পনের কোটি টাকা নিয়ে নবাবগঞ্জের আল-আকসা উধাও

0

ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলা থেকে আল-আকসা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে নবাবগঞ্জ সদরের নবী উল্লাহ ভবনের দ্বিতীয় তলা ও জয়পাড়া বাজারের টিনের গলিতে গ্রাহকেরা জড়ো হয়ে এ অভিযোগ করেন।

এ ঘটনায় দোহার শাখার ব্যবস্থাপক শাহিনা আক্তারকে আটক করে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। খবর পেয়ে নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল গ্রামের নার্গিস আক্তার নামের এক নারী ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এ প্রতিষ্ঠানে এককালীন ২৫ লাখ টাকা জমা রেখেছেন বলে জানান।

সংশ্লিষ্ট অনেকে জানান, উপজেলার বিভিন্ন স্থানের সহস্রাধিক গ্রাহক এককালীন টাকা জমা (ফিক্সড ডিপোজিট) করেন, যার পরিমাণ আট কোটি টাকার বেশি হবে। গতকাল কার্যালয়ে শতাধিক গ্রাহক জড়ো হন।

এ সময় গ্রাহকেরা টাকা ফেরত পেতে উপজেলা প্রশাসন ও থানার পুলিশকে জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান প্রতিষ্ঠানটির নবাবগঞ্জ শাখা অফিস ও একটি ইলেকট্রনিক শোরুম সিলগালা করে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উপজেলার মাধবপুর গ্রামের দেলোয়ারা বেগম অভিযোগ করেন, ছেলে প্রবাসী মনির হোসেন ও তাঁর নামে দেড় মাস আগে এককালীন চার লাখ টাকা জমা রেখেছেন।

প্রতিষ্ঠানটির কনিষ্ঠ কর্মকর্তা মো. রফিক ও কোষাধ্যক্ষ মুন্নি আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায় নি।

আল-আকসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমানের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং অফিস ফোনও কেউ ধরেন নি। তবে নবাবগঞ্জের ব্যবস্থাপক আমিনুল ইসলামের সঙ্গে দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এক মাস আগেই আমি চাকরি ছেড়ে দিয়েছি।’ এর পর থেকে তিনি মুঠোফোনটি বন্ধ করে দেন।

দেওয়ান মাহবুবুর রহমান জানান, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ায় প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। উপস্থিত গ্রাহকদের তথ্য অনুযায়ী, সাত থেকে আট কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

 

একই দিনে দোহার শাখায় সিলগালা

অবৈধভাবে ব্যবসা করার অপরাধে দোহার উপজেলার জয়পাড়া বাজারের আল-আকছা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের শাখা অফিস ভ্রাম্যমাণ আদালত সিলগালা করে দিয়ে শাখা ব্যবস্থাপক শাহীন আক্তারকে ৭ দিনের কারাদণ্ড এবং অফিসের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করে উপজেলা সমবায় অধিদফতরের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেন।

মঙ্গলবার দুপুরে জয়পাড়া বাজারে অবস্থিত আল-আকছা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের জয়পাড়া শাখা অফিসে উপজেলা সমবায় অধিদফতরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোহারের ইউএনও মোহাম্মদ আল-আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ওই প্রতিষ্ঠানটির ব্যবসা করার বৈধ কাগজ ভ্রাম্যমাণ আদালত দেখতে চাইলে অফিস কর্তৃপক্ষ কোনো ধরনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। সমবায় অধিদফতর থেকে তাদের কোনো ধরনের রেজিস্ট্রেশন না থাকায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির জয়পাড়া শাখা অফিস সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া শাখা ব্যবস্থাপক শাহীন আক্তার নিজের দোষ স্বীকার করায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং শাখা অফিসের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি উপজেলা সমবায় অধিদফতরের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার আল-আকছা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নবাবগঞ্জ উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অফিস তালাবদ্ধ করে গা-ঢাকা দিলে দোহারের ইউএনও জনসাধারণের আমানতের নিরাপত্তার স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিন মাস আগে উপজেলা সমবায় অফিস থেকে উপজেলার সব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডকে বৈধ কাগজপত্র সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছিল।

