মোঃ আল-আমিন (দোহার): ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের (ঝুনকি) গ্রামের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই নভেম্বর) এশারের নামাজের পর আব্দুল হান্নান বেপারীর বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান বেপারী, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আবু আশফাক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও যুবদল নেতা হাসেম বেপারী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী ও গ্রামবাসী।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন:“দোহার-নবাবগঞ্জবাসী অনেকদিন ধরে অবহেলিত। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা মাঠে নেমেছি। এই দেশ, এই আসন, এই জনগণ বিএনপির। ইনশাআল্লাহ, জনগণের ভোটেই পরিবর্তন আসবে। আমরা একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়ছি। এই লড়াই জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই।”
তিনি আরও বলেন,
“বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। দোহার-নবাবগঞ্জের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রাম, প্রতিটি পরিবারে আমাদের লক্ষ্য হচ্ছে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধার। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ধৈর্য ধরুন—বিজয় আমাদের হবেই।”
উঠান বৈঠকে স্থানীয় নেতা-কর্মী ছাড়াও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত সবাই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
