নয়নশ্রী ইউনিয়নে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

নিউজ৩৯♦  নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের আমতলা থেকে ভাওয়াডুবি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ভাওয়াডুবি মসজিদের সামনে ঐ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

এলাকাবাসী জানায়, নবাবগঞ্জ থানার সাথে মানিকগঞ্জের থানার যোগাযোগের অন্যতম রাস্তা এটি। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু এই রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি জনপ্রতিনিধিরা। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে উঠে রাস্তাটি। ফলে ভোগান্তিতে পড়তে হয় জনসাধারন। মানববন্ধনে নেতৃত্বকারী নয়নশ্রী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, জামশা বাজার থেকে কোনো কাজে নবাবগঞ্জ সদরে যেতে আমতলা-ভাওয়াডুবি রাস্তাটি দিয়ে যেতে সবোর্চ্চ আধা ঘন্টা লাগে।

কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় আমাদেরকে প্রায় ১০ কিলোমিটার বেশি ঘুরে শিকারীপাড়া দিয়ে যেতে হয়। এতে সময়ের পাশাপাশি আমাদেরকে নানা ভোগান্তিতে পড়তে হয়।

নবীনগর উত্তর বাহ্রা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. ইদ্রিস আলী ক্ষোভের সঙ্গে বলেন, আমতলা- ভাওয়াডুবি রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশত ছাত্র-ছাত্রী যাতায়াত করেন। কিন্তু বৃষ্টিতে রাস্তার অবস্থা এতই খাবাপ হয়ে যায় যে ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে চায় না।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, একটি রাস্তার জন্য ঘোষপাড়া, ভাওয়াডুবি, উত্তর বাহ্রা, ঘোড়াখালি, সাহেবগঞ্জ, বালুখন্ড, দুধঘাটাসহ আশেপাশের ২০টি গ্রামের মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে।

তাই এলাকাবাসী আমতলা থেকে ভাওয়াডুবি পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেন।

এই ব্যাপারে নয়নশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পলাশ চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যায় নি। 

খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়ঃ নুরুল ইসলাম বাবুল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইনের আকারবাগ মাঠে মুন্সিনগর প্রগতি সংঘের আয়োজনে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতায় বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেছেন, খেলাধুলা মানসিক বিকাশ ঘটায় ও মানুষকে অপরাধ প্রবণতা থেকে বিরত রাখে। বুধবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিনগর প্রগতি সংঘের সভাপতি হাজী নুর মোহাম্মদ। খেলায় আউলিয়াবাদ মাঝিপাড়া ৬-০ গোলে উত্তরা যুব সংঘকে পরাজিত করে। বিজয়ী দলকে ফ্রিজ ও রানার্সআপকে টিভি পুরস্কার দেয়া হয়। 

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম বলেন, সমাজের উন্নয়নে খেলোয়াড়রাও অর্থনৈতিকভাবে ভূমিকা রাখতে পারেন। তিনি এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সংঘের ভবন নির্মাণেও তিনি ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। নুরুল ইসলাম বলেন, আমার স্ত্রীকে ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী করে আমাকে আপনারা ঋণী করেছেন। এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সহযোগিতার পাশাপাশি আমরা আপনাদের যে কোনো ভালো কাজে পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, আমার এলাকার কোনো দরিদ্র ও দুস্থ পরিবারের সন্তানের যাতে অর্থের অভাবে লেখাপড়া বন্ধ না হয়, সে বিষয়ে আমি আপনাদের পাশে আছি, থাকব। এ সময় তিনি চুড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয় ও মুন্সিনগর মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের মাঠ অবকাঠামো উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দেন।

বিকাল চারটায় নুরুল ইসলাম চুড়াইন তারিনীবামা স্কুলে পৌঁছলে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনি খেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি মো. সোহরাব উদ্দিন, সংঘের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার ভুঁইয়া, সাইদুর রহমান, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, অরুণ কুমার মণ্ডল, বণিক সমিতি নেতা আবদুল মান্নান, বোরহান উদ্দিন খান, হাবিবুর রহমান, সগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি নেতা জুয়েল আহমেদ, খলিলুর রহমান প্রমুখ।