শাখা ব্যবস্থাপক শাহীন আক্তার জানান, জয়পাড়া শাখা অফিসের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে এ পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে এবং প্রায় ১ কোটি টাকা গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে।

এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর আল-আকছা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের গ্রাহকরা অফিসে ভিড় করতে থাকেন। বেশি মুনাফার আশায় মাল্টিপারপাস কোম্পানিগুলোতে যেসব গ্রাহক টাকা জামানত রেখেছেন তারা এখন আতঙ্কের মধ্যে আছেন।

আল-আকছা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের জয়পাড়া শাখায় জামানতকারী মহিউদ্দিন মোল্লা জানান, তিনি ৭ লাখ টাকা এবং তার মেয়ে মাহমুদা সুলতানা রুবিনা ৯ লাখ টাকা জামানত রেখেছেন। সাজ্জাদ হোসেন নামে আরেক আমানতকারী জানান, তিনি ৩ লাখ টাকা প্রতি তিন মাস অন্তর ৯ হাজার টাকা করে মুনাফা পাওয়ার আশায় এখানে জমা রেখেছেন।

আটককৃত জয়পাড়া শাখা ব্যবস্থাপক শাহীন আক্তার চাঁদপুর উপজেলার পাইকান্দি গ্রামের মৃত আবদুল হাই সিরাজীর মেয়ে এবং সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি ২০১০ সালের ১ জানুয়ারি দোহারের জয়পাড়া শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে যোগ দেন।

নবাবগঞ্জে শীতজনিতরোগে ৩ জনের মৃত্যু

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত দুই দিনে শীতজনিত রোগে যোগেশ হালদার (৯৫), ফজর আলী (৮৫) ও হরিদাশী (৯০) নামে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীরা সবাই উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত রবিবার সকাল ৬টায় উপজেলার গোবিন্দপুর গ্রামের যোগেশ হালদার, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায় ফজর আলী ও সোমবার সকাল সাড়ে ৫টায় মারা যায় হরিদাশী নামের একবৃদ্ধা।

অপর দিকে, গত দু’দিনে ধরে হাড় কাপানো শীত পড়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। অব্যাহত শৈত্য প্রবাহ আর অসহনীয় শীতে মানুষের দূর্ভোগ বেড়েছে।

প্রচন্ড শীতে জবুধবু ঢাকার সীমান্তবর্তী নবাবগঞ্জ উপজেলার জনজীবন। তাই শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে গ্রামের খেটে খাওয়া মানুষ। হাসপাতাল গুলোতে দেখা গেছে শীত জনিত রোগ আক্রান্ত রোগীদের ভীড়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের লাইনে দাড়িয়ে চিকিৎসা নিতে দেখা গেছে।

সংবাদসূত্র: জাতীয় দৈনিক

দোহারে ৫০ পুরিয়া হেরোইনসহ আটক ১

0

দোহার থানা পুলিশ শুক্রবার দুপুরে দোহার পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর জয়পাড়া থেকে থেকে আরিফ(২৩) নামে এক যুবক কে ৫০ পুরিয়া হেরোইনসহ  আটক করেছে। শনিবার সকালে আরিফকে আদালতে হাজির করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। এ ব্যাপারে দোহার থানা পুলিশের তদন্ত কর্মকর্তা নিউজ৩৯ এই প্রতিবেদককে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই পুলিশ তাদের উপর নজর রাখছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে উত্তর জয়পাড়া তাঁত বোর্ড থেকে আটক করা হয়।

উল্লেখ্য আরিফ ও তার সহযোগী সৈকত দীর্ঘদিন ধরে এলাকায় ইভটিজিং, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদকদ্রব্য কেনা-বেচা করে বলে এলাকাবাসী নিয়মিত অভিযোগ করে আসছিল। কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিত না।

পুলিশের এই অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে এবং একই সাথে তাদের সমুলে উচ্ছেদ দাবী করেছে। উত্তর জয়পাড়া তাত বোর্ডটি একটি বখাটে দল দখল করে মাদকের বিস্তারসহ অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিল। এই অসামাজিক কার্যকলাপের কথা বর্তমান থানা প্রশাসনসহ পুলিশকে জানালে তারা নজরদারী জোরদার করে যথাযথ ব্যবস্থা নেবে বলে গত বছরের জুলাই মাসে আস্বস্ত করেন।

