নবাবগঞ্জ ইয়াবা ব্যবসায়ীর সাজা

নবাবগঞ্জ উপজেলার দেওতলা থেকে শনিবার সন্ধ্যায় মফিজুল ইসলাম মফি(৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার দুপুরে নবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়ার ভ্রাম্যমান আদালত মফিজুলকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়। নবাবগঞ্জ থানার এস আই আবুল বাশার নিউজ৩৯ কে জানান, মফিজ এর আগেও বেশ কয়েকবার ইয়াবা নিয়ে পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। কিন্তু জামিনে বের হয়ে এসে আবার পুনরায় ইয়াবা ব্যবসায় শুরু করে।

নবাবগঞ্জের তালিকা ভুক্ত সন্ত্রাসী সালাউদ্দিন গ্রেফতার

সিংগাইরে সিংগাইর ও নবাবগঞ্জ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সালাউদ্দিনকে (৩৪) দুটো ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সে সিঙ্গাইর পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের মঞ্জুর কাদেরের ছেলে।

সিংগাইর থানার অফিসার্স ইন-চার্জ সৈয়দুজ্জামান জানান,সালাউদ্দিনের  বিরুদ্ধে সিংগাইর ও নবাবগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা সহ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে গ্রেফতারের দাবিতে গ্রামবাসী সম্প্রতি মানব-বন্ধন কর্মসূচীও  পালন করেছে।

শুক্রবার রাতে পুলিশ উপ পরিদর্শক গাজী মিজানুর রহমান ও খোরশেদ আলম যৌথ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে।

এদিকে গ্রামের লোকজন জানান, জমি লিখে না দেয়ার জন্য সালাউদ্দিন নিজের বাবাকেও পিস্তল ঠেকিয়েছে এবং মেরে ফেলার জন্যও একাধিকবার চেষ্টা করেছে। সালাউদ্দিনের গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

পৃথিবী সেরা ১০ স্মার্ট ফোন

মটোরোলা মটো এক্স পিওর

এ বছরের অন্যতম বহুল আলোচিত ও প্রতীক্ষিত স্মার্টফোন মটোরোলার মটো এক্স পিওর মডেলটি। বলা যায় সহজলভ্য দামে সর্বোচ্চ উন্নত সুবিধা মিলবে এই স্মার্টফোনটিতে। ৫.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটিতে টার্বো পাওয়ার চার্জিং, ওয়াটার প্রটেকশন ফিচারসহ নানা সুবিধা রয়েছে। মটোরোলা মটো এক্স পিওর-এর দাম ৩৯৯.৯৯ ডলার।

এইচটিসি ওয়ান এ৯

এই স্মার্টফোনটিকে বলা হচ্ছে, অ্যাপলের আইফোন ৬এসের বিকল্প। এইচটিসির নতুন এই স্মার্টফোনটির সঙ্গে আইফোন ৬ এসের বেশ কিছু সাদৃশ্য রয়েছে। ধাতব কাঠামোতে এইচটিসি ওয়ান এ৯ ফোনটিতে একক স্পিকার, গোলাকার ক্যামেরা সেটআপসহ বেশ কিছুতে আইফোনের সঙ্গে মিল রয়েছে। ৫.০ ইঞ্চি ডিসপ্লের এইচটিসির নতুন এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। রয়েছে ২ জিবি র্যাম। ব্যাটারি ২১৫০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শাম্যালো ৬.০। এইচটিসি ওয়ান এ৯-এর দাম ৪৯৯ ডলার।

স্যামসাং গ্যালাক্সি এস ৬

একটা উন্নত ফ্লাগশিপ স্মার্টফোনের মধ্যে আপনি যা প্রত্যাশা করেন, তার সবই রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৬ স্মার্টফোনে। অন্যতম সেরা ডিজাইনের এই স্মার্টফোনটিতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর প্রযুক্তি এবং স্যামসাংযের নতুন মোবাইল পেমেন্টে সিস্টেম ‘স্যামসাং পে’ রয়েছে। ৫.১ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ২৫৫০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০.২। স্যামসাং গ্যালাক্সি এস৬-এর দাম ৬০০ ডলার।

