ঢাকা–নবাবগঞ্জ-দোহার সড়কের তিন সেতুতে বাতি জ্বলে না

নিউজ৩৯.নেট ♦ ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়কের মরিচা এলাকায় ইছামতী নদীতে, তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীতে এবং দোহারের জয়পাড়ার লটাখোলা এলাকায় নির্মিত সেতুর ল্যাম্পপোস্টের বাতি এখন আর জ্বলছে না।

ঢাকার দক্ষিণ অংশের বহুল ব্যবহৃত এসব সেতু উদ্বোধনের এক বছর পার না হতেই ল্যাম্পপোস্টের বাতিগুলো অকেজো হয়ে গেছে। এর পর থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেয়নি।জনগুরুত্বপূর্ণ এ সড়ককে ইতিমধ্যে পদ্মা সেতুর বাইপাস সড়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন সড়কপথে যাতায়াতের জন্য এই সেতুগুলো ব্যবহার করে থাকে।

সরেজমিনে দেখা গেছে, নবাবগঞ্জের মরিচা ও তুলসীখালী এবং দোহারের জয়পাড়া লটাখোলা সেতুর সংযোগ (অ্যাপ্রোচ) সড়কের অনেক স্থানের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে ল্যাম্পপোস্টের খুঁটির গোড়ায় মাটি না থাকায় খুঁটি হেলে পড়ছে। এতে ল্যাম্পপোস্টের বাতিগুলো ঝুলে আছে বা ভেঙে পড়ে গেছে। কোনো কোনো বাতির অস্তিত্বই নেই।

স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, সেতু উদ্বোধনের কিছুদিন পরই অধিকাংশ বাতি নষ্ট হয়ে যায়। সন্ধ্যা নামলে সেতু এলাকায় ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। সেতু এলাকা ফাঁকা থাকায় এবং সড়কের বাতি না জ্বলায় সেতুর ওপর দিয়ে চলাচলকারীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হয়। এ ছাড়া, সেতুতে বাতি না থাকায় মাঝেমধ্যে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।

মরিচা এলাকার বাসিন্দা ও ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড সাইদুর রহমান বলেন, সড়ক বিভাগের লোকজন ইচ্ছা করলেই এ কাজগুলো করতে পারেন। সেতুর এপারে বেনুখালী চক এলাকায় প্রায়ই সড়কে ডাকাতির ঘটনা ঘটে থাকে। সেতুর অ্যাপ্রোচ সড়কের কাছে মাঝেমধ্যে পুলিশ তল্লাশিচৌকি বসালেও ওই এলাকায় কোনো বাতির ব্যবস্থা নেই। এতে অন্ধকারের সুযোগে প্রায়ই যাত্রীরা ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব হারায়।

সড়ক ও জনপথ মুন্সিগঞ্জ বিভাগের সহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

আড়িয়ল বিল ডাকাতমুক্ত করার দাবিতে সমাবেশ

0

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলকে ডাকাতমুক্ত করার দাবিতে গতকাল বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিকেল পাঁচটার দিকে উপজেলার গাদিঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন শ্যামসিদ্ধি ঘাদিঘাট ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইদ্রিস হাওলাদার, ছাত্রনেতা ওয়াহিদুর রহমান প্রমুখ।নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাঙার মালিক বলেন, চাহিদামাফিক চাঁদা না দিলেই ডাকাতেরা জেলেদের মারধর করে মাছ লুট করে নিয়ে যায়।

গত বুধবার ভোরে মাছ ডাকাতির সময় স্থানীয় বাসিন্দারা বন্দুকসহ তিন ডাকাতকে আটক করে পুলিশে দেন। এর পরই গতকাল স্থানীয় লোকজন মাইকিং করে সমাবেশের আয়োজন করেন। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সমাবেশে উপস্থিত হয়ে ডাকাত ধরার সঙ্গে জড়িত ব্যক্তিদের অভিনন্দিত করেন।

পদ্মা কলেজের সামনে ট্রাক খাঁদে!

