নতুন বান্দুরা লোকনাথ মন্দির এখন মাদকসেবীদের আড্ডাখানা

নিউজ৩৯ ♦ নবাবগঞ্জের নতুন বান্দুরা লোকনাথ মন্দির দিনে দিনে মাদকসেবীদের আড্ডা খানায় পরিণত হয়েছে। সকাল থেকে মধ্যরাত অবধি আড্ডায় গাঁজা থেকে শুরু করে ইয়াবা, বাংলা মদসহ সকল ধরণের নেশার সামগ্রী পাওয়া যায় সেখানে। চলে মাদকসেবী ও ব্যবসায়ীদের গোপন বৈঠক। অনেকটা প্রকাশ্যে চলছে এই সব। দেখেও নেই দেখার কেউ। 

প্রায় ২৫ বছর আগে বান্দুরার হিন্দু ধর্মালম্বীরা গড়ে তোলে এই মন্দিরটি। প্রতিদিন সকালে এবং বিকালে মন্দিরে চলতো আরাধনা। ধীরে ধীরে সেখানে আগমন ঘটে মাদকসেবীদের।  সেই ধারাবাহিকতায় এই মন্দিরের পুরোটাই আজ চলে গেছে মাদকসেবীদের দখলে।

এখন ভক্তবৃন্দ বা পূজারীদের কাউকে দেখা যায় না সকালে বা বিকালে পুজো দিতে। কারন মন্দিরে এখন সারা দিনই থাকে মাদকসেবীদের দখলে। পুজো দিতে যেয়ে হেস্ত নেস্ত হওয়ার ভয়ে কেউ সহজে এখন আর মন্দিরমুখি হয় না।  সারা দিন মন্দির প্রাঙ্গণে বসে গাঁজা, ইয়াবা সেবন ও তাসের মাধ্যমে জুয়া খেলাতেই বেশি সর গরম থাকে। আর সন্ধার পর বসে মাদকের বিশেষ জলসা। 

এলাকাবাসী জানান, এলাকার প্রশাসনের ব্যর্থতা এবং প্রশাসনের দৃষ্টির আড়ালে থাকায় অনেকটা নিরাপদেই গড়ে তোলা সম্ভব হয়েছে এই আস্তানা। আবার সব জেনেও গা ছাড়া ভাবে থাকেন অনেকে। 

মন্দিরের আশেপাশের কয়েকজন বাসিন্দা জানান, মাদকসেবীদের কারনে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আর এইসব বখাটেদের কারনে এলাকার উঠতি বয়সের মেয়েরাও আতংকে থাকে। বাড়ি থেকে বের হলেই এই সব বখাটেদের উৎপাত সহ্য করতে হয়। 

এলাকার আরো কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন এলাকার প্রভাবশালী কিছু লোক মোটা অংকের মাসোহারার বিনিময়ে এই সব মাদক সেবীদের সেল্টার দিচ্ছে। ফলে এলাকার মেম্বার চেয়ারম্যানদের নজরে ব্যপারটা আনলেও তারা ব্যাপারটা নিয়ে কোন গুরুত্ব দিচ্ছে না। হয় তো উপরমহলের কাছে তারাও অসহায়। 

এলাকাবাসীর দাবি, প্রশাসন একটু সুদৃষ্টি দিলে মাদকসেবীদের দখলের হাত থেকে মুক্ত হতে পারে নতুন বান্দুরার এই মন্দিরটি।  

নবাবগঞ্জে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলায় আহত ৫

নবাবগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় ইট-বালু ব্যবসায়ী শাহিনুর ইসলাম ও তার ৪ স্বজনকে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার সকালে উপজেলা শিকারীপাড়া ইউনিয়নের লস্করকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে ওই ব্যবসায়ী।

এলাকাবাসীর ভাষ্যমতে, মঙ্গলবার সকালে স্থানীয় ইট-বালু ব্যবসায়ী শাহিনুর ইসলামের একটি বালুভর্তি ট্রাক বান্দুরা থেকে শিকারীপাড়া যাচ্ছিল। এ সময় স্থানীয় বখাটে জালাল, আলমাছ, সৌরভ, আজাদ, সাদ্দাম, সজীব, আলাউদ্দিন, বাবুসহ ৭-৮ জন লস্করকান্দা গ্রামের হায়াত আলীর বাড়ি কাছে ট্রাকটি থামায়। পরে চালকের কাছে চাঁদা দাবি করলে তিনি মালিক শাহিনুরকে জানান। শাহিনুর ঘটনাস্থলে পৌঁছলে বখাটেরা তাকে এলোপাতাড়ি মারতে থাকে।

