মেঘুলা বাজার থেকে ইস্রাফিল খালাসির দোকান উচ্ছেদ

ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারে সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত ৩টি দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে প্রশাসন এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল মেঘুলা বাজারের জমি দখল করে ৩টি দোকান ঘর নির্মাণ করলে বাজার কমিটি প্রশাসনকে অবহিত করে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন এসব দোকান উচ্ছেদ করে দেয়। এ বিষয়ে মেঘুলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মামুন হোসেন বলেন, ইস্রাফিল খালাসি তার দলবল দিয়ে বাজারের জমি দখল করে দোকান নির্মাণ করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে। এ বিষয়ে ইস্রাফিল খালাসি বলেন, আমি সরকারের কাছ থেকে এই সম্পত্তি লিজ নিয়েছি।

নবাবগঞ্জে রাস্তায় নৌকা ফেলে ডাকাতি

ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের নবাবগঞ্জ উপজেলার বেনুখালী চক এলাকায় রাস্তায় নৌকা ফেলে যাত্রীবাহী একটি প্রাইভেটকারে ডাকাতি হয়েছে। ডাকাতরা সূর্যবান বেগম (৬০) নামে এক যাত্রীর কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার লুট করে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রাইভেটকারের চালক শেখ শামিম জানান, সোমবার রাতে তার বড় ভাই জামিলকে প্রাইভেটকারযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে নবাবগঞ্জের মহব্বতপুর গ্রামে ফিরছিলেন। এসময় গাড়িতে পরিবারের শিশু ও মহিলাসহ ৬ সদস্য ছিল। রাত সাড়ে ১১টার দিকে বেনুখালী চকের ব্রিজের ঢালে সড়কে নৌকা ফেলে প্রতিবন্ধক সৃষ্টি করে ৫-৭ জনের এক দল ডাকাত। গাড়ি থামা মাত্র তারা অস্ত্র দিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। পরে তারা সবাইকে যা আছে দিয়ে দিতে বলে। এ সময় বৃদ্ধা সূর্যবান বেগমের কানের স্বর্ণালঙ্কার খুলতে দেরি হওয়ায় ডাকাতরা কান ছিড়ে নিয়ে যায়। আহতকে রাতেই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ডাকাতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের করণীয় সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে।  

নবাবগঞ্জে স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং ও রাস্তা থেকে ধরে নিয়ে শ্লীতাহানির প্রতিবাদে বুধবার দুপুরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। শোল্লা স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা নবাবগঞ্জ বাইপাস সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জানা যায়, ১১ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্থানীয় বখাটে সাগর রাজবংশীর নেতৃত্বে ১০/১২ জন তাকে শোল্লা ইউপি ভবনের কাছে তুলে নিয়ে শ্লীতাহানি করে। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করেন। এ ঘটনা মেয়েটির ভাই বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে বখাটেরা পরের দিন ওই মেয়েটির বাড়িতে হামলা চালিয়ে ভাই ও মাকে মারধর করে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। 

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান, তিন বখাটেকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হেলাল উদ্দিন, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইব্রাহীম খলিল, নজির হোসেন, আবদুল কাইয়ুম প্রমুখ।

মধুরচরে গাঁজা সহ যুবক গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ঢাকা দোহার থানার মধুরচরে মোঃ জলিল মিস্ত্রিকে ৫শ গ্রাম গাজাসহ আটক করেছে র‍্যাব-১১।

সিপিসি-১ মুন্সীগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ আনোয়ার এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উক্ত স্থানে থেকে তাকে গ্রেফতার করেন জলিল মিস্ত্রী দোহার, থানার মধুরচর, গ্রামের মোঃ আনসার মুন্সীর  ছেলে। আসামীকে  দোহার থানায় সোর্পদ করা হয়েছে।  এ সংক্রান্তে ঢাকা জেলার  দোহার থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

বৈশাখী উপলক্ষে দোহারের নারিশা যুব সমিতির মাঠে বৈশাখী মেলা উদযাপিত

দোহার উপজেলার যুব সমিতির আয়োজনে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের সৌজন্যে পান্তা আর ইলিশের আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী উৎসব। মঙ্গলবার সুর্য উদয় হওয়ার পর থেকে শুরু হয় পান্তা আর ইলিশের আয়োজন এর পর একে আসতে থাকে অথিতিদের আগমন সকালে পান্তা আর ইলিশের আয়োজন এর শুভ উদ্ধোধন করেন ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের পিতা প্রফেসর আব্দুর রাজ্জাক । 

