নবাবগঞ্জে বুদ্ধিমত্তার জোরে বেঁচে গেলেন মোটরসাইকেল চালকঃ তিন ডাকাত আটক

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বুদ্ধিমত্তার জোরে প্রাণে বাঁচলেন এক যুবক। তিনি ঘটনাস্থলে জনতার সাহায্য নিয়ে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ মো. তুহিন (২২) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দেন। বুধবার রাতে উপজেলার বেনুখালী এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত মো. তুহিন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কেওয়াটখালী গ্রামের অধিবাসী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে ইকবাল নামে এক যুবক মোটরসাইকেল যোগে ঢাকা-বান্দুরা আন্তঃসড়ক হয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় উপজেলার বেনুখালী চক এলাকায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ৩ ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করেন। তারা তাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে তাদের একজনকে ঢাকায় পৌঁছে দেয়ার অনুরোধ করেন। তাদের অনুরোধে সাড়া দিয়ে তুহিন নামে একজনকে তার গাড়ির পেছনে তুলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর মোটরসাইকেল আরোহী ইকবাল বেনুখালীতে তেলহীন মোটরসাইকেলটি তার পিছু নিতে দেখে সন্দেহ করেন। এ সময় তিনি কৌশলে গাড়ি ঘুরিয়ে বেনুখালী চলে যান। পরে স্থানীয় লোকজনদের বিষয়টি জানালে জনতা তুহিনকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তার শরীর তল্লাশি করে একটি বিদেশী পিস্তলসহ লোড করা ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

 

দোহারে যুবলীগের হরতাল বিরোধী মিছিল

নিউজ৩৯♦  জামায়াতের ডাকা হরতাল এবং জামায়াতের সাধারন সম্পাদক আলী আহসান মুজাহিদের ফাসিঁর রায় কার্যকরের প্রতিবাদে বুধবার বিকাল ৫টায় দোহার উপজেলা যুবলীগের উদ্যোগে পার্টি অফিসের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জয়পাড়া আয়োজন মোড় থেকে প্রদক্ষিন করে থানার মোড় হয়ে পার্টি অফিসে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সাধারন সম্পাদক রহমান আকন্দ, যুবলীগের নেতা সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক মেহমুদুর রহমান টিটু,সহ যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

 

নবাবগঞ্জে মাদ্রাসার দেয়ালধসে ২ ছাত্রের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদরাসার দেয়াল ধসে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পুরাতন বান্দুরা এলাকার আল-আমিন এতিমখানা ও মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পুরাতন বান্দুরা এলাকার হাসেম মিয়ার ছেলে মাহমুদ হাসান (৬) ও  মো. স্মরণ মিয়ার ছেলে রাহাত হোসেন (৮)।

মাহমুদ হাসান ওই মাদরাসার শিশু শ্রেণী ও রাহাত হোসেন প্রথম শ্রেণী ছাত্র ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন আল-আমিন এতিমখানা ও মাদরাসার নতুন ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ রশি ছিঁড়ে পাইলিংয়ের লোহার খাম্বা (মানকি) মাদরাসার পুরাতন ভবনের দেয়াল ওপর গিয়ে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে মাহমুদ হাসান ও  রাহাত হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছাত্রীকে প্রেম প্রস্তাব: নবাবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ও অভিভাবকরা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কলেজ ক্যাম্পাসে এ মিছিল করেন তারা। পরে মিছিলটি উপজেলা সদর শহীদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় ওই শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

উল্লেখ্য, বুধবার রাত ১২টার পর কলেজের এক ছাত্রীকে মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দেন শিক্ষক সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার ওই ছাত্রী বিষয়টি সহপাঠীদের জানালে তা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে বহিরাগত একদল যুবক শিক্ষক সাজ্জাদ হোসেনকে কলেজ ক্যাম্পাসে গণপিটুনি দিয়ে চলে যায়।

এ বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আবারো ভাঙ্গছে পদ্মা পাড়ঃ উদ্বাস্তু হওয়ার পথে হাজারো পরিবার

নিউজ৩৯♦ ঢাকার দোহারের নারিশা থেকে নায়াবাড়ী পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনের আতংকের মধ্যে আছে পদ্মা পাড়ের হাজার পরিবার। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় এবারও ভাঙ্গন শুরু হয়ে গেছে। ছোট ছোট করে ভাংতে শুরু করেছে দোহারের নয়াবাড়ীর ধোয়াইর বাজার, বাহ্রাঘাট, নারিশা সহ বিভিন্ন স্থানে। এরই মধ্যে ধোয়াইর বাজারের ১ টি, বাহ্রা ঘাটের ২টি দোকান নদী গর্ভে চলে গেছে। আর ভাঙ্গনের ঝুঁকিতে আছে কয়েকটি বাজারের প্রায় ১০০টি দোকান ও মসজিদ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। 

যে কোন সময় পদ্মায় বিলীন হয়ে যেতে পারে এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। হুমকিতে রয়েছে দোহার-নবাবগঞ্জ রক্ষা “ঢাকা-মানিকগঞ্জ কাশিয়াখালী বেরিবাঁধ”। 

