দোহারের বিলাশপুরে কিশোরীর আত্মহত্যা

আসিফুর রহমান :: শনিবার বিকালে দোহার উপজেলায় ১৪ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুলছড়ি গ্রামের হালিমা আক্তার নিজের অমতে বিয়ে দিতে চাইলে অভিভাবকদের উপর অভিমান গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

নিহত হালিমা ঐ গ্রামের প্রবাসী শেখ মেছের আলীর মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত দু’বছর আগে লেখাপড়া ছেড়ে দেয় এবং কিছুদিন যাবত হালিমার তার পরিবার বিয়ে নিয়ে কথা বলছিল। কিন্তু হালিমা এই বিয়েতে অমত ছিল। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের অগোচরে খাবার ঘরের আড়া কাঠে ওড়না পেচিয়ে ফাশ দিয়ে আত্মহত্যা করে ।
রবিবার সকালে দোহার থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে পুলিশ নিউজ৩৯ কে বলেন, “বিষয়টি পরে জানানো হবে।“

নবাবগঞ্জে দুই বাড়ীতে ডাকাতি: ৮ লাখ টাকার মালামাল লুট

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ ৭ এপ্রিল রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের গোপিকান্তপুর ও মাধবপুর গ্রামে দুই বাড়ীতে ডাকাতি হয়েছে।

গভীর রাতে ১০/১২ জন মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাত দুটি বাড়ীতে হানা দিয়ে নগদ ২০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায় ও একজন ডাকতের আঘাতে আহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, রোববার রাত দেড়টার দিকে ডাকাতদল প্রথমে গোপিকান্তপুর গ্রামের খোরশেদ আলমের বাড়ীতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় পার্শবর্তী বাড়ীর ভাড়াটিয়া রাজা মিয়া (৪০) এগিয়ে আসলে ডাকাতের চাপাতির আঘাতে আহত হয়।

অন্যদিকে, রাত আড়াইটার দিকে মাধবপুর গ্রামের প্রবাসী আব্দুল হাকিমের বাড়ীতে ডাকাতেরা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে। এ সময় আলমিরাতে থাকা নগদ আড়াই হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

সংবাদ পেয়ে সোমবার সকালে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ইশতিয়াক রাশেদ ডাকাতির ঘটনা স্বীকার করে জানান এ ঘটনায় একটি মামলা হয়েছে।

নবাবগঞ্জের হরিষকুলে অগ্নিকাণ্ড: খোলা আকাশের নিচে এইচএসসি পরিক্ষার্থী

আসিফ শেখ: অগ্নিকাণ্ড কেড়ে নিল অসহায় পরিবারের সহায় সম্ভল। সব হারিয়ে খোলা আকাশের নিচে সজীব মন্ডলে ৬ সদস্যের পরিবার। গত ৬ এপ্রিল শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিষকূল গ্রামের সজীব মন্ডলের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা তার মা হেলেনা সরকার, বোন (চলমান এইচএসসি পরিক্ষার্থী) ইতি সরকার, (৬ষ্ঠ শ্রেণির ছাত্রী) আরেক বোন ঝর্ণা আক্তার, স্ত্রী হ্যাপি সরকার,৩ মাসের শিশু সন্তান সৌরভ সরকারকে ঘরের ভিতর থেকে বের করে আনতে পারলেও একমাত্র বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

এতে পরিবারটির সহায় সম্ভল আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার সাথে সাথে পুড়ে যায় এইচএসসি পরিক্ষার্থী ইতি সরকারের সমস্ত শিক্ষা উপকরণ। সে এ বছর দোহার নবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহন করছে। সেই সাথে ছোট বোন বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ঝর্ণা সরকারেরও যাবতীয় শিক্ষা উপকরণ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, সজীব মন্ডলের বাবা রতন মন্ডল ৭ বছর আগে মারা যাওয়ার পর থেকে একমাত্র উপার্জনক্ষম সজীবের উপার্জনে চলছিল ৬ সদস্যের পরিবার। আর বড় ২ বোনের বিয়ে দেয়া হয়েছে খুব কষ্টে। ছোট ২ বোনের লেখাপড়া মা, স্ত্রী, শিশুসন্তান নিয়ে কোন রকমে জীবন ধারণ করছিল পরিবারটি। মাত্র ১৫ মিনিটে শেষ হয়ে গেল পরিবারটির সহায় সম্বল। ঘর থেকে বের করতে পারেনি কোন কিছুই।

