দাউদপুর-শিকারীপাড়া রাস্তা সংস্কাকারের কাজ শুরু হয়েছে

আসিফ শেখ♦ অবশেষে বহু প্রতিক্ষার পর নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর থেকে শিকারীপাড়া পর্যন্ত রাস্তা সংস্কাকারের কাজ শুরু হয়েছে। বারুয়াখালী ইউনিয়নের আলালপুরের ৩০০ মিটার রাস্তা ও শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর থেকে শিকারীপাড়া পর্য়ন্ত ৩ কিলোমিটার প্রধান রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।

আলালপুর থেকে দাউদপুর হয়ে শিকারীপাড়া চলাছলের প্রধান একমাত্র রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছিল। রাস্তার দু’পাশে ভেঙ্গে যাওয়ার ফলে বেহাল আবস্থা সৃষ্টি হয়। খনা-খন্দে ভরা রাস্তা যেন মৃত্যুর ফাঁদ। সড়ক জুরে খনা-খন্দ ও বড় বড় গর্তে পড়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় শিকার হতো যানবাহন ও পথচারীরা।

মাঝে মাঝে রাস্তা ভাঙ্গার দু’পাশে মাটি দিয়ে ভরাট করা হতো কিন্তু কিছু দিন পর মাটি গাড়ির চাকার চাপে মিসে যায়। মালবাহী ভারী ট্রাক অন্যান্য যানবাহনের অতিরিক্ত চাপে এবং বৃষ্টিজনিত মাটিক্ষয়ই এই ক্ষতির প্রধান কারন। প্রায় ২ বছর যাবত সড়কটির অবস্থা এতটাই খারাপ ছিলো যে, স্বাভাবিকভাবে কোন গাড়িকে সাইড দিয়ে মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তার ভাঙ্গায় স্লিপ কেটে পড়ে অহত হওয়ার ঘটনা ও ঘটেছে অনেক।

এরকম দুরবস্থা সত্বেও এগুলো সংস্কারে দীর্ঘদিন ধরে কোন উদ্যোগ নেওয়া হয়নি। এ বছর ২৮ এপ্রিল এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) এর অর্থায়নে এ রাস্তার সংস্কার কাজ করা হয়। গত ১৯ জুলাই ২০১২ তারিখে এই রাস্তাটি নিয়ে নিউজ৩৯ একটি রিপোর্ট প্রকাশ করেছিল। রিপোর্ট প্রকাশের সাড়ে ৯ মাস পর রাস্তা সংকারের কাজ শুরু হয়েছে।

রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে বাড়ি ফিরলো দুই বোন

নিউজ৩৯ ♦ অবশেষে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপের ভিতর থেকে মায়ের কোলে ফিরলো দোহারের নিখোঁজ দুই বোন। রবিবার এই দুই বোনের লাশ উদ্ধার হবার পর সোমবার তারা ফিরে আসলো নিজ জন্মভূমিতে।

সোমবার সকাল সাড়ে দশটায় সাভারের রানা প্রাজায় তিন তলায় কর্মরত দুই বোন লতিফা ও শরিফার লাশ তাদের নিজ বাড়ি শিলাকোঠায় এসে পৌছায়। এসময় এলাকায় শোকের মাতম দেখা দেয়। চোখের জল ধরে রাখতে পারে নি কেউ।

শিলোকোঠা মাদ্রাসায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবার পর দুপুরে শিলাকোঠা কবরস্থানে তাদের দাফন করা হয়। এসময় এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।    

নবাবগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ধলেশ্বরী নদীতে ডুবে ফারজানা (১০) ও রবিউল আওয়াল (৬) নামে দু’ভাই বোনের মৃত্যু হয়েছে। গত ৩ মে শুক্রবার দুপুরে বাড়ির পাশে নদীতে থাকা ড্রেজারের উপরে উঠে খেলতে গিয়ে তারা নদীতে পড়ে যায়। মৃত ফারজানা ও রবিউল আওয়াল উপজেলার দৌলতপুর গ্রামের মো. সোরহাবের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছেলে রবিউল ও মেয়ে ফারজানা ঘরে না ফিরলে মা হামিদা বেগম ও তার স্বজনরা তাদের খুজে বের হয়। এক পর্যায়ে ফারজানা ও রবিউলকে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে থাকা ড্রেজারে উপরে খেলতে দেখেছে বলে স্থানীয় এক ব্যাক্তি তাদেরকে জানায়। এ সংবাদ পেয়ে তার স্বজনরা নদীরঘাটে গেলে ফারজানা ও রবিউলের জুতা ভাসতে দেখে স্থানীয় জেলেদের খবর দিয়ে আনে। পরে জেলেরা নদীতে জাল ফেলে সন্ধ্যার দিকে ফারজানা ও রবিউলের মৃতদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে তাদেরকে কেউ জানায় নি।

