ঢাকার দোহার উপজেলায় দোহার পৌরসভার ময়লার ডাম্পিং মধুরচরে না করার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২:৩০ মিনিটে দোহার প্রেসক্লাবে মধুরচর একতা সংঘ ও এলাকাবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি পাঠ করেন হায়দার হোসেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মধুরচর একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে ময়লার ডাম্পিং স্টেশন তৈরি করা হলে জনজীবনে মারাত্মক প্রভাব পড়বে।
নির্ধারিত স্থানের মাত্র ১০ গজের মধ্যে বসতি রয়েছে, যা পরিবেশ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এলাকাটি নদীর পার্শ্ববর্তী হওয়ায় দক্ষিণা বাতাসের প্রভাবে দুর্গন্ধ সমগ্র গ্রামে ছড়িয়ে পড়বে।
এতে বায়ু দূষণ বৃদ্ধি পাবে, শিশুদের রোগ-জীবাণুর সংক্রমণের ঝুঁকি বাড়বে এবং প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হবে।
এলাকাবাসীর মতে, “ব্যক্তিগত আক্রোশের শিকার মধুরচর। আওয়ামী সরকারের পাতানো নির্বাচনে মধুরচরের জনগণ ভোট দিতে না যাওয়ায় তৎকালীন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন ও সুতারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন প্রতিশোধমূলকভাবে মধুরচরকে ডাম্পিং স্টেশন বানানোর পরিকল্পনা করেন।”
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, এই জনবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন এবং ময়লার ডাম্পিং প্রকল্প বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এলাকাবাসীর দৃঢ় অবস্থান, কোনোভাবেই মধুরচরে ময়লার ডাম্পিং প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আইনজীবী: মো. মনিরুল ইসলাম, শিক্ষক: নুর আলম, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব: বিপ্লব হোসেন, ফয়সাল, মো. জাফর শিকদার, সালাউদ্দিন, ব্যবসায়ী- মো. হাসান, মুতালেব, আউয়ালসহ আরও অনেকে।




