সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দোহারের যুবক নিহত

নিউজ৩৯♦ সৌদি আরবের দুরমা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মো. শাহীন (৩১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শাহীন ঢাকা দোহার থানার জয়পাড়া ইউনিয়নের বটিয়া গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে। সোমবার বেলা ১১টার দিকে রিয়াদ থেকে ১৭০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার জিএস কোম্পানির দুরমা পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শাহীন। এ সময় প্রজেক্টের ফেব্রিকেটর শ্রমিক আলামিন গাড়ি চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহীনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বর্তমানে শাহীনের মরদেহ মারাত জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নবাবগঞ্জে বাড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২: অভিযোগের তীর চেয়ারম্যানের দিকে

নিউজ৩৯♦ নবাবগঞ্জ উপজেলার আন্ধারকোঠা গ্রামের এমএ রাজ্জাকের বাড়ি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে  ২জন গুলিবিদ্ধসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। রাজ্জাককে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ২ জন হলেন- শাহদাত দেওয়ান (৩৮) ও মাসরুফা বন্যা (২৭) ।  আহত অন্যরা হলেন, এমএ রাজ্জাক (৪৯), তার স্ত্রী শাহিদা বেগম (৩৮), মেয়ে তানিয়া আক্তার প্রিয়া (১৮) ও ছেলে মো. রোমান (২৪)। গতকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালিপুর ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামে রাজ্জাকের বাড়ি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে । 

এ ঘটনায় রাজ্জাকের পরিবারের উপর হামলা চালালে তার লাইসেন্স  করা শর্ট গানের গুলিতে প্রতিপক্ষের ঐ দু’জন আহত হয়। এ ঘটনার পর রাজ্জাককে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ শাহদাত দেওয়ান ঐ গ্রামের মোকলেছ দেওয়ানের সেজো ছেলে এবং মাসরুফা বন্যা তার মেয়ে।  

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের মোকলেছ দেওয়ানের পরিবারের লোকজনসহ ৪০ থেকে ৫০ জন লোক রাজ্জাকের বাড়িতে চড়াও হয়। এরপর রাজ্জাকের বাড়ির দেয়াল পেরিয়ে ভিতরে গিয়ে আরও একটি দেয়াল নির্মাণ করার চেষ্টা করে প্রতিপক্ষ। এ সময় রাজ্জাক তাদের বাধা দিলে প্রতিপক্ষ লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে রাজ্জাকসহ তার স্ত্রী, ছেলে ও মেয়েকে আহত করে। এ সময় রাজ্জাক তার লাইসেন্স  করা শটগান দিয়ে ফাঁকা ফায়ার করে। এ সময় শাহদাত দেওয়ান তার বড় ভাইয়ের স্ত্রী  মাসরুফা বন্যা গুলিবিদ্ধ হন। এরপর স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গুলিবিদ্ধ ২ জনের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠান।  

আহত রাজ্জাক  জানান, তার বাড়ির পাশে সাড়ে ৪ শতাংশ অপর একটি সম্পত্তি  নিয়ে একই গ্রামের মোকলেছ দেওয়ানের সঙ্গে আদালতে মামলা চলছিল। কিন্তু  গতকাল মোকলেছ দেওয়ান গং এবং একই গ্রামের গালিমপুর ইউপি চেয়ারম্যান  তপন মোল্লা গং তার বাড়িতে হামলা চালায় । 

অপরদিকে গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা  জানান, এ ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা  নেই। 

মোকলেছ দেওয়ান অসুস্থ থাকায় কথা বলতে না পারায় তার বড় ছেলে মোবারক দেওয়ান  জানান, ঘটনা স্থলে তাদের ৩ শতাংশ জায়গা রয়েছে। সে জায়গা রাজ্জাক দখল করে রেখেছে। এ নিয়ে কয়েকবার চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠক করে মীমাংসার চেষ্টা করা হয়েছে। এতে রাজ্জাক জায়গা ছাড়তে চায়নি। এমনকি থানা পুলিশকেও এ ব্যাপারে অবহিত করা হয়েছে। আমাদের জায়গায় আমরা দেয়াল তুলতে যাই। আমাদের লোকজন কোন হামলা করেনি। রাজ্জাকই আমাদের লোকজনকে গুলিবিদ্ধ করে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, গুলি করার অপরাধে রাজ্জাককে আটক করা হয়েছে এবং তার শটগান জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

নবাবগঞ্জের অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জের গালিমপুর থেকে রবিবার রাতে তাইজুল (২০) নামে এক যুবককে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সে নেত্রকোনা’র কলমাকান্দার কেরামত আলীর পুত্র। তাইজুল তাদের পাশ্ববর্তী গ্রামের শামীম নামে আরেক যুবককে অপহরণ করেছে।

পুলিশ ও অপহরণের শিকার শামীমের মামা আমিরুল জানান, তাইজুল গালিমপুর দিনমজুরের কাজ করে। গত মঙ্গলবার তাইজুল তার সহযোগীদের নিয়ে নেত্রকোনা কলমাকান্দা থেকে শামীমকে অপহরন করেন।