চর মাহমুদপুরে ভয়েস৩৯ এর কম্বল বিতরণ

0

দোহারের চর মাহমুদপুর ইউনিয়নে নদী ভাঙ্গন কবলিত দরিদ্র মানুষের জন্য পুরাতন শীতবস্ত্র ও কম্বল বিতরন করলো নিউজ৩৯ এর পাঠক ফোরাম ভয়েস৩৯। বিভিন্ন ক্যাম্পইন এর মাধ্যমে তোলা অর্থ সহায়তায় কেনা কম্বল ও পুরনো কাপড় এই দিন পদ্মা আশ্রয় প্রকল্পের দুস্থ মানুষের মাঝে বিতরন করা হয়।

ভয়েস ৩৯ এর উদ্দ্যোগে দোহারের মানুষের সহায়তায় অর্থ সংগ্রহের মাধ্যমে দরিদ্র শীতার্ত মানুষকে শীতের হাত থেকে রক্ষা করার জন্য কম্বল বিতরনের উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় বুধবার দোহারের প্রত্যন্ত অঞ্চল চর মাহমুদপুরে শীতবস্ত্র বিতরন করে ভয়েস৩৯। চরমাহমুদপুরের মৌনটে সরকারী আশ্রয়কেন্দ্রে পুরনো শীতবস্ত্র ও কম্বল বিতরন করে ভয়েস৩৯। এই সময় শীতবস্ত্র বিতরনে ভয়েস ৩৯কে সহায়তা করে চর মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।  এই সময় ভয়েস৩৯ এর সদস্য ও নিউজ ৩৯ এর সম্পাদক তারেক রাজিব ও ভয়েস ৩৯ এর সম্মন্বয়ক আব্দুল্লাহ আবু সাইদ উপস্থিত ছিলেন। এই সময় নদী ভাঙ্গন কবলিত মানুষকে ও আশ্রয় কেন্দ্রের দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

ভয়েস৩৯-এর শীতবস্ত্র বিতরণ শুরু

0

নিউজ৩৯-এর পাঠক ফোরাম ভয়েস ৩৯ এর উদ্যোগে দোহারে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। গত ৩১ ডিসেম্বর ভয়েস৩৯ বিতরণের উদ্দেশ্যে জনসাধারণের কাছ থেকে শীতবস্ত্র ও অর্থ সংগ্রহ শুরু করে। এই কাজে মানুষের কাছ থেকে আশাতীত সাড়া পাওয়া গেছে।

গত ৫ জানুয়ারী থেকে দোহারের ইসলামপুর থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করে ভয়েস৩৯। এরপর ৭ জানুয়ারী মেঘুলায় শীতবস্ত্র বিতরণ করা হয়। আজকে ভয়েস৩৯ বিলাসপুর এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে।

এই কাজে ভয়েস৩৯ সদস্য ও নিউজ৩৯ এর সাংবাদিকরা ব্যস্ত থাকায় সম্প্রতি নিউজ৩৯ এর সংবাদপ্রবাহ কমে গেছে। সম্পাদক জানিয়েছেন বিতরণ শেষে আবার স্বাভাবিক প্রবাহে ফিরবে নিউজ ৩৯।

দোহারে যমুনা গ্রুপের শীতবস্ত্র বিতরণ

0

“পদ্মার করাল গ্রাসে বানভাসি ও ভিটামাটিহারা অসহায়, বঞ্চিত, অতিদরিদ্র ও দুস্থদের মাঝে সামান্য শীতবস্ত্র দিতে পেরে আমি আনন্দিত ও মুগ্ধ হয়েছি সমাজের ছিন্নমূল ও অসহায়দের পাশে দাড়িয়ে সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি মানুষের দোড়গোড়ায় এসে সেবা ও কর্মের বিনিময় মানুষের ভালবাসা পেয়ে বেঁচে থাকতে চাই।” গতকাল মঙ্গলবার ঢাকা জেলার দোহার উপজেলার অসহায় ও শীর্তাতদের মাঝে যমুনা গ্রুপের অর্থায়নে ও সহযোগীতায়, জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম হতদরিদ্র নারী ও পুরুষ শীর্তাতদের মাঝে কম্বল বিতরণকালে কথা বলেন।

