নবাবগঞ্জের খেলারাম দাতার কোঠা পরিষ্কার-পরিচ্ছন্ন করল রেড ক্রিসেন্ট টিম

প্রতিবেদক, মো.ফয়সালঃ ৯ এপ্রিল, ২০২৫, বুধবার, নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট টিম ঐতিহাসিক খেলারাম দাতার কোঠা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। সামাজিক মাধ্যমে জানা যায়, এই স্থাপনাটি বর্তমানে পরিত্যক্ত এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অবহেলার কারণে এটি রক্ষণাবেক্ষণহীন হয়ে পড়েছে।

২০২৫ সালের ৫ই আগস্ট এক হামলায় ভবনের তালা ভেঙে যায়, এরপর থেকে এটি অবহেলিত। রেড ক্রিসেন্ট টিম আজ ঐতিহাসিক এই স্থানটি পরিষ্কার করে তার রক্ষণাবেক্ষণের গুরুত্ব তুলে ধরেছে। স্থানীয়দের কাছে প্রশাসনের দাবি, দ্রুত ভবনটির সংরক্ষণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হোক, এবং দর্শনার্থীদের ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

দোহারে জাটকা সংরক্ষণ সপ্তাহ, শ্লোগান ‘জাটকা ধরা বন্ধ হলে  ইলিশ তুলবে জাল ভরে’

প্রতিবেদক, মাকসুমুল মুকিমঃ দোহার উপজেলার মৈনট ঘাটে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ, যা ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিসের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। প্রথম দিনটি ছিল বিশেষ গুরুত্বপূর্ন, যখন বিকেল সাড়ে ১০টায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের সাপ্তাহিক কার্যক্রমের মূল শ্লোগান ছিল ‘জাটকা ধরা বন্ধ হলে ইলিশ তুলবে জাল ভরে’। অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তিনি উপস্থিত জনতাকে ইলিশ মাছের সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) ড. আয়েশা সিদ্দিকা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “ইলিশ আমাদের জাতীয় মাছ, এবং ১০ ইঞ্চির নিচে মাছগুলোকে জাটকা বলা হয়। আমরা ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা ধরাকে নিষিদ্ধ করেছি।” তিনি আরও বলেন, “জাতীয় মাছের সংরক্ষণে প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে, এবং এটি সবার সচেতনতার ওপর নির্ভর করে।”

এছাড়া, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে দোহার ও নবাবগঞ্জসহ ঢাকা জেলার প্রতিটি হাট-বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। অনুষ্ঠানে দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী সঞ্চালনা করেন, এবং দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল আলম ও কেরানীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।

এদিনের কার্যক্রমের মধ্যে ছিল পুরস্কার বিতরণ এবং একটি বর্ণাঢ্য নৌ-র‌্যালী। এতে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ ঢাকার দোহারের শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, বার্ষিক মিলাদ মাহফিল ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী আবুল বাশারের সভাপতিত্বে মঙ্গলবার (৮ই এপ্রিল) সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তিত্ব, বিদ্যালয়রে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ আরও অনেকে।

দোহারের নয়াবাড়ীতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় নয়াবাড়ী ইউনিয়নের জয়নালের মোড় থেকে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাহ্রা ঘাটে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী, ধর্মীয় ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে গাজার নিরীহ নারী-শিশুদের ওপর চলমান হামলার তীব্র নিন্দা জানান এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি তোলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে গণহত্যা অব্যাহত থাকলেও বিশ্ব সম্প্রদায় আজও নিরব। এই বর্বরতা বন্ধে জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।” তারা অবিলম্বে হামলা বন্ধ করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

বিক্ষোভ শেষে প্রতীকীভাবে ইসরায়েলের পতাকা পোড়ানো হয়, যা বিক্ষোভকারীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।

গাজায় বিশুদ্ধ পানির সঙ্কট আরও তীব্র

ডেস্ক রিপোর্টঃ ইসরায়েলি কোম্পানি মেকোরোট গাজা উপত্যকার পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে, ফলে অবরুদ্ধ উপত্যকার মোট পানি সরবরাহের প্রায় ৭০ শতাংশ বন্ধ হয়ে গেছে। গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানান, পূর্ব গাজার শুজাইয়া এলাকায় প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে বর্তমানে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে।

তিনি জানান, এই বিঘ্নের কারণ এখনও নিশ্চিত নয়, তবে এটি ইসরায়েলি বোমাবর্ষণ বা রাজনৈতিক সিদ্ধান্ত—দুইয়ের কোনো একটি হতে পারে। পানির প্রবাহ দ্রুত পুনঃচালু না হলে গাজা মারাত্মক পানিসংকটের মুখোমুখি হবে।