সকাল দশটায় মাঠে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুর রহমান এর পর আসেন উপজেলা নির্বাহি কর্মকতা নরুল করিম ভুইয়া সাবেক ভুমি অফিসার সুরাইয়াজাহান, বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আল্লাউদ্দিন মোল্লা এক বিশাল মোটরসাইকেল বহর নিয়ে আসেন। নয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান এর পর পান্তা ইলিশে যোগ দিতে আসেন দোহার পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো সেন্টু তিনি একটি ট্রাক ও মোটরসাইকেল বহর নিয়ে পান্তা ইলিশে যোগ দেন। ছোট বড় আর আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন সব ভেদাভেদ ভুলে গিয়ে পুরাতানকে পিছনে ফেলে নতুনকে বরণ করে নেয়। সবার মাঝে অন্যরম এক আন্দন। 

সবাই একই কথা বলছে দোহার উপজেলায় পহেলা বৈশাখে এত বড় আয়োজন আগে আমরা কখনও দেখিনাই আমরা সবাই যেন সকল রাজনৈতিক ধর্ম বর্ন ভেদাভেদ ভুলে গিয়ে আজকের এই পান্তা আর ইলিশের আয়োজনে শরিক হয়েছি। আমরা কে কোন দল করি সেটা বড় কথা নয়; আজ আমরা এসেছি পিছনে সব দুঃখ বেদনা মুছে নতুনকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের আজ একটি দিন পহেলা বৈশাখ। সকাল থেকে যেন এক অন্যরকম আন্দন লক্ষ করা যায় নারিশা যুব সমাজের মাঠে। বেলা বাড়া সাথে সাথে আসতে থাকে অতিথি। সাবই এক সাথে বসে পান্তা আর ইলিশের আয়োজন করে। তাদের সাথে ভাগ করে নেয় ছোট ছোট ছেলেমেয়ে। সাবাই আসে মাঠে। এর পর আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মি।

এরপর শুরু হয় মনোঞ্জ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আমন্ত্রিত অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকতা নরুল করিম ভুইয়া, দোহার থানা অফিসার মাহমুদল হক, সাবেক ভুমি অফিসার সুরাইয়া জাহান, বিশিষ্ট শিল্পপতি আমির হোসেন (আমির কোম্পানী), জাহাজ ব্যবসায়ী নেত্ববৃন্দ, বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব বেপারী, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা, নারিশা যুব সমাজ সমিতির সভাপতি ইয়াকুব আকন, সাধারণ সম্পাদক কাউসার খালাসী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আ. মান্নান।

তুলশীখালী ও মরিচা সেতু টোলমুক্ত করার দাবিতে স্মারকলিপি

ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়কের তুলশীখালী ও মরিচা মহাকবি কায়কোবাদ সেতু টোলমুক্ত করার দাবিতে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। বুধবার বিকেলে এই স্মারকলিপি গ্রহণ করেন মুন্সীগঞ্জের এডিএম একেএম শওকত আলম মজুমদার। দোহার ও নবাবগঞ্জবাসীর পক্ষে শ্রমিক নেতা অবিনাশ সরকার রুপন, নবাবগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি শেখ তোফায়েল আহমেদ সেপুল, সংগঠক বাবু চন্দ্র ম-ল ও নার্গিস মল্লিকসহ নেতৃবৃন্দ এই স্মারকলিপি পেশ করেন। 

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার তুলশীখালীতে ধলেশ্বরী নদীর ওপর সাড়ে ৩ শ’ মিটার দীর্ঘ এবং এর প্রায় দেড় কিলোমিটার দূরে মরিচার ইছামতি নদীর উপর প্রায় একই দৈর্ঘ্যের মহাকবি কায়কোবাদ সেতু। সেতু দুটি ২০০৫ সালের ৫ অক্টোবর উদ্বোধন হয় এবং প্রথম থেকেই টোল আদায় শুরু হয়। সেতু দুটির অবস্থান মুন্সীগঞ্জ জেলায় হলেও বেশি যাতায়ত ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের। প্রতিদিন অন্তত ২০ হাজার মানুষের যাতায়াত এই সড়কে। সেতু দুটির ব্যয়ের চেয়ে কয়েকগুণ বেশি টোল এ পর্যন্ত আদায় হয়ে গেছে। তাই ছোট আকারের সেতু দু’টি টোলমুক্ত করার দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালিত হচ্ছে। এই অঞ্চলের প্রায় সব সামাজিক সংগঠনগুলোও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তাই অতিসত্বর টোলমুক্ত ঘোণার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে ঐতিহ্যবাহী এই জনপদের মানুষ। বর্তমানে বাস প্রতি ২শ’ টাকা ও সিএনজি অটো রিক্সা প্রতি ৩০ টাকাসহ বিভিন্ন হারে টোল আদায় করা হচ্ছে।