দোহার পৌর নির্বাচন: ৬ মেয়র প্রার্থীর ৪ জনই ফিরলেন

আপিল নিষ্পত্তি শেষে মনোনয়ন পত্র বাতিল হওয়া ৬ জন প্রার্থীর ৪ জনই প্রার্থীতা ফেরত পেলেন। বাদ পড়া দুইজন হলেন পৌরসভার বর্তমান মেয়র আব্দুর রহিম মিয়া ও নাসির আহম্মেদ। শনিবার রাত ৯টার দিকে দোহার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, দোহার পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানকারী ১৫ প্রার্থীর ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছিল। যারা প্রতিদ্বন্দ্বীতায় ফিরলেন:

১. জহির উদ্দিন আহম্মেদ,

২. শাহবুদ্দিন আহম্মেদ,

৩. মাসুদ পারভেজ,

৪. মিজানুর রহমান মিজান

মনোনয়ন পত্র প্রত্যাহারের আগ পর্যন্ত মেয়র পদে প্রতিদ্বন্দীতাকারীদের তালিকা:

১. উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত নজরুল ইসলাম বাবুল

২. বিএনপি (নাজমুল হুদা) সমর্থিত নুরুল ইসলাম

৩. জামায়াত ইসলামী সামর্থিত এবিএম কামাল হোসাইন

৪. সুতারপাড়াস্থ ব্যাপারী বাড়ির সুজাহার ব্যাপারী

৫. ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহম্মদ(মাসুদ মোল্লা)

৬. ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম সেন্টু

৭. পবন ব্যাপারী বাড়ির জামাল উদ্দিন

৮. সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান বাবুল

৯. ব্যবসায়ী আমির হোসেন(আমির কোম্পানী)

১০. দোহার উপজেলা বিএনপির সভাপতি শাহবুদ্দিন আহম্মেদ

১১. জয়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহম্মেদ

১২. ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ

১৩. মিজানুর রহমান মিজান

৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ও ৭ মে প্রতীক বরাদ্দ করা হবে।