এরপর তারা শামীমকে গাজীপুর একটি বাড়ীতে আটকে রাখে। তাইজুল চলে আসে গালিমপুরে। তাইজুল ফোনে বিকাশের মাধ্যম্যে শামীমের মুক্তিপণ হিসেবে ৬০হাজার টাকা দাবি করেন তার মামার কাছে এবং টাকা পাঠানেরা জন্য একটি বিকাশ নম্বর দেওয়া হয়। অপহরণকারীদের দেওয়া নম্বরে প্রথমে পাচ হাজার টাকা পাঠায় শামীমের পরিবার। এরপর প্রযুক্তির মাধ্যমে জানা যায় বিকশ এজেন্ট নম্বরটি ঢাকার নবাবগঞ্জের। শামীমের মামা রবিবার সকালে নবাবগঞ্জ থানায় এসে ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ জানতে পারে বিকাশের এজেন্ট দোকানটি গালিমপুর বাজারের। পুলিশ ফাদ পাতে অপহরণকারীদের ধরতে। উক্ত বিকাশ এজেন্ট দোকানের আশেপাশে সিভিল ড্রেসে নবাবগঞ্জ থানার এস আই আবুল বাসার এর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয় । শামীমের মামা তাইজুলকে জানায় মুক্তিপণের অবশিষ্ট টাকা বিকাশ নম্বরে পাঠানো হয়েছে। তাইজুল বিকাশে দোকানে টাকা উঠাতে গেলে পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাউজুল স্বীকার করেছে তারা শামীমকে অপহরণ করেছে এবং গাজীপুরের একটি বাড়ীতে বন্ধি করে রেখেছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সায়েদুর রহমান বলেন, অপহরণকারী তাইজুলকে আটক করার পর সে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। শামীমকে তারা গাজীপুর একটি বাড়ীতে আটকিয়ে রেখেছে বলে স্বীকার করেছে। পুলিশ অপহরণের শিকার শামীমকে উদ্ধারের চেষ্টা করছে।  

জ্ঞানের আলো দিয়েই সমাজকে আলোকিত করতে হবে: ডিএন কলেজে সালমা ইসলাম

নিউজ৩৯♦ শিক্ষার্থীরাই হবে আগামী প্রজন্মের পথপ্রদর্শক। সেই লক্ষ্যকে সামনে রেখে জীবনের ভিত্তি দাঁড় করাতে হবে। সোমবার দুপুর ১২টায় দোহার-নবাবগঞ্জ কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে একাদশ শ্রেণীর পরিচিতি ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সালমা ইসলাম বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ও জ্ঞানের আলো দিয়েই এ সমাজ আলোকিত করতে হবে। তাই জীবন গড়তে শিক্ষায় মনোযোগী হতে হবে। কলেজ আঙিনায় মুক্ত বিহঙ্গের মতো বিচরণ করলেই হবে না। উচ্চশিক্ষার দাঁড় উন্মোচন করার এখনই সময়। তাই ভালো ফলাফলের মাধ্যমে এ কলেজের সুনাম রক্ষায় এবং পরিবার ও সমাজের উন্নয়নে প্রস্তুতি নিতে হবে। তাহলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছা যাবে। সুশিক্ষা অর্জন করে সমাজকে আলোকিত ও উজ্জ্বল করে গড়ে তুলতে পারলেই তোমাদের জীবন সার্থক হবে।

তরুণদের একটি অংশের মাদকে আসক্ত হয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, হতাশা-যন্ত্রণা থেকে মুক্তি পেতে মাদক কোনো সমাধান নয়। এই বিষের হাত থেকে দূরে থাকতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদককে প্রতিরোধ করতে হবে। নিজের জীবন, রাষ্ট্র ও সমাজকে ক্ষতি করে এমন কাজ পরিহার করে সুন্দও, সুশৃংখল কর্মজীবন গড়ে তুলতে হবে। তবেই সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে সালমা ইসলাম দোহার-নবাবগঞ্জ কলেজের তিনতলাবিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, গভর্নিং বডির সদস্য খান ইফতেখার আল ফারুকী, এমএ জলিল, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, এমএ মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, নাহিদুল ইসলাম নাদিমসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জের প্রবাসী সহিদ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জের আলোচিত প্রবাসী সহিদ হত্যা মামলার প্রধান আসামী ডাকাত মো: আয়নালকে গ্রেফতার করেছে ডিবি। রবিববার রাতে তাকে নবাবগঞ্জ সদর থেকে গ্রেফতার করা হয়। ডাকাত  আয়নাল উপজেলার কৈলাইল ইউনিয়নের মৃত শেখ মুন্নার পুত্র।

জানা যায়,  কৈলাইল ইউনিয়নের  রায়পুরে গত বছর প্রবাসী সহিদ ডাকাতদের হামলা নিহত হন। চাঞ্চল্যকর ঐ হত্যাকান্ডটি  তখন উপজেলা আলোরন সৃষ্টি করে। সহিদ হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন করেন এলাকাবাসী ও নবাবগঞ্জের বিভিন্ন সংগঠন । সেই সময় খুন ও ডাকাতি ঘটনায় ৩৯৬ ধারায় নবাবগঞ্জ থানায় একটি মামলা করা হয়। মামলা নং- ১১-১০/১৪।

