নবাবগঞ্জে কৃষক লীগের কার্যকরী কমিটির সভা

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপরে উপজেলা সদর নবাবগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল এতে সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, ঢাকা মহানগর (দ.)-এর সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ, ঢাকা জেলা সভাপতি একেএম করম আলি, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক ইফতেখার হোসেন দুলু, আবু জাফর রিন্টু, শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।

দোহারের পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষা লেনদেন অনলাইনে

নিউজ৩৯♦ রাজধানীর দোহার উপজেলার পদ্মা বিশ্ববিদ্যালয় ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান সিওসক্যাসের সঙ্গে আর্থিক লেনদেন বিষয়ে এক আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এখন থেকে ভর্তি, বেতন, পরীক্ষা ফিসহ শিক্ষা লেনদেন অনলাইনে করবে।

সোমবার দুপুরে পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজ সভা কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

উপস্থিত ছিলেন পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ আর খান, অধ্যক্ষ মো. মজিবুল হায়দার, উপাধ্যক্ষ মো. জালাল হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মুকসুদপুর শাখা ব্যবস্থাপক মো. রউফ, শিওরক্যাশের এরিয়া ম্যানেজার মো. সাইদুর রহমান, টেরিটোরি ম্যানেজার মো. রফিকুল ইসলাম, মো. রেজুয়ানুর রহমান, ডিষ্ট্রিবিউটর এশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম এলিট।

দোহারে গৃহবধূ রিনাকে পিটিয়ে জখম

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করায় রিনা দাস (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাইপাড়া এলাকার কুশা দাসের পরিবারের সঙ্গে সম্প্রতি প্রতিবেশী টুলু চন্দ্র দাসের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে কুশা দাসের স্ত্রী রিনা দাস পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে গত ১১ মে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি করার কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুর ১২টার দিকে টুলু চন্দ্র দাসের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল রিনা দাসকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সে বাড়িতে একা ছিল। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেয়।

দোহার থানার ওসি মাহমুদুল হক বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মিজানুর রহমান শমশেরীর দুটি কবিতা

প্রান্তিক 

হত্যার কাছে ক্ষমা নেই-

শিকারির কাছে নিস্তার নেই হরিণের

নারীর মাংসপেশিতে পুরুষের আজন্ম অধিকার

সভ্যতা লেবেল মাত্র

প্রকৃত সভ্যতা আদিম হিংস্রতা।

 

আমি তো জানি-

মানুষকে বাদ দিলে মনুষ্যত্ব নেই :

কেউ যদি বলে ‘আমি রাজা-মহারাজা’

পিঠের কাপড় খুলে চাবুক মেরে দেখো

কোথায় মর্যাদা।

 

 

স্মরণিকা 

ক্রমশ ক্লান্ত কোকিলের ডাক যখন থেমে যাবে

মধ্যাহ্নের দীপ্ত রবি বিস্ময়ে যখন চেয়ে রবে

শ্যামল মাটির প্রান্তে, পৃথিবী যখন হারাবে

সকল সুষমা, তখনো তোমার কথা মনে হবে।

 

বর্ষার অবিশ্রান্ত বারিধারা যখন হবে শেষ

পত্র-পল্লবে যখন কোনো শিহরণ জাগবে না

সতত কল্পনা হারাবে মনের রঙিন আবেশ

তখনো হে প্রিয়তমা, অনেক দূরে থাকবে না।

 

অথবা তোমার কথা মনে হবে, যখন পৃথিবী

শীতের কাঁপন লেগে ক্রমশ স্থবির হয়ে রবে

শীতের হিমেল বায়ে লুটে নিবে মালতি করবী

শেফালি, তখনো তোমার কথা আমার মনে হবে।

দোহারে পরিবার পরিকল্পনাবিষয়ক সভা

নিউজ৩৯♦ বৃহস্পতিবার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনাবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে মা ও শিশুবিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা।

সাইফুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও নুরুল করিম ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান শিকদার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান ডা. আবুল কালাম, পরিসংখ্যান কর্মকর্তা ওহেদুল ইসলাম, মা ও শিশু পরিবার পরিকল্পনা বিভাগের ডা. মো. আনম. মোস্তফা কামাল প্রমুখ।

জঙ্গি গোষ্ঠীকে মাথাচাড়ার সুযোগ দেয়া হবে না: দোহারে ফজলে হোসেন বাদশা

নিউজ৩৯♦ সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে মাথাচাড়া দিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ দেয়া যাবে না। কারণ তারা দেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে। বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলার লটাখোলা করম প্লাজায় ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এ কথা বলেন। 

ঢাকা জেলা সভাপতি কমরেড আবদুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাদশা বলেন, গরিব মানুষকে কর্মবিমুখ করতেই বিএনপি-জামায়াত মাসের পর মাস হরতাল অবরোধ ও পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছিল। এসব করে তারা যখন ফেঁসে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে একমাত্র পথ সিটি নির্বাচনের কথা বলে আÍসমর্পণ করে। তিনি ওয়ার্কার্স পার্টিকে গণমানুষের সংগঠন হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কমরেড নুরুল হাসান, কেন্দ্রীয় নেতা করম আলী, জেলা নেতা আবদুল জলিল, সাইদুর রহমান, আসলাম খান, নাসির উদ্দিন পল্লব, কামরুল হাসান প্রমুখ।