সজীব মন্ডল বলেন, নবাবগঞ্জ উপজেলা সদরের মোবাইল অপারেটর কোম্পানী রবি’র সেল্সম্যান হিসেবে মাসে ৫ হাজার টাকা রোজগারে তার ৬ সদস্যের পরিবারের ভরন পোষন করে আসছে। নিজেদের খাবারের চাহিদা কোন ভাবে মিটলেও বোনদের লেখাপড়া চালাতে বেশ হিমশিম খেতে হয়। তার উপর শনিবারের অগ্নিকান্ডের ঘটনায় একে বারে নি:স্ব হয়ে পড়েছি। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছি। এখানো পর্যন্ত সরকারি বেসরকারি কোন সহায়তা পাইনি। সব মিলিয়ে খুব কষ্টে আছে আমার পরিবার।

নবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আসিফ শেখ, নিউজ ৩৯ ♦ ৭ এপ্রিল রোববার, বিশ্ব স্বাস্থ্য দিবসটি সামনে রেখে পুরো বাংলাদেশের সাথে নবাবগঞ্জ উপজেলায়ও দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়, “রক্তচাপ নিয়ন্ত্রেণে যার, নিরাপদ জীবন তার”। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে বাংলাদেশে বর্তমানে ১ কোটি ২০ লাখ মানুষ উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছেন। এ ঝুঁকিপূর্ণ অবস্থা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই বিদ্যমান। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ মানুষ হাইপারটেনশন জনিত রোগে মারা যায়। এ অঞ্চলে প্রতি ৩ জনে ১ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত হয় এবং প্রতি ১০ জনে ১ জন মারা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ২০১০ সালে বাংলাদেশে পরিচালিত এক জরিপে দেখা যায়, গ্রামের চেয়ে শহর এলাকার জনসংখ্যার মধ্যে উচ্চ রক্তচাপ জনিত রোগের হার বেশি। আবার নারীর চেয়ে পুরুষের মধ্যে উচ্চ রক্তচাপ বেশি দেখা যায়।

বাংলাদেশের গ্রাম ও শহর এলাকায় পরিচালিত এ জরিপের ফলাফল অনুযায়ী, শহর এলাকায় ২১ শতাংশ পুরুষ এবং ১৮ শতাংশ নারী উচ্চ রক্তচাপে আক্রান্তহন। অন্যদিকে গ্রামীণ জনপদে শতকরা ১৬ ভাগ পুরুষ এবং ১৫ ভাগ নারী উচ্চ রক্তচাপ জনিত রোগে ভোগেন।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রবিবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ফটক থেকে একটি র‍্যালি স্বাধীনতা ভাস্কর্য ঘুরে উপজেলা ফটকে পথসভা করে।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গঙ্গা গোবিন্দ পাল, কারিতাসের ঢাকা অঞ্চলের প্রোগ্রাম অফিসার জন স্বপন গমেজ, মাঠ কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস, উপজেলা মাঠ কর্মকর্তা প্রদীপ চন্দ্র দাস, অলি সরকার, প্রতাপ ক্রুজ, মিল্টন পালমা, সংগঠনের নরেশ চন্দ্র শীল, আলো রানী, আজিজুর রহমান প্রমূখ।

সুতারপাড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

সুতারপাড়ায় মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৯৪ বছর। 

পারিবারিক সূত্রে জানা যায়, সুতারপাড়া আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের কাছে লুৎফর রহমানের মা বার্ধক্য ও মানসিক কারনে ঘরের ভিতরেই সব সময় থাকতেন এবং বাইরে থেকে ঘরটা তালাবদ্ধ করে রাখা হত।

