নবাবগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ নবাবগঞ্জ উপজেলায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩২তম শাহাদত বার্ষিকী শোকর‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

বেলা সাড়ে ১১টায় বাহ্রা ইউনিয়ন পরিষদ মাঠে ঢাকা জেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান সমর্থক নেতা-কর্মীরা দোয়া মাহফিল করে। পরে পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেন, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ওসমানী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক আজমাদ হোসেন, ঢাকা জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তপন মোল্লা প্রমূখ।

বেলা ১২টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাকের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শোকর‌্যালী বের করে। পরে পার্টি অফিসে দোয়া মাহফিলে মিলিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইফতেখার আল ফারুকী, সহ-সভাপতি ওয়াহিদ মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খান প্রমূখ।

অপরদিকে, দোহার উপজেলা বিএনপির নাজমুল হুদার নেতৃত্বে ৮টি ইউনিয়নেমিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লার নেতৃত্বে আব্দুল মান্নান সমর্থক নেতা-কর্মীরা পৃথক কর্মসূচী পালন করে।

বক্সনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আসিফ শেখ, নিউজ৩৯ ♦  নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামের সবজি ব্যবসায়ী আকবর হোসেন (৩০) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় যুবলীগ নেতাসহ ১৭ জনের নামে মামলা করেছে নিহতের স্ত্রী পারুল বেগম।

হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মোক্তার হোসেন (৩৩) নামের একব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোক্তার হোসেন বক্সনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ মে নবাবগঞ্জ উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অলিউর রহমানের নেতৃত্বে ১৫/২০জন যুবক উপজেলার কোমরগঞ্জ হাট থেকে সবজি ব্যবসায়ী আকবর হোসেনকে তুলে নিয়ে যায়। পরে রাস্তায় ফেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আহত অবস্থায় প্রথমে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক থাকায় ঢাকা সোহরাওয়ার্দি হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকালে সে মারা যায়।

পারুল বেগম অভিযোগ করেন, সন্ত্রাসীরা তার স্বামীকে পরিকল্পিত ভাবে  হত্যার উদ্দেশ্যেই ধরে নিয়ে যায়। তিনি এসব সন্ত্রাসীদের বিচার দাবী করেন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ইসতিয়াক রাসেল বলেন, গ্রেফতারকৃত একজনকে জিজ্ঞাসাবাদের আবেদন করে গতকাল আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

‘দোহারে আমার চেয়ে বড় বিএনপি কে?’ নাজমুল হুদা

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যাঃ নাজমুল হুদা বলেছেন, দোহারে আমার চেয়ে বড় বিএনপি কে? যারা বলে আমি বিএনপি’র কেউ নয় তারাই মুলত বিএনপি’র কেউ না। তারা ঐক্যবদ্ধ বিএনপি চায় না। আমি দোহারবাসীকে আহবান জানাবো আপনারা এক সাথে আগামী দিনগুলোতে সরকারের আগ্রাসী আচরণের প্রতিবাদ করবেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩২ তম মৃত্যু বার্ষিকীতে গতকাল দোহারের বানাঘাটায় সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে বানাঘাটা বাজারে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন।

এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মিসহ ১৮ দলীয় জোটের শরিক জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, মহাজোট সরকারের অত্যাচার, নির্যাতন ও মিথ্যা মামলায় জনগণ অতিষ্ট হয়ে উঠেছে। তাই দেশের এই সংকটময় মূহুর্তে জনগণ এখন শান্তি ও সঠিক নেতৃত্ব দেখতে চায় উল্লেখ করে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে তারেক রহমানের নের্তৃত্বে আন্দোলন সংগ্রামে যোগ দেওয়ার আবহবান জানান।

এই সপ্তাহের ছবি: বাদল দিনেরও প্রথম কদম ফুল

Kadam, Dohar

এবার বর্ষাকাল আসার আগেই শুরু হয়ে গেছে টানা বর্ষণ। বর্ষার প্রতীক কদমফুলের ছবিটি ১৭ মে আরিয়াল বিল থেকে তুলেছেন আব্দুল্লাহ আবু সাঈদ।