ভাঙ্গন রাক্ষায় নয়াবাড়ীর ধোয়াইর বাজার, বাহ্রাঘাট ও কুসুমহাটির দেওভোগ এলাকায় বাঁশের বাধ ও জিও ব্যাগে বালু ভর্তি করে ফেলা হচ্ছে। তবে এই ভাঙ্গনের খবর নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে। বর্ষার শুরুতেই ভাঙ্গনের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কের মাঝে কাটছে উপজেলার হাজার পরিবারের দিনরাত। এলাকাবাসী খুব দ্রুত সরকারকে ভাঙ্গন রক্ষায় পদক্ষেপ ও ভাঙ্গন কবলিত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবী জানান। ভাঙ্গন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

নবাবগঞ্জের যন্ত্রাইল ইউপির বাজেট ঘোষণা

নিউজ৩৯♦ নবাবগঞ্জের যন্ত্রাইল ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পরিষদ সভা কক্ষে গত শনিবার এ বাজেট ঘোষণা করা হয়। এ সময় বাজেট পাঠ করেন ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং। এতে ৬৮ লাখ, ৯৮ হাজার ২৮৩ টাকার বাজেট পেশ করেন পরিষদের সচিব মো. বাবুল হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন- সমাজসেবক সৈয়দ মোজাফফর হোসেন বোখারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম, জাতীয় পার্টির নেতা নকুল সরকার, উপজেলা লিগ্যাল এইডের ফিল্ড অফিসার মো. মহিউদ্দিন বেপারী প্রমুখ।

নবাবগঞ্জে ইসলামী ব্যাংকে জালিয়াতি চক্রের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

নিউজ৩৯♦ নবাবগঞ্জে ইসলামি ব্যাংকের শাখা থেকে এক গ্রাহকের টাকা চুরির সময় ধরা পড়ায় মো: কাশেম নামে জালিয়াতি চক্রের সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার দুপুরে উপজেলা ইসলামী ব্যাংকে এই ঘটনা ঘটেছে। আটককৃত আবুল কাশেম খুলনা খালিশপুর উপজেলার গোয়ালখালী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মেসার্স এম,এস ট্রেড ডিষ্ট্রিবিউশন ও মেসার্স সাহাব ট্রেডিং এর কর্ণধার মো: সাইফুল ইসলাম রবিবার দুপুরে ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখায় ২লাখ ৯৬ হাজার টাকা জমা দিতে আসেন। সাইফুল ইসলাম ভাউচার লেখায় ব্যস্ত থাকার সুযোগে আসামী কৌশলে টেবিলের উপর রাখা টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। এই সময় সাইফুল চোর চোর বলে চিৎকার করলে ব্যাংকের গ্রাহকরা কাশেমকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেন। পুলিশ আহত জালিয়াতি দলের সদস্য কাশেমকে  চিকিৎসা জন্য সরকারী হাসপাতালে ভর্তি করেন। কাশেম স্বীকার করেন তার সাথে আরো ৩/৪ জন ছিলেন কিন্তু তিনি ধরা পড়ায় অন্যরা পালিয়ে গেছে। তারা বিভিন্ন জালিয়াতি ও চুরির সাথে জড়িত বলে জানা যায়।

ইসলামী ব্যাংকের নবাবগঞ্জ শাখার ম্যানেজার মো: মতিউর রহমান বলেন, রবিবার ইসলামী ব্যাংকে ভীড় বেশি থাকে। এই সুযোগে জালিয়াতি চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠে। গ্রাহকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নজরদারি বৃদ্ধি করেছি। গত কয়েকমাসে এই নিয়ে দুই চোরকে আমরা ধরতে সক্ষম হয়েছি।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সায়েদুর রহমান বলেন, ভোক্তাভোগী সাইফুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবাবগঞ্জ উপজেলার দীর্ঘগ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তি

নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নে একটি সেতুর অভাবে দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছে দীর্ঘগ্রামসহ প্রায় ২০টি গ্রামের অধিবাসী। উপজেলা সদর থেকে মাত্র ১৬ কি.মি পশ্চিমে এই গ্রামের অবস্থান । প্রায় ১০ থেকে ১২ হাজার লোকের বসবাস এই গ্রামে কিন্তু লাগেনি তেমন কোন উন্নয়নের ছোঁয়া। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে একটি খাল। এ খালের ওপর ঝুঁকিপূর্ন কাঠের সাঁকো দিয়ে প্রতিদিন দিয়ে চলাচল করছে এ গ্রামসহ ১০/১২টি গ্রামের স্থায়ী বাসিন্দারা। 

এলাকাবাসীর অভিযোগ,খালের উপর তৈরী সাঁকোটি দীর্ঘদিন ধওে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেতুটির সংস্কারের কোন উদ্যোগ না নেওয়ায় প্রায় দেড় কিলোমিটার রাস্তা ঘুরে হাঁট,বাজার,স্কুল,কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হচ্ছে। মাঝে মাঝে ঝুঁকি নিয়েই কাঠের সাঁকো দিয়ে খাল পারাপার হচ্ছে স্কুল,কলেজ ,মাদরাসার সহস্রাধিক শিক্ষার্থী এতে করে কখনো কখনো তারা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। 

