দোহারে ভেজাল সেমাই কারখানায় অভিযান; লাখ টাকা জরিমানা

ঢাকার দোহার উপজেলায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে দোহারের একটি  কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে দোহার উপজেলার ভ্রাম্যমান আদালত। এসময় সেমাই কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এ অভিযান পরিচালনা করে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবু মো.সালেহ সহ র‌্যাব সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রায়পাড়া ইউনিয়নের বৌ বাজার এলাকায় একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরি করা হচ্ছিল সেমাই। গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরে মঙ্গলবার সেখানে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা ভ্রাম্যমান আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন না নিয়ে এবং ভেজাল সেমাই খাদ্য তৈরি ও বাজারজাতকরণ এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৫০ ধারায় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। পরে ভেজাল সেমাই মাটিতে পুঁতে নষ্ট করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, যারা ইদকে কেন্দ্র করে অবৈধ ভাবে এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে দোহার উপজেলা প্রশাসনের অভিযান চালমান থাকবে। এই অবৈধ ব্যবসাইদের ছাড় দেওয়া হবে না এবং দোহার উপজেলার প্রশাসনের ভেজালবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

দোহারে জমে উঠেছে ঈদের কেনাকাটা; স্বাস্থ্যবিধির বালাই নেই

ঢাকা জেলার দোহার উপজেলায় জমে উঠেছে ইদ বাজার। সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শপিংমল, বিপনীবিতান ও মার্কেটগুলো জমে উঠেছে ঈদের কেনাকাটায়। ঢাকার দোহার উপজেলার মার্কেটগুলোতে বুধবার সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মার্কেটগুলোতে নেমেছে মানুষের ঢল। ঈদের কেনাকাটায় মাতোয়ারা মানুষ। তবে উপেক্ষিত ছিল সামাজিক দূরত্ব। করোনা পরিস্থিতির কথা মনেই নেই হয়তো কারো। তবে মাস্ক পড়া ছিলেন বেশিরভাগ ক্রেতারাই। দোকানদাররাও চেষ্টা করেছেন ক্রেতাদের সাথে স্বাস্থ্যবিধি অনুযায়ী বেচাকেনা করতে। কিন্তু ক্রেতার চাপে সেই স্বাস্থ্যবিধি মানা পুরোপুরিভাবে সম্ভব হয় নি।
দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া এলাকা বাজার ঘুরে দেখা যায়, পসরা সাজিয়ে বসেছে ফুটপাত ব্যবসায়ীরা। ঈদ কেন্দ্রিক কেনাকাটা ব্যাপকভাবে জমে উঠতে শুরু করেছে। মার্কেট খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

এদিকে স্বাস্থ্যবিধি মানাতে ও জনসচেতনার লক্ষ্যে দোহার উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং সে সাথে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে জরিমানাও করা হচ্ছে সাথে সতর্কও করা হচ্ছে জনসাধারণকে।

দোহার উপজেলার জয়পাড়া বাজারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটগুলোতে নানা বয়সী মানুষের ভিড় বাড়তে দেখা গেছে। মার্কেটগুলোতে অধিকাংশ ক্রেতা-বিক্রেতা মাস্ক ব্যবহার করলেও সামাজিক দূরত্বের বিষয়টি কেউ মানছেনা। তীব্র ভিড় উপেক্ষা করে কেনাকাটা করছেন সবাই।
এছাড়া মার্কেট, শপিং মলগুলোতে হাঁটার জায়গা পর্যন্ত নেই। ক্রেতারা তাদের ইচ্ছেমত পছন্দ অনুযায়ী ঈদের জামা কাপড় কিনছে। তারা একাধিক দোকানেও যাচ্ছে আর এ ফলে তারা জানতেও পারছেন না যে কাপড়, কসমেটিকস, জুতা এগুলো ক্রেতারা অনেকে স্পর্শ করবে এবং সেগুলো প্রতিনিয়ত জীবণুমক্ত করা সম্ভব নয়।

জয়পাড়া বাজারে বেশীর ভাগ ক্রেতাসহ বিক্রেতার মুখে মাস্ক দেখা যায়ইনি। শপিংমল মালিকদের সাথে মাস্কের বিষয় কথা বললে, তারা জানান যে অনেক সময় ধরে মাস্ক পড়ে থাকতে পারিনা। আর তাছাড়া এখন যে গরম ও ক্রেতার যে ভিড় তাতে আরো গরম বেশী লাগে আর সে জন্য আমরা মাস্ক মাঝে মাঝে খুলে একটু দম ফেলি।