জয়পাড়ায় তিন পর্ন ভিডিও’র মোবাইল ব্যবসায়ি আটক

আলী হায়দার ♦ বৃহস্পতিবার দুপুর দেড়টায় জয়পাড়া কিছুক্ষণ ছিনেমা হল রোড-এর মার্কেটে র‍্যাব -১১ অভিযান চালিয়ে  তিনজন মোবাইল পর্ণভিডিও  ব্যবসায়ীকে আটক করেছে। আটক তিন ব্যবসায়ী হলেন শাহীন মাহমুদ (শাহীন টেলিকম), মু. সেন্টু (পারভেজ মোবাইল এক্সোসিরিজ), মু. দিপু (দিপু টেলিকম)।

র‍্যাব-১১ নিউজ৩৯-কে জানায়, এদেরকে পুলিশের মাধ্যমে ৩ থেকে ৪ সপ্তাহ আগে নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই এ ধরনের আরও কয়েকজন ব্যবসায়ী নিয়মিত কিশোর ও যুবকদের নিকট পর্ণ ভিডিও ও ছবি বিক্রি করে আসছিল। র‍্যাবের এই অভিযানকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।

সৎ ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ…

শাহীন মোল্লা : ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে তার সৎভাই বাবুকে (২৩) গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি মুকসুদপুর মইত পাড়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন।

দোহার থানার ওসি আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া বাবুর মা বেঁচে নেই। গত সোমবার দিবাগত রাতে বাবু তাঁর বোনের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরদিন সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। এ ব্যাপারে শিশুটির মা দোহার থানায় মামলা করেন। দোহার থানা পুলিশ বুধবার সকালে তাকে গ্রেফতার করে।

নবাবগঞ্জে পশ্চিম অঞ্চলে গরু চুরির হিড়িক

আসিফ শেখ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পশ্চিম অঞ্চলে গরু চুরির হিড়ীক পড়েছে। উপজেলার পশ্চিম অঞ্চলে একটি সংবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, নয়নশ্রী ইউনিয়নে বিভিন্ন গ্রাম থেকে সংবদ্ধ চক্রটি গরুচুরি করে আসছে। এতে কৃষকদের মাঝেও দেখা দিয়েছে আতংক। গরুর মালিকরা এখন প্রতিদিন রাত জেগে গরু পাহারা দিচ্ছে। তার পরও প্রতিদিন গরু চুরি হচ্ছে। গরু চুরির ফলে কৃষকরা হয়ে যাচ্ছে নি:স্ব অসহায়।

উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা বাজারে গিয়ে স্থানীয়দের কাছে থেকে জানা যায়, সংবদ্ধ চক্রটি গরু চুরির উদ্দেশে প্রথমে গরু কেনার জন্য বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বাড়ি চিনে রাখে। রাত হলেই বেরিয়ে পরে গরু চুরি করতে। সংবদ্ধ চক্রটি এ এলাকা থেকে গরু চুরি করে মানিকগঞ্জ, সিংগাইর, সাভার, গাবতলি এলাকার গরু চোরদের কাছে বিক্রি করে। আবার মানিকগঞ্জ, সিংগাইর, সাভার, গাবতলি এলাকার চোরদের কাছে খেকে এই এলাকার চোরেরা গরু ক্রয় করে এখানে বিক্রি করে এ ভাবে চলছে রাতের অন্ধকারে তাদের ব্যবসা। ফলে অনেকে গরু চোরদের উৎপাতে গরুর পালন ছেড়ে দিয়েছে।

স্থানীয়রা জানান , গরু চোর দলের নেতা হলেন আদেল বেপারী (৪০) তার জন্মস্থান মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নে। আদেল বেপারীর পিতার নাম জানা যায়নি। আদেল বেপারী তার নিজ গ্রামে কয়েক বার গরুচুরি করে ধরা খেয়েছে। বিচারও হয়েছে অনেক বার অবশেষে গ্রামবাসী তাকে গ্রামছাড়া করে। আদেল বেপারী গ্রামছাড়া হয়ে বসবাস শুরু করে নবাবগঞ্জ উপজেলার নয়নশী ইউনিয়নের উত্তর বাহ্রা গ্রামে । সে খানেও গরু চুরি করে ধরা খাওয়ার পর গ্রামবাসি তাকে তাড়িয়ে দেয়। সর্বশেষে আদেল বেপারী উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা গ্রামে বসবার করতে থাকে। বর্তমানে আদেল বেপারী পলাতক আছে।