বুধবার ভোরে ঢাকার দোহারের মুকসুদপুর ইউনিয়নে পদ্মা ডিগ্রি কলেজের সামনে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। ট্রাকটি বস্তা ভর্তি সার বহন করছিলো।

ট্রাকটি উল্টে গেলেও এ সময় চালক ও তার সহকারি সামান্য আহত হয়। কিন্তু বিপুল পরিমান সার পানিতে পরে নষ্ট হয়। 

ট্রাকের চালক জানায় পেছনের চাকা ভেঙ্গে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা মনে করেন চালকের অসতর্কতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।

রায়ের বিরুদ্ধে জামায়াতের তিন দিনের হরতাল

0

নিউজ৩৯♦ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায়ের বিরুদ্ধে তিন দিনের হরতালের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী বৃহস্পতি, রোব ও সোমবার সারা দেশে হরতাল পালন করবে জামায়াত। বুধবার নিজামীর রায়ের পর এক বিবৃতিতে দলটি এ ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতি, রোব ও সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। বুধবার দুপুরে ঢাকা মহানগর জামায়াতের প্রচার সম্পাদক জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে মঙ্গলবার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার একজন সহকারী সেক্রেটারি হরতালের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, রায় দেখে সিদ্ধান্ত নেয়া হবে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।  রায়ে জানানো হয়, তার বিরুদ্ধে আটটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুইটি অভিযোগে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সুস্পষ্ট। বাকি ৮টি অভিযোগ প্রমাণিত হয়নি। চারটি অভিযোগে ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেন। এছাড়াও রায়ে রুমি হত্যাসহ ৪টি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টা ৭ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের বক্তব্যের মধ্য দিয়ে ২০৪ পৃষ্টার রায় পড়া শুরু হয়।

নবাবগঞ্জে প্রবাসী হত্যায় ২ জন গ্রেপ্তার

0

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার রায়পুর গ্রামে অস্ত্রধারী দুর্বৃত্তের গুলিতে শহিদ খান (৩৯) নামের এক প্রবাসীর নিহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কালাম (২৬) ও মনির হোসেন (২৮)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে সাত-আটজন অস্ত্রধারী মুখোশ পরা অবস্থায় শহিদ খানের বাড়িতে হানা দেয়। তারা কাঠের দরজা ভেঙে ঘরে ঢুকে শহিদ খান ও তাঁর স্ত্রী হামিদা বেগমকে লাঠি দিয়ে বেদম মারধর করে। একপর্যায়ে একজনের মুখোশ খুলে যায়। এ সময় শহিদ খান ওই ব্যক্তিকে চিনে ফেলেন। এ সময় শহিদকে গুলি করে দুর্বৃত্তরা। গুলির শব্দে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দপুরে কমিউনিটি ক্লিনিকটির কার্যক্রম নেই!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক বছর আগে নির্মিত কমিউনিটি ক্লিনিকটির নেই কোন কার্যক্রম আর তাই এখান থেকে কোনো সুবিধা পাচ্ছে না এলাকাবাসী। 

সরজমিনে  দেখা গেছে, নবাবগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র ৩ মাইল দূরে অবস্থিত ক্লিনিকটির নির্মাণ কাজ শেষ হয়েছে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু এক বছর আগে ভবন নির্মানের কাজ শেষ হলেও বর্তমানে নেই কোন কার্যক্রম, ক্লিনিকটির দরজায় ঝুলছে একটি বড় তালা। 

গোবিন্দপুরের স্থানীয় বাসিন্দা  কাজী ভুলু বলেন ক্লিনিকটি চালু হলে গ্রামের গরীব মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবা পাবে, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা সহ সচেতনতা বৃদ্ধি পাবে। কলেজ ছাত্রী সালামা বলেন, ক্লিনিকটি চালু হলে আমাদের এলাকার জনগনের র্দূভোগ কমে যাবে। 

বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্র নাথ গোস্বামী বলেন, জনগনের দোয়ারে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষে বর্তমান সরকার কাজ করছে। কিন্তু গোবিন্দপুর বাসী সেই সেবা থেকে এখনো বঞ্চিত। তিনি দ্রুত এই কমিউনিটি ক্লিনিকটি চালু করার দাবি জানান।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপন কান্তি সরকার বলেন, সরকারের কাছে ঔষুধ চাওয়া হয়েছে পেলেই ক্লিনিকের কার্যকম শুরু করা হবে।

পুলিশভর্তি অটোরিকশা ডাকাতি চেষ্টা

0

নিউজ৩৯♦ কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা-দোহার-নবাবগঞ্জ সড়কের প্রহরীভিটা এলাকায় টহলরত পুলিশের অটোরিকশায় হামলা চালিয়েছে একদল ডাকাত। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ সদস্য মো. জসিম আহত হন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে দুই ডাকাত আহত হয়। আহতরা হলো সাইদুল ইসলাম (২৮) ও মো. হানিফ (২৫)। গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাত ও পুলিশ সদস্যকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ৩টায় এ ঘটনা ঘটে।থানা সূত্রে জানা যায়, জিনজিরা-দোহার-নবাবগঞ্জ সড়কের পোড়াহাটি, প্রহরীভিটা ও ডায়মন্ড মেলামাইন কারখানা এলাকায় প্রায় রাতেই ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতরা পুলিশের গাড়ি দেখলে পালিয়ে যায়। এ কারণে ঘটনার রাতে থানার উপপরিদর্শক মো. মনোয়ার হোসেন কৌশল অবলম্বন করে পুলিশের গাড়ি না নিয়ে সঙ্গীয় ফোর্সসহ সিএনজিচালিত অটোরিকশা নিয়ে টহলে যান।

