অর্থনৈতিক উন্নয়নে নারীদেরও এগিয়ে আসতে হবেঃ নবাবগঞ্জে সালমা ইসলাম

নিউজ৩৯♦ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে। মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউপি ভবন চত্বরে মহিলা পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মহিলা পার্টির নেত্রী শিল্পী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে সালমা ইসলাম বলেন, দেশ, সমাজ ও পরিবারের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারী সমাজকেও সর্বক্ষেত্রে পরিশ্রমী হতে হবে। এ সময় আগলা ইউনিয়নের সেলিনা আক্তারের নেতৃত্বে কয়েকশ’ নারী সালমা ইসলামের হাতে ফুল দিয়ে জাতীয় মহিলা পার্টিতে যোগদান করেন।

সালমা ইসলাম এমপি নারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এমপি আমি। কারণ প্রতিটি পরিবারেই মহিলা ভোটারের সংখ্যা বেশি। তাই আমার গর্ব হচ্ছে। আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন। তাহলেই আমি এলাকার উন্নয়নে কাজ করতে পারব।

অ্যাডভোকেট সালমা ইসলাম নিজের কথা শেষ না করেই উপস্থিত জনতা ও নারীদের অভিযোগ ও দাবি শুনতে তাদের হাতে মাইক তুলে দেন। এসময় কয়েকজন নারী-পুরুষ দাঁড়িয়ে গ্যাস সংযোগ, নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প কারখানা স্থাপন, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ প্রদান ও রাস্তাঘাট সংস্কারের দাবি জানান।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য সালমা ইসলাম তাদের পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় তিনি দোহার-নবাবগঞ্জের গরিব অসহায় পরিবারের পাশে থেকে কাজ করার কথা বলেন।

সিরাজুল ইসলাম ভুলুকে উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলা পরিষদের উপনির্র্বাচনে চেয়ারম্যান পদের জন্য বিএনপির একক প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম ভুলুর নাম ঘোষণা করা হয়েছে। দলের এক বৈঠকে তার নাম চূড়ান্ত করা হয়। তিনি দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

২৬ জুন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ঢাকা জেলা বিএনপি নেতা কামরুল হুদা মারা গেলে পদটি শূন্য হয়।

জানা যায়, গত নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী অংশগ্রহণ করলেও এবার একক প্রার্থী ঘোষণা করায় সুবিধাজনক অবস্থানে থাকবে বলে তাদের আশা। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি।

 

এবার কেরানীগঞ্জে শিশু পিটিয়ে হত্যা

নিউজ৩৯♦ এবার কেরানীগঞ্জে মোবাইল চুরির অপবাদ দিয়ে রাব্বি হাসান (১২) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে কেরানীগঞ্জের কালিগঞ্জে ইমরান গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানার ভেতর এ ঘটনা ঘটে। নিহত রাব্বি হাসান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার লবণছাড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।

নিহতের  মামা বাবুল মিয়া জানান, ১৫ দিন আগে গ্রামের বাড়ি থেকে মিরাজ নামে এক বন্ধুর সঙ্গে ঢাকার কেরানীগঞ্জে আসে রাব্বি। এরপর সে ইমরান গার্মেন্টসে শ্রমিক হিসাবে কাজ শুরু করে। তিনি অভিযোগ করেন, ইমরান গার্মেন্টসের এক শ্রমিকের মোবাইল খোয়া যায়। এতে সবাই রাব্বিকে সন্দেহ করে। গার্মেন্টসের কয়েকজন কর্মচারী রাব্বিকে পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কর্মচারীরা তাকে বাথরুমে নিয়ে গলায় দড়ি  বেঁধে আত্মহত্যার নাটক সাজায়। রাত ১২টার দিকে পাশের প্রতিষ্ঠানের লোকজনকে সঙ্গে নিয়ে তারা রাব্বিকে বাথরুম থেকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ সময় সে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাব্বির মৃত্যুর সংবাদ শুনে সঙ্গে থাকা মিরাজ নামে এক সহকর্মী পালিয়ে গেলেও হাসপাতালের চিকিত্সক-কর্মচারীরা আক্তার ও সেলিম নামে অপর দুইজনকে আটক করে  দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করে। তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ কাউকে আটকের কথা অস্বীকার করেছে। 

সোমবার দুপুরে  দক্ষিণ কেরানীগঞ্জ থানায় উপ-পরিদর্শক  মোজাম্মেল হোসেন হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে  ময়না তদন্তের জন্য লাশ সেখানকার মর্গে হস্তান্তর করে। তিনি জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তবে কিভাবে মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে বলা যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নারী কেলেঙ্কারিঃ উত্তপ্ত জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়

নিউজ৩৯♦ নারী কেলেঙ্কারির অভিযোগে ফুঁসে উঠেছে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদের বিরুদ্ধে উঠেছে নারি কেলেঙ্কারির অভিযোগ। সেই সাথে এই বিষয়কে কেন্দ্র করে হযরত আলীর বিরুদ্ধেও ঊঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে নারী নির্যাতনের অভিযোগ। এই বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়। এই নিয়ে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ ও সহকারী প্রধান শিক্ষক হযরত আলীর বিরুদ্ধে মানব বন্ধনও করেছে স্কুলের শিক্ষার্থীরা।  পরে ঘটনাস্থলে দোহার থানা পুলিশ উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রনে আনে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদের সাথে পরকিয়ার জের ধরে তার স্ত্রী রুমা আক্তারের সাথে গত শনিবার রাত নয়টার দিকে কথা কাটাকাটি হয়। এ সময় স্বামীর ঘটনায় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে মোস্তাক আহমেদকে কোপ দিতে যায়। এসময় ঘটনাস্থলে স্কুলের সহকারী প্রধান শিক্ষক হযরত আলী উপস্থিত হন এবং তিনি প্রথমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করলেও এক পর্যায় ক্ষিপ্ত হয়ে মোস্তাক আহমেদের স্ত্রী রুমা আক্তারকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন। এ সময় রুমা আক্তারের চিৎকারে লোকজন দোহার থানায় খবর দিলে দোহার থানা ওসি তদন্ত শেখ সোহেল রানা তাকে উদ্ধার করে। এসময় দোহার থানায় রুমা আক্তার প্রধান শিক্ষক রুমা আক্তার বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অজানা কারনে শিক্ষক হযরত আলীর বিরুদ্ধে কোন অভিযোগ লিপিবদ্ধ করা হয় নি। 

পরবর্তীতে সোমবার সকালে স্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে মানব বন্ধন ও স্কুলের ভিতরে বিক্ষোভ মিছিল করে। এসময় খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা স্কুলে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয় ও স্কুল থেকে বের করে দেয়া হয়। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষ, অভিভাবক, দোহার থানা ওসি তদন্ত সহ একটা জরুরি সভা অনুষ্ঠিত হয় । এসময় অভিভাবকরা সাংবাদিকদের কাজে বাধা দেয়া জন্য নিন্দা প্রকাশ করেন এবং এই ঘটনার কোন সমাধান না হওয়া পর্যন্ত অভিযুক্ত দুই শিক্ষকের বিদ্যালয় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। 

পৌরসভার রাস্তার সাময়িক সংস্কারে দুর্ভোগ বৃদ্ধি

তানজিম ইসলাম, নিউজ ৩৯.নেট ♦ লটাখোলা করম আলীর মোর থেকে জয়পাড়া বাজার পর্যন্ত রাস্তাটির দীর্ঘ দিন ধরে বেহাল দশা। সম্প্রতি রাস্তাটি সংস্কারের দরপত্র হয়েছে।

ওয়ান ব্যাংকের সামনে থেকে শুরু হওয়া পবন বেপারি সড়কের চেয়েও বেহাল অবস্থা লটাখোলা করম আলীর মোর থেকে শুরু হওয়া ধনাই বেপারি সড়কের। কিন্তু রাস্তার নির্মান কাজ শুরু হয়েছে পবন বেপারি সড়কের, যা কিনা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক টানা বর্ষণের ফলে রাস্তার উপর থাকা ডোবাগুলো পুকুরে পরিণত হয়েছে। এই রাস্তাকে সাময়িক চলার উপযুক্ত করার জন্য বালু মাটি ফেলা হয়েছে। যার ফলে দুর্ভোগ তো কমেইনি বরং আরও বেড়েছে। মাটিতে খোয়া প্রায় নেই বললেই চলে, যার কারনে রাস্তা যে কোনো সময়ের চেয়ে বেশি কর্দমাক্ত হয়েছে, গাড়ীর চাকা ক্রমাগত দেবে গিয়ে চলার অনুপযুক্ত হয়ে গিয়েছে।

এবিষয়ে কাজের দায়িত্ব পাওয়া লতা কন্সট্রাকশনের ব্যবস্থাপক ফারুক কন্ট্রাকটার নিউজ৩৯-কে বলেন, “ধনাই বেপারি সড়কের কাজ শুরু হবে কোরবানি ঈদের পর। জনগনের চলাচলের অসুবিধার কথা ভেবে আমরা রাস্তায় খোয়া এবং বালু ফেলেছি।” এ বিষয়ে পৌরপিতা আব্দুর রহিম চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে ডাকাতি

নিউজ৩৯♦ ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমানের বাসায় ডাকাতি হয়েছে। দোহারের নারিশা খালপাড় এলাকায় অবস্থিত তার বাসায় শনিবার রাতে এই ডাকাতি হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায় শনিবার রাত দেড়টায় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মাহবুব বেপারীর ঘরের কেচিগেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ঘরের আলমারীতে রাখা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলে সেটসহ ৫ লাখ টাকার মালামাল লূত করে নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার সময় ডাকাতের অস্ত্রের আঘাতে মামুন(৩৮) ও মাহবুব বেপারীর মা মমতাজ বেগম(৬৫) গুরুতর আহত হন। 

