ডেস্ক রিপোর্টঃ ইসরায়েলি কোম্পানি মেকোরোট গাজা উপত্যকার পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে, ফলে অবরুদ্ধ উপত্যকার মোট পানি সরবরাহের প্রায় ৭০ শতাংশ বন্ধ হয়ে গেছে। গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানান, পূর্ব গাজার শুজাইয়া এলাকায় প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে বর্তমানে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান চালাচ্ছে।
তিনি জানান, এই বিঘ্নের কারণ এখনও নিশ্চিত নয়, তবে এটি ইসরায়েলি বোমাবর্ষণ বা রাজনৈতিক সিদ্ধান্ত—দুইয়ের কোনো একটি হতে পারে। পানির প্রবাহ দ্রুত পুনঃচালু না হলে গাজা মারাত্মক পানিসংকটের মুখোমুখি হবে।
বছরের পর বছর ধরে চলা অবরোধ, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো ও পানিদূষণের কারণে গাজা ইতোমধ্যেই বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে গাজায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। মার্চে যুদ্ধবিরতির পর আবারও শুরু হয়েছে সামরিক অভিযান, যার প্রেক্ষিতে এই নতুন সংকট দেখা দিয়েছে।
