মুক্ত ফেসবুকে উচ্ছ্বাস; জয়কে ধন্যবাদ দিলেন পলক

0

বৃহস্পতিবার দুপুর দেড়টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দিতে বললেন বিটিআরসিকে। এরপরে একে একে খুলতে থাকে ফেসবুক। প্রথমে মোবাইলফোন অপারেটররা, পরে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো মুক্ত করতে থাকে বন্ধ থাকা ফেসবুক। মুহূর্তে উচ্ছ্বাসমাখা স্ট্যাটাসে ভরে যেতে থাকে ফেসবুকের ওয়াল।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্ট্যাটাস দেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের গর্ব, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়কে অশেষ ধন্যবাদ বাংলাদেশে ফেসবুক পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য।’

সাংবাদিক প্রভাষ আমীন দেন উচ্ছ্বাস ভরা স্ট্যাটাস। তিনি লেখেন, সব্বাইকে বৈধ ফেসবুকীয় শুভেচ্ছা।

সাংবাদিক মেনন মাহমুদ লিখেছেন, এইবার এইবার খুকু চোখ খুললো…।

গোলাম দস্তগীর নামের একজন লিখেছেন, আমাদের ফেসবুক আমাদের মাঝে ফিরে এসেছে।

কেউ কেউ এরই মধ্যে প্রোফাইল পিকচারও পরিবর্তন করেছেন।

আবার কেউ মজা করে লিখেছেন, চারটি ব্যবহৃত ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) বিক্রি হবে। প্রকৃত ক্রেতারা যোগাযোগ করুন। একজন তো লিখেছেন, এটাই ভিপিএন ব্যবহার করে দেওয়া শেষ স্ট্যাটাস।

আবুল হাসনাত লিখেছেন, বন্ধ কপাট খুলে গেছে। এবার লাইক, কমেন্টসের জোয়ার ছুটুক।

বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার তার ওয়ালে লিখেছেন, ‘অনেকদিন পর আবার দেখা হলো তোমার সাথে হে ফেসবুক, বাংলাদেশে আবার তোমাকে স্বাগত!’

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন লিখেছেন, ‘কত কথা জইম্মা আছে/এখন প্রাণ খুলে লিখুম।’

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ফজলে রাব্বি লিখেছেন, অ্যাট লিস্ট উইদআউট  ভিপিএন।

মমিনুল ইসলাম লিটন লিখেছেন, ‘খুলেছেরে খুলেছে, ফেসবুক খুলেছে। ফেসবুকের সাথে গত ২২ দিনে যে সম্পর্ক তৈরি হয়েছিল তা ছিল অনেকটা পরকীয়া প্রেমের মতো। প্রেম ছিল প্রচণ্ড, কিন্তু সবই হতো গোপনে, সেটা সামাজিকভাবে বৈধ ছিল না। সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা।’

সাংবাদিক আল মামুন তার ওয়ালে ‍তুলে দিয়েছেন, ‘অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছে ফেসবুক! আসুন আমরা তাকে বরণ করে নিতে ফুলের মালা নিয়ে জেলগেটে যাই।

ডিএনএসএমের যোগাযোগ বিষয়ক সম্পাদক অভিষেক পাল অন্তু তার ফেসবুক ওয়ালে লিখেছেন, “জার্মান, জাপান, আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো, আফ্রিকা, পর্তুগাল, অস্ট্রিয়া ঘুরে অবশেষে আমার সোনার বাংলাদেশ।

Rest in Peace VPN…..”

নবাবগঞ্জ পরকিয়ার বলি প্রেমিক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মো. সজীব (২৫) নামের যুবককে পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমূল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মো. সজীব মিয়া (২৫) উপজেলার উত্তর বাহ্রা গ্রামের মো. সুরুজের মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া প্রেমের কথা জানাজানি হয়। সেজন্য এলাকায় বিচার শালিশী হয়।  এর জের ধরেই ওই গৃহবধূ পরিকল্পিতভাবে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কৌশলে তার বাড়িতে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বুধবার ভোরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে পরিবারের স্বজনেরা বুধবার সকালে তাকে রাজধানীর কলাবাগানের রেনাল অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার রাতে লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নেয়া হয়েছে ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইদুর রহমান জানান, ওই যুবককে পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের সারা শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

