নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আর্সেনিক মুক্ত টিউবয়েল স্থাপনকালে বিদুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত এবং ছয় শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- হাফিজুল (২২), সুজা (১৮), মালেক (৩২)। হতাহতদের সবার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বিনবিনা গ্রামে।

জানা যায়, সকালে বাহ্রা পশ্চিমপাড়া গ্রামের মোঃ মঞ্জুর আলমের বাড়িতে আর্সেনিক মুক্ত টিউবয়েল স্থাপন করছিলেন শ্রমিকরা। এ সময় লোহার একটি পাইপ পার্শ্ববর্তী বিদ্যুতের তারে পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজা ও মালেক ঘটনাস্থলে এবং স্থানীয়রা আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে চিকিৎসক হাফিজুল নামে অপর আরেকজনকে মৃত বলে ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দোহারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাহালুল (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা খোকন বেপারী ও বড় বোন খুশবু (১১) আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নারিশা পশ্চিম চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহালুল মালিকান্দা গ্রিনলিফ প্রিপ্রারেটরি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্কুলের উদ্দেশে রওয়ানা দেন খোকন বেপারী। তারা ঢাকা-দোহার আন্তঃসড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শিশু খোকন বেপারী, বাহালুল ও খুশবু আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকের পরামর্শে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথে বাহালুলের মৃত্যু হয়। আহত খোকন বেপারী ও খুশবুকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হক জানান,খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে দোহারের তরুনীকে শ্বাসরোধে করে হত্যা করলো স্বামী

0

ফরিদপুরে স্ত্রী শিখা বেগমকে (৩০) শ্বাসরোধে হত্যার পর ৩ সন্তান নিয়ে পালিয়ে গেছে স্বামী সজিব সরকার। সোমবার সকালে সদর ইউনিয়নের আলিয়াবাদ ইউনিয়নের চরকমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়ীর মালিক ব্যাংক কর্মকর্তা মো: কামরুল ইসলাম জানান, দোহার উপজেলার বাইপাড়া গ্রামের অজিত সরকার ২ মাস আগে স্ত্রী শিখা বেগম ও তিন সন্তান শুভ (০৮), সোহাগ (০৫) এবং সেলিম (০২) কে নিয়ে বাড়ী ভাড়া নিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। আজ সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে শিখাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এরপর থেকে স্বামী ও সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছেনা বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আজ বেলা সাড়ে ১১টার দিকে শিখার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বারুয়াখালিতে স্কুল কমিটির সঙ্গে আ.লীগ কর্মীদের সংঘর্ষ

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্কুলের বার্ষিক মিলাদ মাহফিলে জামায়াত নেতাকে অতিথি করাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে এলাকাবাসী ও স্কুল কমিটির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুল্লাকে অতিথি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বারুখালী ইউনিয়ন আওয়ামী লীগের ১৫/২০ জন নেতাকর্মী অনুষ্ঠানস্থলে গিয়ে শিক্ষকদের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা এক শিক্ষককে মারধর করেন।

এ ঘটনায় পরে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ঘটনারর পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা-নবাবগঞ্জ সড়ক ডাকাতের দখলে!

রাজধানীর পাশেই নবাবগঞ্জ উপজেলা। গুলিস্তান থেকে দূরত্ব মাত্র ৩২ কিমি.। প্রতিদিনই শত শত যাত্রী ঢাকা যাতায়াত করছে। ব্যবসা, বাণিজ্য, চাকরি, অফিস-আদালতের পাশাপাশি অনেক শিক্ষার্থীও এ পথে যাতায়াত করে। কোনো নৈশকোচ বা বাস না থাকলেও ২৪ ঘণ্টাই যান চলাচল রয়েছে, তবে হাইওয়ে পুলিশ নেই। নেই কোনো পুলিশ চেকপোস্ট। এ অবস্থায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিনিয়তই এ সড়কে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে যাত্রী সাধারণ। এক কথায় বলা যায়, ডাকাতের দখলেই রয়েছে এ সড়ক।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, সন্ধ্যা থেকে সারা রাতেই ডাকাতের ভয়ে মানুষকে সতর্ক থাকতে হয়। এ সড়কপথে রাতে কেউ জরুরি প্রয়োজনে ঢাকা যেতে চাইলেও ডাকাত আতংক তার সব প্রয়োজনকে থমকে দেয়। গত রোববার সন্ধ্যার পর ঢাকা থেকে ফিরছিলেন নবাবগঞ্জ থানার ওসি। মুন্সীগঞ্জের সিরাজদিখান পয়েন্টের মরিচায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি দেখে তিনি আঁতকে উঠেন। তিনি কোনো রকমে রেহাই পেলেও অনেকেই সর্বস্ব হারিয়েছেন ডাকাতের হাতে। 