অন্য সব দিনের মত তিনি সেদিনও ওই ঘরে ঘুমিয়েছিলেন এবং মশার কয়েল থেকে লাগা আগুন ঘরে ছড়িয়ে পড়ে এবং সেই আগুনে বৃদ্ধা পুড়ে মৃত্যু বরণ করেন।

মৈনটে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট রাস্তা থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সৌরভ (২২) ও সজিব (২৩) রবিবার রাত নয়টার দিকে যশোর থেকে মোটরসাইকেলে করে মৈনট ঘাটে আসলে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস.আই. জাহাঙ্গীর অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল সহ সৌরভকে আটক করে। এ সময় সজিব পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সৌরভ ও সজিবের নামে দোহার থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বাড়ী ঢাকার নবাবগঞ্জ উপজেলায়।

এ বিষয়ে এস.আই. জাহাঙ্গীর জানান, “আমি এ ফাড়িঁতে আসার পর থেকে এই এলাকায় মাদক অনেকটা নিয়ন্ত্রনে চলে এসেছে এবং মাদকের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে।”

দোহার থেকে আট কোটি টাকা নিয়ে লাপাত্তা “সান” ও “দি ম্যাক্সিম”

নিউজ৩৯ অনুসন্ধানী প্রতিবেদক ♦ ডেসটিনি, আল-আকসা, আইডিয়েল কো-অপারেটিভের পর এবার টাকা নিয়ে লাপাত্তা হয়েছে সান গ্রুপ ও দি ম্যাক্সিম গ্রুপ মাল্টিপারপাস নামে দুটি আর্থিক প্রতিষ্ঠান।

নিউজ৩৯ বিষয়টি আগেভাগেই প্রসাশনের নজরে আনতে জোর তাগিদ দিয়েছিল। গত ২০ তারিখে বিষয়টি দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনকে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে একটি জরুরি বৈঠকে আছেন বলে জানান এবং পরে  ফোন দিবেন বললেও তিনি তা দেন নি।

তাদের নিকট দোহারের জনগণের বিনিয়োগের পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। উল্লেখ্য  দোহার-নবাবগঞ্জ এলাকা থেকে আল-আক্সা, ইসলামিক কো-অপারেটিভ সোসাইটি লি. এবং আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লি. গ্রাহকদের বিনিয়োগকৃত প্রায় ৫০ কোটি টাকা নিয়ে উধাও হয়।

বর্তমানে গ্রাহকর বিক্ষোভ করেছেন স্থানীয় কার্যালয়ে। আজও সকাল ১১টায় দু’টি প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। তখন সেখানে গ্রাহকদের ভীড় দেখা গেছে। তাদের অনেককে হতাশায় ভোগছেন। সান গ্রুপে পল্লী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডে বিনিয়োগকারী দোহার শাখার প্রশিকা কর্মকর্তা আবদুস সালাম জানান, গত ২ মাস আগে ৪ লাখ ৩০,০০০ টাকা জমা রাখেন।

জয়পাড়া ডিগ্রি কলেজের কেমিস্ট্রির প্রভাষক কেরামত আলী জানান, ৫ মাস আগে তিনিও ৫ লাখ টাকা জমা রাখেন। অপরদিকে, দি ম্যাক্সিম গ্রুপের ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডে বিনিয়োগকারী বানাঘাটা গ্রামের নুরুল হক জানান, ১ বছর আগে তিনি ৫ লাখ টাকা জমা রেখেছেন।

আবুল কাশেমের স্ত্রী নিলুফা আক্তার রেশমা জানান, ব্যাংকের চেয়ে বেশি লাভ পাওয়ার আশায় তিনি ৩ লাখ ৩৫,০০০ টাকা জমা রেখেছেন।

দোহার নবাবগঞ্জে বৈদেশিক রেমিট্যান্স বেশি হওয়ায় এসব প্রতিষ্ঠান ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠে।

এ ব্যাপারে সান গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেড দোহার শাখা ব্যবস্থাপক ইয়াকুব আলীর মোবাইলে এবং দি ম্যাক্সিম গ্রুপের দোহার শাখা ব্যবস্থাপক আবদুর রাজ্জাকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি। আব্দুর রাজ্জাক বর্তমানে পলাতক আছেন বলে জানা গেছে।