দোহারে ৫ মাদক বিক্রেতা আটক

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলায় মাদক বিক্রির দায়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে আওলিয়াবাদ মাঠ থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন আওলিয়াবাদ গ্রামের লাল মিয়ার ছেলে মো. সেন্টু, একই গ্রামের মৃত খন্দকার জাকির আহম্মেদের ছেলে খন্দকার বিলাল আহম্মেদ, নয়ানগর গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. মাসুম, একই গ্রামের রবিউল ইসলাম ও ইমদাদুল হকের ছেলে মো. অপু।

দোহারে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলায় হত্যাসহ চার মামলার আসামি আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বেলাল মোহাম্মদ  সালাহউদ্দিন ও তার সহযোগী  তুষারকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মধুরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সালাহউদ্দিন উপজেলার মধুরখোলা গ্রামের নুরু চৌকিদারের এবং তুষার একই গ্রামের মোজাম্মেল চৌকিদারের ছেলে।

দোহার থানার ওসি মাহমুদুল হক জানান, ডাকাত সর্দার সালাহউদ্দিনের বিরুদ্ধে কেরানীগঞ্জ ও দোহার থানায় ডাকাতির সময় হত্যাসহ চারটি মামলা রয়েছে। এর তিনটিতে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

তিনি আরো জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে মধুরচর গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ।

সামান্য রোগে ১৫-৫০ হাজার টাকার ওষুধ: এমএলএম কোম্পানির নতুন ফাঁদ

নিউজ৩৯♦ ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলায় চিকিত্সার নামে প্রতারণার অভিযোগ উঠেছে টিয়ানসি বাংলাদেশ নামে একটি এমএলএম কোম্পানির বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি খাদ্যপণ্য ও ‘ওষুধ’ বিক্রি করে চলেছে এ অঞ্চলের সাধারণ মানুষের মাঝে। ইতিমধ্যে ৫টি শাখায় চিকিত্সার নামে বিভিন্ন সংখ্যার স্টার খেতাবধারী ডা. কদম আলীদের (সর্বরোগের চিকিত্সা করায় এই নাম দিয়েছে এলাকাবাসী) চিকিত্সায় অন্তত ১৫ জন রোগী আরো অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির রেজসকোর অনুমোদন নেই বলে অভিযোগ করেছেন অনেকে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, নবাবগঞ্জ ও দোহার উপজেলা সদর ও আশপাশে ৫টি শাখায় শতাধিক ‘সদস্য’ কমিশনের মাধ্যমে চিকিত্সা ও খাদ্যপণ্য বিক্রি করে চলেছে। ওয়ান স্টার থেকে এইট স্টার খেতাবধারী ডা. কদম আলীরাই রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। রাজধানীর নামকরা চিকিত্সকদের মতোই ভিজিট নেয়া হয় পাঁচশ টাকা। যিনি রোগী যোগাড় করে আনবেন তার কমিশন দুইশ টাকা। সাথে ওষুধ বিক্রির টাকার অঙ্কের উপর স্টার (পদবি) পদোন্নতি। সামান্য রোগের চিকিত্সায় ধরিয়ে দেয়া হচ্ছে ১৫ থেকে ৫০ হাজার টাকার ওষুধ। এতে কমিশনের লোভে অল্পদিনে ধনী হতে রোগী যোগাড়ে হুমড়ি খেয়ে পড়ছে স্বল্প শিক্ষিত, দরিদ্র পরিবারের যুবক-যুবতী থেকে শুরু করে নানা বয়সী মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যারান্টি সহকারে ডায়াবেটিস, প্যারালাইসিস, জন্ডিস, কোষ্ঠকাঠিন্য, যক্ষা, হাঁপানি, দন্ত ও চক্ষু রোগের মতো রোগের ‘চিকিত্সা’ করছে তারা। কোম্পানিটির বিক্রয় পণ্যের তালিকায় রয়েছে চা, কফি, টুথপেস্ট, টয়লেট সোপ, স্যানিটারি ন্যাপকিন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, প্যারালাইসিস, চক্ষুসহ নানান রোগের ওষুধ। কয়েকটির গায়ে ছোট সাদা কাগজে বিএসটিআইয়ের লোগো লাগানো আছে।

এব্যাপারে টিয়ানসির ‘স্বাস্থ্য বিশেষজ্ঞ, ওষুধ বিশেষজ্ঞ, বক্তা ও প্রশিক্ষক’ পদবিধারী জালাল উদ্দিন আহমেদ দাবি করেন, তার কোম্পানির অনুমোদন রয়েছে। সবপণ্যে বিএসটিআইয়ের অনুমোদন আছে। তবে এ ওষুধ খেলে প্রথম দিকে রোগের প্রভাব বাড়লেও কয়েকদিন পর থেকে কমতে থাকবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসান বলেন, তাদের অনুমোদন রয়েছে কিনা যাচাই করা হবে। না থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি রেজসকোর বরাত দিয়ে দেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে জানা যায়, দেশে বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতির সব কোম্পানিই এখন বেআইনি। সরকার লাইসেন্স দিয়েছে, এমন একটিও এমএলএম কোম্পানি আর নেই। এমএলএম পদ্ধতিতে কেউ ব্যবসা করলে আইনত দণ্ডনীয় হবেন।