জয়কৃষ্ণপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত প্রায় ২০ জন

0

মোহাম্মদ আল-আমিন, নিউজ ৩৯ ♦ জয়কৃষ্ণপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন গ্রামের প্রায় ২০ জন আহত এবং অন্যান্য একটি গ্রামের ৬ জন আহত হয়েছে। এ রক্তক্ষয়ী সংঘর্ষটি ঘটেছে শুক্রবার বিকালে ঘোষাইল বাজারে।

বালেঙ্গা গ্রামের সুমন(২৪) একজন পেশাদার মোটর সাইকেল চালক। প্রতক্ষ্যদর্শীসূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ঘোষাইল গ্রামের আজিজুল তার বোনদের নিয়ে ঘুরতে বের হলে সুমন তার মোটর সাইকেল দিয়ে তাদেরকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এতে আজিজুলের বোনেরা রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।

এর ফলে আজিজুল ও সুমনের মাঝে কথা কাটাকাটি হয়। এতে সুমন ক্ষিপ্ত হয়ে আজিজুলকে মারার জন্য তার সঙ্গীদের নিয়ে সন্ধ্যায় ঘোষাইল বাজারে আসে এবং আজিজুলের উপর হামলা চালায়। হামলার সময় সুমনের দলে বিভিন্ন গ্রামের ৫০ থেকে ৬০ জন লোক ছিল। সুমনের দল ঘোষাইল বাজারে আসলে আগে থেকে উৎ পেতে থাকা আজিজুলের বন্ধু-সঙ্গীরা সুমনের দলের উপর হামলা চালায়।

এসময় দুই দলের সংঘর্ষে রাজাপুর গ্রামের ইসমাইল, নিজাম, হাসান, মানিক, বালেঙ্গা গ্রামের শামীম, তানভীর সহ ঘোষাইল, কঠুরী ও সুন্দরীপাড়া গ্রামের প্রায় ২০ জন আহত হয়। ইসমাইল তানভীরসহ গুরুতর আহত ৬ জনকে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসময় অন্যরা এই সংঘর্ষ ফেরাতে এলে আরো কয়েকজন আহত হন। তাদেরকেও নবাবগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স ও দোহার উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

থানায় যোগাযোগ করলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এ ব্যাপারে তারা এখনো কোন অভিযোগ পাননি। এ ঘটনার পর এলাকা উত্তোজনা বিরাজ করছে।

অবৈধভাবে ভারতে প্রবেশকালে নবাবগঞ্জের ৫ জন আটক

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে বিকেলে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশু সহ ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৫ জন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন শোল্লা গ্রামের মৃত রুপচাঁন মন্ডলের স্ত্রী বিনোদীনি মন্ডল (৫৮), একই গ্রামের সন্তোষ সরকারের স্ত্রী মিননী সরকার (৬০), নদিরাম মন্ডলের স্ত্রী জোসনা মন্ডল (৩০) এবং জেসনা মন্ডলের দুই সন্তান শিব্রা মন্ডল (১০) ও নবজীত মন্ডল (৬)।

এছাড়া টাংগাইল জেলার কোদালিয়া গ্রামের আরও দুইজন আটক হন, তারা হলেন মৃত হীরা লাল ঘোষের পুত্র রাধে শ্যাম ঘোষ(৫০), রাধে শ্যম ঘোষের পুত্র সঞ্জিত ঘোষ(৯)।

জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদি হাসান জানান, শুক্রবার বিকেলে পাঁচবিবি’র কয়া সীমান্ত দিয়ে আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করে।

জয়পাড়ায় গুণীজন সংবর্ধনায় নায়ক আলমগীর

0

মো. মামুন, নিউজ ৩৯ ♦ “টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভূমিদখল ও সন্ত্রাসীদের জন্য আওয়ামী লীগ নয়। এগুলো যারা করবে, তাদের স্থান হবে জেলখানা।“  শুক্রবার সন্ধ্যায় দোহার উপজেলায় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মান্নান খান এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মান্নান খান আরও বলেন, “জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তাই জনগণের স্বার্থবিরোধী কাজ করলে ভবিষ্যতে আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে হবে।“

দোহার নবাবগঞ্জের শিক্ষা প্রসঙ্গে বলেন তার ও তার দলের প্রচেষ্টায় সারাদেশে শিক্ষার মান অনেক উন্নত হয়েছে, এরই ধারাবাহিকতায় এবছর দোহার-নবাবগঞ্জে এএসসিতে পাশের হার ছিল ৯৯ শাতাংশ ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার ছিল ৯৭.৫ শতাংশ।

