নবাবগঞ্জে চোরাই মোটরসাইকেল ও বিদেশি মদসহ আটক ৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল, বিদেশি মদ ও মোটরসাইকেলের নকল লাইসেন্স তৈরির সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকরা হলেন-আমান হোসেন রনি (২০), নাহিদ হাসান (২০) ও কাউছার (২৫)।

রোববার (২২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাদাপুর এলাকায় রনির বাড়ি এবং দোহার উপজেলার জয়পাড়া কলেজের পেছনে কাউছারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

রনি নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে, নাহিদ একই উপজেলার কলাকোপা গোপালনগর এলাকার কামাল হাসানের ছেলে ও কাউছার দোহার উপজেলার জয়পাড়া গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার রাত আড়াইটার দিকে সাদাপুর গ্রামে রনির বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে তিনটি মোটরসাইকেল ১৫টি বিয়ার, একটি রামদা, নকল লাইসেন্স ও লাইসেন্স তৈরির বিআরটিসির রাবার স্ট্যাম্প ও কয়েকটি মোটরসাইকেলের চাবি উদ্ধার করে।

এ সময় রনি ও নাহিদকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দোহার উপজেলার জয়পাড়া গ্রামে কাউছারের বাড়িতে তল্লাশি করে পুলিশ। এসময় কাউছারের বাড়ি থেকে পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার এবং কাউছারকে আটক করা হয়।

তিনি আরো জানান, রনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও মোটরসাইকেলের নকল লাইসেন্স তৈরি করাসহ নানা অপরাধ করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক, চুরি ও জালিয়াতি মামলার প্রস্তুতি চলছে। 

নবাবগঞ্জে বিকাশ এজেন্ট অফিসে দিন দুপুরে চুরির চেষ্টা

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরে অবস্থিত বিকাশের এজেন্ট অফিসে দিনে-দুপুরে চুরির চেষ্টাকালে মো. তৌফিক (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের ইউনুছ শপিং কমপ্লেক্সে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের অফিসে ৫ সদস্যের একদল চোর এ দুর্ধর্ষ ঘটনা ঘটানোর চেষ্টা করে। আটককৃত মো. তৌফিকুর রহমান কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার গ্রামের অধিবাসী।

শুক্রবার দুপুর দেড়টার দিকে ইউনুছ শপিং কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত দোহার নবাবগঞ্জের বিকাশ এজেন্ট অফিসের সামনে অভিনব কায়দায় তাঁবু টাঙ্গিয়ে চুরির প্রস্তুতি নেয় ৫ সদস্যের একটি চোর দল। তারা অফিসের সাঁটারের তালা কেটে ফেলে। পাশে দাঁড়িয়ে থাকা মার্কেটের সিকিউরিটি গার্ড বিষয়টি আঁচ করতে পেরে তাদের ধাওয়া করে।

দোহার-নবাবগঞ্জে বাড়ছে কিশোর মাদকাসক্তের সংখ্যা

নিউজ৩৯♦ ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলার নতুন প্রজন্মের মধ্যে মাদকের ব্যবহার বেড়েই চলছে। দ্রত নিয়ন্ত্রণ করা না গেলে সামাজিক অবক্ষয়সহ ব্যাপকহারে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে বলে মনে করছে স্থানীয় সুশীলসমাজ। সূত্রমতে, দোহার-নবাবগঞ্জের পুরুষ অধিবাসীদের প্রায় ৫৬ শতাংশ প্রবাসী। তাদের উঠতি বয়সের সন্তানরা বাবার শাসন থেকে প্রায় মুক্ত থাকে। সহজ-সরল মা কিংবা অভিভাবককে নানান কথা বলে টাকা নিয়ে নেশাগ্রস্ত বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে। নিজের অজান্তেই একদিন মাদকের বিষাক্ত থাবায় নিজকে সপে দেয়। উঠতি বয়সের কিশোর-কিশোরী যাদের বয়স ১৬-১৮ তারাই এর প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। 

একসময় ইয়াবাসহ বিভিন্ন মাদকসেবন উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও বর্তমানে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যুবকদের মধ্যেও এর বিস্তার ঘটছে। শিশু-কিশোর, তরুণ-যুবক থেকে বৃদ্ধ বয়সি নারী-পুরুষ কেউ বাদ যাচ্ছে না। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও বাংলা মদ পাওয়া যায়।  মোটরসাইকেল, ইজিবাইক ও রিকশায় চলন্ত অবস্থায়ও মাদকের বেচাকেনা হয়ে থাকে বলে জানা যায়।  

নবাবগঞ্জের পাড়াগ্রাম বাজারের এক ব্যবসায়ী অভিযোগের সুরে জানান, মাদকের ভয়াবহতায় ছেলে মেয়ে নিয়ে খুব চিন্তায় আছি। দোহারের মানবাধিকার কর্মী নাসির উদ্দিন পল্লব জানান, নবাবগঞ্জ ও দোহারে মাদকে ছড়াছড়ি হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন এত হিমশিম খাচ্ছে বুঝে ওঠতে পারছি না।