আমার সমর্থন মুসলমানদের প্রতি: জুকারবার্গ

0

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে মার্কিন মুল্লুকসহ গোটা বিশ্বে যখন তোলপাড় চলছে, তখন এই ইস্যু নিয়ে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান ঘোষণা করলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ৪টার দিকে এবং যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন।

তিনি লেখেন,‘আমাদের দেশ এবং সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে আমি আমার সমর্থন ব্যক্ত করতে চাই। প্যারিস হামলা এবং এই সপ্তাহের ঘটনার পর,আমি অনুমান করতে পারি, মুসলমানরা কী রকম আতংকে আছেন। তারা হয়তো ভাবছেন অন্যের দায় তাদের নিতে হতে পারে। একজন ইহুদি হিসেবে আমার বাবা মা আমাকে শিখিয়েছেন,যে কোনও সম্প্রদায়ের ওপর আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে। আজ  হয়তো তোমার ওপর আক্রমণ হয়নি কিন্তু যে কারও স্বাধীনতার ওপর আক্রমণ সবার জন্যই ক্ষতিকর।’

তিনি আরও লেখেন, ‘ফেসবুকের নেতা হিসেবে আমি ঘোষণা করছি,আপনি যদি আমাদের দেশের মুসলমান হয়ে থাকেন,আপনারা সব সময় সাদরে গৃহীত। আপনার অধিকার রক্ষা এবং আপনার জন্য শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতে আমরা লড়াই করবো।’

ভারতে ব্যান্ডউইথ রফতানি শুরু

ভারতে পরীক্ষামূলকভাবে ব্যান্ডউইথ রফতানি শুরু করেছে বাংলাদেশ। সোমবার থেকে এই ব্যান্ডউইথ রফতানি শুরু হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন। তিনি আরও জানান, পরীক্ষামূলক রফতানি ৫-৬ দিন চলবে। এরপর চূড়ান্তভাবে রফতানি শুরু হবে।

জানা যায়, ব্যান্ডউইথ রফতানি বিষয়ে শনিবার ভারতের ত্রিপুরার আগরতলায় ভারতের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। ওই বৈঠকে অংশ নিতে বিএসসিসিএল এবং বিটিসিএল –এর কর্মকর্তারা আগরতলা যাচ্ছেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে গত ৬ জুন ব্যান্ডউইথ রফতানির বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। ভারতের ‘ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)’ এবং বাংলাদেশের ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল)’ মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। গত ২০ এপ্রিল দেশের অব্যবহৃত ব্যান্ডউইথ ভারতে রফতানি চুক্তির পক্ষে সম্মতি দেয় মন্ত্রিসভা।

চুক্তির শর্ত মতে, ১০ গিগাবাইট ব্যান্ডউইথ বাংলাদেশ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় রফতানি করবে। ফলে বাংলাদেশ বছরে ৯ কোটি ৪২ লাখ টাকা আয় করবে। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ তিন বছর। তবে ভারতের চাহিদা অনুযায়ী ব্যান্ডউইথ রফতানি ৪০ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়: অ্যাডভোকেট সালমা ইসলাম

দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আর এজন্য তারা জাতীয় পার্টিকে ঠিকানা হিসেবে বেছে নিয়েছে। নবাবগঞ্জ ও দোহারের মানুষ স্বাধীনতার পর থেকেই উন্নয়নের দিক থেকে পিছিয়ে ছিল। আমি সংসদ সদস্য হওয়ার পর পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বলে মন্তব্য করেছেন ঢাকা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম এমপি।

তিনি আরো বলেন একটি মহল তাতে ঈর্ষান্বিত হচ্ছে। তারা চায় না এ সরকারের আমলে উন্নয়ন হোক। তারা মূলত ক্ষমতায় থাকতে চায়। এ দেশের উন্নয়ন চায় না। আপনারা (জনগণ) আমার সঙ্গে থাকলে আমি নবাবগঞ্জ ও দোহারকে একটি আধুনিক উপজেলায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ। এলাকার জনগণ উন্নয়ন চায়। তারা দল-মত বোঝে না। তাদের প্রয়োজন রাস্তা-ব্রিজ-কালভার্ট, স্কুলের ভবন, বিদ্যুৎ সংযোগ ইত্যাদি। এসব পূরণ হলেই হবে। আর এসব পূরণ করতেই বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন, আমি তাদের কাছে ঋণী।