খবর পেয়ে শাহিনুরের চাচাতো ভাই শেখ মিজান, দুলাল, শেখ বাবু ও আরিফ এগিয়ে যায়। বখাটেরা এ সময় তাদের ওপরও হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এলাকাবাসী এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. মোজাম্মেল জানান, অভিযোগ পেয়েছি সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মাদ্রাসার জমি উদ্ধার করলেন মাহবুবুর রহমান

দোহারের মেঘুলার স্থানীয় এক প্রভাবশালীর কাছ থেকে মেঘুলা আল জামিয়াতুল ইসলামীয়া ফজলে খোদা মাদ্রাসার ১০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত জমি মাদ্রাসা কতৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে। 

জানা যায়, মেঘুলার মোবারক বেপারী পরিবার দীর্ঘ দিন ধরে মাদ্রাসার জমি দখল করে টিনের বেড়া দিয়ে জবর দখল করে রেখেছিল।  এ ব্যাপারে তাদের কাছে বার বার জমি ফেরত চাইলে মাদ্রাসা কতৃপক্ষকে তারা জমির দখল না ছেড়ে এই জমি নিজেদের বলে দাবি করে।

পরবর্তীতে ঢাকা জেলা আওয়ামী লিগের সাধারন সম্পাদক ও দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানকে মাদ্রাসা কতৃপক্ষ ব্যাপারটা জানালে তিনি স্থানীয় জনসাধারন ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে টিনের বেড়া ও জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দেন এবং মাদ্রাসার কাছে জমির দখল বুঝিয়ে দেন। 

মেঘুলা আল জামিয়াতুল ইসলামীয়া ফজলে খোদা মাদ্রাসার মোহতামিম আবুল কালাম জানান, মোবারক বেপারীর তিন ছেলে এনায়েতুল্লাহ বেপারী, আসাদুল্লাহ বেপারী ও ওমর ফারুক বেপারী নিজেদের সম্পত্তি বলে এই জমি দখলে রেখেছিল। 

দোহার নবাবগঞ্জে পুলিশের ইজি বাইক বিরোধী অভিযান

ঢাকার দোহার-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে অভিযান চালিয়েছে পুলিশ। জনদুর্ভোগ কমাতে গতকাল সোমবার এই অভিযান পরিচালনা করা হয়। এ সমইয় দোহারের জয়পাড়া ও নবাবগঞ্জ বাজার থেকে শতাধিক ইজিবাইক আটক করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, ইজিবাইকের চালকেরা দোহার-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানামা করান। ফলে যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী, বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং রোগীরা ভোগান্তির শিকার হয়। এ ছাড়া জয়পাড়া বাজারে যত্রতত্র ইজিবাইক পার্কিং করায় সব সময় যানজটের কবলে পড়ে জয়পাড়া বাজার এলাকা।  ব্যাপারে এলাকাবাসী অভিযোগ দেওয়ায় পুলিশ গতকাল সড়কে অভিযান চালিয়েছে।

দোহারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলায় সাজাপ্রাপ্ত আসামি শামীম পত্তনদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চর মাহমুদপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত শামীম পত্তনদার উপজেলার মাহমুদপুর গ্রামের আরব আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শামীম পত্তনদার ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।

নারিশায় পদ্মায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় পদ্মায় গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর গতকাল শনিবার দুপুরে উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

শুক্রবার দুপুরে ঝনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রিফাত হোসেন (১১) পদ্মা নদীতে গোসল করতে গেলে নিখোঁজ হয়। নিহত রিফাত হোসেন (১১) উপজেলার ঝনকী গ্রামের রিপন শেখের ছেলে। 

পারিবারিক সূত্র জানায়, রিফাত শুক্রবার সকালে নারিশা পশ্চিমচর নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে সে একা নদীতে  গোসল করতে গেলে নিখোঁজ হয়।

স্থানীয়রা ওইদিন দুপুর থেকে জাল ফেলে তাকে খুঁজতে থাকে। পরবর্তীতে ফরিদপুর থেকে তিনজনের একটি ডুবুরী দল এসে শনিবার বিকালে রিফাতের লাশ উদ্ধার করে।

দোহার থানার ভারপাপ্ত (ওসি) মাহামুদুর হক বলেন, পরিবার থেকে এ বিষয়টি আমাদের জানানো হয় নি।

জয়পাড়া থেকে আরো দুই বিএনপি নেতা আটক

নিউজ৩৯ ♦ রবিবার রাতে জয়পাড়া থেকে আরো দুই বিএনপি নেতাকে আটক করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা দোহারের কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামের মৃত জমিরউদ্দিন মোল্লার ছেলে টিপু সুলতান(৪২) ও দোহার পৌরসভার চর লটাখোলা গ্রামের শেখ চান মিয়ার ছেলে আব্দুল মালেক(৩৩)। 

দোহার থানা পুলিশের এ এস আই রফিকুল ইসলাম জানান, আটককৃতরা গত ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এর গ্রেফতারের প্রতিবাদে ও যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনের উদ্দ্যেশে বিক্ষোভ মিছিল ও সভার মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টায় দায়েরকৃত মামলার আসামী। গত রোববার উপজেলা গেট থেকে তাদের আটক করে পুলিশ।

উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর ২৪ বিএনপি নেতাকর্মীকে আটক করে দোহার থানা পুলিশ। পরে আরো অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই মামলায় তাদের আটক করে পুলিশ।

দোহারে মলম পার্টির সদস্য গ্রেফতার

নিউজ৩৯.নেট ♦ রবিবার ঢাকার দোহার উপজেলার লক্ষীপ্রসাদ এলাকা থেকে মলম পার্টির ওয়ারেন্টভুক্ত আসামী রফিকুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সে অস্থায়ী ভাবে লক্ষীপ্রসাদ গ্রামে বসবাস করে আসছিলো।

পুলিশ সুত্রে জানা গেছে, মলম পার্টির সদস্য রফিকুল ইসলাম গাজিপুরের জয়দেবপুর এলাকার মৃত শেখ ইউসুফ মিয়ার ছেলে। তার নামে জয়দেবপুর থানায় মামলা ছিল (মামলা নং ৩৮)। দোহার উপজেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

নবাবগঞ্জের ভাঙ্গাপাড়া সেতুর বেহালদশা

ইমাদ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের সেতু দীর্ঘ ২ বছর যাবৎ অকেজো অবস্থায় পড়ে আছে, দেখার কেউ নেই। সেতুর দুপাশের রেলিং ভেঙে পড়ে গেছে সেই কবেই। 

২০০২ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের ১০ বছরেই সেতুর হাল বেহালে পরিণত হয়েছে। প্রতিদিন এ সেতুটি দিয়ে এই অঞ্চলের ৫-৬ হাজার লোক অনেকটা ঝুঁকির মধ্যদিয়ে চলাচল করে আসছে।

দীর্ঘ সময়ে সারা দেশের রাস্তাঘাট, সেতুর ব্যাপক উন্নতি হলেও এই সেতুটির দিকে কারও নজর নেই। বছরের পর বছর পার হলেও নেই কোন সংস্কার করা হয় নি। প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়েই চলাচল করছে এলাকাবাসী। এই সেতুটি দিয়ে প্রতিদিন রিক্সা, ভ্যান, ইজিবাইক, বাইসাইকেল ও মটরসাইকেল চলাচল করলেও বড়ধরনের কোন যানবাহন চলাচল করতে পারছে না। এই সেতুটি দিয়ে স্কুল, কলেজ, হাট,বাজার সহ বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 

সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার  না হওয়ার ফলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। কিছুদিন আগে মারুফ নামের ৪ বছরের এক শিশু সেতু থেকে পড়ে আহত হয়। এমন ঘটনা অহরহ ঘটছে এখানে তবু সেতু মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয় নি।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানায়, “আমাগো কষ্ট কেউ দ্যাহে না। ভোটের সময় মেম্বর চেয়ারম্যানরা কয় এইবার আমি পাস করলে আপনাগো বিরিজ (ব্রিজ)  ঠিক কইরা দিমু কিন্তু ভোট গেলে তাগো কোন খবর থাহেনা”।

কোন সাম্প্রদায়িক শক্তিকে এই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না: দোহারে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী

নিউজ৩৯.নেট ♦ কোন সাম্প্রদায়িক শক্তিকে এদেশের মাটিতে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। এই দেশের মুক্তিযোদ্ধারা আর এই দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তা সব সময় প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আ ক ম মোজাম্মেল বাবু। দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের দেয়া এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

দোহার মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা ১ আসনের এমপি সালমা ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের এমপি পিনু খান, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহম্মেদ, ঢাকা জেলা সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি ইসমত কাদের খান গামা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আ ক ম মোজাম্মেল বাবু বলেন, এই সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার। মুক্তিযোদ্ধাদের জন্য এই সরকারের দ্বার সকল সময় খোলা। অচিরেই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য ৩০ শতাংশ কোঠা করা হবে। এছাড়া প্রতিটি থানা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হবে। দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, আপনারা জমি দিন, আগামী এক মাসের মধ্যে এই উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের টেন্ডার হবে। এছাড়া অচিরেই মুক্তিযোদ্ধাদের ভাতা ১০,০০০ টাকায় উন্নত করা হবে বলে ঘোষণা দেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। 

বর্তমান সরকার নিয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। প্রধান মন্ত্রীর জীবন হুমকিতে। এই দেশে মুক্তিযোদ্ধাদের জন্য কেউ যদি কিছু করে থাকে সেটা আওয়ামী লীগ সরকার করেছে। তাই শেখ হাসিনার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।