স্যামসাং গ্যালাক্সি নোট ৫

স্যামসাংযের গ্যালাক্সি নোট ৫ বৃহৎ ডিসপ্লের অন্যতম শ্রেষ্ঠ ফোন। প্রিমিয়াম এই স্মার্টফোনটিতে এস পেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি ও দ্রুতগতিতে চার্জ দেওয়ার প্রযুক্তি রয়েছে। ৫.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ৪ জিবি র্যাম। ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। স্যামসাং গ্যালাক্সি নোট ৫-এর দাম ৭৪০ ডলার।

স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ

চলতি বছরে স্যামসাং অসাধারণ সব ফ্লাগশিপ স্মার্টফোন বাজারে নিয়ে এসে ব্যাপক সাড়া ফেলেছে। তেমনই একটি সেরা স্মার্টফোন হচ্ছে গ্যালাক্সি এস৬ এজ। এটি অনেকটা গ্যালাক্সি এস৬ এর মতো হলেও, বিশেষত্ব হচ্ছে এর অসাধারণ কার্ভড স্ক্রিন। এটি বিশ্বের প্রথম দুই দিকে বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। ৫.১ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ২৬০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০.২। স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ-এর দাম ৬০০ ডলার।

স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ প্লাস

স্যামসাংয়ের ‘গ্যালাক্সি এস৬ এজ’ সিরিজের বৃহৎ ডিসপ্লের ফোন ‘গ্যালাক্সি এস৬ এজ প্লাস’। স্যামসাংযের এ যাবত কালের তৈরি স্মার্টফোনগুলোর মধ্যে সেরা স্মার্টফোন এটি। সেটটির পাশ বাঁকানো। নামের সঙ্গে ‘প্লাস’ জুড়ে দেওয়া হয়েছে। কারণ এর স্ক্রিন আগের মডেলের চেয়ে বেড়েছে। ৫.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ৪ জিবি র্যাম। ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ প্লাস-এর দাম ৮১৫ ডলার।

নেক্সাস ৫এক্স

গুগলের নতুন ফ্লাগশিপ স্মার্টফোন নেক্সাস ৫এক্স। এবং বর্তমান সময়ের অন্যতম সেরা ফোন এটি। স্মার্টফোনটিকে আইফোনের উপযুক্ত প্রতিদ্বন্দ্বীও বলা যেতে পারে। আপনার যদি আইফোন কেনার ইচ্ছা না থাকে এবং বাজারের অন্যতম সেরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের ইচ্ছা থাকে, তাহলে নিক্সাস ৫এক্স আপনাকে হতাশ করবে না। গুগলের পক্ষে নেক্সাস ৫এক্স স্মার্টফোনটি বাজারে এনেছে এলজি। ৫.২ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১২.৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ২ জিবি র্যাম। ব্যাটারি ২৭০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শাম্যালো ৬.০। এলজি নেক্সাস ৫এক্স-এর দাম ৩৭৯ ডলার।

নেক্সাস ৬পি

গুগলের নতুন ফ্লাগশিপ স্মার্টফোন নেক্সাস ৫এক্সের তুলনায় কিছুটা উন্নত ও বড় ডিসপ্লে সুবিধাসম্পন্ন গুগলের নেক্সাস ৬পি স্মার্টফোনটি। এটিও বর্তমান সময়ের অন্যতম সেরা একটি ফোন। গুগলের পক্ষে নেক্সাস ৬পি স্মার্টফোনটি বাজারে এনেছে হুয়াউয়ে। ৫.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ৩৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শাম্যালো ৬.০। হুয়াউয়ে নেক্সাস ৬পি-এর দাম ৪৯৯ ডলার।

অ্যাপল আইফোন ৬এস প্লাস

সম্প্রতি বাজারে আসা অ্যাপলের নতুন আইফোন ৬এস প্লাস হচ্ছে, বড় ডিসপ্লের স্মার্টফোনের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। দেখতে অনেকটা গত বছরের আইফোন ৬ প্লাসের মতো হলেও, নতুন আইফোন ৬এস প্লাস স্মার্টফোনটিতে বিভিন্ন নতুন ফিচার রয়েছে। এর মধ্যে থ্রিডি টাচ প্রযুক্তি উল্লেখ্য। ৫.৫ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। রয়েছে ২ জিবি র্যাম। ব্যাটারি ২৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম আইওএস ৯। আইফোন ৬এস প্লাস-এর দাম ৭৪৯ ডলার।

