শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

0

ডেস্ক রিপোর্টারঃ জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

দোহার পৌরসভায় নতুন ভোটার হতে গিয়ে চরম ভোগান্তি

0

শরীফ হাসান : ঢাকার দোহার উপজেলায় নতুন ভোটার হতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে পৌরবাসীদের। কম্পিউটারসহ ইলেকট্রনিক ডিভাইসের ধীরগতির কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছেন অনেকে। একাধিক কক্ষ না থাকায় ভিড়ের মাত্রাও ছিল ব্যাপক।খারাকান্দা এলাকার বাসিন্দা তাজেল হোসেন বলেন, “নয়টি ওয়ার্ডের লোকজন একসঙ্গে ছবি তোলায় আমাদের ভোগান্তি বেড়ে গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।”

নতুন ভোটার আকলিমা আক্তার জানান, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু কাজের গতি খুব ধীর। এতে আমাদের সময় এবং কষ্ট দুটোই বেড়ে যাচ্ছে।”

এদিকে, ছবি তোলার কক্ষে জায়গার সংকুলান না হওয়ায় নারী ও পুরুষ ভোটারদের জন্য সমস্যা আরও বেড়েছে বলে জানান তমাল সরকার। তিনি বলেন, “একটি কক্ষে চারটি বুথ থাকায় ভিড় বেড়ে গেছে। যদি আলাদা আলাদা কক্ষ থাকত, তাহলে এতটা সমস্যা হতো না।”এ বিষয়ে ছবি তোলার দায়িত্বে থাকা আশিকুল রহমান জানান, “কম্পিউটার ও ডিভাইসে কিছু সমস্যা দেখা দিয়েছে। মাঝেমধ্যে ঠিক হয়ে যাচ্ছে, আবার সমস্যা দেখা দিচ্ছে। ফলে কাজ করতে সময় বেশি লাগছে।”

স্থানীয়দের দাবি, ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে কম্পিউটারের সংখ্যা বাড়ানো, ছবি তোলার কক্ষের সংখ্যা বৃদ্ধি এবং প্রক্রিয়াটি আরো প্রযুক্তিবান্ধব করা উচিত। অন্যথায় আগত ভোটারদের ভোগান্তি অব্যাহত থাকবে।

দোহারে প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, মোঃ আল-আমিন: ঢাকার দোহারে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” প্রকল্প (প্রত্যাশা-২) এর আওতায় প্রবাসবন্ধু ফোরামের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দোহার উপজেলার জয়পাড়া সেভেনস্টার রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের দোহার শাখার সভাপতি শামীম আরমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আল মুবিন রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি হেলেনা বেগম, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক রওশন আরা রিনা, তথ্য ও প্রচার সম্পাদক কাজী রাজীব এবং সদস্য উজ্জল মাহমুদ, তানিয়া সুলতানা, সুরভী ইসলাম, বিল্লাল হোসেন।

এছাড়া, প্রোগ্রাম অর্গানাইজার রাবেয়া বসরি আখিঁ-সহ অন্যান্য সদস্যরাও সভায় অংশ নেন।

সভায় নিরাপদ অভিবাসন, বিদেশফেরতদের কর্মসংস্থান এবং তাদের সামাজিক পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, প্রবাসীদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং তাদের সমস্যা সমাধানে প্রবাসবন্ধু ফোরামের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সভাটি সফলভাবে সম্পন্ন করতে ফোরামের সদস্যরা সক্রিয় ভূমিকা রাখেন।

তারেক রহমান নির্বাচনের আগে অবশ্যই ফিরবেন: মির্জা ফখরুল

0

ডেস্ক রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারেন—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটি তাঁর মামলাগুলো এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে নির্বাচনের আগে তিনি অবশ্যই ফিরবেন।’

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হচ্ছে এবং এটি সময়সাপেক্ষ হলেও বিএনপি আশাবাদী।

বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে তাদের প্রত্যাশা। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

আগামী নির্বাচনে ভারতের কোনো প্রভাব থাকবে না বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বর্তমান সরকার ভারতকে প্রভাব বিস্তার করতে দেবে বলে মনে হয় না। ফলে ভারতের প্রভাব থাকার কোনো কারণ দেখি না।’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পাঁচ যানবাহনের সংঘর্ষ, আহত ২০

0

ডেস্ক রিপোর্টারঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামাড়খোলা এলাকায় ঘন কুয়াশার কারণে পরপর পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে প্রথমে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এরপর ইমাত পরিবহনের একটি বাস এবং কিছু দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসও দুর্ঘটনার শিকার হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসী খুন, পাঁচজন গ্রেপ্তার

0

ডেস্ক রিপোর্টার : মালয়েশিয়ার শাহ আলম জেলায় বেতন সংক্রান্ত বিরোধের জেরে এক বাংলাদেশি প্রবাসীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দেশটির পুলিশ পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুজন নারী রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি (৪৫) একটি মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। শনিবার সকালে বেতন নিয়ে এক কর্মচারীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়, যা একপর্যায়ে মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। ওই কর্মচারী সুপারভাইজারকে মাংস কাটার ছুরি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে কোনো পূর্ব অপরাধের রেকর্ড নেই এবং তাঁদের মাদক পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সন্দেহভাজনদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) তদন্ত করা হচ্ছে।

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার।

এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি।

তিনি বলেন, আমরা আইন করে দিয়েছি, কিন্তু গ্রামে-গঞ্জে পৌঁছেনি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই যে দূরত্ব এটা যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস। আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ।

আজ রবিবার শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জয়পাড়া বাজারের ইজারা মূল্য ২ কোটি ১২ লক্ষ

