ্যমে প্রকাশিত হয়। পরদিন ভূমি কর্মকর্তা ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীদ উল্লাহ সাত দিনের মধ্যে সব স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিলেও তা করা হয়নি। এ অবস্থায় গত সাত দিনে ভবনটির দ্বিতীয়তলার নির্মাণকাজ করা হয়।এ ব্যাপারে মো. শাহজাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিকারীপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মজিবুর রহমানের নির্দেশেই ভবনটির কাজ হচ্ছে।জানতে চাইলে মজিবুর বলেন, স্যারকে (সহকারী কমিশনার, ভূমি) জানিয়েই কাজের নির্দেশ দেওয়া হয়েছে। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদ উল্লাহ বলেন, তিনি ভাঙারই নির্দেশ দিয়েছেন।

ড্রপবক্স: অনলাইন হার্ডডিস্কে ফাইল নিরাপদে রাখুন

ভুলে কম্পিউটার বা মোবাইল থেকে ফাইল ডিলেট হয়ে যেতে পারে। আপনার দরকারী ফাইলটি বাসায় কম্পিউটারে আছে, ভুলে পেন ড্রাইভে নেয়া হয় নি বা হয়তো ভুলে পেনড্রাইভটিই নিয়ে বের হন নি, এমন অনকে ভাবেই আপনার দরকারী ফাইলটি দরকারের সময় না পেতে পারেন।

কোথাও গিয়েছেন, হঠাৎ করে আপনার ছবি বা কোনো ডকুমেন্ট পৃন্ট করার দরকার পড়ল, কিন্তু তা সাথে নেই। এমন সমস্যায় পড়লে কি করবেন? যদি এমন কোনো মাধ্যম থাকত যে কোনো যায়গায় থেকে আপনার ফাইলগুলো পেতে পারেন!

ড্রপবক্স হল এমন একটি সমাধান, একটি অনলাইন হার্ডডিস্ক। এটি একটি ক্লাউড সার্ভিস, সহজ ভাষায়, এখানে আপনি আপনার ফাইলগুলো আপলোড করে রাখতে পারবেন এবং খুব সহজে এই ফাইল্পগুলো আপনার গ্রাহক, বন্ধু, ফোরাম বা ব্লগে শেয়ার করতে পারবেন।

ড্রপবক্স  প্রথমে ২ গিগাবাইট যায়গা বিনামূল্যে দেয়। এর সাহায্যে আপনি দ্রুত ফাইল আপ করতে পারবেন দ্রুত শেয়ার করতে পারবেন যা অন্যকোনখানে সম্ভব না। ফাইল করাপ্ট হবে না, আপলোডিং এ ফাইল লিমিটেশন নাই, অটো রিজিউম আপলোড, ডেক্সটপ এপ থাকার জন্য কাজটা আরো সহজ হয়েছে।

মজার ব্যাপার হল ড্রপবক্স এর শেয়ার্ড ফোল্ডারটা আর দশটা ফোল্ডারের মতই যেখানে খুশি রাখা যায় এবং এই ফোল্ডারে যা রাখবেন তা নেট কানেকশন পেলেই অটো আপলোড হয়ে যাবে।

www.dropbox.com এই ঠিকানায় গিয়ে নাম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করলেই ২ জিবি স্পেস পেয়ে যাবেন, বা এখান থেকে

একটি সফ্টওয়ার ডাউনলোড করে কম্পিউটার থেকে খুব সহজেই আপনার ড্রপবক্সটি পরিচালনা করতে পারবেন। ড্রপবক্সের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে- এর লিনাক্স ভার্সন, ম্যাক ভার্সন এমনকি মোবাইল ভার্সনও আছে। 

মোবাইল ভার্শনগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এন্ড্রইড ভার্শন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

দোহার পৌরবাসীর কুকুর আতঙ্কে ১ দিন !!

তানজিম/মোরাদঃ বুধবার সারাটা দিন কুকুর আতঙ্কে কাটিয়েছে দোহার পৌরসভার ইউসুফপুর, কাটাখালী, জয়পাড়া, খাড়াকান্দা, লটাখোলা ও থানার মোড়ের জনগণ!! এক পাগলা কুকুর এদিন প্রায় ১৯ জনকে কামড়েছে। এর মধ্য ১৬ জনই ইউসুফপুর, কাটাখালী ও খাড়াকান্দাবাসী। গুরুতর আহত অবস্থায় ১২ জন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা বিভিন্ন ক্লিনিক সহ বাড়ীতে চিকিৎসাধীন আছে। প্রত্যক্ষদর্শী মোরাদ হোসেন নিউজ৩৯ কে জানান, সকাল ১০টার দিকে কুকুরটি ইউসুফপুরে একটি পাঁচ বছরের শিশুকে কামড় দিলে, জনগণ এটিকে মারতে গেলে কুকুরটি তেড়ে এসে তাৎক্ষনিক ৩ জনকে কামড়ায়। এরপর আতঙ্কিত অবস্থায় কুকুরটি খাড়াকান্দা, থানারমোড় হয়ে লটাখোলা আসে এবং পথিমধ্যে আরও ১২ জনকে কামড়ায়। এরপর বিকালে খাড়াকান্দায় আরও ২ জনকে কামড়ায়। রাত আটটায় কাশেম নামে ইউসুফপুরে একজনকে কামড় দিলে উত্তেজিত ও আতংকিত জনগণ পিটীয়ে কুকুরটিকে মেরে ফেলে। এতে অবসান হয় কুকুর আতঙ্কের। এতে দুপুরের পর দোহার-বানাঘাটা রাস্তায় চলাচল কিছুটা কমে আসে।

 এ ব্যাপারে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিউজ৩৯ কে বলেন, আমরা সাধারণতঃ প্রাথমিক চিকিৎসা দেই। আমাদের কাছে প্রতিষেধক নেই। ভ্যাক্সিন বাইরে থেকে ৪০০টাকা দিয়ে কিনে ইনজেকশন দিতে হবে। ধারাবাহিকভাবে ৫ টা ভ্যাক্সিন দিলেই রোগী সুস্থ হয়ে যাবে। তবে সরকার কর্ত্রিক নির্ধারিত বাজেট রাখার কথা থাকলেও দোহার পৌরসভা কুকুর নিধনে বিগত ২ বছর কোন বাজেট রাখেনি অথচ এটিকে ‘ক’ তালিকাভুক্ত করেছে। একইসাথে পৌরসভা থেকে বিনামূল্যে ভ্যাক্সিন দেয়ার কথা থাকলেও নিউজ৩৯ কে পৌর-সচিব বলেন, তিনি ব্যাস্ত ; পরে কথা বলবেন। অসুস্থ বিভিন্ন রোগীর আত্মীয় স্বজন বলেন পৌরসভা ও হাসপাতালের অসাধু কর্মকর্তাদের কারণে তাদের জনসেবা হতে  বঞ্চিত হয়ে বাইরে্ থেকে চড়া দামে ভ্যাক্সিন কিনে দিতে হচ্ছে।  

নবাবগঞ্জে গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় ৩ গাজা ব্যবসায়ীর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন বক্সনগর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে পাগলা শফি (৬০), বলমন্তচর গ্রামের সামছুর ছেলে সোহাগ (৩৫) ও গালিমপুর গ্রামের মৃত মঙ্গল সরদারের ছেলে আব্দুল মজিদ ওরফে কানা মজিদ (৩৯) তাদের প্রত্যেকে দুই বছর করে কারান্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম খুরশিদ-উল-আলম এ আদেশ দেন। গাঁজা বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান ফকির জানান, শুক্রবার রাত ৩টার দিকে গালিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে গাঁজাসহ আব্দুল মজিদ ওরফে কানা মজিদকে আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ছোট বক্সনগর বাঁশতলা এলাকা থেকে গাঁজাসহ শফি ওরফে পাগলা শফি ও সোহাগকে আটক করা হয়। শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে তাদের উপস্থিত করা হলে আদালত তাদের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারান্ড প্রদান করে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন।

চুড়াইন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেরার চুড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের একটি রাস্তায় মাটি ভরাট করতে কাবিটা প্রকল্পের অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু কোন কাজ না করেই রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। 