রাত ৩টার দিকে তাঁদের গাড়িটি ওই সড়কের প্রহরীভিটা এলাকায় পৌঁছালে চার-পাঁচজনের ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাবলিক মনে করে অটোরিকশাটির গতিরোধ করে। তখন ডাকাতরা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ধারালো অস্ত্র দিয়ে অটোরিকশার গ্লাসে আঘাত করে। এ সময় চালকের পাশে বসা পুলিশ সদস্য মো. জসিম আহত হন। গাড়ির ভেতরে থাকা পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে ডাকাতদের উদ্দেশে গুলি ছোড়েন। পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পুলিশের ধাওয়ায় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ দুজন পুলিশের হাতে আটক হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতি কাজে ব্যবহƒত দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করে। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

নবাবগঞ্জে দুর্বৃত্তের গুলিতে প্রবাসী নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুখোশধারী একদল দুর্বৃত্তের গুলিতে শহীদ খান (৩৯) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
শহীদ খান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করছেন। গত মাসের ১৫ তারিখে ছয় মাসের ছুটিতে তিনি বাড়ি আসেন।

স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ১৫-২০ জন অস্ত্রধারী ডাকাতদল শহিদের বাড়ির কাঠের দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রী হামিদা বেগমকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। একপর্যায়ে একজন ডাকাতের মুখোশ খুলে যায়। এ সময় শহিদ খান তাকে চিনে ফেললে সে তার বুকের বামপাশে গুলি করে পালিয়ে যায়।

এ সময় চিত্কার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে শহীদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, শত্রুতার জের ধরে শহিদকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান বলেন, ডাকাতি নাকি ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখা হচ্ছে।

দোহারে বিএনপির ২৪ নেতাকর্মী আটক

দোহার উপজেলার যুবদল ও ছাত্রদলের ২৪ জন  নেতাকর্মীকে আটক করেছে দোহার থানা পুলিশ।

পুলিশ জানায়,  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি  মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতাকর্মী আটকের প্রতিবাদে যুবদলের ডাকা  দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচী পালন করতে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে কিছু লাঠি ও ইট-পাটকেল উদ্ধার করা হয়।

সোমবার বেলা ১১ টার দিকে দোহার উপজেলা পরিষদ ও স্থানীয় একটি রেষ্টুরেন্ট থেকে সাজ্জাদ হোসেন, মারুফ,  মোশারফ হোসেন, লাভলু, ছিদ্দিকুর রহমান, রাব্বি, রবিন হোসেন, মাসুদ, নাজমুল, সজীব, উসমান, রবিন, রাহাত, দুলাল, শাকিল, তুহিন, রাজীব, ফয়সাল, সাইদুল ইসলাম, শাহজাহান, মহসিন, ইমরান হোসেন, রাকিব, রায়হানকে আটক করে থানায় নিয়ে আসে।

থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হক জানান, পুলিশের অনুমতি না নিয়ে মিছিল সমাবেশ করার সময়ই এই ২৪ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

দোহারে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা।

দোহারে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

0

আসাদ সবুজ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তদের হামলায় কম্পিউটার ভিত্তিক ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মেঘুলা বাজারের আনোয়ার (২২)-কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। 

জানা যায়, ওই গ্রামের নৈমুদ্দিন হাওলাদারের ছেলে আনোয়ার ফোন, ফ্যাক্স ও কম্পিউটারের ডাউনলোডের ব্যবসায় করতেন। সকালে রাহাত, আহাদ ও রনি নামে তিন যুবক মোবাইলে মেমোরি কার্ডে পর্নো ছবি ডাউনলোড করে দিতে বললে তিনি অস্বীকৃতি জানান।

পরে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশি অস্ত্রে সজ্জিত হয়ে আনোয়ারের দোকানে হামলা চালায়। তারা তার আনোয়ারের পেটে, বুকে ও মাথায়আঘাত করে চম্পট দেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ বিষয়ে এসআই রফিকুল ইসলাম লিটন জানান, আমরা অভিযোগ পেয়েছি এবং দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।