খবর পেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং ডাকাত অদলকে স্পীড বোট নিয়ে ধাওয়া করে। 

দোহার উপজেলা পরিষদ উপনির্বাচনের তফসিল ঘোষণা: মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ২৫ আগস্ট

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কমিশনার মো. শাহ্ আলম রোববার এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২৫ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ও বাছাই ২৭ আগস্ট, ২১ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৬ জুন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য হয়। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ওই পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম।

নবাবগঞ্জে খন্দকার আলী আব্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

নিউজ৩৯♦ বিপ্লব ও বিপ্লবীর মৃত্যু নেই। এমনই আদর্শ ধারণ করেছেন খন্দকার আলী আব্বাস। তিনি ছিলেন সমাজ বিপ্লবের হাতিয়ার। সোমবার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে খন্দকার আলী আব্বাসের ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুল বারেক এতে সভাপতিত্ব করেন। নবাবগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টি এর আয়োজন করে।

স্মরন সভায় বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান, খন্দকার আলী আব্বাসের সহধর্মিণী বেবি আব্বাস, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দিলু, কালিপদ মাস্টার, ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সাধারণ সম্পাদক আজহারুল হক, ওয়ার্কার্স পার্টি নেতা আবদুল জলিল, সাইদুর রহমান, আসলাম খান, নাসির উদ্দিন পল্লব, ইউপি চেয়ারম্যান এরশাদ আল মামুন, পলাশ চৌধূরী, মহসীন হাসান লিটু, সংগঠক জালাল উদ্দিন প্রমুখ।

এর আগে দুপুর ১২টায় খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে ফুল দেয় নবাবগঞ্জ প্রেস ক্লাব, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন। তিনি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও মৃত্যুর আগ পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন।

দোহার উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

নিউজ৩৯♦ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২৬ জুন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে শূন্য হয় উপজেলা চেয়ারম্যান পদ। সম্ভাব্য তারিখ হিসেবে ২১ সেপ্টেম্বর এ উপজেলায় ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

উপনিবার্চনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। গেল রমজানের ঈদ থেকেই প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য প্রার্থীরা। ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণের হিড়িক পড়ে গেছে। 

নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ও বেক্সিমকো গ্রুপের পরিচালক আলমগীর হোসেন, উপজেলা সহ-সভাপতি নুরুল হক বেপারি, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, প্রকৌশলী মেহবুব কবির প্রচারণা চালালেও বিএনপি সমর্থিত কোনো প্রার্থীর নাম এখনও শোনা না গেলেও দোহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ভুলু, কামরুল হুদার সহধর্মিণীর নাম শোনা  যাচ্ছে না। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে এ উপজেলার বিভিন্ন জনসাধারণের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরাও ইউনিয়নে গ্রামে সভা-সমাবেশ করে বেড়াচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, উপনির্বাচনকে ঘিরে প্রার্থী সমর্থনে হিমশিম খাচ্ছে সব রাজনৈতিক দল। একাধিক প্রার্থীর প্রচারণায় দলের নীতি নির্ধারকরাও পড়েছে বিপাকে। আওয়ামী লীগের হয়ে জোরেসরেই মাঠে নেমেছেন উপজেলা সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি নুরুল হক বেপারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। এরা মাঠে প্রচারণায় খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে প্রার্থী নির্ধারণে উপজেলা নেতা ও তৃণমূলের সমর্থনের অপেক্ষা মাত্র।

নজরুল ইসলাম বাবুল বলেন, দল তার পক্ষে সমর্থন দিবে এটা তার বিশ্বাস। দলের সিদ্ধান্তের বাইরে আমার কোনো সিদ্ধান্ত নেই।

আলমগীর হোসেন বলেন, দোহারের আওয়ামী লীগের সর্বস্তরের নেতা, তৃণমূল কর্মী, সুশীল সমাজ ও সাধারণ জনগণ আমার পাশে আছে। তাদের মতের প্রতি সম্মান রেখেই নির্বাচনের কর্মকাণ্ড পরিচালনা করছি। আশা করি আমার যোগ্যতা বিবেচনা করে দলীয় সমর্থন দিবে। তবে দলের প্রতি শ্রদ্ধা রেখেই পরবর্তী সিদ্ধান্ত হবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, শেখ হাসিনার নির্দেশে সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সভা করে যোগ্য ও দক্ষ প্রার্থীকে সমর্থন দেয়া হবে।

দোহার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শামীমা রাহিম বলেন, দলীয়ভাবে এখনও কাউকে প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

রাজধানী ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকার দোহার উপজেলা। ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে দোহার উপজেলা।