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে আহত

নিউজ৩৯♦  ঢাকার নবাবগঞ্জে ফারুক মোল্লা (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত ফারুক মোল্লা ‌উপজেলার কৈলাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় প্রভাবশালীরা তার ওপর হামলা করেছে বলে অভিযোগ স্বজনদের। তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আহত ফারুক মোল্লার স্ত্রী পারভীন জানিয়েছেন, তাঁর স্বামী ফারুক দীর্ঘদিন ধরে পাড়াগ্রাম কালিগঙ্গা নদীতে গুদারাঘাট ইজারা নিয়ে খেয়া পরিচালনা করে আসছেন। ওই ঘাটের পাশেই একই গ্রামের খালেক শেখ, সালেম, শাহজাহান, বাবুল শেখসহ আরও কয়েকজন আরও একটি খেয়াঘাট বসিয়ে ফারুকের কাজে বাধা দিয়ে আসছিলেন। এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একটি মীমাংসা করে দিলেও তারা তা অমান্য করে তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে গতকাল শনিবার রাতে হামলাকারীরা তাঁর স্বামীকে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

নবাবগঞ্জ থানার ওসি মো. সায়েদুর রহমান জানান, এ ঘটনায় ফারুকের স্ত্রী পারভিন আক্তার স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় রাতেই লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪শ বছরের পুরোনো কোরআনের পান্ডুলিপি পাওয়া গেল বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে

নিউজ৩৯♦ ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাওয়া গেছে পৃথিবীর প্রাচীনতম কুরআন শরীফের পান্ডুলিপির একাংশ।  পান্ডুলিপির চারটি পৃষ্ঠার মধ্যে প্রথম দুই পৃষ্ঠায় কুরআন শরীফের ১৯ নম্বর সূরা মারইয়ামের ৯১-৯৮ নম্বর আয়াত ও ২০ নম্বর সূরা ত্বা-হার ১-৪০ নম্বর আয়াত। অন্য দুই পৃষ্ঠায় রয়েছে ১৮ নম্বর সূরা কাহাফের ১৭ থেকে ৩১ নম্বর আয়াত।

বৃটিশ গবেষকরা কুরআনের এই প্রাচীনতম পান্ডুলিপির হদিশ পেয়ে দারুণ উচ্ছসিত। তারা বলছেন, যেই ব্যক্তি এটি লিখেছেন তার সাথে নবীজীর (সা.) সরাসরি সাক্ষাৎ হয়েছিল। সহজ কথায় একজন সাহাবী (রা.) পান্ডুলিপিটি লিখেছেন।

কোনো এক সাহাবীর (রা.) হাতে লেখা কুরআনের পান্ডুলিপির হদিশ জানতে পেরে সারা বিশ্বের মসুলমানদের মধ্যেও বেশ খুশি ছড়িয়ে পড়েছে। তবে মক্কা বা মদীনায় লিখিত কুরআনের পান্ডুলিপি ব্রিটেনে যাওয়া নিয়ে এরই মধ্যে বহু মুসলমানের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে।

জনপ্রিয় আমেরিকান মুসলিম পন্ডিত আবু আম্মার ইয়াসির কাজী জানিয়েছেন তিনিও কুরআনের প্রাচীনতম পান্ডুলিপির ব্রিটেনে উদ্ধারের ব্যাপারে জিজ্ঞাসিত হয়েছেন। ইয়াসির কাজী বলছেন, অনেক মুসলমানই আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে প্রাচীন আমলের বহু ইসলামী দলিল-পান্ডুলিপি অমুসলিম দেশ ও লাইব্রেরিতে গেল। জবাবে আমি বলেছি, সহজ কারণ হল ঔপনিবেশিকতা ও পয়সার জোর। কিছু পান্ডুলিপি স্রেফ দখল করা হয়েছে, তবে ঐতিহাসিক মূল্যের কথা বিবেচনা করে ইউরোপীয় পর্যটকরা বেশির ভাগ পান্ডুলিপিই ব্যক্তিগত মালিকদের কাছ থেকে বা কালোবাজার থেকে অর্থের বিনিময়ে খরিদ করেছেন।

২০১১ সালে সন্ধান পাওয়া পান্ডুলিপির পাতা কয়েকটি রেডিও কার্বন প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে এ বছর বলা হচ্ছে এটি কমপক্ষে ১৩৭০ বছর আগে ৬৪৫ সালে লেখা হয়েছে। এই হিসাবে পান্ডুলিপিটি নবীজীর (সা.) ওফাতের ১৩ বছরের ও তৃতীয় খলিফা হযরত উসমানের (রা.) খেলাফতের দ্বিতীয় বছরের মধ্যে লেখা হয়েছে।

মিজানুর রহমান শমসেরীর তিনটি ছড়া

হতাম যদি

 

হতাম যদি আমি কোনো গাঁও গেরামের চাষা

মাটির সাথে থাকতো আমার নিগূঢ় ভালোবাসা।

নদীর পারে থাকতো আমার ছোট্ট সোনার গাঁও

উজান-ভাটি স্রোতের টানে চলতো আমার নাও।

মাঠের পাশে থাকতো পাতা মাচান-বাঁধা খড়

বাড়ির পাশে থাকতো আমার ছোট্ট গোয়ালঘর।

গোয়াল ভরা থাকতো গরু আথাল ভরা গাই

সারা গাঁয়ের মানুষ আমায় ডাকতো কৃষান ভাই।

লাঙ্গল কাঁধে মাঠে যেতাম সূর্য ওঠার আগে

স্বপ্ন আমার সফল হয়ে ফুটতো নবীন রাগে।

 

দাদুর পায়ে খড়ম

 

দাদুর পায়ে খড়ম

নাকের ডগায় চশমা আঁটা

মেজাজ বড় গরম।

 

মাথায় বড় পাগড়ি আঁটা

লম্বা বেজায় পাতলা গা’টা

দুই হাতেতেই লাঠি-সোটা

বন্ধু যেন পরম।

 

বন্ধু তাহার জুটলো আরেক

বয়স তাহার কুড়ি চারেক

মুচকি হেসে ডাকলো বারেক

মেজাজটা তার নরম।

 

দিন কয়েক হয় মরছে দাদি

তাইতো দাদু করবে সাদি

বন্ধু শুনে খবর আদি

বললো, ছিঃ ছিঃ শরম!

 

বিদ্রোহী

 

পিঁপড়েরা সব জোট করেছে

রাজার কাছে বিচার চাই,

দেখছো না তাই এক মিছিলে

চলছে কেমন চলনটাই!

ওদের রাজা বেজায় পাজি

ওদের প্রতি নজর নেই,

রাজা থাকেন তিনতলাতে

ওদের বাসা গাছতলাতেই।

ওরা ফলায় শস্য-ফসল

রাজা করেন হুকুমজারি,

রাজবাড়িতে থাকবে জমা

দেখছো কেমন অত্যাচারী!

নিত্য রাজা খায় যে পোলাও

মাংস চিনি ঘি লুচি

হাভাতে সব শ্রমিকেরা 

ওদের বুঝি নেই রুচি!

ওদের রাজা অত্যাচারী

তাই করেছে বিদ্রোহ

দেখছো না তাই এক মিছিলে

কেমন চলার আগ্রহ!