বছরের পর বছর ধরে চলা অবরোধ, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো ও পানিদূষণের কারণে গাজা ইতোমধ্যেই বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে গাজায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। মার্চে যুদ্ধবিরতির পর আবারও শুরু হয়েছে সামরিক অভিযান, যার প্রেক্ষিতে এই নতুন সংকট দেখা দিয়েছে।

মানব পাচার ও জাল ভিসার অভিযোগে দোহারে সংবাদ সম্মেলন

মাহমুদুল হাসান সুমন : মানব পাচার ও জাল ভিসার অভিযোগে ঢাকা জেলার দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলার মইতপাড়া গ্রামের  সিমা আক্তার (৪৫) মঙ্গলবার দুপুরে দোহার প্রেসক্লাবে উপস্থিত হয়ে একই গ্রামের শেখ রাসেল (৪২) এর বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

ভুক্তভোগী সিমা আক্তার জানান,”আমার ছেলে সোহানকে ও এক ভাইয়ের ছেলে ঝিল্লুকে বিদেশে পাঠানোর জন্য  শেখ রাসেল ও তার স্ত্রী ইতির কাছে ২০২৩ ও ২০২৪ সালে আমরা পাচ লক্ষ টাকা দেই।রাসেল আমার ছেলের জন্য ভিসাও দেয়। চেক করে জানতে পারি ভিসাটি জাল। তার স্ত্রী ইতির কাছে এ ব্যাপারে অভিযোগ করলে তিনিও আমাদের সহযোগিতা না করে উলটো হুমকি ধামকি দিচ্ছেন ও স্থানীয় বিএনপি নেতার নাম দিয়ে আমাদের ভয়-ভীতি দেখাচ্ছেন।”

তিনি আরো জানান “বিভিন্ন স্থান থেকে ধারদেনা করে এ টাকা আমি রাসেলকে দেই ও এখনো সেই দেনার কিস্তির টাকা আমাকে পরিশোধ করতে হচ্ছে। এই টাকা ফেরত পাওয়ার জন্য আমি চলতি বছরের মার্চের ১৭ তারিখে থানায় একটি অভিযোগ দায়ের করি।কিন্তু কোনো সুরাহা হয়নি”।

ভুক্তভোগী আরো জানান,আমার ধারদেনা করে রাসেলকে দেওয়া  টাকা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় ফেরত চাই।

খোদার অভিশাপ : ফিলিস্তিনের জন্য প্রতিবাদী কবিতা

খোদার অভিশাপ
কবি: ডা রামকৃষ্ণ সাহা

হে নীল নদ! আর কতকাল নীরবে বইবে!
ফিলিস্তিনের করুণ কান্না মুখ বুজে সইবে?
মুসা নবীকে ঠাঁই দিয়েছিলে যে শীতল বুকে
সে বুক কেন কাঁদছে না ফিলিস্তিনের শোকে?

হে ফোরাত নদী! হে জান্নাতের পবিত্র জলধি
গাযার আর্তনাদ কি পৌঁছেনি তব কর্ণ অবধি?
কেয়ামত কী আসন্ন! এ ধ্বংসযজ্ঞ তার লক্ষণ!
শীঘ্র তোমার বুকে সোনার পাহাড় হবে উন্মোচন?

হে জয়হান! হে সিহান! জান্নাতের স্রোতধারা
গাযা, রাফার রক্তস্রোতে হওনি কী দিশাহারা?
শিরহীন, মস্তকহীন শিশুর নিথর দেহের ভার
অসহায় পিতা-মাতার কাঁধ কত বইবে আর?

হে জান্নাতের অমৃত নদী! হে কাউসার নহর!
জানি, তোমার জান্নাতি শারাব অতি মনোহর
আমার ক্ষুধার্ত, পিপাসার্ত ফিলিস্তিনি শহীদদের
তোমার সুগন্ধময় সুমিষ্ট স্বাদে তৃপ্ত করো ওদের।

কাঁদো নীল! কাঁদো ফোরাত, জয়হান, সিহান
কাঁদো সিন্ধু, কাবেরী, ভলগা, গঙ্গা, আমাজান
কাঁদো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, ইছামতী
কাঁদো হোয়াংহো, ইয়াংসি, মিসিসিপি, ইরাবতী।