পদত্যাগ পত্র প্রত্যাহার করে বিএনপিতে ফিরলেন নাজমুল হুদা

অবশেষে বিএনপিতেই ফিরলেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বুধবার বিকেলে নিজের দেওয়া পদত্যাগ পত্র প্রত্যাহার করে বিএনপিতে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-১ আসন দোহারের শাইনপুকুর এলাকায় নিজ বাড়িতে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে নিউজ৩৯কে নাজমুল হুদা বলেন, শুরু থেকেই বিএনপিতে ছিলাম। এখনও আছি। ভবিষ্যতেও থাকবো। তিনি বলেন, ‘বিএনপি দুঃসময়ে আমার পাশে থাকা জরুরি বলে আমার এলাকার নেতাকর্মীরা মনে করেন। নেতাকর্মীদের ইচ্ছার প্রাধান্য আমি দিতে চাই।’
তিনি আরো বলেন, আপনারা জানেন আমার পদত্যাগপত্র বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রহণ করেননি। আমার দোহারের জনগণ যেহেতু চায়, তাদের সেই চাওয়া তো মানতেই হবে। আমি আমার পদত্যাগ পত্র প্রত্যাহার করে নিলাম। এখন থেকে আমি বিএনপির হয়ে কাজ করে যাব।
নেতাকর্মীদের উদ্দেশ্য নাজমুল হুদা বলেন, ‘আমার নেতাকর্মীদের ইচ্ছার প্রাধান্য আমি দিতে চাই। আপনারা চান আমি বিএনপিতে ফিরে আসি। আপনাদের ইচ্ছার প্রাধান্য দিয়ে আমি বিএনপির জন্য কাজ করে যাব।’
মতবিনিময় সভায় নাজমুল হুদা বলেন, ‘আমার নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহারের উদারতার পরিচয় দিয়েছেন। দুই নেত্রীর এ ধরনের কর্মকাণ্ড দেশের জন্য মঙ্গলজনক। আমার নেত্রীর কর্মকাণ্ডে আমি খুশি। তাই আবার দলের জন্য কাজ করতে ফিরে এলাম।’
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু আমাদেরকে বলেন, ‘দলে ফেরার ঘোষণা দেয়া নাজমুল হুদার ব্যক্তিগত সিদ্ধান্ত। দল বিষয়টিকে কীভাবে নেবে সেটি দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। তবে দলের আনুগত্যের প্রতি তার অনীহা রয়েছে। এজন্যই তিনি দল থেকে বাদ পড়েছেন।’
প্রসঙ্গত, বিএনপির রাজনীতিতে প্রভাবশালী একাধিক ব্যক্তির কঠোর সমালোচনা, দুই নেত্রীকে এক টেবিলে বসার আহ্বান জানানো, বঙ্গবন্ধুকে জাতির পিতা সম্বোধনসহ আর বিভিন্ন বিষয়ে মন্তব্য করার প্রেক্ষাপটে ২০১০ সালের ২১ নভেম্বর বিএনপির গঠনতন্ত্রের ৫(ঘ) ধারা অনুযায়ী প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে ২০১১ সালের ১৯ মার্চ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর বিগত ২০১২ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানোর জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আলটিমেটাম দেন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।
আল্টিমেটাম অনুযায়ী খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে সংলাপের আমন্ত্রণ না জানানোর কারণে গত ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার নাজমুল হুদা।
উল্লেখ্য তার ফিরে আসার ব্যাপারে নিউজ৩৯ এপ্রিল মাসে আগাম সংবাদ দিয়েছিল।

বিষ খাইয়ে শ্বশুরকে হত্যার অভিযোগে পূত্রবধু আটক

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভাতের সাথে বিষ খাইয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গজারিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী সালমা আক্তার (৩৩)-এর সাথে স্থানীয় এক যুবকের পরকীয়া চলছিল। বিষয়টি শ্বশুর নোয়াব আলী ব্যাপারী (৭৫) প্রত্যক্ষ করে। জানাজানি হওয়ার ভয়ে শুক্রবার রাত আনুমানিক ৮টায় বৃদ্ধ শ্বশুর নোয়াব আলী ব্যাপারীকে দুধভাত খাওয়ায় পুত্রবধূ সালমা।

খাওয়ার কিছুক্ষণ পর শ্বশুর নোয়াব আলী অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন। ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়ারপথে রাত ১টায়  নোয়াব আলী মারা যান।

সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় পুত্রবধূ সালমাকে আটক করে।

নোয়াব আলীর বড় ছেলে ইয়ার উদ্দিনের স্ত্রী সম্পা আক্তার জানান, শ্বশুরের বমিতে ফুরাডানের গন্ধ পেলে সালমাকে জিজ্ঞাসা করলে সে দুধভাতের সাথে ফুরাডান খাওয়ানোর কথা স্বীকার করে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ আজ শনিবার ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমা শ্বশুরকে বিষপান করানোর কথা স্বীকার করেছে বলে জানান। এঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।

রানা প্লাজা দুর্ঘটনায় দোহারের দুই বোন নিখোঁজ

সাভারের রানা প্লাজা ধসে যাওয়া পর থেকে ওই ভবনে চাকরি করা দোহারের লতিফা আক্তার (২০) ও শরীফা আক্তার (১৭) নামে দুই সহোদর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

নিখোঁজ লতিফা ও শরীফা ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের লুৎফর রহমানের মেয়ে। তারা  রানা প্লাজার চতুর্থ তলার একটি  গার্মন্টসে চাকরি করতেন। ভবন ধসের দিন সকালে তাদের মায়ের সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি তাদের।