বিদ্যুৎ প্রসঙ্গে বলেন নবাবগঞ্জের কৈলাইলে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেলে দোহার-নবাবগঞ্জে বিদ্যুতের সমস্যা আর থাকবে না।

তিনি বক্তব্য তাঁর আত্মীয়স্বজনদের ইঙ্গিত করে বলেন, “আমার নাম বিক্রি করে কেউ যদি অবৈধ সুবিধা নিতে চায়, তাকে চিহ্নিত করে পুলিশে দিন।“

গুনিজন সংবর্ধনা

বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী এ্যাড. আ. মান্নান খান

যুবলীগের সভাপতি ও সংসদ সদস্য মীর্জা আজম বলেন “মহাজোট সরকারকে বিপদে ফেলতে ও যুদ্ধাপরাধীদের বিচারকার্য বাধাগ্রস্ত করতে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও মুক্তচিন্তার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।“

অনুষ্ঠানে বিশেষ অতিথি চিত্রনায়ক আলমগীর বলেন, “দেশে প্রত্যেক সরকারই ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করে। সরকারগুলোর উচিত রাজাকারের তালিকা তৈরি করে তাদের চিহ্নিত করা। কিন্তু সেসময় বাংলাদেশে যত নাগরিক ছিল সবাই কোনো না কোনোভাবে মুক্তিযোদ্ধা। তাই সরকারের উচিত রাজাকারের তালিকা তৈরী করা।“

গুনিজন সংবর্ধনা

বক্তব্য রাখছেন অভিনেতা আলমগীর

অনুষ্ঠানে চারজন গুণীকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত ব্যক্তিরা হলেন জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালেয়র প্রাক্তন শিক্ষক সুধীর চন্দ্র রায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, সাহিদা আক্তার ও বিশিষ্ট গীতিকার হাসান মতিউর রহমান।

গুনিজন সংবর্ধনা

যুবলীগের আহ্বায়ক রাহীম কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, মেজর জেনারেল (অব.) ডা. এ আর খান, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন আঁখি আলমগীর, পলাশসহ অন্যান্য শিল্পীরা, ও নৃত্য পরিবেশন করে ঈগল গ্রুপ।

গোবিন্দপুরে বৃদ্ধকে কুপিয়ে জখম

0

নিউজ ৩৯ ♦ নবাবগঞ্জের গোবিন্দপুর এলাকায় এক বৃদ্ধকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার চুড়াইন ইউনিয়নের আলাউদ্দিন নামের এক বৃদ্ধ কাজ শেষে বাড়ি ফেরার পথে গোবিন্দপুর চৌড়াহাটি এলাকায় আসলে তার পথরোধ করে ৫-৬ জন সন্ত্রাসী। কিছু বলে উঠার আগেই সন্ত্রাসীরা ওই বৃদ্ধকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত মনে করে চলে যায়। এর কিছুকক্ষণ পর পথচারীরা রাস্তা থেকে গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

জয়পাড়ায় বিএনপি কর্মীদের উপর পুলিশের হামলা

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ বুধবার রাতে আনুমানিক ৭টার পর জয়পাড়া চৌরাস্তায় বিএনপি’র নেতা-কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে।

এদিন  সন্ধ্যায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা দোহার বিভিন্ন স্থানে স্থানীয় নেতা কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সব শেষে তিনি সন্ধায় চৌরাস্তার মোড়ে জয়পাড়া কলেজ মার্কেটের সামনে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দলের কার্যক্রম সম্পর্কে নির্দেশ দেন। সেখানে তিনি আধ ঘন্টার কিছু বেশি সময় অবস্থান করেন, এবং এরপর ঢাকার উদ্দেশ্যে চলে যান। এসময় রাস্তা পুলিশ টহল দিচ্ছিল।

নাজমুল হুদা চলে যাবার পর নেতা-কর্মীরা কলেজ মার্কেটের সামনে রাস্তার পাশে আড্ডা দিচ্ছিল। এসময় দোহার পুলিশের এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আড্ডারত নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা করে। পুলিশের লাঠিচার্জে বিএনপি’র স্থানীয় নেতা মহিউদ্দিন, রাজিব সহ বেশ কয়েকজন আহত হন।

জয়পাড়ায় জাল টাকা সহ মহিলা গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ বৃহষ্পতিবার জয়পড়ায় দোহার থানা পুলিশ ২০ হাজার টাকার জাল নোট সহ একজন মহিলাকে গ্রেফতার করেছে।

ইউসুফপুর গ্রামের নিপা আক্তার (৩০) মার্কেন্টাইল ব্যাংকের জয়পাড়া শাখায় ২০ হাজার টাকা জমা দিতে গেলে ব্যাংক সবগুলো নোটকে জাল বলে সনাক্ত করে। এরপর ব্যাংক মহিলাকে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার রাতে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