স্থানীয় ক্ষতিগ্রস্থরা আরো জানায়, গরু চোর দলের অন্য অন্য সদ্যসরা হলেন আল আমীন কসাই (২৬) পিতা: মবজেল কসাই গ্রাম: মহেশপুর, মো: জুয়েল (২৫) পিতা: আয়নাল আলী গ্রাম: সোনাতলা, মো: সুলতান (৩৫) গ্রাম: জামসা সোনাতলার আনছের বেপারীর মেয়ের জামায়, শুকুর আলী (৪০) পিতা: মুনা বেপারী গ্রাম: সোনাতলা, সমসের আলী (৪৫) পিতা: হামেদ আলী গ্রাম: মহেশপুর।

২২ মে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের আক্কাছ আলী মহেশপুর গ্রামের সমসের আলীর কাছে একটি ষাঁড় বর্গা দেয়। আক্কাছ আলীর বর্গা ষাঁড়টি চুরি করতে সাহায্য করেন সমসের আলী। এতে গরুর মালিক আক্কাছ আলী বিষয়টি জানতে পেরে ঐ রাতেই গরুসহ হাতেনাতে ধরেন আমীন কসাই ও সমসের আলীকে। আল আমীন কসাই ও সমসের আলী ধরা পরায় আদেল ব্যাপারি পালিয়ে যায়। গ্রাম্য সালিশিতে এরা দু’জন জামিনে আছেন। আদেল বেপারীকে খুজে বের করে তাদের বিচার করা হবে।

উল্লেখ গত ৪ মাসের মধ্যে বিষমপুর গ্রামের সামছুল দেওয়ানের ২টি গরু, বিষমপুর গ্রামের হাসান দেওয়ানের ২টি গরু, হাগ্রাদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক লতিফ মাষ্টারের ১টি গরু, সোনাতলা গ্রামের নাছের বেপারি ১টি গরু, বিষমপুরের উজ্জল শেখ ১টি গরু, সোনাতলা গ্রামের আবতাব আলী ১টি গরু, মৃত আব্দুল হক এর স্ত্রী ১টি গরু চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে ।

ক্ষতিগ্রস্থ কৃষকদের দ্বাবি প্রশাসন যদি এ ব্যাপারে কোন প্রদক্ষেপ গ্রহন করে তাহলে কৃষকেরা গরু চোরের হাত থেকে রক্ষা পাবে।

দোহারের ইউসুফপুরে গৃহবধুকে মধ্যযুগীয় নির্যাতন

নিউজ৩৯ : দোহারে সোমবার সামেলা আক্তার (৪০) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার ইউসুফপুর গ্রামের সিদ্দিক খানের স্ত্রী। সামেলা আক্তারের মেয়ে কাঠাখালী প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী সোমা আক্তরের সাথে একই গ্রামের ফজল গাছির সাথে অনৈতিক কাজের সাথে জড়িত এমন অভিযোগে এনে এই নির্যাতন করা হয়।

নির্যাতনের শিকার সামেলা বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের সোমবার বেলা ১১ টার দিকে মতলেব মাদবর ও তার ছেলে আমার কাছে এসে বলে তোর মেয়েকে দিয়ে খারাপ কাজ করাস এ কথা বলে উপূর্যপুরি কিল ঘুষি মেরে গুরুতর আহত করে ও শিকল দিয়ে বেঁধে এলোপাথারীভাবে লাঠি দিয়ে আঘাত করে এবং জোরপূর্বকভাবে মাথার চুল কেটে দেয়। পরে স্থানীয়দের নিকট খবর পেয়ে বিকালে হাত পা বাঁধা অবস্থায় দোহার থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে সামেলা আক্তার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ব্যাপারে সামেলা আক্তারের স্বামী দোহার থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দোহার থানা কর্তৃপক্ষ জানান, থানায় মামলা হয়েছে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নবাবগঞ্জের ব্রাক্ষাণখালী স্টিল সেতুর মেরামত কাজ সম্পূর্ণ

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ প্রায় একযুগ আগে মেয়াদ উত্তীর্ণ নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালীর বেইলি স্টিল ব্রিজের মেরামতের কাজ সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক নিয়মে বেইলী ব্রিজের কার্যক্ষমতা ১০ থেকে ১২ বছর হলেও জরাজীর্ণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন ধারণ ক্ষমতার বাইরে শতশত মালবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহণ চরম ঝুঁকি নিয়ে চলাচল করে।