দোহার থানার ওসি (তদন্ত) কামরুল ইসলাম মিয়া জানান, অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমীন বলেন, বিষয়টির ব্যাপরি অবহিত আছি এবং কঠোর নজরদারিতে রাখা হয়েছে যেন আমানতকারিদের যেন ক্ষতি না হয়। তিনি যারা অসাধু ব্যবসায়ির মিথ্যা প্রলোভনে পড়ে অধিক লাভের আশায় টাকা জমা করেন, তাদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।

দোহারের গোড়াবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু

দোহারের মোকসেদপুরের গোড়াবন এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক জন মারা গেছেন। মৃত ব্যক্তি নওয়ার আলীর ছেলে সিরাজ হোসেন (৪০)।

বৃহস্পতিবার নিজের ঘরের কাজে ড্রিল মেসিন ব্যবহার করার সময় অসাবধানতায়নে সিরাজ হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরবর্তীতে তাকে ফুলতলাস্থ আব্দুর রাজ্জাক মেডিকেল হসপিটালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জে এইচএসসি পরীক্ষার সহকারী কেন্দ্র-সচিব বহিস্কার

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ ঢাকা নবাবগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমানিত হওয়ায় সহকারি কেন্দ্র সচিব রেজাউল করিমকে তাৎক্ষনিক লিখিতভাবে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে বহিস্কার করা হয়।

পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করতে না পারায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি কেন্দ্র সচিব রেজাউল করিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হল।

উল্লেখ, গত সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে এবছর প্রথম কেন্দ্র হিসেবে স্বীকৃতি পাওয়া নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের দিক দিয়ে নকল সরবরাহ করতে থাকে ১০/১২ জন যুবক। ওই কেন্দ্রের পিছনে প্রথম আলোর নবাবগঞ্জ প্রতিনিধি আজাহারুল হকের বাসা। বাড়িতে রান্না করার সময় বিষয়টি প্রত্যক্ষ করেন তার স্ত্রী। এ সময় তিনি বখাটেদের ওই স্থান থেকে চলে যেতে বলেন এবং বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে জানান।

কিন্তু কেন্দ্র কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় অরক্ষিত এই পরীক্ষা কেন্দ্রের পেছন দিক দিয়ে ওই ১০/১২ জন যুবক অকপটে নকল সরবরাহ করতে থাকে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে বাড়ির রান্নাঘরে আগুন নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় বখাটেরা। আগুনে বাড়ির রান্না ঘরটি পুড়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও পাবলিক পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক জরুরি সভা ডাকেন। তিনি জানান, সভায় সিদ্ধান্ত অনুযায়ী সহকারি কেন্দ্র সচিব রেজাউল করিমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে তাৎক্ষনিক লিখিতভাবে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে।

তুইতালে একটি সেতু আজো হল না

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের তুইতাল-বকচর গ্রামের উপর দিয়ে বয়ে চলা ইছামতি নদীর তুইতাল-বকচর খালের উপর একটি ব্রিজের অভাবে এ এলাকার ২০ হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

মারত্মক ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন নদী পাড় হচ্ছে কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ তুইতাল সরকারী প্রাথমিক বিদ্যলয় ও তুইতাল বালিকা উচ্চ বিদ্যলয়ের ছাত্র-ছাত্রী ও হাজার হাজার পথচারী। নদীটির ওপর কোন পাঁকা সেতু না থাকায় ২ কিলোমিটার ঘুরে যানবাহন নিয়ে চলাচল করতে হয়। তুইতাল-বকচর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর তুইতাল-বকচর খালের ওপর একটি সেতু নির্মাণ দু’পাড়ের জনগণের দীর্ঘ দিনের দাবি।

বিগত দিনে জনপ্রতিনিধি সেতু নির্মাণের আশ্বাস দিলেও এ পর্যন্ত এলাকাবাসীর ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটেনি। ইছামতি নদীর উপর একটি বাঁশের সাঁকো আছে এ সাঁকো দিয়ে কোন রকমে পারাপার সম্ভব হলেও, কোন যানবাহন চলাচল করা সম্ভব নয়। ফলে এলাকাবাসী তাদের উৎপাদিত খাদ্যশস্য, কৃষিপণ্যসহ বিভিন্ন কাঁচামাল বাজারসহ অন্যান্য হাটে নিয়ে আসতে অসুবিধার সম্মুখীন হন।

ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে অনেকটা ভীতির মধ্যে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠান। অনেক সময় যাতায়াতকারী পথচারীরা সাঁকো ভেঙে নিচে পড়ে আহত হয়। নদীর এক পাড়ে তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয় ও তুইতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার, কৃষি কাজ ও লেখাপড়ার জন্য দু’পাড়ের মানুষকে প্রায় সময়ই নদী পার হতে হয়। কিন্তু দুর্ভাগা মানুষেরা সেতুর অভাবে নানা ভোগান্তিতে পড়েন। কখনও বাঁশের সাঁকো আবার কখনও ছোট নৌকা দিয়ে পারাপার একমাত্র ভরসা।

এলাকাবাসী জানায়, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাড. আব্দুল মান্নান খান তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বিজ্ঞান মেলার প্রধান অতিথির বক্তব্যে বলেছিলেন ১৫ দিনের মধ্যে নয়নশ্রী ব্রিজ থেকে তুইতাল বাজার পযর্ন্ত রাস্তার উদ্ভোধন করা হবে এবং এই সরকারের আমলেই তুইতাল-বকচর গ্রামের উপর দিয়ে বয়ে চলা ইছামতি নদীর উপর একটি ব্রিজে র্নিমান করা হবে। দিন চলেগেল কিন্তু কথার সাথে কাজের কোন মিল হলো না। এখনও সেখানে ব্রিজ নির্মানের কাজ শুরু করা হয় নি।

এলাকাবাসী অভিযোগ করে বলেন “আমরা এ অঞ্চলের অবহেলিত জনগন। আমারা অনেক দিন ধরে একটি ব্রিজের স্বপ্ন দেখে আসছি কিন্তু আমাদের  স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেলো দুঃখ জনক হলেও সত্য আমাদের কাঙ্খিত স্বপ্নটি বাস্তব রুপ ধারণ করলো না। প্রতিমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন আর কত দিন অপেক্ষা করার পর আমাদের স্বপ্ন বাস্তবে রুপ ধারন করবে? বাপ-দাদারা কষ্টে করে গেছে আমরা কি আর আরাম করতে পারমু? আমাদের ও কষ্ট করে যাইতে হবে। দেশের কত যাগায় কত কিছু উন্নত হলো কিন্তু আমাদের এলাকার এই ব্রিজটি র্নিমান হলো না। এখনও আমরা আশায় আছি প্রতিমন্ত্রী মহোদয় আমাদের কাঙ্খিত স্বপ্নটি পূরণ করবেন।”

তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাকা সিস্টার কিরণ বলেন, আমার স্কুলে মেয়েরা বাঁশের সাঁকো দিয়ে অত্যান্ত ঝুকিতে পারাপার হয়। স্কুলে অনেক ছাত্রীরা বাঁশের সাঁকো পারাপারের ভয়ে অন্য স্কুলে যেতে বাধ্য হচ্ছে। আমার স্কুলের ছাত্রীদের বেশি কষ্ট হয় বৃষ্টির দিনে। বৃষ্টিতে বাঁশের সাঁকো ভিজে পিচলা হয়ে যায় ফলে স্লিপকেটে নিচে পরে অহত হওয়ার ঘটনাও ঘটেছে অনেক।

প্রতিমন্ত্রী অ্যাড. আব্দুল মান্নান খান আমাদের স্কুলে এসে বলেছিলেন এ সরকালে আমলেই তুইতাল-বকচর গ্রামের উপর দিয়ে বয়ে চলা ইছামতি নদীর উপর ব্রিজটি র্নিমান করে দেওয়া হবে। কিন্তু এখনও ব্রিজ নির্মান কাজ শুরু করা হয় নি। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ জানান, বাঁশের সাকোটির বিষয়ে আমার আগে জানা ছিল না। এলাকাবাসী লিখিত দাবী জানালে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।