নবাবগঞ্জে পতাকা উত্তোলন দিবস পালিত

আসিফ শেখ: নবাবগঞ্জ উপজেলায় ১লা এপ্রিল পতাকা উত্তোলন দিবস পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। ১৯৭১ সালে এই দিনে নবাবগঞ্জ ঐতিহাসিক মাঠ (বর্তমান নবাবগঞ্জ পাইলট মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে) এ পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের সংগঠক তৎকালীন গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবেদ আলী টিপু।

১ এপ্রিলকে পতাকা দিবস ঘোষণা করে পতাকা উত্তোলণ করা হয়। এখন থেকে প্রতিবছর এ দিবসটি পালিত হবে,বলে জানান মুক্তিযোদ্ধারা। নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের সংগঠক আবু মো: সুবিদ আলী টিপু।

মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ১ এপ্রিল প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও ব্যারিষ্টার আমিরুল ইসলামের প্রেরণায় নবাবগঞ্জে পাকিস্তানী পতাকা পুড়িয়ে স্বাধীনতার চেতনায় লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়। সেদিন থেকে নবাবগঞ্জে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয় এবং হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা সংগঠক মোশারফ হোসেন খান, কালীপদ মালু, আব্দুল বাছেত প্রমুখ। আলোচনা শেষে একটি বণার্ঢ্য র‌্যালী বের করা হয়।

নবাবগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ীর কারাদন্ড

আসিফ শেখ♦ নবাবগঞ্জ উপজেলায় শিরিন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছর ও একরাম (৩০) নামের এক ক্রেতাকে নগদ ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাদক ব্যবসায়ী শিরিন নবাবগঞ্জ উপজেলা দিঘিরপাড় গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী এবং ক্রেতা একরাম বড় বলমন্তচর গ্রামের বাসিন্দা।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: সোহেল রানা নিউজ৩৯কে জানান, ৩০ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমানের নেতৃত্বে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ৪২ পুরিয়া গাঁজাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী শিরিনকে আটক করে।

এ সময় গাঁজা ক্রয় করতে আসা একরাম নামের অপর এক গাঁজা সেবনকারীকে ১ পুরিয়া গাঁজাসহ আটক করে। উপজেলা ভ্রাম্যমান আদালত মাদক ব্যাবসায়ী শিরিনকে ১ বছর কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন এবং ক্রেতা একরামের নিকট থেকে নগদ ১ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন।

দোহারে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

দোহার উপজেলার উত্তর শিমুলিয়া ধান ক্ষেতে পানি দেয়ার মেশিন ঘরের পাশে থেকে শাহনাজ (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। ৩০ মার্চ শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার উত্তর শিমুলিয়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গৃহবধূ ঐ গ্রামের দিনমজুর মোহাম্মদ আলী ভূইয়ার স্ত্রী। মৃত শাহনাজ ৩ সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ মার্চ শনিবার বেলা ১২টার দিকে বাড়ি থেকে ১‘শ ফুট দুরে একটি ধান ক্ষেতে পানি দেয়ার মেশিন ঘরের পাশে তাকে কাঁদা মাখা অবস্থায় স্থানীয়রা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দোহার থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একই গ্রামের ইলিয়াস মোড়ল (৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

দোহার থানার ওসি আলমগীর হোসেন নিউজ৩৯কে জানান, জিজ্ঞাসাবাদ করার জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

নারিশায় যুবক অপহরণ

 নিউজ৩৯♦ দোহারের নারিশা ইউনিয়নের খালপাড় থেকে সাদ্দাম(২৩) নামের এক যুবককে অপহরন করছে অপহরনকারীরা। এই ঘটনায় ২২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে অপহরনকারীরা। সাদ্দাম নারিশা খালপাড়ের আব্দুল হাই আকন্দের পুত্র। সাদ্দামের পরিবার এই ঘটনার জন্য দোহার থানায় মামলা দায়ের করেছে।