অ্যাপল আইফোন ৬এস

সম্প্রতি বাজারে আসা অ্যাপলের নতুন আইফোন ৬এস হচ্ছে, বিশ্বের সবচেয়ে উন্নত স্মার্টফোন। আইফোন ব্যবহারকারীদের সুবিধা হচ্ছে, অ্যাপ ডেভেলপাররা বরবরই সেরা অ্যাপটি সবার আগে আইফোন ব্যবহারকারীদের জন্যই তৈরি করে থাকে। আর অ্যাপলের সবার চেয়ে নতুন ও সেরা প্রযুক্তি নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই। এ কারণেই বিশ্বব্যাপী আইফোনের এতো চাহিদা। ৪.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ২ জিবি র্যাম। ব্যাটারি ১৭১৫ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম আইওএস ৯। আইফোন ৬এস-এর দাম ৬৪৯ ডলার।

নবাবগঞ্জে বিশ্ব ডায়বেটিকস দিবস পালিত

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব ডায়বেটিকস দিবস পালিত হয়েছে। “স্বাস্থ্যসম্মত জীবন যাপন করি ডায়বেটিকস থেকে মুক্ত থাকি” এই স্লোগান সামনে রেখে শনিবার সকাল ১০ টায় উপজেলা হলিকেয়ার ডায়বেটিকস সেন্টারের উদ্যেগে বিশ্ব ডায়বেটিকস দিবস পালিত হয়। সেন্টার থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভা ও বিনামূল্যে ডায়বেটিকস পরীক্ষা করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান রশিদ ও সভাপত্ত্বিত করেন ডা. আনিসুর রহমান।

ডেইরি ফার্মে ভাগ্য বদল মায়ার

অদম্য সাহসিকতার সঙ্গে ডেইরি ফার্ম করে স্বাবলম্বী হয়েছেন নবাবগঞ্জ উপজেলার কান্দামাত্রা গ্রামের মায়া রানী বাউল। এর মধ্যে দিয়ে তিনি এক সফল নারী উদ্যোক্তা হিসাবে সুনাম অর্জন করেছেন। দিন-রাত কঠোর পরিশ্রম করে তিলে-তিলে দাঁড় করিয়েছেন তার স্বপ্ন। জীবনযুদ্ধ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন ওই অদম্য নারী। কোনো বাধাই তাকে দমাতে পারেনি।

মায়া রানী বলেন, আমি স্বল্প মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করে গড়ে তুলেছি এ ডেইরি ফার্ম। বর্তমানে আমাদের দেশে ডেইরি ফার্মের সংখ্যা অনেক। দিন দিন এর চাহিদা বাড়ছে। আমিষের চাহিদা মেটাতে মাংসের তুলনা নেই। তারপর  প্রতিদিন  জ্বালানি হিসাবে গোবর ও জৈব সার  পাওয়া যাচ্ছে ডেইরি ফার্ম থেকে।

মাত্র ৮টি অস্ট্রেলিয়ান প্রজাতির গাভী দিয়ে শুরু করেন তার ডেইরি ফার্ম। এখন ডেইরি ফার্মে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় ২৮টি গাভী। গড়ে প্রতিদিন তার ডেইরি ফার্মে দুধ উত্পাদন হয় ১২০ লিটার। তা দিয়ে তিনি গ্রামবাসীর দুধের চাহিদা মিটিয়ে থাকেন। এতেই তার ভাগ্যের চাকা ঘুরেছে আর এ থেকে তার বার্ষিক আয় হয় ৩৫ লাখ টাকা।

নবাবগঞ্জ উপজেলা প্রাণি-সম্পদ কর্মকর্তা নারায়ণ চন্দ্র বলেন, মায়া রানী একজন সফল নারী উদ্যোক্তা। তার দেখানো পথ ধরে এগিয়ে আসলে অন্য নারীদেরও  সাফল্য আসবে।