শপিং করতে আসা মাহামুদুর হাসান সুমনের সাথে কথা হলে তিনি জানান, আমাদের সবারই স্বাস্থ্যবিধি মানতে হবে তার সাথে আমাদের সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। জামা কাপড়ের বিষয় জানতে চাই তিনি বলেন আমার মনে হয় না যে এ বছর করোনার জন্য দাম বেশী হয়েছে। জামা কাপড় এর দাম আমি মনে করি স্বাভাবিক আছে।

ঢাকা জেলার দোহার উপজেলায় জমে উঠেছে ইদ বাজার। সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শপিংমল, বিপনীবিতান ও মার্কেটগুলো জমে উঠেছে ঈদের

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, সরকারের সিদ্ধান্তে মার্কেট ও দোকানপাট খুলেছে। করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমরা ব্যবসায়ীসহ ক্রেতাদের বিভিন্নভাবে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

মানবিক কাজে মানুষের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগঃ নির্মল রঞ্জন গুহ

দেশের কল্যাণে সবসময় মানবিক কাজে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। শনিবার সকালে ঢাকার দোহারের মাহমুদপুর ও রায়পাড়া ইউনিয়নে মানবতার ভ্যানগাড়ী নিয়ে মানুষের মাঝে ইফতার ও অন্যন্য খাদ্যসামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে এই লকডাউনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আমরা মানুষের পাশে এসে দাড়িঁয়েছি। যার ধারাবাহিকতার যাত্রা শুরু হয়েছে দোহার থেকে।

এবার দোহার-নবাবগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে। করোনার সংক্রমন রোধে মানবতার ভ্যানগাড়ী দিয়ে বাড়ি বাড়ি পৌছে দেয়া হবে এই সহায়তা।

নির্মল রঞ্জন গুহ বলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান দোহার ও নবাবগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় সময় সকল বিত্ত্ববানদের সামর্থ অনুযায়ী মানুষকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী, সহ-সভাপতি বাসার মুন্সী,দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা তুহিন হুসাইন, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ প্রমুখ।

দোহারে র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার দোহার উপজেলায় মো.রবিন (৩০) ও মো.হৃদয় মাঝি (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার উপজেলার পৃথক স্থানে র‌্যাব অভিযান চালিয়ে মো. রবিনকে হেরোইন ও মো.হৃদয় মাঝিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. রবিন উপজেলার মইতপাড়া গ্রামের মৃত ইছাহাক চৌকদারের ছেলে এবং মো. হৃদয় মাঝি একই গ্রামের মৃত আরতর আলী মাঝির ছেলে।

রোববার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনি.সহকারী পুলিশ সুপার মো.আবু ছালেহ জানান, রোববার বেলা সোয়া ১২টায় র‌্যাব-১১ এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মইতপাড়া পল্লীবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক বেচাকিনির সময় ১ হাজার ৬০০ গ্রাম হেরোইন-সহ মো.রবিনকে গ্রেপ্তার করে। এবং একই দিন দুপুর পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ উপজেলার মৌড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা-সহ হৃদয় মাঝিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো.রবিন ও মো. হৃদয় মাঝির বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন(লাঠু বাঙ্গালী) এর ইন্তেকাল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহাদাত হোসেন লাটু বাঙালী হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রবিবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৮) বছর। তিনি এক ছেলে এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান। তিনি নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

সোমবার দুপুর দেড়টায় দিঘিরপাড় নওমোজাহিদ ক্লাব মাঠে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদাণ করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি অরুণ কৃষ্ণ পাল, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ সিরাজুল ইসলাম লিটু ও পুলিশ ফোর্স।

নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন(লাঠু বাঙ্গালী) এর ইন্তেকাল

রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করেণ নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত ভূইয়া,যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিক, বক্সনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান  ইব্রাহিম খলিল, গালিমপুর ইউপ চেয়ারম্যান তপন মোল্লা, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, সাবেক চেয়ারম্যান এরশাদ আল মামুনসহ আরো অনেকে। জানাযা শেষে দিঘিরপাড় সামাজিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নবাবগঞ্জ থিয়েটার, দিঘিরপাড় নওমোজাহিদ ক্লাব,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছেন।