তিনি দোহার উপজেলার সকাল ৯টা রাইপাড়া ইউনিয়ন হতে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অতিদরিদ্র ও দুস্থদের মাঝে দোহার-নবাবগঞ্জ উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মী নিয়ে প্রায় ২ হাজার কম্বল বিতরণ করেন। 

এদিন প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতাকর্মীদের উপস্থিতিতে শিলাকোঠা বাজার, চর মাহমুদপুর, চরলটাখোলা, বিলাশপুর প্রভাতী ক্যাডেট স্কুল, দোহার থানা সংলগ্ন মানবাধিকার অফিস, ও চৈতাবাতর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়েসহ বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, “কনকনে শীত, শৈত্যপ্রবাহ, তীব্র শীতের সীমাহীন কষ্ট লাঘবে দরিদ্র, হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে পেরে আনন্দিত। প্রতিটি বিত্তবান মানুষ অতিদূর্যোগ মুর্হুতে অসহায় মানুষের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করা উচিত। আমি সাধ্যানুযায়ী, প্রতি বছরের মত এবছরও আপনাদের পাশে দাড়িয়েছি।” দোহার-নবাবগঞ্জের অসহায় মানুষের পাশে থেকে, সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আপনাদের এলাকার কৃর্তি সন্তান, যমুনা গ্রুপের চেয়ারম্যান, দেশবরণ্য স্বনামধন্য বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল যেভাবে আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ-মাদ্রাসাসহ অসহায় মানুষের পাশে দাড়িয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন। তেমনিভাবে আমিও তার সহধর্মিনী হয়ে এলাকার উন্নয়নের স্বার্থে জীবন বাজি রেখে কাজ করতে বদ্ধপরিকর।”

সকাল ১১টার সময় রাইপাড়া শীতবস্ত্র নিতে এসে মো. ইয়াকুব আলী (৯৩) কম্বল পেয়ে বলেন, “শীতে কম্বল পাইছি। আরতো আমাগো কেউ দেয় নাই। তাদের মনের আশা পূরণ করতে আল্লার কাছে দোহা করুম। এতশীত, কেউ আগাইয়া আহেনি। এতবড় লোক হওয়ার পরও ঢাহা হতে ম্যাডাম আমাগো জন্য কম্বল ও শীতের কাপড় নিয়া আইছে। তার মনটা বিরাট বড়। আগাগো এলাকার সবাইরে বলুম মহিলা ভোট নিতে আইলে আমিতো দিমু, তোরাও ভোট দিবি। আমি দোহা করি তার মনের আশা পুরণ করুক।”

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব শরফুদ্দিন আহম্মেদ শরীফ,ছাত্রসমাজের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো:মশিউর রহমান,দোহার উপজেলা যুগ্ম আহবায়ক ডা. আলাউদ্দিন-আল-আজাদ,আব্দুল আলীম, নবাবগঞ্জ থেকে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক খন্দকার নুরুল আনোয়ার বেলাল, জুয়েল আহম্মেদ, মো. শাহজাহান, শেখ মহসিন নিলু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মোল্লা, নজরুল ইসলাম রুবেল,মো. শাহীনসহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নয়নশ্রীর সিরাজ চেয়ারম্যানের ইন্তেকাল

0

নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজ চেয়ারম্যান শুক্রবার বিকাল ৫টার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

শুক্রবার দুপুরে সিরাজ চেয়ারম্যান হঠাৎ অসুস্থ হয়ে গেলে তার স্বজনরা প্রথমে তাকে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সেখানকার ডাক্টাররা তাকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলে। ঢাকায় নেবার পথে তার মৃত্যু হয়।

শনিবার বাদ জোহর খানেপুর মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ছাড়াও সাধারন মানুষ অংশ নেয়।

কমিশনার মোহাম্মদ আলী গ্রেফতার

0

সুমন হত্যা মামলার প্রধান আসামী, দোহার পৌরসভার ৬ নং ওয়ার্ডের বর্তমান কমিশনার মো. আলী কমিশনার(৬০) নারায়নগঞ্জের ভুঁইগড় নামক স্থান থেকে গ্রেফতার হয়েছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন নিউজ ৩৯ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বেলা বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত কর্মকর্তা) মো. কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়নগঞ্জ পুলিশের সহায়তায় তাকে তার নিকট আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দুপুর দুইটার দিকে তাকে দোহার থানায় তাকে নিয়ে আসা হয়।