জানা যায়, ২৪ তারিখ রাতে সাদ্দাম নিজ ঘর থেকে বের হয়ে যায়। এসময় সে তার পরিবারের কাউকে কিছু বলে যায় নি। সকালে উঠে পরিবারের সদস্যরা তার ঘর তালাবদ্ধ দেখতে পায়। সেই দিন রাতে অপহরন কারীরা ফোনে তাদের কাছে ২২ লক্ষটাকা চাঁদা দাবি করে। নাহলে সাদ্দামকে হত্যা করার হুমকি দেয় তারা।
এরপরও অপহরন কারীরা কোন রকম ছাড় না দেওয়ার ফলে সাদ্দামের পিতা ২৮ তারিখে জয়পাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করে। মামলায় অঞ্জাতনামা অপহরনকারীদের আসামী করা হয়। এই মামলার মামলা নম্বর ১৫।

নবাবগঞ্জের বনগ্রামে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা বনগ্রাম গ্রামে একটি বসত বাড়ীর ২ টি ঘর আগুনে পুড়ে গেছে।   ২৬ মার্চ মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা বনগ্রাম গামে অজয় বেপারীর বসত বাড়ির ঘড়ে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুনে দু’টি বসত ঘর, আসবাবপত্র ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ২৬ মার্চ মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা বনগ্রাম গ্রামে অজয় বেপারীর জোড়া ঘরের মাঝখানে বৈদ্যুতিক সংযোগ তারে স্পাকিং হয়ে আগুন জ্বলে উঠে। একপর্যায়ে আগুন ঘরে লেগে যায়। ঘরের ভিতর থেকে বাড়ির লোকজন আত্ম চিৎকার দিলে স্থানীয়রা তাদের ঘর থেকে বের করে ৩ থেকে ৪ ঘন্টা ব্যাপী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরক্ষণে ঘর ও ঘরের ভিতর থাকা আসবাবপত্র, সোনার গহনা, শস্যাদি, দলিলপত্র পুড়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন কেরাণীগঞ্জ ও ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসকে সংবাদ দিলেও তারা ঘটনাস্থলে পৌছেনি। এলাকায় ফায়ার সার্ভিস না থাকায় দোকানপাট, ঘরবাড়ি পুড়ে প্রতি বছরে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। সকালে সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নবাবগঞ্জ থানার উপপরির্দশক মুশফিকুর রহমান বলেন শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দোহারে জমি ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা

মঙ্গলবার রাত ৮টার দিকে দোহার উপজেলায় মেঘুলা বাজারের ছিদ্দিক ডেকোরেটরের ভেতরে গল্প করার সময় কথা কাটাকাটি নিয়ে গিয়াস মোড়ল (৪৮) নামে এক জমি ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত গিয়াস মোড়ল উপজেলার মেঘুলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মেঘুলা বাজারের ছিদ্দিক ডেকোরেটর দোকোনের ভেতরে জমি ব্যবসায়ী গিয়াস মোড়ল লোকজনের সঙ্গে বসে গল্প করছিলেন।এসময় শহিদ খান নামে অপর এক জমি ব্যবসায়ী সেখানে এসে গল্পের বিষয় বস্তু জানতে চান। বিষয়টি গিয়াস মোড়ল বলতে না চাইলে তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এরপর শহিদ ওই স্থান থেকে চলে যান।ঘণ্টাখানের পর তিনি লোকজন নিয়ে এসে ডোকোরেটরের দোকান থেকে গিয়াসকে শার্টের কলার চেপে ধরে টেনে হিঁচড়ে বের করে আনেন এবং গিয়াসের গলা ধরে উঁচু করে ফেলেন।এরপর গিয়াস জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।স্থানীয়রা তাকে সঙ্গে সঙ্গে মেঘুলা প্রমিজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার নিহতের বড় ভাই লুৎফর মোড়ল দোহার থানায় শহিদ খান ও তার মেয়ের জামাই জিয়াউর রহমানের বিরুদ্ধে গিয়াসকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে অভিযোগে মামলা দায়ের করেছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজ৩৯ কে জানান,শহীদ খান ও জিয়াউর রহমান নামে দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।তিনি আরও জানানা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে গিয়াস মারা গিয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে।