দুর্দিনে বিএনপির পাশে দাঁড়াতে চান ব্যারিস্টার নাজমুল হুদা

সরকার পুলিশ বাহিনী দিয়ে সকল নেতা-কর্মীদের গ্রেফতার, গুম ও খুনসহ নানাভাবে দমন নির্যাতন নীপিড়ন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। শনিবার রাতে ঢাকার দোহার উপজেলার সাইনপুকুরে তার নিজ বাস ভবনে তিনি এ কথা বলেন।  পাশাপাশি দলটির এই দুর্দিনে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা পাশে থাকার কথা বলেন। 

তিনি আরো বলেন, ‘আমি দীর্ঘদিন বিএনপির সাথে ছিলাম। চোখের সামনে দলটিকে এভাবে নিচিহ্ন করতে দেয়া যাবে না।  দলের এই ক্রান্তিকালে পাশে দাঁড়িয়ে কিছু করতে চাই।

তিনি সারা দেশের বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ঘরে বসার রাজনীতি ছেড়ে রাজপথে নামতে হবে এবং কেন্দ্রীয়ভাবে ঘোষণাকৃত সকল কর্মসূচি পালন করতে হবে।’

তুলশিখালী-মরিচা সেতু টোলমুক্ত করতে নবাবগঞ্জে মানববন্ধন

ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কের তুলশিখালী ও মরিচা মহাকবি কায়কোবাদ সেতু টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার দুপুরে ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়।

দুপুর ১২টায় শহীদ মিনারের সামনে সর্বস্তরের জনগণ তুলশিখালী ও মরিচা সেতু টোলমুক্ত করার দাবিতে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রীর কাছে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি তুলশিখালী ও মরিচা সেতুর টোলমুক্ত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমি, ছাত্রলীগের নবাবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, শ্রমিক নেতা রুপন সরকার, শেখ তোফায়েল আহমেদ সেপুল প্রমুখ। এছাড়া নবাবগঞ্জ উন্নয়ন সংস্থা, নবাবগঞ্জ প্রেস ক্লাব, নবাবগঞ্জ থিয়েটার, কায়কোবাদ সাহিত্য সংঘ, মানবাধিকার কমিশন, ইছামতি নদী বাঁচাও আন্দোলন কমিটি, বঙ্গবন্ধু সৈনিক লীগ, সম্মিলিত নাগরিক আন্দোলন, অটো শ্রমিক লীগ, সিএনজি চালক ও শ্রমিক সংগঠন, বাস শ্রমিক সমিতিসহ নানা পেশাজীবী ও সামাজিক সংগঠন এ সময় একাত্মতা প্রকাশ করে। উল্লেখ্য, ২০০৫ সালের ৫ অক্টোবর সেতু দুটি উদ্বোধন করা হয়। কিন্তু বিভিন্ন সময় সেতু দুটিতে অতিরিক্ত টোল আদায় করে আসছে ঠিকাদাররা। সেতু দুটির টোলমুক্ত করতে এলাকার জনগণ দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন।

নবাবগঞ্জ প্রকৌশলীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়মনীতির তোয়াক্কা না করেই তিনি ইচ্ছামতো কাজ করতে চান। আবার যেসব ঠিকাদার ঘুষ ও আগাম কমিশন দিতে চান না তাদের তিনি নানাভাবে হয়রানি করেন। এমনকি অভিযোগ রয়েছে ঠিকাদারি কাজ পাইয়ে দিতে আগাম ১০% ও কাজ পাওয়ার পর ৫% কমিশন নিয়ে থাকেন। তার আস্থাভাজন ঠিকাদাররাই এসব সুবিধা বেশি পেয়ে থাকেন। অনিয়ম-দুর্নীতির এ ঘোরটোপের সঙ্গে তার দফতরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও জড়িত।

তিনি একটি সিন্ডিকেট গড়ে তুলে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন। জানা গেছে, নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ ধরাকে সরাজ্ঞান করে লুটেপুটে খাচ্ছেন নানা প্রকল্পের অর্থ। তার নিজস্ব ঠিকাদারকে দিয়ে লোক দেখানো লটারি করে কাজ পাইয়ে দিয়েই তিনি ক্ষান্ত নন। নবাবগঞ্জ উপজেলার কয়েকটি বড় সেতু নির্মাণে তিনি গাফিলতি করেছেন। ফলে ঠিকাদার পরিবর্তনের অজুহাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ওপরের কর্মকর্তাদের ম্যানেজ করে এসব প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়িয়েছেন। সেখানেও রয়েছে তার অর্থ লুটে নেয়ার বিশেষ কৌশল। তবে তিনি এসব বিষয়ে নিজে সুবিধা নেয়ার কথা অস্বীকার করেন। কিন্তু এ ধরনের কাজের ক্ষেত্রে বরাদ্দ যে বাড়ে সে বিষয়ে তিনি একমত পোষণ করেন।

নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি একটি রাস্তায় কাজ হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগসাজশে ঠিকাদার তড়িগড়ি করে কাজটি শেষ করেছেন। এ ছাড়া যন্ত্রাইল ইউনিয়নের একটি রাস্তায় নিম্নমানের ইটের খোয়া ফেলেই বিটুমিন ঢেলে দায়সারা কাজ শেষ করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

একজন ঠিকাদার বলেন, নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ তাকে একটি কাজ বাগিয়ে দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে প্রায় এক বছর ধরে টালবাহানা করছেন। এরকম আরও অনেকেই তার কাছে ধরাশায়ী হয়েছেন।

তার বিরুদ্ধে অভিযোগ আছে, বিভিন্ন ইউনিয়নের কয়েকজন ইউপি চেয়ারম্যান ও প্রভাবশালী কিছু ঠিকাদারের সঙ্গে সখ্যতা রেখে প্রকল্প ও বাজেট তৈরি করে তাদের কাজ পাইয়ে দিচ্ছেন।

এ ছাড়া তিনি উপজেলার ১৪টি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাস্তার প্রকল্প তৈরি না করেই স্বজনপ্রীতির মাধ্যমে যেসব এলাকায় তার ব্যক্তিগত সুবিধা আদায়ের সুযোগ আছে, সেসব এলাকার রাস্তা ও ব্রিজ-কালভার্টের কাজ আগে করাচ্ছেন। এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলে তিনি নিজেকে সরকারের প্রভাবশালী লোকের কাছের মানুষ ও প্রধানমন্ত্রীর এলাকার লোক বলে পরিচয় দেন। তাই ভুক্তভোগী ঠিকাদার ও এলাকার সচেতন মহলের কেউ কেউ তার এসব কাজের প্রতিবাদ করলেও ফল মেলেনি।

উপজেলার একজন সহকারী প্রকৌশলী বলেন, বেশিরভাগ ক্ষেত্রে ঘুষের অভিযোগ হাতেনাতে প্রমাণ করা যায় না। তাই নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের এ ধরনের দুর্নীতি হয়তো প্রমাণ করা যাবে না। কিন্তু আমরা খুব কাছ থেকে যা দেখেছি- তিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না। আগাম টাকা ছাড়া তিনি যেমন কোনো প্রকল্প নিতে চান না, তেমনি আগাম কমিশন ছাড়া ঠিকাদারকে কাজও দেন না।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ নিউজ৩৯কে বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়। আমার আওতাভুক্ত প্রতিটি এলাকার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারে উদ্যোগ নিয়েছি।’

বিদ্যুৎবিহীন তিন দিন নয়াবাড়ি ইউনিয়ন

গত মঙ্গলবারের কাল বৈশাখী ঝড়ের পর এখনও স্বাভাবিক হয় নি দোহারের সর্ব পশ্চিমের ইউনিয়ন নয়াবাড়ির বিদ্যুৎ ব্যবস্থা। গত ৭২ ঘন্টা ধরে বিদ্যুৎ বিহীন এক অসহ্য জীবন যাপন করছে এই ইউনিয়ন বাসী। নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ এর অফিস বারবার যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ আসার কোন আশ্বাস।

গত মঙ্গলবার ঝড়ে দোহার নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই উপজেলার মানুষ। অতি দ্রুত বিদ্যুৎ লাইন ঠিক করার থাকলেও দোহার ও নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস ঢিমে তালে ঠিক করছে বৈদ্যুতিক সংযোগ। ফলে কাল দুপুরে দোহারের জয়পাড়া বাজারে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে। এছাড়া আজ সকালে দোহারের কুসুমহাটিসহ অন্য সব ইউনিয়নে বিদ্যুৎ লাইন ঠিক হলেও এখনও ঠিক হয়নি নয়াবাড়ি ইউনিয়নে। 

এ ব্যাপারে নবাবগঞ্জ ও দোহারের পল্লী বিদ্যুৎ এর সাথে যোগাযোগ করলে তারা তাদের লোকবল সংকটের কথা বলে বিষয়টা এড়িয়ে যান।