মোঃ আল-আমিন (দোহার): ঢাকা জেলার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ডাইয়ারকুম, ডায়াগজারিয়া, মারুয়া পোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
সভায় আরও উপস্থিত ছিলেন—
দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসেম বেপারী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন মোল্লা, সুতারপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নাসির মোল্লা, ইউনিয়ন যুবদল নেতা আবদুর রহমান ফকির এবং দোহার থানার যুবদল নেতা রহুল আমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন:“আজ জনগণ আর ভয় পায় না, তারা পরিবর্তন চায়। বিএনপি জনগণের দল, আমরা মাঠে আছি জনগণের অধিকার ফেরাতে। দোহার-নবাবগঞ্জের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে গণজাগরণের নির্বাচন। আমি জনগণের পাশে আছি, থাকব— যত বাধাই আসুক না কেন।”
তিনি আরও বলেন,“নির্বাচনে জয়-পরাজয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন, সংগঠনের শক্তিই আমাদের মূল ভরসা।”
সভায় বক্তারা বলেন, দোহার-নবাবগঞ্জে বিএনপি আবারও জনআন্দোলনের কেন্দ্রে পরিণত হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে আরও সংগঠিত করতে এই ধরনের উঠান বৈঠক অব্যাহত থাকবে।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