আন্তা গ্রামে দূর্ধষ ডাকাতি

আবু নাইম, নিউজ ৩৯ ♦ ঈদের আগে ৪ নভেম্বর শুক্রবার রাত দেড়টার দিকে এক দূর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে নয়াবাড়ী ইউনিয়নের আন্তা গ্রামে।

আন্তা গ্রামের ওয়াহেদ মন্ডলের ছেলে কৃষক হারুন মন্ডলের বাড়িতে এ ডাকাতি সংগঠিত হয়। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতরা এসময় অস্ত্রের মুখে ওয়াহেদ মন্ডল ও তার পরিবারের কাছ থেকে নগদ ৭০,০০০ টাকা, চার ভরি স্বর্ণের অলঙ্কার ও জমির দলিল-পত্র নিয়ে যায়।

“দোহারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর”

জরিপে এগিয়ে চর বিলাসপুর

আসিফুর রহমান ♦ বঙ্গবন্ধু বিমান বন্দর স্থান হিসেবে নতুন জরিপে মাদারিপুরের চর জানাজাতকে পেছনে ফেলে শীর্ষে চলে এসেছে দোহারের চর বিলাসপুরে। এর আগের নির্বাচিত স্থান চর জানাজাত ভাঙ্গনপ্রবণ হবার কারনে দোহারের চর বিলাসপুর জরিপে শীর্ষে উঠে এসেছে।

বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু  বিমান বন্দর নির্মানের জন্য আড়িয়াল বিল ট্র্যাজেডির পর সিদ্ধান্ত হয়েছিল প্রস্তাবিত বঙ্গবন্ধু আর্ন্তজাতিক বিমানবন্দর নির্মান হবে পদ্মার অপর পাড়ে। এ জন্য প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে এগিয়ে ছিল মাদারীপুরের চর জানাজাত। কিন্তু মাটি পরীক্ষায় দেখা যায় চর জানাজাত বেশ ভাঙ্গন প্রবন। যার ফলে সপ্তম বারের মত স্থান পরিবর্তন হতে যাচ্ছে এই বিমান বন্দরের। উল্লেখ্য যে পদ্মার বুকে চর বিলাসপুরের বিপরীত পাশেই চর জানজাতের অবস্থান।

রাজধানী ঢাকা থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত চর বিলাসপুরের দৈর্ঘ ১৮.৫ কিলোমিটার ও প্রস্থ প্রায় ১০ কিলোমিটার। প্রায় ৫০ বছর আগে জেগে ওঠা এই চর থেকে প্রস্তাবিত পদ্মার সেতুর স্থান মাওয়ার দূরত্ব মাত্র ১০ কিলোমিটার হওয়ায় এই স্থানে বিমান বন্দর হবার সম্ভাবনাউজ্জল হয়ে দেখা দিয়েছে। তাছাড়া এটা ভাঙ্গনপ্রবণ এলাকা না হবার কারনে সরকার এই স্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে।

গত ৪ সেপ্টেম্বর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জিএম কাদেরের সাথে স্থান নির্বাচনের জন্য গঠিত কমিটির প্রধান জয়নাল আবেদিন তালুকদারের সাথে চর জানাজাত সহ পূর্বের প্রস্তাবিত আরও চারটি স্থান নিয়ে আলোচনা হয়। এসময় চর জানাজাত ও মুন্সিগঞ্জের কৈয়ানের সুযোগ-সুবিধা ও সম্ভবনা নিয়ে আলোচনা করা হয়। এসময় ওঠে আসে এই সব জায়গায় বিমানবন্দর স্থাপনের বিভিন্ন দিক। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় হতে যাওয়া এই বিমানবন্দর স্থাপনের জন্য আরো অধিকতর যোগ্য স্থান নির্বাচনের জন্য এসময় তাদের নির্দেশ দেয়া হয়।

বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী ইস্তেহার ছিল বঙ্গবন্ধু আর্ন্তজাতিক বিমানবন্দর নির্মান। এর আগে এর স্থান নির্বাচনের জন্য সাতটি জায়গা পছন্দ করা হলেও শেষ পর্যন্ত বিভিন্ন কারনে সেগুলো বাতিল হয়ে যায়। সেই সাতটি জায়গা হলো ময়মনসিংহের ত্রিশাল, মুনসিগঞ্জের কৈয়ান ও আড়িয়াল বিল, মাদারীপুর-গোপালগঞ্জের বাঘের বিল, ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের চর জানাজাত। প্রস্তাবিত এই বিমানবন্দর স্থাপনের জন্য সরকার আড়িয়াল বিলকে গুরুত্ব দিলেও শেষ পর্যন্ত জনগনের প্রবল বাধার মুখে আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। তাছাড়া বিভিন্ন বিশেষজ্ঞ এই বিমানবন্দর স্থাপনের দরকার নেই বললেও সরকার নতুন বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্তে অটল থাকে।