আবু তাহেরের দুইটি কবিতা

0

মিষ্টি মুখের হাঁসি

মিষ্টি মুখের মিষ্টি কথা

আরও সৃষ্টি হাঁসি

খুব সহজেই যায় বিলানো

হায়না মোটেই বাসি।

মিষ্টি কথা, মিষ্টি হাঁসি

মধুর আচরন,

এক নিমিষে দেয় ভরিয়ে

সব মানুষের মন।।

লক্ষ টাকার চেয়ে দামি

মুখের মিষ্টি হাঁসি,

ভালবাসার মুক্ত যেন

ছড়ায় রাশি-রাশি।।

 

 

তরুন তোমার জন্য

 

চারা গাছে আজ ফুটল কালি

এনেছি শখ করে,

তরুন তুমি যেওনা কখনও

এ কথাটি ভুলে।।

ফুটবে যখন গোলাপ গাছে

রাখিবে যতন করে,

পাপড়ী যেন ঝরে না কভু

কোন তরুনীর তরে।।

ভবিষ্যৎ তোমার ডাকছে তরুন

উঠিও তোমার নায়ে,

মাঝ পথে গিয়ে হাল ধরিও

ছেড়ে দিও না কোন ভয়ে।।

চতুর্দিকে হতে ডাকবে তোমায়,

দিওনা ডাকে সারা,

পথ দেখিয়ে চললে কখনও

হবে না দিশে-হারা।।

সুখী থাকার জন্য ফেইসবুক ত্যাগ করুন

সব সময় নানা কারণে মানসিক চাপে রয়েছেন? সামাজিকতায় সমস্যা হচ্ছে? এসব সমস্যার অন্যতম কারণ ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম। আর গবেষকরা জানাচ্ছেন, যারা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্রাতিরিক্ত ব্যস্ত তারা এসব ত্যাগ করলে ব্যাপকভাবে উপকৃত হবেন।

গবেষকরা জানিয়েছেন, মাত্র এক সপ্তাহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকলেই তাদের মানসিক সন্তুষ্টি বা সুখের মাত্রা অন্যদের থেকে বেশি হবে। ডেনমার্কের হ্যাপিনেস রিসার্চ ইন্সটিটিউট এক গবেষণায় এ তথ্য জানতে পেরেছে।

এ গবেষণায় মোট ১,০৯৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এতে তাদের দুটি ভাগে বিভক্ত করা হয়। তাদের এক ভাগ ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ করে দেয়। অন্য ভাগ তা ব্যবহার করতে থাকে।

এ  বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মেইক উইকিং বলেন, ‘আমরা গবেষণায় ফেসবুকের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখি কারণ এটি বিভিন্ন বয়সের মানুষের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ ব্যবহার করে।’

এক সপ্তাহ পর দেখা যায়, যারা ফেসবুক ব্যবহার করা থেকে বিরত আছেন তাদের ৮৮ শতাংশ নিজেকে ‘সুখী’ বলে অভিহিত করেন। অন্যদিকে যারা ফেসবুক ব্যবহার করা চালিয়ে গিয়েছেন তাদের মধ্যে এ সংখ্যা কম (৮১%) দেখা যায়।

গবেষণার ফলাফলে গবেষকরা জানান, যারা সামাজিক যোগাযোগমাধ্যম ত্যাগ করেছেন তারা সামাজিক জীবনে ভালো ফলাফল পেয়েছে এবং বিভিন্ন বিষয়ে মনোযোগ নিবদ্ধ করার দক্ষতা বেড়েছে। অন্যদিকে বাকি মানুষেরা, যারা ফেসবুক ব্যবহার অব্যাহত রেখেছেন, তাদের সামাজিকতায় কোনো পরিবর্তন হয়নি।

সামগ্রীকভাবে ফেসবুক ব্যবহারকারীদের মাঝে সুখের মাত্রা ৩৯ শতাংশ কমে বলে জানান গবেষকরা। আর তাই মানসিক সন্তুষ্টি ও সুখের মাত্রা বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত হওয়ার বা ব্যবহার সীমিত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ইন্টারনেট ছাড়াই গুগল মানচিত্র