দাঁতের চিকিৎসা করতে এসে হাত ভেঙ্গে বাসায় ফিরলেন ফাতেমা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগী কাড়াকাড়ির সময়ে ক্লিনিক দালালের ঘুষিতে  ফাতেমা সুলতানা (২৮) নামে এক রোগীর হাত ভেঙ্গেছে। শনিবার বেলা ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত ফাতেমা সুলতানা সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গিরিনগর গ্রামের ইমন হাসান রুবেলের স্ত্রী। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ভুক্তভোগী ফাতেমা সুলতানা নবাবগঞ্জ প্রেসক্লাবে এসে সংবাদকর্মীদের জানান, শনিবার বেলা ১২টার দিকে তার দাঁতের ব্যথার চিকিৎসা নিতে স্বামীসহ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের সিড়ির কাছে রহিম ও বেগম নামে দুই ক্লিনিক দালাল অন্য এক রোগীকে নিয়ে টানাটানির এক পর্যায়ে দু’জনে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময়ে ফাতেমা সুলতানা তার স্বামীকে সাথে নিয়ে সিড়ি দিয়ে উপরে উঠার মুহুর্তে ক্লিনিক দালাল রহিম অপর দালাল বেগমকে ঘুষি মারতে গেলে মুহুর্তে বেগম সরে যাওয়ায় রহিমের ঘুষি এসে ফাতেমা সুলতানার হাতে গিয়ে লাগে। তাৎক্ষণিকভাবে ফাতেমাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করা হলে তাতে হাড়ে ফাটল দেখা যায়।

ফাতেমা সুলতানার স্বামী ইমন হাসান রুবেল বলেন, আমরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশে সহযোগীতা চাই। আমরা এ ঘটনার বিচার চাই। যাতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা আর কোন রোগী যেন এমন ঘটনার শিকার না হয়।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল জলিল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। প্রতিদিনই হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের  সচেতন করা হচ্ছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগীতা চেয়েছি।

দোহারে দুই বন্ধু নিখোঁজ ১৩ দিন ধরে

ঢাকার দোহার উপজেলায় বাড়ি থেকে এক সঙ্গে বের হয়ে দুই বন্ধু ১৩ দিন যাবৎ নিখোঁজ রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে রোববার দুপুরে দোহার থানার এসআই আক্কাস মিয়া জানান, গত ২০ এপ্রিল (মঙ্গলবার) বাড়ি থেকে একসঙ্গে বের হয়ে নিখোঁজ হয় দুই বন্ধু। নিখোঁজ ব্যক্তিরা হলো দোহার উপজেলার ঘাটা এলাকার মৃত বাবুল মৃধা ও রাজিয়া বেগম দম্পতির ছেলে সাইদুল মৃধা (২৬) ও সাইদুলের প্রতিবেশী বন্ধু সোহেল (২৬)।

ছেলের নিখোঁজের বিষয়ে ঘটনার তিনদিন পর সাইদুলের মা রাজিয়া দোহার থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন ( যার নং- ৮১২, তাং-২৩/০৪/২১) বলেন জানান এসআই আক্কাস।

তিনি আরো জানান, দোহার থানায় জিডির পর দোহার থানা পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের সর্বশেষ অবস্থান মুন্সীগঞ্জের মাওয়া পেয়েছি। তারপর তাদের মোবাইলে বন্ধ পাওয়ায় আর তাদের অবস্থান শনাক্ত করতে পারি নাই। ইতোমধ্যে তাদের সন্ধানে বিভিন্ন থানায় আমরা বার্তা পাঠিয়েছি। এখনও তাদের সন্ধ্যান পাওয়া যায়নি। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ নিখোঁজের ঘটনায় সাইদুলের মা থানায় জিডি করলেও সোহেলের পরিবার এ বিষয়ে থানায় কোনো কিছু জানায়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

