দোহারে এক রাতে ছয় বাড়িতে ডাকাতি আটক ১

0

ঢাকার দোহার উপজেলায় একই রাতে ৬ বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ১৪ লাখ টাকার মালামাল লুট করেছে। লাকী আক্তার নামে এক নারীকে আহত করেছে তারা। বুধবার রাতে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া, বাস্তা, শিলাকোঠা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির পর ভোরের দিকে কার্তিকপুর এলাকা থেকে কামাল (২৬) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের মৃত সামাদ বেপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১টার দিকে ১৫-২০ জনের একটি ডাকাত দল শিলাকোঠা গ্রামের প্রবাসী আবদুল খালেক সিকদারের বাড়িতে হানা দেয়। ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার লুট করে। একই সময়ে ডাকাতরা খালেক সিকদারের ভাই মহিউদ্দিন সিকদারের ঘরে ঢুকে নগদ ১০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, লোকমান সিকদারের ঘরে ঢুকে ১০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, আবুল কালাম সিকদারের ঘরে ঢুকে ১৮ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে কালাম সিকদারের মেয়ে লাকী আক্তারকে পিটিয়ে আহত করে তারা।

এরপর রাত ২টার দিকে ডাকাত দল পার্শ্ববর্তী বাস্তা গ্রামের প্রেস ব্যবসায়ী ওয়াদেল ও শিলাকোঠা গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দেড় লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণ লুট করে। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্তিকপুর গ্রামের কামাল নামে একজনকে আটক করে পুলিশ।

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক বলেন, এ বিষয়ে থানায় ডাকাতি মামলা হয়েছে।

জয়পাড়াতে যুবকের মৃতদেহ উদ্ধার

0

ঢাকার দোহার উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পাড়া বাজারের পাশে পদ্ম‍া নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পাড়া বাজারের পাশে পদ্ম‍া নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হক বিষয়টি নিউজ৩৯ কে নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি পদ্মায় লঞ্চডুবির কোনো যাত্রীর হতে পারে।

অস্ট্রিয়ায় ইসলামবিদ্বেষী আইন: নিন্দা জানালেন মুসলমানরা

0

অস্ট্রিয়ার মুসলমানদের ওপর সীমান্তবদ্ধতা আরোপের জন্য দেশটির আইনে যে সংশোধন আনা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির মুসলিম নেতারা। বুধবার আনা সংশোধনীতে বলা হয়েছে, অস্ট্রিয়ার মসজিদ বা অন্য কোনো মুসলিম সংস্থা দেশের বাইরে থেকে আর্থিক সাহায্য নিতে পারবে না।

রাজধানী ভিয়েনায় পার্লামেন্ট ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে মুসলিম নেতারা এ আইনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ন করা হয়েছে। এ আইনের ফলে অস্ট্রিয়ার মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ ও ইসলাম-আতঙ্ক বাড়বে।

অস্ট্রিয়ার মুসলিম সিভিল সোসাইটি নেটওয়ার্কের প্রধান ইনেস মাহমুদ এ সম্পর্কে বলেছেন, “এ আইনের ফলে অস্ট্রিয়ার জনগোষ্ঠী আমাদেরকে তাদের জন্য হুমকি বলে মনে করবে। তারা আমাদেরকে সন্ত্রাসী ভাবতে শুরু করবে।”

বুধবার অস্ট্রিয়ার পার্লামেন্ট প্রায় ১০০ বছর আগের একটি আইন সংশোধন করে। এতে দেশটির মুসলিম নাগরিক ও তাদের সংস্থাগুলোর প্রতি বিদেশি প্রভাব ও অর্থসাহায্য বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। সেইসঙ্গে এ আইনের ফলে মসজিদের ইমামরা জার্মান ভাষা শিখতে পারবেন না।

১৯১২ সালে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট প্রথম আইনটি পাস করা হয়েছিল। ওই আইনে ইসলামকে অস্ট্রিয়ার অন্যতম স্বীকৃত ধর্ম হিসেবে মেনে নেয়া হয়েছিল। মুসলমানদের ইউরোপীয় জনগোষ্ঠীর সঙ্গে একীভূত করে নেয়ার ক্ষেত্রে এ আইনকে এতদিন ইউরোপীয় দেশগুলোর জন্য আদর্শ হিসেবে বিবেচনা করা হতো।

অস্ট্রিয়ায় ক্যাথলিক খ্রিস্টানদের পর মুসলমানরা বৃহত্তম সংখ্যালঘু হিসেবে পরিচিত। দেশটির ৮৫ লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা অন্তত পাঁচ লাখ।

