দোহার উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে উদ্ধার হলো ৭ বছরের মাদরাসাছাত্রী মরিয়মের নিথর দেহ। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় বাড়ির পাশের খালে পানিতে ভাসমান অবস্থায় মরিয়মকে দেখতে পান স্থানীয়রা।
মরিয়ম মধুরচর গ্রামের আদিলউদ্দিন বেপারি ও শাহিদা দম্পতির একমাত্র সন্তান। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১১ আগস্ট) বিকেলে প্রতিবেশী এক শিশুর সাথে খালে গোসল করতে গিয়েছিল মরিয়ম। গোসল শেষে প্রতিবেশী শিশু বাড়ি ফিরলেও মরিয়ম আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন তার মা দোহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
দুই দিন পর বুধবার সকালে বাড়ির পাশের খালে মরিয়মের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা অসহায় হয়ে পড়েছেন, চলছে আহাজারি আর বেদনার মাতম।