নিখোঁজ সাইদুলের মা রাজিয়া বেগম জানান, গত ২০ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টার দিকে প্রতিবেশি সোহেল আমাদের বাড়িতে এসে আমার ছেলে সাইদুলকে জানায় কাজীরচর এলাকার সাজ্জাদ নামে এক ব্যক্তি তাদেরকে দেখা করতে বলেছেন। এ কথা শুনে সাইদুল সোহেলের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে দিন সন্ধ্যা ৭টার দিকে আমার ছেলে ফোনে আমাকে জানায় সে মাওয়া আছে। আজ রাতে ফিরবো না কাল সকালে বাসায় ফিরবো। পরের দিন সকালে আমি ছেলের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ২৩ এপ্রিল (শুক্রবার) দোহার থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী (জিডি) করি।

দ্রুত ছেলের সন্ধান চেয়ে রাজিয়া বেগম আরও বলেন, এ ঘটনায় আমার ছেলের বন্ধু প্রতিবেশী সোহেলও নিখোঁজ রয়েছে। আমি চায় দোহার থানা পুলিশ যাতে দ্রুত এ বিষয় ব্যবস্থা গ্রহণ করে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়।

ঢাকা জেলা ছাত্রদল নেতা কাউসার মাহমুদ শাওন বহিস্কৃত

ঢাকা জেলা ছাত্রদল দক্ষিনের যুগ্ম আহবায়ক কাউসার মাহমুদ শাওনকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। আজ সকালে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের প্যাডে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিস্কারের খবর নিশ্চিত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই প্রেস বিজ্ঞপ্তিতে কাউসার মাহমুদ শাওনের বহিস্কারের কারন হিসাবে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সুস্পস্ট প্রমানের উপর ভিত্তি করে কাউসার মাহমুদ শাওনের ব্যাপারে এই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এবং কাউসার মাহমুদ শাওনের বহিস্কারের ব্যাপারে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

কাউসার মাহমুদ শাওন

বহিস্কারের খবর নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য নিউজ৩৯ যোগাযোগ করে সদ্য বহিস্কৃত নেতা কাউসার মাহমুদ শাওনের সাথে। তিনি বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি আমি আস্থাশীল। দলের কমান্ডের বাইরে কোন মন্তব্য আমি করবো না। সবসময় মনে প্রাণে জাতীয়তাবাদী ছাত্রদল ছিলাম, আছি ও থাকবো।

দোহারে খাস জমি দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন

ঢাকার দোহার উপজেলার বটিয়া সেন্টার ছিফ সংলগ্ন এলাকায় আঞ্চলিক সড়কের পাশে খাস জমি অবৈধ  দখলমুক্ত করে সীমানা নির্ধারন করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে প্রশাসন।  বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) দোহার উপজেলার বটিয়া মৌজার ৩.৭৫ শতাংশ খাস জমি অবৈধ  দখলমুক্ত করেন দোহার উপজেলা সহকারি কমিশনা(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় তিনি বলেন,সরকারি ভূমি অবৈধভাবে দখল করার চেস্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায় গত ২৬শে এপ্রিল, বটিয়া সেন্টার ছিফ সংলগ্ন এলাকায় আঞ্চলিক সড়কের পাশে রাতের আধারে সরকারি জমি দখল করে মাটি ভরাট করছিলেন স্থানীয় ফারুক মাদবর, রাজা মাদবর গংরা। রাত ১টার দিকে পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে ভরাট বন্ধ করা হয়।

নবাবগঞ্জে এবার বসত ঘর আগুনে পুড়ে ছাই

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে ৩৬ ঘণ্টায় এ উপজেলায় পৃথক তিনটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নয়নশ্রী ইউনয়িনের শান্তিনগর গ্রামের মোশারফ হোসেনের বসত ঘরে আগুন লেগে আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক মোশারফ হোসেন বলেন, ঘরের বিদ্যুতের মেইন সুইচ হঠাৎ জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়িতে আগুন লেগে যায়। ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়।

ভুক্তভোগী বলেন, দোহার ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসীর সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

উল্লেখ্য, গত ৩৬ ঘন্টায় এ উপজেলায় তিনটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বান্দুরা বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বাস ও ১৫টি দোকান আগুনে পুড়েছে। এর ১২ ঘণ্টা পরে কলাকোপা পোদ্দার বাজারের একটি প্লাষ্টিকের গোডাউনে আগুন লাগে। এর ২৪ ঘন্টা পরে আবার নয়নশ্রীর শান্তিনগরে অগ্নিকান্ডে বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়।