নবাবগঞ্জে বিয়ে ভেঙে দেয়ায় প্রেমিকের বাড়িতে হামলা

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিয়ে ভেঙে দেয়ার অভিযোগে প্রেমিকের বাড়িতে হামলা চালিয়ে আসবাব ভাংচুর করেছে প্রেমিকার বাবার পক্ষের লোকজন। এ সময় নারীসহ ৬ জনকে মারধর করা হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বালুরচর-টুকনিকান্দি গ্রামের মাসুদ ভূঁইয়ার কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে একই গ্রামের আবদুর রহমানের ছেলে শান্তর দীর্ঘদিন ধরে মন দেয়া-নেয়া চলছিল। সম্প্রতি কলেজছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক হয়। মঙ্গলবার হঠাৎ তার বিয়ে ভেঙে যায়।

কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, শান্ত ও তার পরিবার বিয়ে ভেঙে দিয়েছে। তাই মঙ্গলবার বিকালে ৪০/৫০ জনের একটি সশস্ত্র দল শান্তর বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরে থাকা টিভি, ফ্রিজ, আলমারি, মোটরসাইকেলসহ আসবাব ভাংচুর করে। এতে বাধা দেয়ার চেষ্টা করলে শান্তর মা, ভাবী,ভাগ্নেসহ ৫ জনকে মারধরে আহত করে।

ফেরার সময় শান্তর বন্ধু জাকিরের বাড়িতে হানা দেয় । এ সময় তাকে না পেয়ে তার মা হনুফা বেগমকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হনুফা বেগমকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

শান্তর বাবা আবদুর রহমান বলেন, হামলাকারীরা শুধু মারধর করেনি, ঘরে থাকা নগদ সাড়ে ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

মাসুদ ভূঁইয়া বলেন, ওরা মেয়ের বিয়ে ভেঙে দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করেছে। তাই এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওই বাড়িতে হামলা চালায়।

নবাবগঞ্জ থানার উপ- পরিদর্শক কায়সার আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করা হচ্ছে।

দোহার-নবাবগঞ্জে লোডশেডিং: ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা

0

ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় দফায় দফায় লোডশেডিংয়ের বিপাকে পড়েছে দুই উপজেলা এসএসসি পরীক্ষার্থীরা কৃষক,ব্যবসায় এবং বিশ্বকাপ দেখা দর্শকরাও বাদ পড়েনি লোডশেডিংয়ের ভোগান্তি থেকে। গরম তেমনটা না থাকলেও দফায় দফায় লোডশেডিংয়ের কারণে রিতিমত হিমশিম খাচ্ছে এই দু’ উপজেলার মানুষেরা ২৪ ঘন্টায় মধ্যে ৮ থেকে ১০ ঘন্টাই বিদ্যুৎ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে এই দু’ উপজেলার মানুষের।

চরম বিপাকে পড়েছে এসএসসি পরিক্ষার্থী, কৃষক,ব্যবসায় এবং বিশ্বকাপ দেখা দর্শকরাও। নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরিক্ষার্থী সুমি আক্তার বলেন, পড়ার সময়ে বিদ্যুৎ থাকে না সকাল ৬ টার সময় যায় আসে ১০ টার দিকে আবার বিকেলে ৩ টার দিকে যায় আসে ৫ টার দিকে আধা ঘন্টা থেকে সন্ধায় যে যায় পূনরায় আবার রাত ৯ টা বা তারো পরে আসে। যে সময় টুকু আমরা পড়া লেখা করবো যে সময়ইে বিদ্যুৎ থাকেনা ।

দোহারের এস,এস,সি পরীক্ষার্থী মো. সোহেল রানা জানান, কিছু দিন আগে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন বাংলাদেশে এখন আর লোডশেডিং নেই । তাহলে আমরা দৈনিক ৮ থেকে ১০ ঘন্টা কেন বিদ্যুৎ পাচ্ছি না ? তাহলে লোডশেডিংয়ের কারণে কেন আমাদের লেখা-পড়ার ক্ষতি হচ্ছে ।

ব্যবসায়ী মো. রিপন বলেন ,দেশের বর্তমান অবস্থা এমনিতিই ভাল নয় ব্যবসা বাণিজ্য খারাপ তার উপরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে।

কৃষক মো. শহর আলী বলেন, ইরি মৌসুম আসলেই শুরু হয় বিদ্যুৎ আসা যাওয়ার খেলা। বিদ্যুতের অভাবে পানি দিতে পারছি না ইরি ক্ষেত্রে।

নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. পলাশ আহ্মেদ বলেন, বিশ্বকাপে থেলা শুরু হলেই লোডশেডিংয়ে এরকম বিরক্ত করে। এ-ব্যাপারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রবিউল হোসেন ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিংয়ের কথা অস্বীকার করে বলেন, মাঝে মধ্যে একটু লোডশেডিং হয় তাও আবার ঢাকা থেকে।

দোহারে খাল উদ্ধারে স্বজনপ্রীতির অভিযোগ

0

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট এলাকায় খাল এবং রাস্তা দখল করে দোকান ও বাড়িঘর নির্মাণ করায় উপজেলা প্রশাসন দোকানিকে আটক করে। তবে প্রভাবশালীরা রাস্তা দখল করে দোকানপাট গড়ে তুললেও তাদের বহাল তবিয়তে রাখায় এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, সোমবার দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা নিপা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় নদী ভাঙনকবলিত ৮ দরিদ্র দোকানিকে আটক করে। পরে ৭ দিনের সময় দিয়ে দোকান সরিয়ে নেয়ার অঙ্গীকারে তাদের ছেড়ে দেয়া হয়। কিন্তু একই এলাকায় রাস্তার ওপর দোকান গড়ে তুলেছে কিছু প্রভাবশালী। তাদের দোকানঘর উচ্ছেদে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। ফলে এলাকার মানুষের মনে প্রশ্ন জেগেছে প্রভাবশালীদের বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে গরিব মানুষের ওপর চাপ সৃষ্টি করছে প্রশাসন।

দোকানদার রফিক মোল্লা বলেন, তাদের নিজস্ব জমির সঙ্গে ২৫-৩০ বছর আগে খাল ছিল এখন ভরাট হয়ে গেছে। ফলে অনেকেই ঘরবাড়ি করেছে। কেউ কেউ জীবিকার স্বার্থে দোকান করেছে। প্রশাসন অন্যদের কিছু না বলে তাদের আটক করছে। একই অভিযোগ করেন মনোয়ারা বেগম। তার ভাইকেও আটক করা হয়। তাদের দাবি আইন সবার জন্য সমান। আমাদের উচ্ছেদ করলে অন্যদেরও করা উচিত। তাছাড়া এখানে এখন খালের কোনো অস্তিত্ব নেই।

দোহার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড শামীম আরা নিপা বলেন, সরকারি খাল দখল করে যারাই স্থাপনা গড়েছে সবাইকেই তুলে দেয়া হবে। তবে তিনি রাস্তায় যারা ঘর তুলেছে তাদের বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, অনেকেই বন্দোবস্ত নিয়েছে। কিন্তু খাল বা জলাশয় বন্দোবস্ত দেয়া যায় কিনা এ প্রশ্নের জবাবে বলেন, সরকার তাদের বরাদ্দ দিলে তা বাতিল না করে উচ্ছেদ করা যাবে না।

নবাবগঞ্জে মোবাইলে কথা বলার জেরে গৃহবধু খুন

0

নবাবগঞ্জ এলাকায় মোবাইলে কথা বলার জেরে রুপা (১৯) নামে এক গৃহবধূকে খুন করেছে তার স্বামী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যন্ত্রাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহিন (৩৫) পলাতক রয়েছেন। রুপার বাবার নাম শহিদুল ইসলাম।  উপজেলার বালুখন্ড গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।

নিহতের মা রুকসানা বেগম শীর্ষ নিউজকে জানান, গত দুই মাস আগে রুপাকে যন্ত্রাইল এলাকায় মৃত রহমান মেম্বারের ছেলে শাহিনের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেন। সোমবার রাতে জামাই শাহিন তাকে মোবাইল ফোনে জানায় রুপার মোবাইলে কে বা কারা ফোন দেয়। এ নিয়ে রুপাকে শাহিন মারধর করে। এ সময় সে রুপার সঙ্গে কথা বলতে চাইলে তার সঙ্গে কথা বলা যাবে না বলে শহিন তাকে জানান। তাকে আমি মেরে ফেলবো বলে শাহিন মোবাইল লাইন কেটে দেন।

রুকসানা বেগম আরো জানান, তিনি ভেবে ছিলেন স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে তা ঠিক হয়ে যাবে। মেয়ের জামাই শাহিন মঙ্গলবার সন্ধ্যায় তাকে ফোন দিয়ে জানান, শাহিন তার মেয়েকে মেরে ফেলছে। এরপর শাহিন ফোন বন্ধ করে দেন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার নিউজ৩৯ কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

শ্রীনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

0

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ‘পুলিশের অস্ত্র ছিনতাই করে পালানোর সময়’ গোলাগুলিতে মো. শাহীন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ শাহীনকে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় একজন পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ।