বলমন্তর চরের টিটু জানান, সম্প্রতি তার এক আত্মীয়ের লাশ নিয়ে ফেরার পথে তার ডাকাতের কবলে পড়েন। ২শ গজ দূরেই পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখছেন। এ সময় কয়েকজনকে কুপিয়ে আহতও করা হয়। কিন্তু নির্বিকার পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি।

নবাবগঞ্জ উপজেলার টিকরপুর থেকে তুলসীখালি সেতু পর্যন্ত দুর্গম এলাকায় ডাকাতরা সুযোগ বুঝেই হানা দেয়। এছাড়া কেরানীগঞ্জের শাক্তা ও কোনাখোলা সড়কেও একই অবস্থা। ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, তাদের সামনেই শাক্তা এলাকায় ডাকাতরা গাড়ি থামিয়ে লুটে নেয় মালামাল। অসহায় দৃষ্টিতে দেখা ছাড়া কোনো উপায় নেই। প্রতিরোধ করতে গেলেই জীবনের হুমকি।

কয়েক বছর আগে এ সড়কের বেনুখালী এলাকায় নবাবগঞ্জ থানার তৎকালীন ওসি নাসির চৌধুরীর মোবাইল ও ওয়ারলেস সেট ছিনিয়ে নেয় ডাকাতরা। এ সড়কের টিকরপুর চক, বেনুখালী, খারসুর ও মরিচায় নির্মিত সেতুর ঢালে এপ্রোচের নিচে বসেই ডাকাতির পরিকল্পনা হয় এমন দাবি এলাকাবাসীর। নবাবগঞ্জ অংশে রাতে পুলিশি টহল থাকলেও ডাকাতি সংঘটিত হওয়ার সময় তাদের সারা পাওয়া যায় না বলে ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে।

এ সড়কের দুপাশে জঙ্গল আর একটু দূরেই বিশাল বিল এলাকা। ডাকাতি সংঘটিত করেই নিরাপদে চলে যায় ডাকাতদল। থানা পুলিশের কাছে মৌখিক অভিযোগ থাকলেও এসব ঘটনার অধিকাংশেরই মামলা রেকর্ড নেই। ফলে দায় এড়াতে সুযোগ পাচ্ছে নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও সিরাজদিখান থানার কর্মকর্তারা।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্ককর্তা সাইদুর রহমান বলেন, তার অংশে নিয়মিত পুলিশি টহল থাকে।

এদিকে পরস্পর বিরোধী বক্তব্য সিরাজদিখান থানার ওসি ইয়ারদোস হাসানের। তিনি বলেন, তার থানা এলাকায় এক সময় ডাকাতি হতো। এখন হয় না। এটা নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ অংশে হতে পারে। তবে তিনি পুলিশি টহল জোরদার করবেন বলে জানান।

দোহারে মৌড়ায় মাদক ব্যবসায়ী আটক

নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলায় রাজিব মাঝি (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার মৌড়া এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত রাজিব মাঝি উপজেলার মৌড়া এলাকার আহমেদ মাঝির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার মৌড়া বাজার এলাকায় মাদক বিক্রির সময় রাজিব মাঝিকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

দোহার থানার উপ-পরির্দশক নুরুল আলম রাজিব মাঝিকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করে। পরে রোববার সকালে মাদক আইনের মামলা করে তাকে আদালতে প্রেরণ করে।

দোহার পৌরসভা নামেই প্রথম শ্রেণীর!

0

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়নের আংশিক অংশ নিয়ে ২০০০ সালে গঠিত হয় দোহার পৌরসভা। সে বছর ২৬ সেপ্টেম্বর প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল পৌরবাসী। গত ১৪ বছর পূর্বে নিবার্চন অনুষ্ঠিত হলেও এরই মাঝে কেটে গেছে এক যুগেরও অধিকাল। এলাকাবাসী আধুনিক যেসব সুযোগ-সুবিধা পাবে বলে আশা করেছিল তার কিছুই পাচ্ছে না। সীমানা জটিলতা ও নামকরণ নিয়ে আদালতে মামলা ঝুলে থাকায় আর কোনো নির্বাচনও হয়নি। এরই মধ্যে পৌরসভাটি ১ম শ্রেণীতে উন্নীত হয়েছে।

পৌর বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকার রাস্তাজুড়ে খানাখন্দে আর গর্তে ভরা। নেই প্রাকৃতিক গ্যাস সংযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক টয়লেট, সুপেয় পানির সরবরাহ ব্যবস্থায়, ট্রাফিক, পরিচ্ছন্ন কর্মী, স্বাস্থ্যকর্মী। ডোবা নালায় পঁচা পানিতে মশা মাছির আখড়ায় পরিণত হয়েছে। এমতাবস্থায় শুধু করের বোঝা বহন করছে পৌরবাসী। সড়ক বাতি থাকলেও  তা নিন্মমানের।

দোহার পৌরসভার ২০১৪/১৫ অর্থ বছরের বাজেটে ৩৫ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ২৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট পেশ  করেন মেয়র আব্দুর রহিম মিয়া। বাজেটে নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ কোটি ৭৮ লাখ টাকার অধিক। উন্নয়ন খাতে আয়ের লক্ষ্য ২৬ কোটি ৩১ লাখের অধিক এবং ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ কোটি ৯২ লাখের অধিক।

দোহারের বাসিন্দা সম্মিলিত নাগরিক আন্দোলনের আহ্বায়ক হ.আ.ম ওয়াদুদ  বলেন, পৌরসভার কোনো সুযোগ-সুবিধা না পেলেও করের বোঝা বহন থেকে মুক্তি নেই নাগরিকদের।

জয়পাড়ার ছালমা বেগম বলেন, পৌরসভা এলাকায় থাকি এটা মনেই হয় না। শিশু ও নারীদের স্বাস্থ্য রক্ষায় তেমন কোনো ব্যবস্থা নেই।

পৌর এলাকার বাসিন্দা শ্রমিক হারেস বলেন,  ১৪/১৫ বছর আগে একবার ভোট দিয়েছি আর কেউ ভোট নিতে আসলো না। মশা-মাছির জ্বালায় ঘরে থাকা যায় না। কিসের পুরসভা। কোন রকমে থাকি আরকি।

এব্যাপারে দোহার পৌর মেয়র আব্দুর রহিম মিয়া বলেন, কিছু সমস্যা  আছে  দ্রুত রাস্তাঘাটসহ নাগরিক সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে।

জয়পাড়া পাইলটে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা ফেরত দাবি ছাত্র-ছাত্রীদের

0

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা ফেরত না দেওয়ায় দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে।

এসএসসি পরীক্ষার্থীরা জানায়, সম্প্রতি বোর্ড নির্ধারিত অতিরিক্ত টাকা ফেরত চেয়ে শিক্ষার্থীরা ইউএনও নুরুল করিম ভূঁইয়া বরাবর লিখিতভাবে আবেদন করে। পরে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাক আহমেদের কাছে টাকা ফেরত চাইলে তিনি তা নাকচ করে দেন।

এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে রাস্তায় যানবাহন আটকে ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে দোহার থানার ওসি মোহাম্মদ মাহমুদুল হক আশ্বস্ত করলে তারা শান্ত হয়।

পরীক্ষার্থী মো. সোহেল বলে, ফরম পূরণের কথা বলে প্রধান শিক্ষক আমাদের কাছ থেকে ৬ হাজার টাকা করে নিয়েছেন। আমরা অতিরিক্ত টাকা ফেরত চাই। 

এ ব্যাপারে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাক আহমেদ জানান, পরীক্ষার্থীদের কাছ কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয়নি।