এলাকাবাসী জানায়, দীর্ঘগ্রাম খালের ওপর একটি সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতুটি সংস্কারের আশ্বাস দিলেও এ পর্যন্ত কেউ প্রতিশ্রুতি রক্ষা করেনি। গত ৫/৬ বছর ধরে সেতুটি এই অবস্থায় পড়ে আছে। দুর্ভোগ ছাড়া কিছুই জুটেনি প্রত্যন্ত অবহেলিত এ অঞ্চলের মানুষের ভাগ্যে। 

স্থানীয় বাসিন্দা মো.হাসান জানায়,এ সাঁকো দিয়ে হেঁটে চলাচল করলেও কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না।

স্থানীয় গৃহিণী সালমা বেগম বলেন বর্ষা মওসুমে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এ সাঁকো সংস্কার হলে তাদের দুঃখ-কষ্ট অনেকটা কমবে। এই কাঠের সাঁকোর ওপর দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারে না। যার কারনে অসুস্থ কোন রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে নেওয়া যায় না যার ফলে রোগীর অবস্থা আরও অবনতি হয। 

দীর্ঘগ্রাম সরকারী প্রাথমিক ও জৈনতপুর আশরাফুল উলূম মাদরাসার শিক্ষার্থীরাও এ সাঁকো দিয়ে যাতায়াত করে। দীর্ঘগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, তার স্কুলে যেতে শিক্ষার্থীদেরও কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয়। ফলে অনেকেই অন্য বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। ম্যানেজিং কমিটির সভাপতি সিদিকুর রহমান বলেন ,এই সেতু তৈরি হলে আমরা আরও বেশি শিক্ষার্থী পাবো।

নবাবগঞ্জের আক্কাচ উদ্দিন শাহাজালাল ব্যাংকের চেয়ারম্যান পুণঃনির্বাচিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের সম্প্রতি অনুষ্ঠিত ২১৭তম সভায় সর্বসম্মতিক্রমে আক্কাচ উদ্দিন মোল্লা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং মো. সানাউল্লাহ সাহিদ ভাইস-চেয়ারম্যান পুণঃনির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির পুনর্নির্বাচিত চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা ঢাকা জেলাধীন নবাবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে তিনি তৈরি পোশাকশিল্প রফতানির বাণিজ্যে নিজেকে নিয়োজিত করেন এবং একাধিক তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন।

তিনি রাসেল স্পিনিং মিলস লি., রাসেল গার্মেন্টস লি., ইকরাম স্যুয়েটার্স লি., রাসেল নিটিং লি., রাসেল ওয়াশিং প্লান্ট, শাহান কালার্স লিমিটেড, তানিয়া কটন মিলস লি. এবং পিএনআর ফাসেনার কোং লি.-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। 

ব্যবসায়ী ও সমাজসেবক আক্কাচ উদ্দিন মোল্লা ওসমান মেমোরিয়াল হাসপাতাল এবং ওসমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।

বেহাল দোহারের বাঁশতলা-কার্তিকপুর সড়ক

নিউজ৩৯♦ ঢাকার অদূরে দোহার উপজেলার বাঁশতলা-কার্তিকপুর প্রধান সড়কের চরকুশাই অংশের দুই কিলোমিটার বেহাল। সড়কের এ অংশের বেশির ভাগ স্থানে পিচ ও ইটের খোয়া উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে গিয়ে প্রায়ই অচল হয়ে পড়ে যানবাহন। এছাড়া খানাখন্দের কারণে ঘটছে দুর্ঘটনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও আজো তা বাস্তবায়ন হয়নি।

সূত্র জানায়, দোহারের বাঁশতলা-কার্তিকপুর সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন। সড়কটি নির্মাণের পর দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। সংস্কার না করায় এটি বর্তমানে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া থেকে করিমগঞ্জ, চরকুশাই, কার্তিকপুর, সুন্দরীপাড়া, শিলাকোঠা, আন্তাসহ বাহ্রা ঘাট থেকে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ এবং মৈনট ঘাট দিয়ে ফরিদপুর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা খুবই নাজুক। জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কার করা উচিত।

সরজমিন দেখা গেছে, বাঁশতলা-কার্তিকপুর সড়কের চরকুশাই অংশের বিভিন্ন স্থানের পিচ, ইট ও সুরকি উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এসব গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও সড়ক দেবে গেছে। চালকরা ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন। এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত সংস্কার করা হোক। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সওজের আওতাধীন সড়কটি বিভিন্ন সময় নামমাত্র সংস্কার করা হয়েছে। জোড়াতালি দিয়ে সংস্কার করায় কিছুদিনের মধ্যে তা আগের অবস্থায় ফিরে যায়। শোনা যাচ্ছে, আবারো সংস্কার করা হবে। বর্ষা এসে গেছে। কিন্তু আজো কাজ শুরু হয়নি।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন বলেন, বাঁশতলা-কার্তিকপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভুইয়া বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটির এমন বেহাল দেখলে খুবই খারাপ লাগে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।