স্বাধীনতা দিবসে সংঘর্ষে দোহার বিএনপির সাংগাঠনিক সম্পাদক আহত

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে দোহার উপজেলা বিএনপি’র পাল্টা-পাল্টি মিছিলকে কেন্দ্রে করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দোহার উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক ডালু খন্দকারসহ প্রায় ৮ জন।

সকাল ১০টার দিকে জয়পাড়া থানার মোড়ে ডালু খন্দকারের নেতৃত্তে একটি মিছিল উপজেলা গেটের সামনে আসলে বিপরীত দিক হতে কলেজ চৌরাস্তার মোড়ে যুবদল সাংগাঠনিক সম্পাদক জাহিদ ব্যাপারীর নেতৃত্বে আরেকটি মিছিল আসে। তখন বিপরীত দিক হতে আসা মিছিল থেকে ডালু খন্দকারের উপর আক্রমণ করা হয় বলে নেতা-কর্মিরা জানান। এসময় দলীয় নেতা-কর্মিরা তাকে কেন্দ্র করে মানবঢাল তৈরি করে। তবে এতে ডালু খন্দকারসহ প্রায় ৭/৮ জন আহত হয়।

পরবর্তীতে বেলা ১১ টায় আংশিক সংবাদ সম্মেলন করে ডালু খন্দকার এ ঘটনার জন্য কামরুল হুদার নেতৃত্বাধীন অংশকে দায়ী করেন। নিউজ৩৯ এর অনুসন্ধানী প্রতিবেদক নির্ভরযোগ্য সূত্র হতে নাম না প্রকাশ শর্তে জানতে পারেন যে, মূলত ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আঃ মান্নানের সাথে জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি সালাহউদ্দীন মোল্লার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ইদানিং ডালু খন্দকারের সাথে বেশী সখ্যতা গড়ে ওঠে। একই সাথে দোহার উপজেলা যুবদল কমিটি গঠন নিয়ে দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি উমায়ুন ইসলাম খালেদের কমিটির সাথে জুলহাস ব্যাপারীর কমিটির অন্তর্কোন্দ্বলে জড়িয়ে পড়েন ডালু খন্দকার তথা আঃ মান্নান অনুমোদিত দোহার উপজেলা বিএনপি; যার সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, সেক্রেটারী আলমগীর ব্যাপারী ও সাংগাঠনিক সম্পাদক ডালু খন্দকার। অপরপক্ষে রয়েছে নাজমুল হুদা ও কামরুল হুদার অনুসারীরা।

একই রকম কোন্দ্বল বিরাজ করছে আবুল হাশেমের নেতৃত্বাধীন ছাত্রদলের সাথে কবির শেখের নেতৃত্বাধীন ছাত্রদলের। মূলত এসব ঘটনা থেকেই আজকের এই সংঘর্ষ বলে জানা যায়। এ ব্যাপারে ডালু খন্দকারের বাড়ীতে তার প্রতিক্রিয়া জানতে গেলে তিনি দেখা করেননি। পরবর্তীতে তার মোবাইলে কল দেয়া হলে তিনি তা রিসিভ করেননি।

এদিকে দোহার উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদ নিউজ৩৯কে জানান,মূলত দলীয় পদ পাওয়াকে কেন্দ্র করে এই সংঘাত সংগঠিত হয়েছে। বিএনপি’র মতো বড় দলে এটি এক ধরনের নেত্রিত্বের প্রতিযোগিতা কিন্তু তেমন কোনো সমস্যা নয় বলে তিনি আমাদেরকে জানান।

নবাবগঞ্জে আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষ: আহত ১৫

আসিফ শেখঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে।

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ পাইলট মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয়  যুবলীগের সহ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং  নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক পক্ষের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের  ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য শেষে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময়ে পিছন দিকে থেকে বিএনপি কর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে স্লোগান দিতে থাকলে দু’পক্ষের নেতাকর্মীদের মাঝে প্রথমে হাতাহাতি পরে ধাওয়া পাল্টা ধাওয়ার রুপ নেয়। এসময় যুবদল নেতা নাহিদসহ দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ২জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান বর্জন করে মাঠ ত্যাগ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আশফাক নিউজ৩৯কে বলেন, মাননীয় প্রতিমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে উস্কানিমূলক বক্তব্য দিলে  নেতা কর্মিদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ছাত্রলীগ,যুবলীগ চড়াও হলে জনগণ ও বিএনপি’র নেতা-কর্মিরা প্রতিরোধ করলে এই সংঘর্ষ হয়।

মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গগে তিনি বলেন, এরা আওয়ামীলীগ সমর্থিত মুক্তিযোদ্ধা। মন্ত্রী যখন আসে তখন তারা আসে, আবার যখন তিনি চলে যান তখন তারাও চলে যায়। আর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানতো কেউই বর্জন করতে পারে না।

এ ব্যাপারে কথা বলার জন্য ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক  ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমানকে ফোন দেওয়া হলে তিনি ২ বার ফোন কেটে দেন।

নবাবগঞ্জ থানার এস আই রাসেল নিউজ৩৯কে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আওয়ামীলীগের পক্ষ থেকে একটি অভিযোগ পত্র দেয়া হয়েছে।

বিএনপি’র নতুন কমিটি বাতিলের দাবীতে পুরাতনদের বিক্ষোভ

তারেক রাজীব : শুক্রবার সন্ধ্যায় দোহার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নেতৃত্বে জয়পাড়া কলেজের সামনে ওই সমাবেশ হয়।

সমাবেশ শেষে বিএনপির ওই অংশের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তাঁরা বর্তমান কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা নুরুল ইসলাম, নজরুল ইসলাম, শাহীন মোল্লা, রেজাউল হালিম প্রমুখ।
উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি সাহাবুদ্দিন আহমেদকে সভাপতি এবং আলমগীর বেপারীকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির সাত সদস্যের কমিটি ঘোষণা করে ঢাকা জেলা বিএনপি।

দোহারের রশীদ ব্যাপারী হত্যার প্রধান আসামী গ্রেফতার

তারেক রাজীব : দোহার থানা বিএনপি নেতা আব্দুর রশীদ ব্যাপারী হত্যাকান্ডের মূল আসামি নয়নকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি দক্ষিণ। ডিবি কর্মকর্তা মীর শাহীন শাহ জানান, শনিবার ভোরে কেরানীগঞ্জ উপজেলার ছাতির চর গ্রামে অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করা হয়। নয়ন দোহার উপজেলার গাজীরটেক গ্রামে বাসিন্দা।

পুলিশ জানায় তার নামে একাধিক মামলা আছে। নয়নকে আটকের পর তার দেয়া তথ্য অনুসারে হত্যাকান্ডে ব্যবহার করা হলুদ কালো RTR মডেলের মোটর বাইকটি শনিবার সন্ধ্যা ৭টার দিকে দোহার ঘাটা’র মৃত হানিফের বাড়ির গোসল খানার ভিতর থেকে দোহার থানা পুলিশ উদ্ধার করে।

ডিবি পরিদর্শক শাহীন জানান, এ পর্যন্ত ৪ জনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি মাগরিবের নামাজের জন্য মসজিদে যাওযার পথে রাস্তায় সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যান। দোহার থানায় হত্যা মামলা হলে পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ মো: মাইনুদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।