জানা যায়, এসময় তিনি দোতালা থেকে গাছ বেয়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হন। বৃহস্পতিবার সকালে তাকে কোর্টে হাজির করা হয়। বৃহস্পতিবার সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়।

এ নিয়ে এ পর্যন্ত সুমন হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার হলেন। এর আগে ছামছুল ইসলাম নামে আরো একজনকে পঞ্চগড় জেলার বোদা থানার মারিয়া গ্রাম থেকে গ্রেফতার করে।

ছবি: শীতার্তদের সহায়তায় ভয়েস৩৯

0

শীতার্ত মানুষের পাশে দাড়াতে, শীতের কষ্ট থেকে তাদের রক্ষা করতে নিউজ৩৯ এর পাঠক ফোরাম ভয়েস৩৯ এর পক্ষ থেকে দোহারে প্রানকেন্দ্র জয়পাড়ায় পুরাতন কাপড় ও অর্থ সংগ্রহ করা হয়। এই ক্যাম্পেইনে অংশ গ্রহন করে জয়পাড়া কলেজের ভয়েস৩৯ সদস্যরা।

সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশ গ্রহন ছিল চোখে পড়ার মত।

ক্যাম্পেইনে অর্থ সহায়তার পাশাপাশি অনেকে পুরোতন জামা, সোয়েটার, প্যান্ট দিয়ে সহায়তা করে। এছাড়া অনেকে পরবর্তীতে অর্থ দিয়ে সহায়তা কর ছাড়াও পুরনো জামা কাপড় প্যান্ট দেয়ার প্রতিশ্রুতি দেয়।

প্রথম দিনের দুই ঘন্টার এই ক্যাম্পেইনে দাতারা ১২৫২৪ টাকা শীতার্তদের জন্য দান করে। প্রথমে ভয়েস ৩৯ এর সদস্যরা উপজেলা গেইটে দাড়ালে সাধারন মানুষ তাদের অর্থ ও জামা কাপড় দিয়ে সহায়তা করে। এই কার্যক্রমের কিছু ছবি:

 

2

 

1

 

1

 

1

নবাবগঞ্জের মাসুম আরামকোতে শ্রেষ্ঠ কর্মী মনোনিত

0

সৌদি আরবে পরিচালনাধীন বিশ্বের সর্ববৃহৎ তেল কম্পানি আরামকো বাংলাদেশি কর্মী ওয়াহিদুর রহমান খান মাসুমকে শ্রেষ্ঠ কর্মী হিসেবে পুরস্কৃত করেছে। গত ১০ ডিসেম্বর তাকে এই পুরস্কার দেয়া হয়।

আরামকোর আল খুরাইস প্রজেক্ট এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কম্পানি ম্যানেজার আবদুল মহসীন মুখাইলিদ মাসুমের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। কম্পানি সূত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে মাসুম ওই কম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করে আসছেন।

পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাসুম জানান, এই পুরস্কার তাঁর তথা সব প্রবাসী বাংলাদেশির জন্য বিরাট পাওয়া। তিনি আরো জানান, সাম্প্রতিক ছোটখাটো কিছু ঘটনায় যখন সৌদি আরবে বাংলাদেশিরা ইমেজ সংকটে ভুগছে, এমন সময় এ ধরনের পুরস্কার বাংলাদেশিদের জন্য সত্যিই আনন্দের।

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। এখানে প্রায় ২৫ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত। এখানকার বাংলাদেশিরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সাক্ষর রাখছে সব সময়। তাদেরই একজন ঢাকার নবাবগঞ্জের এই ওয়াহিদুর রহমান খান মাসুম।

ওয়াহিদুর রহমান মাসুম ১৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত। তিনি ঢাকার নবাবগঞ্জ জেলার আগলা ইউনিয়নের উত্তর চৌকিঘাটা গ্রামের আহমদ আলী খান এবং রাহিমা খাতুনের দ্বিতীয় ছেলে।