হাজী জমির উদ্দিন মোল্লা স্মৃতি ক্রিকেট ফাইনালে দোহার বাইক সেন্টার চ্যাম্পিয়ন

নিউজ৩৯♦ দোহার উপজেলার সুন্দরীপাড়ায় হাজী জমির উদ্দিন মোল্লা স্মৃতি টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পূর্ব জয়পাড়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দোহার বাইক সেন্টার। সুন্দরীপাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনালে পূর্ব জয়পাড়া ক্রিকেট একাদশকে ৯৩ রানে হারায়  দোহার বাইক সেন্টার ক্রিকেট একাদশ।

শুক্রবার বিকেলে সুন্দরীপাড়া মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টসে জিতে দোহার বাইক সেন্টার ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২৪৫ রান করে। নির্ধারিত ২০ ওভারে পূর্ব জয়পাড়া ক্রিকেট একাদশ ১৫২ রান করতে সক্ষম হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউপি চেয়ারম্যান হাফেজ আবদুল ওয়াহাব দোহারী, অ্যাডভোকেট মিজানুর রহমান টিটু ও মো. আলী শরীফ।

খেলায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য গিয়াস উদ্দিন মোল্লা ও সার্বিক সহযোগিতা করেন মিজানুর রহমান মোল্লা। চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে ২১ ইঞ্চি কালার টিভি পুরস্কার দেয়া হয়।

ছাত্রদল সব সময় খালেদা জিয়ার পাশেই থাকবে: ভিপি কামাল

নিউজ৩৯♦ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারন করে দেশ নেত্রীর পাশে সব সময় থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন খান (ভিপি কামাল)। মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে ফেরার পথে নিউজ৩৯ কে তিনি এই কথা বলন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে মঙ্গলবার বনানী কবরস্থানে জান বেগম খালেদা জিয়া। এসময় তার সাথে ছাত্রদলের নেতা কর্মীদের সাথে উপস্থিত ছিলেন দোহারের সন্তান কামাল হোসেন খান। এসময় বেগম খালেদা জিয়ার গাড়ি পাহাড়া দিয়ে নিয়ে যায় ছাত্রদল নেতাকর্মীরা। পরবর্তীতে কবর জিয়ারত শেষে বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে দিয়ে আসে ছাত্রদল নেতাকর্মীরা। এই সময় ছাত্রদল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার পক্ষে স্লোগান দেন।

এইসময় নিউজ৩৯ কে ভিপি কামাল বলেন, সামনের আন্দোলন সংগ্রামে পূর্বের মতোই সব সময় রাজপথে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রদল তার আদেশ মতো যেকোন কিছু করতে প্রস্তুত আছে বলে মন্তব্য করেন ভিপি কামাল।

নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বকস্নগর-বলমান্তচর খেয়াঘাট এলাকা থেকে আ. রাজ্জাক (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। আটককৃত আ. রাজ্জাক উপজেলার ছোট বকস্নগর মুনিপাড়া এলাকার মৃত আ. আজিজের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাউসারের নেতৃত্বে পুলিশ উপজেলার ছোট বকস্নগর এলাকার খেয়াঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী আ. রাজ্জাককে আটক করে। এ সময়ে তার দেহ তল্লাশী করে ৮ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আ. রাজ্জাক দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক বিক্রয় করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এসআই কাউসারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঢাকায় কোর্টে আছেন বলে জানান এবং গত রাতে একজন আসামি ধরেছেন তার কাছ থেকে কোন মাদক পাওয়া যায়নি বলে জানান এবং আসামির নাম জিজ্ঞাসা করতেই বলেন নাম মনে নেই, এ বিষয়ে ওসি স্যারের সাথে কথা বলেন। এ বিষয়ে এএসআই মোজাম্মেল জানান, ছোট বকস্নগর মুনিপাড়ার আ. রাজ্জাক নামে এক মাদকের আসামিকে এসআই কাউসার স্যার গত রাতে ধরে এনেছেন এখন থানা কাস্টরীতে আছে। তবে কি মাদকসহ এবং কতটুকু এ বিষয়ে জানাতে তিনি অক্ষমতা প্রকাশ করে এসআই কাউসারের সাথে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, গত রাতে দুই জন আসামিকে আটক করা হয়েছে। তবে মাদকের আসামী কি না এ মুহুর্তে আমি বলতে পারবো না।