আজ শনিবার (৬ ডিসেম্বর) যুগান্তর হলরুমে জাতীয় পার্টির যোগদান অনুষ্ঠানে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহিলা পার্টির সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

এসময় নয়নশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ রাকিব আহম্মেদ ওয়াসীমের নেতৃত্বে বিএনপির নয়নশ্রী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি কায়সার সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম সাগর, কৃষক দলের সভাপতি আনিসুল ইসলাম অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

জাতীয় পার্টির নয়নশ্রী ইউপির সভাপতি ওয়াসীম বলেন, অ্যাডভোকেট সালমা ইসলামের নেতৃত্বে আজ নবাবগঞ্জ ও দোহার জাতীয় পার্টির দুর্গে পরিণত হয়েছে। আমরা এমন এক নেত্রী পেয়েছি যিনি সেবার মাঝেই বেঁচে থাকতে চান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা আবদুল আজিজ, আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, নূর আলম, আওলাদ হোসেন, মোহন তালুকদার প্রমুখ।

দোহার-নবাবগঞ্জে চলছে বড় দিনের প্রস্তুতি

২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। দোহার-নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ আঠার খ্রিস্টান  পল্লীতে চলছে সাজসজ্জার ধুম। অতিথিদের নিমন্ত্রণ করা হচ্ছে- মোবাইল ম্যাসেজ, কার্ড আর পোস্ট কার্ডে। অতিথি আপ্যায়নে কোন রকমের ত্রুটি না রাখতে বাড়িতে বাড়িতে তৈরি করা হচ্ছে- রকমারি পিঠাপুলির আয়োজন। তবে অতিথি আপ্যায়নে কেককেই বেশি  প্রাধান্য দেয়া হচ্ছে।

বাড়ির সামনে সাজানো হচ্ছে ক্রিসমাসট্রি। শিশুদের বন্ধু হিসেবে পরিচিত সান্তাক্রুসের উপহার পেতে আবেগ আপ্লুত হয়ে আছে তারা। অপেক্ষার দিনক্ষণ শেষ হতে বেশি সময় দেরি না হলেও মহাব্যস্ত এ এলাকার খ্রিস্টান পরিবারগুলো।

অন্যদিকে, আঠার গ্রামের গির্জা ও উপ-ধর্মপল্লীগুলোকে সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোক সজ্জায়। গির্জার অভ্যন্তরে দৃষ্টিনন্দনভাবে ডিসপ্লে করা হবে কুঁড়ে ঘরের অভ্যন্তরে মাদার মেরির কোলে যিশুখ্রিস্টের  প্রতিচ্ছবি। প্রার্থনা করতে আগত পূণ্যার্থীদের আগমন নিরবিচ্ছিন্ন করতে তৈরি করা হচ্ছে বিশেষ ভলান্টিয়ার টিম। সব মিলিয়ে আগাম উৎসব চলছে খ্রিস্টান অধ্যূষিত গ্রামগুলোতে।

নবাবগঞ্জের হাসনাবাদ গির্জার ফাদার অমল ডি ক্রস জানান, নবরাজ খ্রিস্টকে গ্রহণ করতে বড়দিনের ৯দিন আগে থেকে নভেনা খ্রিস্ট যাগ বা পাপস্বীকার পর্ব চলছে। দোহার, নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রায় ৩ হাজার পরিবারে উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছে। এ উৎসব বড়দিনের কীর্তনের (ক্যারল) মধ্যে দিয়ে শেষ হবে।

বান্দুরা বাজারের সিজান মাল্টি শপিং মলের বধূয়া বস্ত্রালয়ের মালিক আক্তার হোসেন পবন জানান, রুচিশীল রকমারি পোশাকের সমাহারে দোকান সাজানো হয়েছে। প্রতি বছরের চেয়ে এবার বেচা-বিক্রি ভালই চলছে। উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বেশ। শেষ পর্যন্ত ভালো বিক্রি হবে বলে আশা করছি।