এই ব্যাপারে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলাউদ্দিন মোল্লার সাথে যোগাযোগ করলে তিনি এই ব্যাপারে কিছু জানেন না বলে আমাদের জানান।

বন্ধের পথে বাহ্রা-ফরিদপুর নৌ-যোগাযোগ

মো: জাকির হোসেন, নিউজ ৩৯ ♦ ফরিদপুর জেলার হাজীগঞ্জ, সি এন্ড বি সহ কয়েকটি এলাকার মানুষের ঢাকা যাতায়াতের জন্য অন্যতম প্রধান রাস্তা হলো হাজীগঞ্জ-বাহ্রা নৌপথ। এছাড়াও ঢাকা দোহার-নবাবগঞ্জসহ ঢাকার বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসায়িক পন্য আনা-নেয়ার  জন্য প্রতিদিনই এই নৌপথ ব্যবহার করতে হয়।

পদ্মার বুকে চর সৃষ্টি হওয়ায় পথটি এখন অনেকটাই যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। নৌকা, ট্রলারসহ প্রায় শতাধিক নৌযান প্রতিদিনই এই নৌপথ দিয়ে যাওয়া আসা করে। কিন্তু এতোদিনের ব্যবহৃত নৌপথে চর সৃষ্টি হওয়ায় নৌযানগুলোকে চলতে হচ্ছে অন্য পথে। কিন্তু সেই পথেও আছে ডুবো চরের ভয় যার ফলে প্রায়ই সমস্যায় পড়তে হয় নৌযান চালকদের।

ট্রলার চালক আ: খালেক জানান, আগের পথটি বন্ধ হওয়ায় তাদের নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। ঘুরে অন্য পথে যেতে হয় বলে জ্বালানী ও সময় উভয়ই বেশি ব্যয় হয় বলে জানান। বাহ্রা থেকে হাজীগঞ্জ নৌপথটি চর পড়ে বন্ধ হয়ে গেলে ফরিদপুরের সাথে যোগাযোগের বন্ধ হয়ে যাবে দোহারের পশ্চিমাঞ্চলের। ফলে দূর্ভোগে পড়বে এই এলাকার ব্যবসায়ী ও ফরিদপুরের হাজীগঞ্জবাসী।

অরঙ্গাবাদে প্রকাশ্য-অবাধে চলছে মাদক ব্যবসায়

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ দোহারের পশ্চিমে মানিকগঞ্জের সীমানা এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা। নয়াবাড়ী ইউনিয়নের অরঙ্গবাদ ও মানিকগঞ্জের ধূলসূড়ায় প্রতিদিন লাখ লাখ টাকার গাঁজা বিক্রি হয়। এই গাঁজার প্রধান ক্রেতা হল কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র ও বেকার যুবকরা।

আর এই গাঁজার টাকা সংগ্রহের জন্য এরা নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে, এসবের মধ্যে রয়েছে জুয়া খেলা , চুড়ি ও মাছ ধরার ট্রলারে সহ অন্যান্য যায়গায় চাঁদাবাজী।

অরঙ্গাবাদ এবং ধূলসূড়ায় মাদক ব্যবসায়ের জড়িত প্রায় কয়েক শত লোক। এর মাঝে  উল্লেখযোগ্য সংখ্যক মহিলাও আছে। যেমন তাদের মধ্যে একজন হলেন ‘দেলোয়ারের মা’ যাকে ‘পাগলীর মা’ বলেই চিনে গাঁজা ক্রেতারা।

এদিকে ধূলসূড়ায় উন্মুক্ত ভাবে বিক্রি হচ্ছে বাংলা মদ। প্রতি লিটার মদ এখানে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়, নিয়মিত ক্রেতারা কিছুটা কম মূল্যে পায় এই মদ। গাঁজা দিয়ে বানানো সিগারেট বিক্রি হয় ২০ টাকা। যে কেউ এখান থেকে মদ কিনে নিতে পারে, কোনো ধরণের বিধি নিষেধ নেই।

এলাকাবাসীর অভিযোগ এর পেছনে রয়েছে স্থানীয় নেতাদের হাত। তাদেরই ছত্রছায়ায় এসব কর্মকান্ড চলে।

প্রশাসন এখানে পুরোপুরি উদাসীন। পুলিসের জ্ঞাতসারেই হয় এই ব্যবসা। পুলিসকে কখনো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় নি।