শরিফ হাসান: মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় র্যাব-১০ এর একটি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে ইমন মোল্লা। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট দোহারে ছাত্র-জনতার ওপর হামলার সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
গতকাল শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-১০ মুন্সীগঞ্জের শ্রীনগর থানার কামারগাঁও বাজার এলাকায় একটি গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইমন মোল্লাকে আটক করে। তার কাছ থেকে ৫১,০০০ টাকা এবং ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ইমন মোল্লা (২৪) ওরফে রাফসান আহমেদ, পিতা লুৎফর রহমান, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বৈচারপাড় গ্রামের বাসিন্দা। তাকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। জানা গেছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।
এছাড়াও, ইমন মোল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গিয়েছে। ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার সময় তার সুস্পষ্ট ছবি রয়েছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইমনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