চুড়াইনে সোনার বাংলা আবাসিক প্রকল্প উদ্বোধন

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সোনার বাংলা আবাসিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা চুড়াইন বাজারে আহসানউল্লাহ শপিং কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন। 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আবদুল বাছেদ প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবরেজিস্টার এসএম সফিউল বারী।

উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আবদুর রহমান সুজন (কেরানীগঞ্জ), মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়ল, এসএম তিতাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোড়ল, গোলাম মাওলা চিনু, আমীর হোসেন গফুর, উপজেলা যুবলীগ নেতা সারোয়ার হোসেন খান, সাব্বির হোসেন বাদল প্রমুখ।

নবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে ইসলামিক ব্যাংক নবাবগঞ্জ শাখা। মঙ্গলবার উপজেলা সদর মুক্তি ক্লিনিকে দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর। 

স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংক নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মতিউর রহমান। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ শাখার প্রকল্প কর্মকর্তা বাইতুল ইসলাম মোল্লা, সহকারী প্রকল্প কর্মকর্তা তৈয়বুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক নাহিদ হোসেন ও আ. ছালাম এবং সহকারী চিকিৎসক তোফাজ্জল হোসেন উজ্জ্বল রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদানসহ ডায়াবেটিস, রক্তের গ্রুপিং নির্ণয় ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়।

জয়পাড়া কলেজ মোড় থেকে ইয়াবা ব্যবসায়ী আটক

নিউজ৩৯ ♦ ঢাকার দোহার উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনোয়ার শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পাড়া কলেজ মোড় চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত মো. আনোয়ার শেখ রাইপাড়া গ্রামের অধিবাসী মো. দেলু শেখের ছেলে।

দোহার থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মো. আনোয়ার শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক আইনে একটি মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যসেবায় মনোযোগী হতে হবেঃ দোহারে সালমা ইসলাম

নিউজ৩৯♦ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখছেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিদোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখছেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

গ্রামের সাধারণ মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের মনোযোগী হতে হবে। রোববার ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এ কথা বলেন।

সালমা ইসলাম বলেন, প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষের স্বাস্থ্যসেবায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। যারা এসব প্রতিষ্ঠান থেকে সেবা বঞ্চিত হবে তারাই মূলত অগ্রাধিকার প্রাপ্ত। বাণিজ্যিক নয়, সেবার মনোভাব নিয়ে চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হবে। যাদের টাকায় বেতন-ভাতা হয় তাদের ফাঁকি দিলে বিবেকের তারণায় যন্ত্রণা পোহাতে হবে।

তিনি সব চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের মনোযোগী হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। সেই সঙ্গে হাসপাতালের খাবারের মান, বিনামূল্যে ওষুধসহ প্রয়োজনীয় সব সেবা প্রদানের জন্য কর্তৃপক্ষকে সজাগ থাকতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দোহার পৌর মেয়র আবদুর রহিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম, স্বাস্থ্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ইমারত হোসেন রুমেল, ডা. মঞ্জুর এলাহী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসি মো. মাহমুদুল হক, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, শামীম আহমেদ হান্নান, জাতীয় পার্টি নেতা ডা. আলাউদ্দিন আল আজাদ, প্রমুখ।