অনুসন্ধানে জানা গেছে, এ দুই উপজেলায় মাদকের বেচাকেনা হয়। বিভিন্ন এলাকায় বিভিন্ন কৌশলে। এর মধ্যে কাশিয়াখালী বেড়িবাঁধ, বান্দুরা, বাহ্রা, গালিমপুর, চুড়াইন, আগলা, কৈলাইল ইউনিয়নে এ মাদকের কেনাবেচা হয়  মোটরসাইকেল, ইজিবাইক ও রিকশায় চলন্ত অবস্থায়। জানা গেছে, ভারতীয় সীমান্ত থেকে পাচার হয়ে বাংলাদেশের ভেতরে যেসব মাদক রাজধানীর ঢাকায় প্রবেশ করে, তার মধ্যে দোহারের মৈনট ট্রলারঘাট, বাহ্রা ট্রলারঘাট, নারিশা ট্রলারঘাট উল্ল্যেখযোগ্য। অন্যদিকে নবাবগঞ্জ কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম বাজার-সংলগ্ন চরআটিপাড়া, চরপল্টন, বাহ্রার বলমন্তচর, গালিমপুরের মুসলেমহাটি, আগলার ছাতিয়া মোহনপুর, দোহারের মালিকান্দা বটতলা, মৈনট আবাসন প্রকল্প, দক্ষিণ শিমুলিয়া, অরঙ্গবাদসহ আরও বেশ কয়েকটি স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদক সরবরাহ ও বিক্রয় করে থাকে। 

দোহার থানার ওসি মাহমুদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। প্রতি মাসেই মাদকের মামলা হচ্ছে। নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নয়

দোহারে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত দুই ডাকাত গ্রেপ্তার

নিউজ৩৯♦ ঢাকার দোহারে দেশীয় অস্ত্রসহ সালাহউদ্দিন ও তুষার নামে ওয়ারেন্টভুক্ত দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দোহার থানার ওসি মাহমুদুল হক জানান, গতকাল বৃহস্পতিবার রাতে দোহারে অভিযান চালায় পুলিশ। এ সময় হত্যা ও ডাকাতিসহ চার মামলার আসামি মো.  সালাহউদ্দিন ও তুষারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে

বিলাশপুরের পদ্মা হাইস্কুলের ঠিকাদারি নিয়ে দুর্নীতিঃ প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ৩৯♦ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা পরিষদের দুই প্রকৌশলী ও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর উত্তরা (পূর্ব) থানায় বৃহস্পতিবার বিকেলে দুদকের সহকারী পরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। পেনাল কোড ৪০৯/১০৯ ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। দুই মামলায় অভিযুক্তরা হলেন, ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ দেওয়ান, মেসার্স সরকার এন্টার প্রাইজের মালিক মো. আবুল বাশার ও মোসার্স লিয়া এন্টারপাইজের মালিক এম. আয়নাল আহমেদ।

দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ২৬ মে জেলা পরিষদের আওতায় ঢাকা উন্নয়ন প্রকল্পের ২৮লাখ ৫০ হাজার টাকায় দোহার বিলাসপুর পদ্মা হাই স্কুলের উন্নয়ন কাজ ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সরকার এন্টারপ্রাইজকে দেওয়া হয়।জেলা পরিষদের প্রকৌশলী ও ঠিকাদার পরস্পর যোগসাজসে কাজের নামে অতিরিক্ত এক লাখ ৩৩ হাজার ১৭০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

দুদকের অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. হারুন-অর-রশীদ দেওয়ান ও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. আবুল বাশারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

সূত্র আরও জানায়, গত ২০১৩ সালের ১৩ জুন জেলা পরিষদের আওতায় ঢাকা উন্নয়ন প্রকল্পের ২২লাখ ৮০ হাজার টাকার মিরপুর-১৩ এর ঢাকা মডেল ডিগ্রি কলেজের উন্নয়ন কাজ ঠিকাদার প্রতিষ্ঠান মোসার্স লিয়া এন্টারপাইজকে দেওয়া হয়। জেলা পরিষদের প্রকৌশলী ও ঠিকাদার পরস্পর যোগসাজসে কাজের নামে অতিরিক্ত আট লাখ ৭৬ হাজার ২৭০ টাকা আত্মসাৎ করেন।

দুদকের অনুসন্ধানের এ অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক এম আয়নাল আহমেদের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

ঢাকা জেলা (দক্ষিণ) টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিউজ৩৯♦ ঢাকা জেলার কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত ঢাকা জেলা (দক্ষিণ) টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার দোহারের রূপসী পদ্মা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে ও সম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া, দোহার থানার ওসি মাহমুদুল হক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মুকসুদপুর শাখার ব্যবস্থাপক আব্দুর রউফ এ সময় উপস্থিত ছিলেন।