গালিমপুরে ফুটবল ফাইনাল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর শাহ্বাদ নবীন সংঘ আয়োজিত চূড়ান্ত ফুটবল খেলায় চুড়াইন সাংস্কৃতিক সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গালিমপুর রহমানিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে চুড়াইন সাংস্কৃতিক সংঘ ৪-২ গোলে কামারখোলা উজালা সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার শাহ আবু বকর সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী কেএস আলম পোখরাজ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার রুহুল আমীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, আগলা ইউপি চোয়ারম্যান আবেদ হোসেন, চুড়াইন ইউপি চেয়ারম্যান হাজী আবু সাইদ, গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, আওয়ামী লীগ নেতা রেজাউর রহমান রেজা ও আজিজুর রহমান আজিম। খেলার আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন রয়েল গ্র“পের চেয়ারম্যান শিল্পপতি মো. সোহরাব উদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মো. ফিরোজ হোসেন সাচ্চু, ক্রীড়া সম্পাদক রফি হোসেন খান ও প্রচার সম্পাদক তপন শাহ। ধারাভাষ্যে ছিলেন মুন্না খন্দকার। 

দোহারে ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকার দোহার উপজেলায় রাইপাড়া এলাকার সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে বকুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত পৌনে ৮টার দিকে খালপাড় লোহার ব্রিজের ঢালে বকুলের সঙ্গে স্থানীয় বখাটে রাসেলের কথা কাটাকাটি হয়। রাসেল একপর্যায়ে বকুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহত বকুল উপজেলার রাইপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সন্দেহভাজন রাসেল ও তার ভাই রাকিব ঘটনার পর থেকেই পলাতক।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সিরাজুল বলেন, “রাতে গ্রামের একটি মুদি দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বকুল। সেখানে রাসেল ও রাকিবের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রাসেল দৌড়ে বাড়ি থেকে ছুরি এনে বকুলের বুকে ও পেটে আঘাত করে। এরপর দুই ভাই পালিয়ে যায়। এলাকার আধিপত্য নিয়ে বকুলের সঙ্গে রাসেল ও রাকিবের শত্রুতা ছিল। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় বকুলের স্বজনেরা বুধবার রাত সাড়ে ১২টার দিকে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের ছোট ভাই বাহারুল জানান, “এভাবে আমার ভাইকে জীবন দিতে হবে আমরা পরিবারের কেউ তা মেনে নিতে পারছি না। আমারা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই।“

বিএনপি জিয়া নামে ভাঙ্গছে বিএনপি: অভিযোগে শীর্ষস্থানীয়রা

নিউজ৩৯; বিশেষ প্রতিবেদক:: জিয়া বিএনপি’ নামে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা রকম আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বিভিন্ন মামলায় অভিযুক্তরা এই দল গঠন করতে পারেন। তাদের মতে, যারা দল গঠন করবেন, তারা লাভবান হবেন কি না তা নিয়ে সন্দেহ থাকলেও বিএনপি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পর মধ্যবর্তী নির্বাচনের দাবিতে কয়েক দফা আন্দোলন করেছে বিএনপিসহ ২০ দলীয় জোট। টানা তিন মাস রক্তাক্ত হরতাল-অবরোধ করেও আন্দোলনে সাফল্য আসেনি। বরং দলের কয়েকজন সিনিয়র নেতা কারাগারে, বেগম খালেদা জিয়া ছাড়াও অনেক নেতার বিরুদ্ধেই হয়েছে একাধিক মামলা।আর এতে সম্পৃক্ত বলে শোনা যাচ্ছে রোযায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দাওয়াত প্রাপ্ত সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যাঃ নাজমুল হুদাসহ একসাথে ৪২ মামলায় জামিন পাওয়া আমানুল্লাহ আমান, সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দীন আহমেদের নেতৃত্বে আরো অনেকের নাম। এক্ষেত্রে মামলা ও প্রশাসনিক ভয় দেখিয়ে খুব শীঘ্রয় এই দলট গঠন করা হবে সুবিধাজনক সময়ে। সাদেক হোসেন খোকা, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমেদ এবং জেনারেল মাহবুবুর রহমান সহ আরো অনেককে এই দলে সম্পৃক্ত করণে তীব্র প্রচেষ্টা অব্যহত রয়েছে। এতে আগের সংস্কারপন্থী মেজর (অবঃ) জেড এইচ খান ও সাবেক হুইপ আশরাফসহ অনেক সাবেক আমলা, মন্ত্রী ও এমপি’র নাম শোনা যাচ্ছে। তবে এই ব্যাপারে সবাই চুপ। এছাড়া তৃণমূল নেতাদের সঙ্গে সিনিয়র নেতাদের কয়েকটি কথোপকথন ফাঁস হলে সেখানেও শোনা যায় নেতাদের হতাশার কথা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভাঙন দেখা দিতে পারে বিএনপিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারি নতুন বিএনপির সম্ভাব্যতা প্রসঙ্গে বলেন, এখন যেটা শোনা যাচ্ছে বিএনপিবে ভেঙ্গে নতুন বিএনপি তৈরী হবে। তারা আওয়ামী লীগ ও অন্যান্য দলের সাথে এসে নির্বাচনেও অংশগ্রহণ করবে। যেমনটি ভারতে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গঠন করে ক্ষমতাও এসেছে। এরাও জিয়ার আদর্শকে সামনে রেখে জিয়ার আদর্শ দল গঠন করতে পারে। আমার মনে হয় দলের নাম হবে জিয়ার আদর্শ দল।নতুন দলের ভবিষ্যত নিয়ে সন্দিহান রাষ্ট্রবিজ্ঞানীরা। তারা মনে করছেন, নতুন দল সফল না হলেও বিএনপির জন্য অবশ্যই তা দুঃশ্চিন্তার কারণ হবে।

