সংসদীয় আসন ১৭৪কে ঢাকা-১ (দোহার) হিসেবে পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন যুক্তি তুলে ধরে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে দোহার সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটি।
রোববার বিকাল সাড়ে ৪টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ আবেদন জমা দেওয়া হয়। এর আগে শনিবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত দোহারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে কমিটি। আবেদনের সঙ্গে এই গণস্বাক্ষরের তালিকাও জমা দেওয়া হয়।
কমিটি সূত্রে জানা গেছে, ঢাকার নিকটবর্তী দোহার উপজেলা নিয়ে ১৯৭৩ সালে ঢাকা-১ আসন গঠিত হয় এবং তা ৩৫ বছর ধরে বহাল থাকে। ২০০৮ সালের নির্বাচনে ঢাকা-১ (দোহার) ও ঢাকা-২ (নবাবগঞ্জ) একীভূত করে একটি আসন করা হয়। গত ৫ আগস্টের পর থেকে দোহার ও নবাবগঞ্জকে পৃথক আসনে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।
দোহারের বাসিন্দা আইনজীবী মনির হোসেন বলেন, দুটি আসন একীভূত হওয়ার পর গত দেড় যুগে দোহার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তিনি দ্রুত দোহারকে ঢাকা-১ এবং নবাবগঞ্জকে ঢাকা-২ আসন হিসেবে পুনর্বহাল করে উন্নয়নের গতি বাড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, ভোটার সংখ্যা কম থাকার অজুহাতে একীভূত করা হলেও বর্তমানে দোহারে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩১৭ জন, যা একটি সংসদীয় আসনের জন্য যথেষ্ট।
রোববার বিকালে দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির পক্ষ থেকে গণস্বাক্ষরসহ আবেদন জমা দেন কয়েকজন প্রতিনিধি। একই সঙ্গে একই দাবিতে পৃথকভাবে আবেদন করেন দোহারের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কেএম খালেদুজ্জামান এবং দোহার জয়পাড়া কলেজের সাবেক জিএস মো. ফজলুল হক।