আল-আমিন: বুধবার জয়পাড়া বাজার নামে পরিচিত দেবীনগর হাটের ইজারার উন্মুক্ত টেন্ডার হয়েছে। সকাল ১০:০০টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম এর উপস্থিতিতে  দোহার উপজেলার পৌরসভার উন্মুক্ত টেন্ডার হয়। বিকেল ৪:০০ টার পর সর্বোচ্চ দরদাতাকে ইজারাদার ঘোষণা করা হয়।

দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মুহসিন উদ্দিন খান মাসুম ও গং ২ কোটি ১২লক্ষ টাকার বিনিময়ে সর্বোচ্চ দরদাতা হোন এবং ইজারার দায়িত্ব পান। নিকটতম দরদাতা ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারি এন্ড গং। তাদের দেয়া মূল্য ছিলো ১ কোটি ৮২ লক্ষ টাকা। এতে জয়পাড়া হাট নিয়ে উত্তেজনা প্রশমিত হলো।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আন্দোলন দমনের নীল নকশা তৈরি হত: জাতিসংঘ প্রতিবেদন

0

ডেস্ক রিপোর্টারঃ ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতি সন্ধ্যায় ‘কোর কমিটি’ বৈঠক অনুষ্ঠিত হতো। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকতেন এবং আন্দোলন দমনের নীল নকশা প্রণয়ন করতেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) প্রকাশিত সাম্প্রতিক তথ্যানুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলন দমনের কৌশলগত সিদ্ধান্তগুলো ওই বৈঠকে নেওয়া হতো। এতে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক, র‍্যাব, বিজিবি ও আনসার-ভিডিপির সাবেক মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা। আন্দোলনের বিরুদ্ধে দমন-পীড়ন চালাতে সামরিক বাহিনীর একজন সিনিয়র জেনারেলও ২০ জুলাই থেকে বৈঠকে যোগ দেন।

জাতিসংঘের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছিলেন যে, ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের ঘরে ফিরতে বাধ্য করা যাবে। কিন্তু তার সেই কৌশল ব্যর্থ হয়। বরং ১৬ জুলাই রংপুরে আবু সাঈদ নিহত হওয়ার পর আন্দোলন আরও তীব্র হয়।

ছাত্রলীগের হামলার উসকানি

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৪ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আন্দোলন দমনে ছাত্রলীগ সমর্থকদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র হামলা চালানোর নির্দেশ দেন। তবে আন্দোলনকারীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকার ভেবেছিল শক্তি প্রদর্শন করলে সাধারণ আন্দোলনকারীরা পিছু হটবে, কিন্তু বাস্তবে তা হয়নি। ক্রমশ আন্দোলনকারীরা সংগঠিত হয়ে ওঠে এবং সরকারি বাহিনীর দমনপীড়ন আরও বেপরোয়া হয়ে ওঠে।

প্রাণঘাতী দমননীতি ইন্টারনেট বন্ধ

ওএইচসিএইচআর প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ জুলাই থেকে সাধারণ জনগণও আন্দোলনে যোগ দেয়। এই পর্যায়ে নিরাপত্তা বাহিনী রাইফেল, পিস্তল ও শটগান ব্যবহার করে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। একইসঙ্গে আহতদের চিকিৎসা সেবাও ব্যাহত করা হয়।

সরকার ২৩ জুলাই পর্যন্ত সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ রাখে, যাতে আন্দোলনের তথ্য প্রচার না হতে পারে। তবে ব্যাপক দমন-পীড়ন চালিয়েও সরকার অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মতে, এসব পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তারা বাংলাদেশে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

মধুরচরে ময়লার ডাম্পিং না করার দাবিতে দোহারে সংবাদ সম্মেলন

ঢাকার দোহার উপজেলায় দোহার পৌরসভার ময়লার ডাম্পিং মধুরচরে না করার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২:৩০ মিনিটে দোহার প্রেসক্লাবে মধুরচর একতা সংঘ ও এলাকাবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি পাঠ করেন হায়দার হোসেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মধুরচর একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে ময়লার ডাম্পিং স্টেশন তৈরি করা হলে জনজীবনে মারাত্মক প্রভাব পড়বে।

নির্ধারিত স্থানের মাত্র ১০ গজের মধ্যে বসতি রয়েছে, যা পরিবেশ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এলাকাটি নদীর পার্শ্ববর্তী হওয়ায় দক্ষিণা বাতাসের প্রভাবে দুর্গন্ধ সমগ্র গ্রামে ছড়িয়ে পড়বে।

এতে বায়ু দূষণ বৃদ্ধি পাবে, শিশুদের রোগ-জীবাণুর সংক্রমণের ঝুঁকি বাড়বে এবং প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হবে।

এলাকাবাসীর মতে, “ব্যক্তিগত আক্রোশের শিকার মধুরচর। আওয়ামী সরকারের পাতানো নির্বাচনে মধুরচরের জনগণ ভোট দিতে না যাওয়ায় তৎকালীন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ও সুতারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন প্রতিশোধমূলকভাবে মধুরচরকে ডাম্পিং স্টেশন বানানোর পরিকল্পনা করেন।”

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, এই জনবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন এবং ময়লার ডাম্পিং প্রকল্প বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এলাকাবাসীর দৃঢ় অবস্থান, কোনোভাবেই মধুরচরে ময়লার ডাম্পিং প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আইনজীবী: মো. মনিরুল ইসলাম, শিক্ষক: নুর আলম, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব: বিপ্লব হোসেন, ফয়সাল, মো. জাফর শিকদার, সালাউদ্দিন, ব্যবসায়ী- মো. হাসান, মুতালেব, আউয়ালসহ আরও অনেকে।