ভবন ধসের পর থেকে তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সর্বশেষ তারা দুই বোন গত ২৬ মার্চ একদিনের ছুটিতে গ্রামের  বাড়ি শিলাকোঠা গ্রামে এসেছিল।

এদিকে, এই খবর শোনার পর তার পরিবারের সবাই সাভার ছুটে যান। সেখানে অনেক খোঁজাখুজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায় নি। এই ঘটনার পর তাদের পরিবার ও এলাকায় শোক নেমে আসে।

ফাটলের কারনে জয়পাড়া হাই স্কুল মার্কেট পরিত্যাক্ত ঘোষণা

জয়পাড়া হাইস্কুল মার্কেটে ফাটল ধরার কারনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মার্কেটটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। সকাল সাড়ে দশটার দিকে শাপলা কম্পিউটার সেন্টারের মালিক মো. সাইদুল্লাহ প্রতিদিনের মত দোকান খোলেন। এসময় তিনি দোকানের দক্ষিন পশ্চিম কোনের দিকে ছাদের আস্তর ভেঙ্গে পড়ে থাকতে দেখেন এবং দোকানটি দুই তিন ইঞ্চি দেবে গেছে বলে তিনি ধারণা করেন।

ঘটনাটি তাৎক্ষনিক তিনি স্কুল কতৃপক্ষকে জানান। পরবর্তীতে উপজেলা চীফ ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে মার্কেটটি ব্যবহারের অনুপযোগী বলে মত দেন। এরপর দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মার্কেটটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

জনগনের জানমালের নিরাপত্তা বিধানের জন্য দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকল দোকান মালিকদের মার্কেটটি আজকের মধ্যে খালি করার নির্দেশ দেন। এ নিয়ে দোকান মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

আলিফ ডেন্টালের কর্ণধার ডা. কুদ্দুস নিউজ৩৯-কে বলেন, “একদিনের নোটিশে সবকিছু খালি করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা কতৃপক্ষের কাছে এই বিষয়ে সময়ের জন্য আবেদন করব।“

আল-আকছার চেয়ারম্যান রিমান্ডে

গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আল-আকছা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইদুর রহমান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার রাতে এক দিনের রিমান্ডে নিয়েছে ঢাকার নবাবগঞ্জ থানার পুলিশ।

নবাবগঞ্জ থানার পুলিশ জানায়, ঢাকা, দোহার, নবাবগঞ্জ, সাভার ও নরসিংদীতে আল-আকছা ইসলামী মাল্টিপারপাসের ১২টি শাখা রয়েছে। প্রতিষ্ঠানটি দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও এককালীন ভিত্তিতে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত। কিন্তু গত জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি গ্রাহকদের টাকা ফেরত না দিয়েই বিভিন্ন শাখা বন্ধ করে দেয়।

পুলিশ জানায়, সম্প্রতি তাকে ঢাকার ধামরাই উপজেলায় কোম্পানীর ইল্ট্রেনিক্স ফ্যাক্টিরী থেকে তাকে গ্রেফতার  করে পুলিশ। এরপর পল্টন, মিরপুরসহ দেশের কয়েকটি থানায়জিজ্ঞাসাবাদ শেষে গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার একটি আদালত থেকে নবাবগঞ্জ থানায় আনা হয় গ্রাহকরাজানান, কোন রকমের নোটিশ ছাড়া গত ১৪ জানুয়ারী নবাবগঞ্জ উপজেলা সদরের নবী উল্লাহভবনের ২য় তলার অফিস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

গ্রাহকদের অভিযোগ প্রতিষ্ঠানটির এ শাখা তাদের ৮ কোটিরও বেশি টাকা গচ্ছিত ছিল।অভিযোগ পেয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমানের উপস্থিতিতে  প্রতিষ্ঠানটির নবাবগঞ্জ শাখা অফিস ও নিচতলার একটি ইলেক্ট্রনিক্স শো-রুম সীলগালা করে পুলিশি আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার রাত ১০টায় তাঁকে আদালত থেকে নবাবগঞ্জ থানায় আনা হয়। বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জ থানায় সাইদুর বলেন, ‘সরকার নতুন সমবায় আইন করে শাখা কার্যালয় করার নিষেধ করায় আমরা আমাদের শাখাগুলো বন্ধ করে ঢাকায় প্রধান কার্যালয় থেকে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিই। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানের গ্রাহকেরা টাকার দাবিতে চাপ সৃষ্টি করলে আত্মগোপন করি।’

