প্রতিবেদক মাকসুমুল মুকিম (দোহার): ঢাকার দোহারে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে-২০২৫।
গত ৫ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের কার্তিকপুর স্কুল মাঠে গুড নেইবারস্ দোহার সিডিপির আয়োজনে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার।
বক্তব্যে তিনি বলেন, “গুড নেইবারস্ বাংলাদেশ যুবকদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। ভলান্টিয়াররা কমিউনিটিতে সচেতনতা তৈরিতে নিরলসভাবে কাজ করছে এবং তাদের অবদান সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরো জানান, যুব উন্নয়ন অফিস থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে যুবরা নিজেদের কর্মজীবন ও নেতৃত্ব গড়ে তুলতে পারে। তিনি সবাইকে সহযোগিতার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হামিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস্ দোহার সিডিসি সভাপতি বজলুর রহমান।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার উৎসব বৈরাগী-এর সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন গুড নেইবারস্ দোহার সিডিপি প্রকল্প ব্যবস্থাপক বিমল গোলদার।
অনুষ্ঠান শেষে একটি র্যালি বের করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে-২০২৫ এর কার্যক্রম শেষ হয়।