এক কোদাল মাটিও পড়েনি সড়কে! কিন্তু প্রকল্পের দেড় লাখ টাকা গেল কই? এ প্রশ্ন মোসলেমহাটি গ্রামের বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ ইউপি চেয়ারম্যান আবু সাইদ প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোসলেমহাটি গ্রামের আব্দুল বাতেনের বাড়ী হতে মোখলেসের বাড়ী পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তায় কোন মেরামত কাজ করা হয়নি। স্থানীয় লোকজন তাদের নিজের প্রয়োজনে গ্রাম থেকে টাকা তুলে রাস্তার কিছু অংশের কাজ করেছে। বাকি রাস্তায় কাঁদা ও গর্তে ভরা।

জুনের শেষ সপ্তাহে রাস্তাটির মেরামত কাজে বরাদ্ধ প্রকল্পের সমূদয় টাকা তুলে নিলেও কোন কাজ হয় নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যান এভাবে অনেক প্রকল্পের টাকা তুলে নিয়ে কাজ করে নি। কিন্তু আমাদের হাত পা বাঁধা তাই কিছু বলতে পারি না।

স্থানীয় কৃষক মো. নাদিম জানান, “এ রাস্তাটি সংস্কার কাজ না হওয়ায় এলাকার লোকজন খুব বিপদে আছে। চেয়ারম্যানকে বললেও সে বার বার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু কাজ কিছুই হয় নি।”

আব্দুল বাতেন বলেন, “গ্রামবাসীর টাকায় রাস্তাটির কিছু কাজ হয়েছে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই কাঁদায় হাটা-চলা করা যায় না।”চেয়ারম্যান আবু সাইদ তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

এ ব্যাপারে চুড়াইন ইউপি চেয়ারম্যান আবু সাইদ বলেন, রাস্তাটির মেরামত কাজে বরাদ্ধ হওয়া ১ লাখ ৫০ হাজার টাকা তুলে নেয়া হয়েছে। তবে খুব দ্রুতই কাজ করা হবে।

 নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “প্রকল্পের রাস্তাটি পরিদর্শন করে দেখা হবে। কোন কাজ না করলে ব্যবস্থা নেয়া হবে।”

বর্ধনপাড়া শকুনতলা মার্কেটে ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে ধর্মঘট

নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া শকুনতলা বাজারের তিন ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন বাজারের ব্যবসায়ীরা। 

গত ১০ জুলাই বৃহস্পতিবার উপজেলার বর্ধনপাড়া শকুনতলা বাজারের শুক্রবার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ করেন। আহত ব্যবসায়ীরা হলেন, মাছ ব্যবসায়ী সোহরাব মিয়া (৪০) ও মুদি ব্যবসায়ী ফজলুল হক (৩৭) ফনু, রাইস মিল মালিক রমজান আলী (৪১)। 

বাজারের ব্যবসায়ীরা জানান, বর্ধনপাড়া গ্রামের হাসমত আলীর বখাটে ছেলে মো. আমিরুল সম্প্রতি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবিসহ বিভিন্ন অসদাচরণ করে আসছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাছ ব্যবসায়ী সোহরাব মিয়ার সাথে দাম-দর নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটে আমিরুল তাকে কিলঘুষি মারতে থাকে। পাশের দোকানদাররা থামাতে গেলে আমিরুল তাদের কয়েকজনকেও মারধর করে।

ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার প্রক্রিয়া করলে চেষ্টা ব্যর্থ হয়। এঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে দেড় শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে বাজারে সভা করেন। সভায় আমিরুলের বিচারের দাবীতে ব্যবসায়ীরা গণ-স্বাক্ষর গ্রহন করেন।বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক সুবেদ খান জানান, বিকেলে আরো একটি সভা শেষে, লিখিত অভিযোগসহ গণ-স্বাক্ষরের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসনে দেয়া হবে। 

এ বিষয়ে মো. আমিরুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আমাকে মারধর করেছে। আমার দোকানে তালা দেয়া হয়েছে। মিমাংসা প্রস্তাব আমাকে জানানো হয় নি।

সড়ক দুর্ঘটনায় জজ মান্নান-এর ছেলের মৃত্যু

জেলা ও দায়রা জজের ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্টার এ.কে.এম আব্দুল মান্নান খান এর একমাত্র ছেলে এ.কে.এম মোজতামসীর আশরাফ শুভ্র(২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুভ্রর চাচা আনিসুর রহমান নিউজ৩৯-কে জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে মহাখালীর শাহীনবাগ এলাকায় পুলিশের গাড়ী(ঢাকা মেট্রো ঠ ১১-১৬০৫) ও শুভ্রর গাড়ী(ঢাকা মেট্রো ব ২৯-০৩৫০) এর সংঘর্ষে দুর্ঘটনা টি ঘটে। এ সময় শুভ্র গুরুতর আহত হয়। তাকে মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। গাড়ী চালাচ্ছিল তার বান্ধবী জান্নাতুল  ইসলাম(২৩)।

শুক্রবার আসর এর নামাজ এর পর শুভ্রর জানাজা অনুষ্ঠিত হয় তার নিজ বাড়ি মুকুসুদপুর এ।

এ সময় জানাজায় শরীক হন বি.এন.এ সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুল মান্নান খান, দোহার উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা, নবাবগঙ্গ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আসফাক, মেজর জেনারেল অব.এ. আর. খান, দোহার-নবাবগঞ্জ-এর গণ্যমান্য বক্তিবর্গ, স্থানীয় সর্বস্তরের জনগন।

উল্লেখ্য যে, শুক্রবার জর্জ মান্নান তার বাড়িতে ইফতার মাহফিল এর আয়োজন করেছিলেন। কিন্তু কী দুর্ভাগ্য! ইফতার মাহফিল পরিনত হল তার পুত্রের জানাজায়।পরে ইফতারের আয়োজন এর উপকরন এতিমখানায় দান করা হয়।

দোহারে ইজি বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জমিরুন বেগম (৬০) নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,  গত মঙ্গলবার রাতে মেঘুলা কাজী নজরুল বালিকা বিদ্যালয়ের সামনে দ্রুতগতির একটি ইজিবাইক জমিরুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দোহার থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিহত জমিরুন বেগমের বাড়ি ফরিদপুরের সদর উপজেলার রামকান্দাপুর গ্রামে। বর্তমানে তিনি দোহারের মুকসুদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের বাড়িতে ভাড়া থাকতেন।

দোহারে ২ স্বর্ণ চোরাচালানকারী গ্রেপ্তার

দোহার উপজেলার বটিয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে পুলিশের একটি টহল দল ৭১টি স্বর্ণের চেইন ও নগদ নব্বই হাজার টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, পুলিশের একটি টহল দল মঙ্গলবার রাতে তাদের নিয়মিত টহল দিচ্ছিল। ওই সময় বটিয়া এলাকার প্রধান সড়কে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল চলাকালে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ধাওয়া দিয়ে তাদের তল্লাশি করলে ৭১টি স্বর্ণের চেইন, নগদ নব্বই হাজার টাকা ও টিভিএস ব্রান্ডের একটি মোটরসাইকেলসহ দু’জনকে আটক করে।

আটককৃতরা হলো বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের মোতালেব মেম্বারের ছেলে শামসুদ্দিন ও খেদির মোল্লার ছেলে জুলহাস মোল্লা।     

নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৬ জুলাই রবিবার রাতে বারুয়াখালী ইউনিয়নের কান্দাবাড়িল্যা গ্রামে সূবর্ণা রায় (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সূবর্ণার পরিবার নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ গৃহবধূর স্বামী প্রদীপ চন্দ্র রায়কে আটক করে।

গৃহবধূর ভাই নারায়ন চন্দ্র শীল অভিযোগ করেন, “গত ১০ বছর আগে তার বোনের সাথে প্রদীপ শীলের বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার বোনকে বিভিন্নভাবে নির্যাতন করতো ঐ পরিবার।”

রবিবার রাত ৮টার দিকে বোনের শ্বশুর বাড়ির লোকজন তাদের ডেকে আনেন। এসময় সূবর্নার নিথর দেহ বসত ঘরের খাটে ছিল। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুকে রহস্যজনক বলে সনাক্ত করেন।

এঘটনায় নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। পরে রাতেই  প্রদীপ শীলকে আটক করা হয়।  সূবর্ণা রায় আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. রাকিব জানান, লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।