দোহারের ইউএনও নুরুল করিম ভূঁইয়া বলেন, পরীক্ষার্থী ও শিক্ষকদের ডাকা হয়েছে। এক সঙ্গে বসে সামাধান করা হবে।

গাড়ি পোড়ানো মামলায় বান্দুরা ইউনিয়নের জামায়াত সভাপতি সহ ৩ জন আটক

0

ঢাকা নবাবগঞ্জ উপজেলায় বাস পোড়ানোর মামলায় বান্দুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মজর আলীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে ঢাকা-বান্দুরা সড়কের আগলা বাগবাড়ি এলাকায় এবং ১৫ জানুয়ারি রাতে উপজেলার বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সামনে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ১২ জনকে আসামি করে পৃথক দু’টি মামলা হয়েছে এবং সে মামলায় বান্দুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মজর আলী, বিএনপি নেতা আবুল হোসেন ও যুবদল নেতা মোহাম্মদ শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা অভিযোগ করেন, পুলিশ মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে এবং প্রতি রাতেই বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে। নেতাকর্মীদের ধরে এনে নির্যাতন করছে।

নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ জানান, প্রায় প্রতি রাতেই পুলিশ তার বাড়িতে হানা দিচ্ছে। তাকে না পেয়ে পরিবারের লোকজনকে হুমকি দিচ্ছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের ধরার প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

যদি কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কী করবেন

0

কম্পিউটারের যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি করবেন? নতুন করে উইন্ডোজ সেটাপ দেবেন? নাকি পাসওয়ার্ড ভাংগার চেস্টা করবেন। চিন্তা নাই। সেদিন মোবাইলের লক ভাংগা শিখিয়েছি। আজ শেখাবো কিভাবে কম্পিউটারের পাসওয়ার্ড ভাংগতে হয়।

থিওরি: কম্পিউটারে দুই ধরনের ইউজার থাকে। একজন ইউজার হলো লোকাল ইউজার এবং আরেকজন এডমিনিস্ট্রেটর। তাই একাউন্টের ধরন দুই রকমের। একটি এডমিনিস্ট্রেটর আরেকটি লোকাল। কম্পিউটারে উইন্ডোজ সেটাপ দেওয়ার সময় যদি কেউ এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড না দিয়ে থাকে তাহলে তার একাউন্ড ধুপধাপ ভাংগা যায়।

প্রাকটিকাল:১. কম্পিউটারের পাওয়ার বাটনে ক্লিক করে অনবরত কিবোর্ড এর F8 বাটনে চাপতে থাকুন।

২. এক সময় একটি কালো স্ক্রিন আসবে এতে অনেকগুলো অপশন থাকবে এর ভেতর SAFE MODE সিলেক্ট করুন। এখানে মাউস কাজ করে না তাই কিবোর্ডের আপার এরো দিয়ে (উপর দিকে তীর চিহ্ন) SAFE MODE দেখাতে হবে।

৩. এন্টার বাটনে চাপ দিন।

৪. সাথে সাথে ম্যাট্রিক্স মুভির মতো শত শত কোড সামনে দেখাবে। চিন্তার কারন নেই অপেক্ষা করুন।

৫. এবার কম্পিউটার স্বাভাবিক ভাবে চালু হবে এবং ADMINISTRATOR নামে একটি লগ ইন একাউন্ট শো করবে। 

৬. ADMINISTRATOR আইকনে চাপ দিন। এবার অটোমেটিক পাসওয়ার্ড ছাড়া ঢুকে যেতে পারবেন।

৭. এবার স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যান। এবং ইউজার একাউন্ট অপশনে ঢুকুন।

৮. এবার কম্পিউটারের লোকাল লগিন নেইমটি দেখাবে। ওখানে ঢুকে পাসওয়ার্ড রিমোভ করে দিন।

৯. কম্পিউটার রিস্টার্ট করুন।এবার আপনাকে আর পায় কে। বাধা মুক্ত ভাবে কম্পিউটার চালান। ২য় পর্বে আরো কিছু ট্রিক্স দেব। যাতে এডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দেয়া থাকলেও কম্পিউটার এর পাসওয়ার্ড ভাংগা যাবে।

লেখকঃ সিভিল ইঞ্জিনিয়ার