জাগাও কোটি মানুষের মানবতার আবাবিল
জাগাও গাযা আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব নিখিল
ফোঁটাও ফিলিস্তিনের বুকে চির শান্তির গোলাপ
খুনিদের বুকে নেমে আসুক খোদার অভিশাপ।

৪ আগস্টে হামলাকারী ইমন ইয়াবাসহ গ্রেফতার

শরিফ হাসান: মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় র‍্যাব-১০ এর একটি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে ইমন মোল্লা। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট দোহারে ছাত্র-জনতার ওপর হামলার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

গতকাল শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-১০ মুন্সীগঞ্জের শ্রীনগর থানার কামারগাঁও বাজার এলাকায় একটি গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইমন মোল্লাকে আটক করে। তার কাছ থেকে ৫১,০০০ টাকা এবং ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ইমন মোল্লা (২৪) ওরফে রাফসান আহমেদ, পিতা লুৎফর রহমান, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বৈচারপাড় গ্রামের বাসিন্দা। তাকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। জানা গেছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।

এছাড়াও, ইমন মোল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গিয়েছে। ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার সময় তার সুস্পষ্ট ছবি রয়েছে।

র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইমনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইছামতি নদী বাঁচাতে নবাবগঞ্জে কচুরিপানা অপসারণ ও সবজি চাষ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক এমআরএম : মৃতপ্রায় ইছামতি নদীকে বাঁচাতে এবং নদীর ব্যবহারযোগ্যতা ফিরিয়ে আনতে ঢাকার নবাবগঞ্জে কচুরিপানা অপসারণ ও সবজি চাষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নয়নশ্রী ইউনিয়নের রামনগর ও খানেপুর পয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন হয়।

এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি বাস্তবায়ন করছে তিনটি সংগঠন—ইছামতি নদীর কচুরিপানা অপসারণ কমিটি, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম এবং নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি।

কর্মসূচির সমন্বয়ক রাশিম মোল্লা জানান, “প্রাথমিকভাবে ইছামতি নদীর ১০টি পয়েন্টে কচুরিপানা অপসারণ করা হবে। পয়েন্টগুলো হলো তুইতাল, দাউদপুর, বারুয়াখালী, শিকাড়িপাড়া, জয় কৃষ্ণপুর, কার্তিকপুর, বান্দুরা, দেওতলা ও গোল্লা। এই উদ্যোগ নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধ থেকে বান্দুরা এবং দোহার উপজেলার কার্তিকপুর পর্যন্ত বিস্তৃত থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা জানি পুরো নদী পরিষ্কার করা আমাদের একার পক্ষে সম্ভব নয়। তবে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করছি। সম্মিলিতভাবে কাজ করলে এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ জন্য আমরা নদীপাড়ের জনগণ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার। তিনি বলেন, “নদী আমাদের প্রকৃতির আশীর্বাদ। ইছামতি নদীকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আজকের এই উদ্যোগ আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দেয়। শুধু অপসারণ নয়, কচুরিপানা ব্যবহার করে সবজি চাষের মতো উদ্ভাবনী ভাবনারও পরিচয় দিয়েছেন উদ্যোক্তারা। স্থানীয় প্রশাসনের উচিত এই কার্যক্রমে সহায়তা প্রদান করা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মোহাম্মদ মোহাম্মদ আলম, দৈনিক আগামীর সময় সম্পাদক মো. আসাদুজ্জামান, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, নবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আজহারুল হক, নয়নশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শারজাহান মোল্লা, একুশে ব্লাড ডোনার্স ক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, সমাজকর্মী সুহেল রানা, রফিক মেম্বারসহ আরও অনেকে।

পাসপোর্ট শক্তিতে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ, অবস্থান ১৮১তম

ডেস্ক নিউজ: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট প্রকাশিত ২০২৫ সালের হালনাগাদ সূচকে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম, যা গত বছর ছিল ১৮২তম।

এ বছর বাংলাদেশের স্কোর ৩৮, এবং দেশের পাসপোর্টধারীরা ৫০টি দেশে ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন।

তালিকায় শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড (স্কোর ১০৯), যার পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসামুক্ত সুবিধা পান।

বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে নেপাল (১৮০তম, স্কোর ৩৯.৫), আর নিচে মায়ানমার (১৮২তম, স্কোর ৩৭.৫)। ভারতের অবস্থান ১৪৮তম এবং পাকিস্তান রয়েছে ১৯৫তম স্থানে।

বিশ্বজুড়ে ভ্রমণ, নাগরিক অধিকার ও কর সুবিধার ভিত্তিতে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে নোমাড ক্যাপিটালিস্ট।