নুরুল আমিন ব্যাপারি আরও বলেন, আওয়ামী লীগ বলতে শেখ হাসিনা ওয়াজেদ আর বিএনপি বলতে খালেদা জিয়া। আওয়ামী লীগ বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে। কিন্তু সফল হয়নি। আবার বিএনপি থেকেও অনেকে বেরিয়ে গেছে কিন্তু কেউই আলাদা বিএনপি করতে পারেনি। বিএনপি আসলে জিয়া পরিবার কেন্দ্রিক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু মজুমদার মনে করেন, দল থেকে বেরিয়ে গিয়ে আরেকটি প্যাকেট দল করে কতটা সফল হতে পারবে নতুন দলটি সে ব্যাপারে আমার সন্দেহ আছে তবে এমন ঘটনা যদি ঘটে আর গুরুত্বপূর্ণ কিছু লোক বেরিয়ে যায় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু বেরিয়ে গিয়ে যারা দল গঠন করবে তারা কতটা সফল হতে পারবে সেটাই প্রশ্ন।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি এখন ‘বর্ডার লাইনে’ আছে। কিছুদিনের মধ্যেই দলের নীতিনির্ধারকরা হয়তো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।

দোহার-নবাবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ করণ: শুরু ২৫শে জুলাই

নিউজ৩৯;বিশেষ প্রতিবেদক :: একটি গণতান্ত্রিক দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হলো ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা। এ লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করা শুরু করা হয়েছে। দোহার-নবাবগঞ্জে আগামী ২৫শে জুলাই থেকে ২টি স্তরে ( ৩ ধাপে ) পর্যায়ক্রমে প্রক্রিয়াটি ডিসেম্বরে শেষ হবে। দোহার-নবাবগঞ্জের ক্ষেত্রে প্রথম স্তরে ২৫শে জুলাই শুরু হয়ে ৯ই অগাস্ট শেষ হবে। আর দ্বিতীয় স্তরে ২২শে অক্টোবর শুরু হয়ে ২রা ডিসেম্বর শেষ হবে।

প্রথম স্তরে বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করা, সুপারভাইস করা হবে এবং ১১ই অগাস্ট থেকে ১লা সেপ্টেম্বর থেকে নিবন্ধন কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে হবে। এ সময় ২০০০ সালের ১লা জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন করা হবে। আর দ্বিতীয় স্তরে ১৯৯৮ সালের ১লা জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন করা হবে।