কমিটিতে একুশে টেলিভিশনের প্রতিনিধি সালাহউদ্দিন মিয়াকে সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার অমিতাভ অপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এ ছাড়া এনটিভির প্রতিনিধি দেলোয়ার হোসেনকে সহসভাপতি, মোহনা টেলিভিশনের খালিদ হোসেন সুমনকে যুগ্মসাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, সময় টেলিভিশনের জহিরুল ইসলামকে অর্থ ও দফতর সম্পাদক এবং বাংলাভিশনের আবদুল গনি, বিজয় টিভির হাসান শামীম ও মোহনা টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেনকে কার্যকরী পরিষদের সদস্য করা হয়েছে। এ কমিটি ঘোষণা করা হয়েছে আগামী এক বছরের জন্য।

দোহারে হত্যা মামলার আসামি গ্রেফতার

নিউজ৩৯♦ ঢাকার দোহার থেকে হত্যা ও অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি আমির হোসেন (৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টা দিকে আমির হোসেন নামে আসামিকে উপজেলার সাতভিটা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার মৃত দানিছের ছেলে।

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক জানান, রাতে সাতভিটা এলাকা থেকে ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যাসহ অপহরণ মামলা রয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

মিজানুর রহমান শমশেরীর দুটি কবিতা

অন্বেষা 

আমাকে তোমরা একটু ভেবো না

নিশ্চিন্ত আমি মৃত্যুর কাছাকাছি

আমার ডান হাতে উদ্যত গ্রেনেড

বক্ষে আমার বিরাট পৃথিবী।

 

আমি আদিম হিংস্র আদমের নবজাত শিশু

চোখে আমার দুরন্ত অহমিকা

আমি ভালোবাসি ফল-ফুল-নদীজল- তাই

প্রতিদিন খুঁজে ফিরি অগ্নিদগ্ধ শ্মশান-ভস্ম-ছাই।

 

 

যুদ্ধ হবে 

যদিও আমার হাতে বেয়নেটের মতো ধারালো 

অস্ত্র নেই, নেই যুদ্ধযাত্রার বোমারু বিমান

গ্রেনেড কিংবা থ্রি-নট-থ্রি রাইফেল

তবু আমি উদ্যত সৈনিকের মতো 

ভালোবাসি যুদ্ধকেই।

কেননা যুদ্ধই আমার শাশ্বত চেতনার মুক্তি।

 

অসঙ্গত শান্তির প্রস্তাব অসম্ভব

এখানে যুদ্ধ হবে জানি-

তুমিও জানো আমিও জানি

তবু কেন অস্ত্র সীমিতকরণ চুক্তির ব্যর্থ প্রহসন!

 

চারশ কোটি মানুষের বিশ্বে 

এখনো মুক্তির সীমিত তোরণ।

 

শ্রমিকের হাত থেকে কেড়ে নিয়ে গ্রাস

পুঁজিবাদ গোগ্রাসে আঁকড়ে ধরে আছে

অগণিত রাজ্যপাট, সুরম্য প্রাসাদ;

ধোঁয়ার ভ্যাঁপসা গন্ধময় কারখানা হতে

প্রতিদিন ফিরে আসে শ্রমিকের শূন্য হাত।

 

এ কথা অসত্য নয়-

নিগ্রোদের পিঠে পিঠে চাবুকের দাগ

চিলির মুক্তিকামী মানুষেরা শান্তির প্রত্যাশী।

সাম্রাজ্যবাদের লোলুপ দৃষ্টির লেলিহান শিখা

যেখানে-সেখানে ছড়ায় আগুন;

বেপরোয়া সৈনিকেরা হত্যার আদেশ নিয়ে

উজাড় করে দেয় গ্রাম-গ্রামান্তর। 

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

নিরব মন্ডল, নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে মুকসুদপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছে হৃদয় নামের দশম শ্রেনীর এক ছাত্র। তার বাড়ি মুকসুদপুর গ্রামে।

আহত হয়েছে তার চাচাত ভাই সহ দুই জন। হৃদয় ছিল মোটরসাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুকসুদপুর স্কুলের সামনে দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় এক পথচারী মহিলাকে ধাক্কা দিলে হৃদয় মোটরসাইকেল নিয়ে পড়ে যায় এবং পাশের এক কনক্রিটের এক থামে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে স্থানীয় মোহাম্মদ আব্দুর রাজ্জাক হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা তার অবস্থা বিবেচনায় ঢামেক-এ প্রেরণ করেন। ঢেমেক-এর কর্ত্বব্যরত চিকিৎসকরা হৃদয়কে মৃত ঘোষণা করে।

হৃদয় এর মা লিপি আক্তার ব্রাক ওয়াস কর্মসূচীর মাঠকর্মী।

নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের সভা অনুষ্ঠিত

তানজিম ইসলাম নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপরে উপজেলা সদর নবাবগঞ্জ প্রেস ক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল এতে সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা, বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে কৃষি ও কৃষকের স্বার্থের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সভায় অতিথি ছিলেন, ঢাকা মহানগর (দক্ষিণ) এর সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, ঢাকা জেলা সভাপতি এ.কে.এম করম আলি, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক ইফতেখার হোসেন দুলু. আবু জাফর রিন্টু. শেখ আবুল কালাম আজাদ মো.সাদের হোসেন বুলু, মায়া রানী, রিপন ভূইয়া, রনজিত কুমার প্রমুখ।