নিহত শাহীনের বিরুদ্ধে শ্রীনগর থানায় ছিনতাই, ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। শাহীন শ্রীনগরের বাঘরা এলাকার দুর্ধর্ষ ডাকাত তাজেল বাহিনীর সদস্য বলে অভিযোগ রয়েছে। তাঁর বাড়ি রুদ্রপাড়া এলাকায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের ভাষ্যমতে, শাহীনকে গ্রেপ্তার করতে গতকাল বেলা দেড়টার দিকে বাঘরা ইউনিয়নের পুলিশ ফাঁড়ির চার পুলিশ রুদ্রপাড়া এলাকায় তাঁর বাড়িতে যায়। বাড়ির ভেতরে শাহীনসহ চার-পাঁচজন অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীদের একটি গুলি পুলিশ কনস্টেবল আল-আমিনের বাঁ হাতে লাগে। এ সময় তাঁর হাতে থাকা বন্দুকটি মাটিতে পড়ে যায়। শাহীনসহ তাঁর লোকজন সেই অস্ত্র নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে গোটা রুদ্রপাড়া এলাকা ঘিরে ফেলে। এ সময় শাহীন তাঁদের পাশের বাড়ির একটি টিনের ঘরের আড়ার ওপর আত্মগোপন করে থাকেন। পুলিশ ঘরটি ঘিরে ফেলে। শাহীন ঘরের আড়ার ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে আবার গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি চালালে শাহীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এরপর পুলিশ ছিনতাই হওয়া অস্ত্রটি শাহীনের কাছ থেকে উদ্ধার করে।

ওসি আরও জানান, শাহীনের লাশ থানায় নেওয়া হয়েছে। বুধবার (আজ) ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। গুলিবিদ্ধ কনস্টেবল আল-আমিনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে নিহত শাহীনের লাশ দেখার জন্য গোলাগুলির ঘটনাস্থলের আশপাশের লোকজন ভিড় করে। ঘটনার পর শাহীনের পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন।

পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে জানান, ডাকাতি-ছিনতাই ছিল শাহীনের পেশা। শাহীন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে তাঁর মৃত্যু হয়।

গুলিবিদ্ধ একজনসহ গ্রেপ্তার ২: কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে পুলিশের গুলিতে মো. জুয়েল (৩২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ জুয়েল ও তাঁর সহযোগী আল-আমিনকে (৩৫) হাত ও পা ভাঙা অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, পালানোর সময় জুয়েল গুলিবিদ্ধ হন। আর আল-আমিন পিকআপের নিচে পড়ে আহত হন। গত সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের আবদুল্লাহপুর কলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, রাত ১২টার দিকে পুলিশের একটি দল টহল দেওয়ার সময় তেঘরিয়া সড়কের একটি কারখানার সামনে পিকআপসহ কয়েক ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। সন্দেহ হলে পুলিশ ওই ব্যক্তিদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা পিকআপে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে কলাকান্দি এলাকায় পিকআপ থেকে নেমে পুলিশের ওপর হামলা করে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ গুলি চালায়। এতে জুয়েল পায়ে গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলি, একটি বিদেশি পিস্তলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। জুয়েল ও আল-আমিনকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়

মহাকবি কায়কোবাদের ১৫৮তম জন্মবার্ষিকী আজ

0

আজ ২৫ ফেব্রুয়ারি। মহাশ্মশান খ্যাত মহাকবি কায়কোবাদের ১৫৮তম জন্মবার্ষিকী। ১৮৫৭ খ্রিষ্টাব্দের এই দিনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কবি কায়কোবাদ ১৯০৪ সালে তার অমর কাব্যগ্রন্থ মহাশ্মশান লিখে মহাকবি উপাধিতে ভূষিত হয়েছিলেন।

মাত্র ১২ বছর বয়সে কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ প্রকাশিত হয় ১৮৭০ সালে। দ্বিতীয় কাব্যগ্রন্থ কুসুম কাননে প্রকাশিত হয় ১৮৭৩ সালে। এ দুটি কাব্যগ্রন্থ প্রকাশের পর পরই তিনি কবি হিসেবে পরিচিতি লাভ করেন।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহাকবি কায়কোবাদ সাহিত্য সংঘের উদ্যোগে আজ বুধবার বিকালে দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ধোয়াইর বাজারের কাছে পদ্মা থেকে শিশুর লাশ উদ্ধার

0

দোহার উপজেলার বাহ্রার ধোয়াইর বাজার এলাকার পদ্মা নদী থেকে একটি মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, নদীর পারে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের কোনো পরিচয় জানা যায়নি।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরিচার পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় লাশটি ভেসে আসতে পারে।