সার্চ ইঞ্জিন গুগল এবার নিজেদের মানচিত্র সেবা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ব্যবহারের সুবিধা চালু করতে যাচ্ছে। নতুন হালনাগাদে বিষয়টি যুক্ত করা হবে। এতে করে গুগল ম্যাপস ব্যবহার করতে ইন্টারনেটে যুক্ত হতে হবে না। শুধু অবস্থানই নয়, নির্দিষ্টভাবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খোঁজা, দোকান কিংবা প্রতিষ্ঠানের খোলা ও বন্ধের সময়, টেলিফোন নম্বরও অফলাইনে পাওয়া যাবে।

গুগল জানিয়েছে, কোনো পর্যটক অন্য দেশে গেলে ইন্টারনেট পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন বা বেশি মূল্য দিয়ে ডেটা কেনার প্রয়োজন পড়ে। অফলাইনে গুগল মানচিত্র সেবাটি চালু হলে তাঁরাই সবচেয়ে বেশি সুবিধা পাবেন। নির্দিষ্ট কোনো শহরে যাওয়ার আগে সে শহরের মানচিত্রের একটি সংস্করণ নিজের মোবাইল ফোনে নামিয়ে নিয়েই কাজটি করা যাবে। এক তথ্যে গুগল জানিয়েছে, মোবাইল ফোনে নামিয়ে নেওয়া মানচিত্রের আকারও খুব বেশি বড় হবে না। যেমন পুরো লন্ডনের মানচিত্রের আকার হবে ৩৮০ মেগাবাইট।

গুগল মানচিত্রের পরবর্তী সংস্করণ থেকে অফলাইনের এ সংস্করণটি পাবেন ব্যবহারকারীরা। ইনস্টল করার ১৫ দিন পরপর কোনো ওয়াই-ফাই সংযোগ বা মোবাইল ইন্টারনেট সংযোগ থাকলে সহজেই হালনাগাদ হয়ে যাবে অফলাইনের অ্যাপটি।

গুগল মানচিত্রের পণ্য ব্যবস্থাপক আমান্দা বিশপ বলেন, ‘তিন বছর ধরেই আমরা এটি নিয়ে কাজ করে যাচ্ছি।’ আগামী বছরের শুরুতে আইওএস ব্যবহারকারীরাও এ সেবাটি পাবেন বলে জানা গেছে।

দোহারে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর ভাবে পালন করেছে দোহার উপজেলা যুবলীগ। বুধবার দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দোহার উপজেলা যুবলীগ। দোহার উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মান্নান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সিনি. সহ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা যুবলীগের সভাপতি সফিউর রহমান বারকু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা যুবলীগের সিনি. সহ সভাপতি সালাউদ্দিন দ্বরানী। দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন(ভিপি আলমাস) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচলনা করেন দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ।

আলোচনা অনুষ্ঠানের পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দোহার থানা ওসি সিরাজুল ইসলাম অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

সুতারপাড়ায় জমি দখলের জন্য হামলা: ৫ জনের বিরুদ্ধে মামলা

দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামে হামলা চালিয়ে জমি দখলের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে দোহার থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন— মধুরচর গ্রামের আব্দুস সালাম (৫০), আলম মাদবর (৫০), আতাহার (৩৮), কিতাব আলী (৫০) ও দুদু মিয়া (৪৫)। এর মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণ ও থানা সূত্রে জানা যায়, সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামের মো. জয়ধর আলী পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি আদালতের ডিক্রি পেয়ে ভোগদখল করছেন। তবে গত শুক্রবার মধুরচর গ্রামের আব্দুস সালাম, আলম মাদবর, আতাহার, কিতাব আলী ও দুদু মিয়া (৪৫) দলবল নিয়ে জয়দর আলীর কাছে ১ লাখ টাকা টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা জয়ধরের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সেদিনই দোহার থানায় মামলা করেন জয়ধর আলী। পুলিশ অভিযান চালিয়ে আতাহার ও কিতাব আলীকে আটক করে আদালতে সোপর্দ করে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম নিউজ৩৯কে জানান, হামলা করে জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া আব্দুস সালাম ও আলম মাদবরের বিরুদ্ধে দোহার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে।