বান্দুরায় অগ্নিকাণ্ডে শিশুসহ অগ্নিদগ্ধ ৫

0

নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা বাজারে আগুন লেগে ৯ টি দোকান ও বসত ঘর পুড়ে গেছে। মামুনের জ্বালানী তেলের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে হাসি (৩০), রতন চন্দ্র দাশ (৩০), নুরুল হক (৩২), গোপাল চন্দ্র দাশ (৩৫) ও রতন চন্দ্র দাশে মেয়ে পূর্ণিমা (৫) সহ ৫ জন দগ্ধ হয়। অগ্নিদগ্ধ ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে যানা গেছে, শনিবার দুপুর ১টায় নতুন বান্দুরা বাজারে মামুনের (পেট্রোল, ডিজেল ও অকটেন) দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তে আগুন  পার্শ্ববর্তী শামিমের চালের দোকান, রতনের হোটেল, কাবেলের কস্মিটিকের দোকান, রফিকের বসত ঘড়সহ আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা ২ ঘন্টা ধরে মাটি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এসময় ব্যবসায়ীরা কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ২ ঘন্টা পরে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছলেও ততক্ষণে তেলের গুদাম, হোটেল, চালের দোকান, বসত ঘড় পুড়ে ছাই হয়ে যায়। স্থাপনাসহ আগুনে পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সানোয়র হোসেন জানান, তেলের দোকানের ভিতর কারো ফেলে যাওয়া সিগারেট থেকে আগুনের সূত্র ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, বান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান হিল্লাল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধদের চিকিৎসা খরচ এবং উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যবস্থার আশ্বাস দেন।

এসময় স্থানীয়রা প্রশাসনের নিকট ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি করেন।

ইকরাশীতে আন্তঃক্লাব ফুটবলে নীল দল চ্যাম্পিয়ন

‘জুমন বেপারী মেমোরিয়াল ফাউন্ডেশন’র সৌজন্যে ইকরাশী নবীন সংঘ আয়োজিত আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্ট ২০১৩’র চ্যাম্পিয়ন হয়েছে নীল দল। ফাইনালে তারা ১-০ গোলে লাল দল দলকে পরাজিত করে। ২য় অর্ধের ১৫ মিনিটে বিজয়ী দলের দলনেতা সোহেল একমাত্র গোলটি করে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ইকরাশী নবীন সংঘের মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনা করেন সংঘের সাবেক কৃতি খেলোয়ার মো. শুকন করিম। নীল দলের গোলকিপার আল-আমিন ফাইনালের সেরা খেলোয়ার এবং একই দলের শোভন টুর্ণামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন।

খেলোয়ারদের মানোন্নয়নের লক্ষ্যে প্রতিবছরের মত এবারও ইকরাশী নবীন সংঘের সদস্যদের নিয়ে এ, বি, সি ও ডি নামে ৪টি দল গঠন করা হয়। ‘এ’ দলের মো. শাহজাদা, ‘বি’ দলের বেলায়েত হোসেন সোহেল, ‘সি’ দলের মো. রুবেল ও ‘ডি’ দলের অধিনায়ক ছিলেন গোলাম মোস্তফা।

প্রথম পর্যায়ে এ ৪টি দলের মধ্যে লীগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হয়। পয়েন্ট টেবিলের ১ম ও ২য় স্থানের মধ্যে আজকের বৃহস্পতিবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুমন বেপারী মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংঘের সাবেক সভাপতি ড. শহিদুল ইসলাম, সংঘের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবি খালেক, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, সংঘের সাবেক সহ-সভাপতি আ. ওয়াদুদ ও মো. শাহজাহান, সংঘের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সদর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল বাশার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- বর্তমান সহসভাপতি বাবুল হোসেন, আবুল বাশার, আবু নঈম ও ফরহাদ হোসেন, সেক্রেটারি শিমুল শিকদার, আসলাম, আবু নাইম, জয়দেব, নন্দ দুলাল, স্বপন গমেজ, মনির, রাজিব, মুকুল, কাবুল, আরিফ, রিপন, মিঠু, জুয়েল, সংঘের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

জয়কৃষ্ণপুরে ইঞ্জিন চালিত রিক্সা দুর্ঘটনা: নিহত ১

0

নবাবগঞ্জে ইঞ্জিনচালিত দুটি রিকসার মুখোমুখি সংঘর্ষে আব্দুর রজ্জব (৪৫) নামে এক জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের তিতপালদিয়া সুইচ গেইট এলাকার নিকট বেঁড়িবাধে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রজ্জব দোহার উপজেলার অওরঙ্গবাদ গ্রামের মনজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। বাড়িঘর পদ্মার গর্ভে বিলীন হলে রজ্জব নবাবগঞ্জের সোনাবাজু গ্রামের আব্দুর সত্তারে খালি জাগায় প্রায় এক বছর ধরে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রজ্জব রাজাপুর-বালেঙ্গা নামক স্থান হতে ব্যবসার বাকি টাকা নিয়ে ইঞ্জিনচালিত রিকসায় সোনাবাজু ফেরার পথে তিতপালদিয়া সুইচ গেইটের নিকট তাকে বহনকারী ইঞ্জিনচালিত রিকসার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ইঞ্জিনচালিত রিকসার মুখোমুখি সংঘর্ষ হয় এতে আব্দুর রজ্জব রিকসা থেকে ছিটকে রাস্তায় পরলে মাথায় মারাত্মক আঘাত পায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণের সহায়তায় তাকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আহত

0

নিউজ৩৯-এর স্টাফ রিপোর্টার আসিফ শেখ গত ১২ অক্টোবর শনিবার মুন্সিগঞ্জের সিরাজদিখান খারশুর এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় আরো আহত হয় নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ।

পেশাগত কাজে আসিফ নবাবগঞ্জ থেকে মটর সাইকেল যোগে মরিচা যাচ্ছিল। যাওয়ার পথে ৩টার দিকে নবাবগঞ্জের খারশুর ব্রীজ থেকে নামার সময় একটি কুকুর রাস্তার উপর দিয়ে দৌরে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় কুকুরটি মটর সাইকেলেন চাকার নিচে পড়েলে মটর সাইকেলটি স্লিপ কাটে। এতে আসিফ ও সবুজ মটর সাইকেল থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে। ফলে আসিফ মাথায় ব্যাথা পায় এবং তার হাত ও পা মারাত্মকভাবে যখম হয়েছে। সবুজের পায়ের বিভিন্ন স্থানে যখম হয়।

দুর্ঘটনার পরপরই তাদেরকে দ্রুত নবাবগঞ্জ হেলথ কম্পেক্সে জরুরী চিকিৎসা দেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাত-পা ও মাথায় আঘাত পেলেও তা মারাত্মক কোনো যখম হয় নি।

দোহারের গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

0

ঢাকা দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের তিন গরু ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ৬ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের কৃষ্ণদেবপুর গ্রামের তিন গরু ব্যবসায়ী মোটর সাইকেল যোগে গরু কেনার উদ্দেশ্যে ফরিদপুর জেলা চরভদ্রসন  থানার হাজীগঞ্জ গ্রামে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পরেন। ব্যবসায়ীদের কুপিয়ে যখম করে তাদের কাছে থাকা প্রায় ৬ লক্ষ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীরা হলেন আজহার মোল্লা, এরশাদ আলী ও ইমতিয়াজ উদ্দিন।

মন্ত্রী থাকতে নদী ভাঙ্গনের শিকার হবে কেন এই এলাকা- সালমা ইসলাম

0

“যে এলাকায় মন্ত্রী আছে সে এলাকার মানুষ পদ্মার ভাঙ্গণের শিকার হয় কিভাবে? মন্ত্রী কি কোন কাজ করে নাই?” দোহার উপজেলার ধোয়াইর বাজারে নয়াবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির আলোচনা সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে এ প্রশ্ন রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সালমা ইসলাম।

নয়াবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত এই সভায় সালমা ইসলাম আরো বলেন, আপনাদের কষ্টের কথা শোনার জন্যই আমার নেতা এরশাদ আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। এরশাদকে আপনারা আর  একটিবার সুযোগ দিন এবং আসন্ন নির্বাচনে আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসন  থেকে আমাকে নির্বাচিত করুন। আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে আমার প্রধান কাজ হবে দোহারের মানুষকে পদ্মার ভাঙ্গণের হাত থেকে রক্ষা করা এবং দোহার-নবাবগঞ্জবাসীর জন্য গ্যাস গ্যাসের ব্যবস্থা করা।

বর্তমান রাজনৈতিক সংকট সম্পর্কে তিনি বলেন, দেশ আজ  গভীর রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। আ র এ চলমান রাজনৈতিক সংকট উন্নয়নে সমঝোতার কোনো বিকল্প নেই।

ডা. সাহাবুদ্দিনের সভাপতিত্বে সাভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, খন্দকার নূরুল আনোয়ার বেলাল, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক মশিউর রহমান, হুমায়ন কবির, জহির আহম্মেদ, সদস্য সচিব সরফুদ্দিন আহমেদ শরীফ, দোহার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সদস্য সচিব আব্দুল আলীম প্রমুখ।

কাজী জিয়াদের মাতার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত

0

এর সাবেক রিপোর্টার কাজী জিয়াদের মাতা হোসনে আর বেগম(৪৮) গত বুধবার দুপুরে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

কাজী জিয়াদের মা হোসনে আরা বেগম দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চিকিৎসা নিয়েছেন। তার মৃত্যুতে নিউজ৩৯ পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ও তার বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করছে।

নাজমুল হুদা বিদেশে, নেত্রীর সাথে দেখা কি হবে?

0

বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য ব্যাঃ নাজমুল হুদা বৃহস্পতিবার সকালে সিংগাপুরের উদ্দ্যেশে যাত্রা করেছেন। এদিকে বুধবার রাতে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াও চিকিৎসার জন্য সিংগাপুর গিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে সেখানে ব্যাঃ হুদা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পূত্র আরাফাত রহমান কোকোর সাথে দেখা করবেন। আর সম্ভব হলে বেগম খালেদা জিয়ার সাথেও দেখা করবেন। এ ব্যাপারে তার ব্যক্তিগত সহকারী আক্কাসুল আলম নিউজ৩৯কে জানান, স্যার চিকিৎসার জন্য গিয়েছেন। আশা করা হচ্ছে তিনি ২৪শে অক্টোবার দেশে ফিরে আসবেন। তবে রাজনৈতিক কোন সাক্ষাৎকার হবে কি’না তা এখনো আমাদের জানা নেই।

দোহারে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি

0

ঢাকার দোহার উপজেলায় স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দোহার বাজারের বাবু পালের স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

দোকান মালিক বাবু পাল জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে ফিরেন। বুধবার সকালে দোকানে প্রবেশ করলে সিন্দুক ও ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে দোহার থানা পুলিশকে জানান। এ ঘটনায় দোকানের ভিতরে থাকা নগদ ৩৫ হাজার টাকা ৩০ ভরি স্বার্ণালংকার চুরি গেছে বলে তিনি দাবী করেন।

বাজার কমিটির সভাপতি ডা. গিয়াস উদ্দিন বলেন, মাঝে মাঝেই বাজারের বিভিন্ন দোকানে চুরি হচ্ছে। এমতাবস্থায় সংঘবদ্ধ চোর চক্রের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি।
দোহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনাটি সন্দেহজনক। দোকান মালিকের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।

নবাবগঞ্জে শিল্পকলা একাডেমী কার্যালয় উদ্বোধন

0

নবাবগঞ্জ শিল্পকলা একাডেমী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে এ কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা-পরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবর রহমান, উপেজলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদ উল্লাহ প্রমূখ।

এসময় নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি করিয়ে দেয়া হয়।