নবাবগঞ্জ ওসি সায়েদুর রহমান জানান, গীর্জা ও এর আশপাশে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ, আনসার ও র‌্যাব সদস্য মোতায়েনের প্রস্তুতিগ্রহণ করা হয়েছে।

দোহারে ৩ হারবাল ব্যবসায়ীর কারাদণ্ড

ঢাকার দোহারের জয়পাড়া বাজারের ৩ হারবাল ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দোহার উপজেলা ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমী) শামীম আরা নিপার  ভ্রাম্যমাণ আদালত এই দন্ড প্রদান করেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রথমে মেঘুলা বাজারের ইসলামীয়া হারবালের মালিক এম এ হাসান(২৮)কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত। এরপর জয়পাড়া বাজারের ঢাকা হারবালের পরিচালক আব্দুল কুদ্দুসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এরপর জয়পাড়া বাজারের আরেক হারবাল প্রতিষ্ঠান চট্টগ্রাম হারবালের আবু হানিফ মিয়াকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় শামীম আরা নিপার আদালত।

রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া মিনিবাস মৈনটে উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া একটি মিনিবাস রাজধানীর দোহার থানার মৈনট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে বাসটি উদ্ধার করা হলেও ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

এর আগে, গত ১ ডিসেম্বর রাতে উপজেলার কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে চালকসহ বাসটিকে ছিনতাই করে নিয়ে যায় এক ছিনতাইকারী। রূপগঞ্জ থানা পুলিশ জানায়, ১ ডিসেম্বর রাত ৯টার দিকে কর্ণগোপ এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে চালক ফয়সাল মিয়াসহ একটি মিনিবাস ছিনতাই করে নিয়ে যায় একদল ছিনতাইকারী। ছিনতাইয়ের দু’দিন পর ছিনতাইকারীদের হাত থেকে পালিয়ে আসেন বাস চালক ফয়সাল মিয়া। পরে ছিনতাইয়ের বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দোহার থানা পুলিশের সহযোগিতা নিয়ে রূপগঞ্জ থানা পুলিশ মৈকট এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া মিনিবাসটি উদ্ধার করেন। বাস মালিক মোখলেছুর রহমান জানান, সালমা এন্টার প্রাইজ নামে মিনিবাসটি স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেয়া কাজে ব্যবহৃত হয়। যাত্রী না থাকা অবস্থায় চালকসহ বাসটি ছিনতাই করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম নিউজ৩৯কে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নিকড়া-বানাঘাটা সড়ক নির্মাণ নিয়ে অসন্তোষ

দোহারে নিকড়া-বানাঘাটা হয়ে জয়পাড়া কলেজ মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার করা হয় না। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। তাদের অভিযোগ, সংস্কারের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

অন্যদিকে সওজ নির্মাণাধীন সড়কে নিম্নমানের বালি, পাথর ও পুরনো ভাঙা ইট ব্যবহার করায় এলাকাবাসী কাজে বাধা দেয়। তারা নিম্নমানের কাজের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর নিকড়া-বানাঘাটা হয়ে জয়পাড়া কলেজ মোড় পর্যন্ত ৩ দশমিক ৫ কিলোমিটার সড়কটি নির্মাণের নির্দেশ পায় মেসার্স মাসুদ ইন্টারন্যাশনাল হাইটেক ইঞ্জিনিয়ারিং। কাজের ব্যয় ধরা হয় ৫ কোটি ৫৬ লাখ টাকা। প্রথম দিকে ধীরগতিতে কাজ করা হয়। ডিসেম্বরে এসে কাজ দ্রুত শেষ করার জন্য নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসী জানান।

মেসার্স মাসুদ ইন্টারন্যাশনাল হাইটেকের পরিচালক মাসুদ জানান, কাজটি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত কাজটি শেষ করা হবে।

সওজের মুন্সীগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল জানান, নিয়ম অনুযায়ী কাজ করা না হলে বিল পরিশোধ করা হবে না।

সুতারপাড়া থেকে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকার দোহার উপজেলায় রোমান মোল্লা (৩০) নামের এক দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সুতারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আটককৃত রোমান মোল্লা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি সুতারপাড়া গ্রামের চুন্নু মোল্লার ছেলে।