ঝুলুন্ত ব্রিজটির মাঝখানে কোন পিলার নেই, দু পাশের পিলারের উপর ভর করেই ব্রিজটি নির্মান করা হয়েছিল। ব্রিজের ট্রাম জাম (পাটাতন) উচুনিচু ছিল এবং নাটবল্টু এতই জরাজীর্ণ, যানবাহন চলাচলে ব্রিজ ঝক্কর ঝক্কর শব্দে কেঁপে ওঠত। এতে যে কোন মুহূর্তে ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা।

১৮ মে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মেরামতের কাজ শুরু করা হয়। ব্রিজটি ভেঙ্গে পড়লে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। মেরামত কারী এক শ্রমিক জানান “এখন ব্রিজ ঠিক আছে। ব্রিজের মাঝখানে ট্রাম জাম (পাটাতন) উচুনিচু ছিল আমরা এগুলো সমান করে দিয়েছি।”

গত ১৩ জানুয়ারী এ ব্রিজটি নিয়ে নিউজ৩৯ এ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। রিপোর্ট প্রকাশের ৪ মাস পর ব্রিজটি মেরামত করা হলো।

ভারী বর্ষণে দোহার-নবাবগঞ্জের ২০ হাজার হেক্টর কৃষি জমি প্লাবিত

মহাসেনের পরবর্তী বৈরি আবহাওয়ায় কারণে আগেভাগেই কেটে আনা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। অন্যদিকে ধানকাটার লোকের অভাবে উৎপাদিত ধান ঘরে তুলে আনা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তারা। ভারী বর্ষণে পানির নীচে তলিয়ে গেছে আড়িয়াল বিলের সব ধান।
গত সাতদিনের টানা বর্ষণে ঢাকার দোহার-নবাবগঞ্জের কৃষি জমি প্লাবিত হয়ে প্রায় ২০ হাজার হেক্টর জমির ইরি ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক দরিদ্র কৃষকদের মধ্যে আহাজারি শুরু হয়েছে।

শুক্রবার ও শনিবার সরেজমিন গিয়ে জানা গেছে, গত ৭ দিনের টানা বর্ষণে নবাবগঞ্জ উপজেলার আড়িয়ল বিলসহ চুড়াইন ইউনিয়নের কালাইমারা মদনখালী, গোবিন্দপুর বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়া, দিঘীরপাড় এলাকাকৈলাইল, মাইলাইল, শোল্লা, গালিমপুর, কিরিঞ্চি, হরিশ্কুল, নলগোড়া, শৈল্লা এবং দোহার উপজেলার কাটাখালী,পল্লীবাজার, জালালচর। আরীয়াল বিলসহ নারীশা চর বিলাশপুর, রাণীপুর, চর মাহমুদপুর, চর পুরুলিয়া, পুরুলিয়াসহ, বিস্তীর্ণ এলাকার প্রায় ২০ হাজার হেক্টর জমির পাকা ইরি ধান পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় সহস্রাধিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষকরা জানায়, দমকা হাওয়ায় ধানের শীষ নুয়ে পড়েছে। নুয়ে পড়া ধান ঘরে তোলার জন্য তিন বেলা খাওয়ার সঙ্গে ৫শ টাকা দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। কৃষক পরিবারগুলো আত্মীয়-পরিজন নিয়ে খড়কুটু তুলে আনার চেষ্টা করছেন। অন্যদিকে, জমি থেকে কেঁটে আনা ধান বৃষ্টিতে ভিজে অঙ্কুরিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে।

পদ্মা কলেজের পিয়ন শামসু মিয়া নিউজ৩৯কে জানান, আমি ৮ মণ ধান তাড়াতাড়ি তুইলা আনছিলাম। কিন্তু তাও শুকাইতে দিলে বৃষ্টিতে ভিজে গেছে আর বাকি সব পানির তলে। তিনি আরও জানান, এবার চাষাবাদের ৬৪ হাজার টাকার পুরাটাই তার শেষ হয়ে গেছে।

গালিমপুর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুস, দু:খ বলেন, “এ বিষয়ে সরকার কি ক্ষতিপূরণ দিব। সারা বছর এখন কি খামু?”

আড়িয়াল বিলে নিয়মিত এক দিনমজুর বলেন, “৫ দিন ধরে কাম নাই। নিজের তো জান বলতে কিছু আছে। পানির নীচে ৫শ’ কেন ১ হাজার টাকা দিলেও ধান কাটুম না।”

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ড. সিদ্দীকি জানান, এ বছর ১০ হাজার ৩৫০ হেক্টর জমিতে ধান রোপন করেছে কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে। ক্ষয়ক্ষতির প্রতিবেদন পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।