দোহারে সাড়ে ৩ বছরের শিশুকে বলাৎকার

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মধুরচর গ্রামের নিলয় হোসেন নামের এক সাড়ে তিন বছর বয়সী শিশুকে বলাৎকার করা হয়েছে। এ ঘটনায় থানায় বাদী হয়ে মামলা দায়ের করছেন শিশুটির মা নাছিমা বেগম। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩রা ফেব্রুয়ারি সকালে নিলয় হোসেনকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে বলাৎকার করে তার প্রতিবেশী সিরাজ মিয়ার ছেলে শামীম হোসেন (১৫)। এ সময় নিলয় চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন শিশুটি হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিল। এ ঘটনায় গতকাল শনিবার সকালে নিলয়ের মা নাছিমা বেগম বাদী হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেছেন।  

ঘটনার সত্যতা স্বীকার করে দোহার থানার পিএসআই নাজনীন আক্তার বলেন “শিশুটির মা এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে”।

মিজানুর রহমান শমশেরীর দুটি কবিতা

একুশের কবিতা 

এইদিন থেকে কিছুদিন আগে-

যখন ফাগুন নব-প্রতিভাত

কৃষ্ণচূড়ার রঙিন আমেজ

একদল কিশোরের প্রাণে জাগে।

 

আর কিছু মানুষেরা সাগরবেলায়

নিজের অস্তিত্ব ভুলে 

দাসত্বের রজ্জু পরে গলে মত্ত ছিল

কিছুদিন রাজা রাজা খেলায়।

 

খেলা জমেছিল, ওরা ঘাগু খেলোয়াড়;

আর সহসা মৌসুম গেলো ঘুরে।

 

দখিন দুয়ার থেকে নিদাঘ-বসন্ত বায়ু

ছুটে আসে দীর্ঘশ্বাসে

স্বদেশ-জননী চায় মাতৃ-অধিকার।

 

করপুটে করবীর রঙিন চুম্বনে

কিশোর-বালক আসে মা’র পাশে;

কণ্ঠে তার উদাত্ত মায়ের ভাষা।

 

রক্তের গোধূলি থেকে টেনে নিয়ে মুখ

জননী- শোকার্তা মাতা চলে রাজপথে

অশ্রুহীন শত আঁখি বিমুগ্ধ বিমূঢ়।

 

দেয়ালিকা

পাষাণ মানুষ বুঝলে না কেউ জীবনের অভিপ্রায়,

তাই লিখে যাই অমর কাহিনি মূক দেয়ালের গায়।

আঁধার জীবনে আলেয়ার আলো স্বপ্নসৌধ গড়ে,

দিনের আলোতে রাতের স্বপন নিমেষে নিমেষে ঝরে।

 

চলতি পথের এধারে ওধারে নিত্য বাসনা কুড়াই,

রোশনিবিহীন বাস্তবতায় ধূলিতে যে তা ওড়াই।

তিমির রাতের আঁধার ভাঙিয়া স্বপ্ন-আহত পাখি

নিয়ত খুঁজিছে আলোর পরশ তন্দ্রাবিহীন আঁখি।

 

মানবতাহীন মানব সমাজ- হায়রে কঠিন বিধা!

মানুষ চিবোতে মানুষের হাড় কেউ তো করে না দ্বিধা।

মানুষে মানুষে এতো ব্যবধান! কালের প্রবাহ শেষে-

হায়, বুঝি আজ সব খোয়ালাম বিংশুতি যুগে এসে!

নবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

Close

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের ২০১৫/১৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে বাজেট উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন।

এতে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, দূর্যোগ ব্যবস্থাপনা ও বৃক্ষ রোপন খাতকে উল্লেখযোগ্য ব্যয় রেখে ৭৩ লাখ ৩২ হাজার ৯৫৯ টাকা ও কর, ট্রেডলাইসেন্স, যানবাহন ফি, জন্মনিবন্ধন, সম্পত্তি ভাড়া খাতকে প্রধান আয় রেখে ৭৩ লাখ ৩৬ হাজার ৯৪৯ টাকা বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান। উপস্থিত ছিলেন পরিষদের সচিব মো. পারভেজ মুজিব, ইউপি সদস্য আমেনা বেগম, নাজমা বেগম, রানু আরা, মো. আলাউদ্দিন মো. মমিনুল ইসলাম, নাদিম শেখ, মো. আসলাম প্রমূখ।