সাইদুর বলেন, ‘গ্রাহকদের আমানতের টাকা আমরা রিয়েল এস্টেট, ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছি। এখন টাকা চাইলেই তো দেওয়া সম্ভব নয়। আমরা সম্পদ বিক্রি করে পর্যায়ক্রমে গ্রাহকদের টাকা ফেরত দেব।’

এদিকে সাইদুরের রিমান্ডের খবর ছড়িয়ে পড়লে নবাবগঞ্জে আল-আকছার প্রতারিত গ্রাহকেরা শুক্রবার সকাল থেকে নবাবগঞ্জ থানার সামনে ভিড় করেন। তাঁরা সাইদুরসহ আল-আকছার অন্য কর্মকর্তাদের শাস্তি এবং তাঁদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান।

গ্রাহকেরা বলেন, আল-আকছার নবাবগঞ্জ শাখায় ২০০ গ্রাহকের প্রায় আট কোটি টাকা জমা আছে। কিন্তু প্রতিষ্ঠানটি টাকা ফেরত না দিয়ে কোনো নোটিশ ছাড়াই গত ১৪ জানুয়ারি নবাবগঞ্জ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

নবাবগঞ্জ থানার পুলিশ জানায়, সাইদুরকে গ্রেপ্তারের খবর পেয়ে ১০ এপ্রিল আবুল কালাম আজাদ নামের এক গ্রাহক তাঁর পৌনে চার লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সাইদুরসহ আল-আকছার সাত কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা ও নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, সাইদুরকে গ্রাহক আবুল কালাম আজাদের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে থানাহাজতে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন শাখার গ্রাহকদের প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলেও পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ৭৫ কোটি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।

অন্যদিকে, মো. সাইদুর রহমান খান (মন্টু)’র রিমোন্ডের খবর ছড়িয়ে পড়লে প্রতারিত গ্রাহকরা থানা ফটকে ভীড় করে এবং সত্যতা জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হবে।

দোহার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জামাদান শেষ: প্রার্থী ১০৩ জন

বৃহস্পতিবার ছিল দোহার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জামাদানের শেষ দিন। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা সমর্থকদের নিয়ে নিজ নিজ পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।

শেষ দিনে ১৫ মেয়র পদে, ৭৬ জন কাউন্সেলর ও ১৩ জন সংরক্ষিত কাউন্সেলর পদে মনোনয়নপত্র জমা দেন। ১ নম্বর ওয়ার্ডে ১২ জন, ২ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৯ জন, ৫ নম্বর ওয়ার্ডে ১০ জন, ৬ নম্বর ওয়ার্ডে ১০ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৯ নম্বর ওয়ার্ডে ৯ জন কাউন্সেলর পদপ্রার্থী রয়েছেন।

দীর্ঘ একযুগ পর ঢাকার দোহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মেয়র পদসহ ১০৩ পার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর দোহার পৌরসভা নির্বাচন হয়েছিল। মামলা জটিলতার কারণে একযুগের মধ্যে এ পৌরসভায় আর কোনো নির্বাচন হয় নি। গত ১৮ এপ্রিল নির্বাচন কমিশনার ২৫ মে নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ বিএনপি সমর্থিত ও উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক এবিএম কামাল হোসাইন জামায়াত সমর্থিত, বর্তমান মেয়র আব্দুর রহিম মিয়া, সাবেক জয়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান জহির উদ্দিন, বিএনপি নেতা নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, যুবলীগ নেতা মাসুদ মোল্লা প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করায় তুমুল প্রতিদন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রির্টানিং অফিসার মোহাম্মদ আল আমিন নিউজ৩৯-কে বলেন, “দীর্ঘদিন পর নির্বাচনের সুযোগ পেয়ে প্রার্থী ও ভোটারদের বেশ উৎফুল্ল দেখা গেছে। আর এই নির্বাচন উন্নয়নের গতিকে আরও বেগবান করবে।” প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।