মামলার রহস্য উৎঘাটনের দায়িত্ব পায় ডিবি। দায়িত্ব পাওয়ার পর রহস্য উৎঘাটন এবং আসামী চিহ্নিত করে ডিবি পুলিশ। সেই ধারাবাহিকতায় শনিবার রাত ১০টার দিকে ঢাকা জেলা ডিবি’র পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক এর নেতৃত্বে ডিবি’র একটি টিম নবাবগঞ্জের সদরের চৌরঙ্গি থেকে ডাকাত আয়নালকে আটক করেন।

ডিবি’র পরিদর্শক বিষ্ণু ব্রত মল্লিক জানান, আয়নাল আন্ত:ডাকাত দলের সদস্য। নিহত প্রবাসী সহিদের বাড়ী ডাকাতি এবং তাকে হত্যার সাথে আয়নাল সরাসরি জড়িত বলে আমরা নিশ্চিত হয়েছি। উক্ত মামলা তাকে গ্রেফতার করা হয়েছে।

দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের নবীন বরণ

নিউজ৩৯♦ স্কুলের গন্ডি ছাড়িয়ে কলেজে পা দেয়া নবীন শিক্ষার্থীদের বরন করে নিলো নবাবগঞ্জ উপজেলা ও দোহার নবাবগঞ্জ  বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। নবীন শিক্ষার্থীদের কলেজের গাইড লাইন ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করেন দোহার ননবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকগন।

স্কুলের পর সম্পূর্ণ নতুন এক পরিবেশে চলে আসে শিক্ষার্থীরা। নতুন এই পরিস্থিতির মাঝে অনেক শিক্ষার্থী নিজেকে মানিয়ে নিতে পারে না। ফলে অকালেই ঝরে যায় অনেক শিক্ষার্থী। প্রপার গাইড লাইনের অভাবে হারিয়ে যায় অনেক মেধাবী শিক্ষার্থী। তাদের জন্য প্রপার গাইড লাইনের ব্যবস্থা করতেই ছাত্রলীগ এই নবীন বরনের আয়োজন করে।

এসময় ছাত্রলীগ নেতাদের মাঝে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাএলীগের সভাপতি এস.এম. সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক আসাদুজ্জামান রনি,সহ সভাপতি তাসদিদ আহমেদ,যুগ্ম সা: সম্পাদক মো: সাজু। দোহার নবাবগঞ্জ কলেজ ছাএলীগের সভাপতি শোভন শিকদার,সাধারন সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম,সহ সভাপতি তানজিল আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো:সম্রাট,যুগ্ন সাধারন সম্পাদক রিমন দাস প্রমূখ।

ছাত্রলীগের নতুন কমিটি: নবাবগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল

নিউজ৩৯♦ বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে স্বচ্ছ ব্যালট বাক্স ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাইফুর রহমান সোহাগ সভাপতি ও মো. জাকির হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে দোহার নবাবগঞ্জ কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা সদর কায়কোবাদ চত্ত্বর হয়ে উপজেলা ফটক ঘুরে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলটিতে এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক নাসিরুজ্জামান রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সহ-সভাপতি কামরুজ্জামান সবুজ, তাসদিদ আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শোভন সিকদার, সহসভাপতি তানজিল আহমেদ, সোহান, সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম প্রমুখ।

মিজানুর রহমান শমসেরীর ছড়া

অবৈধ ইচ্ছে

 

ইচ্ছে করেই ওরা আমায় মারতে আসে ঐ

অনিচ্ছাতে এখন আমি পালিয়ে যাবো কই?

ইচ্ছে করেই ওরা আমায় দিচ্ছে বহুত গাল

ইচ্ছে করে ওরা আমার ভাঙছে ভাতের থাল।

ইচ্ছে করেই ওরা আমার টানছে ঘরের খুঁটি

ইচ্ছে করে ওরা আমার নিচ্ছে সকল লুটি।

ইচ্ছে ওদের আমার ঘাড়ে থাকবে ওরা চেপে

মুছিয়ে দিবে মিষ্টি হাসি চুনকালিতে লেপে।

ইচ্ছে করেই ওদের সাথে মিষ্টি কথা কই

ইচ্ছে করে তবু ওরা মারতে আসে ঐ।

 

খাজনাপাতি 

 

পাট কেটেছি ক’দিন হলো, মাত্র ক’টা দিন-

খাজনাপাতি সবই দেবো, সবুর করে নিন।

আজো জমির ধান পাকে নি, চাল-ডাল নেই ঘরে

পাঁচ বছরের কচি মেয়ে ভুগছে কালা জ্বরে।

কৃষানি আজ ক’দিন হলো খায় নি কিছু ভাই

হালের বলদ গেছে মারা, কাঁদছে শুধু তাই।

কলা দিয়ে জাউ রেঁধেছি, মরিচ বেটেছি

এই কটা দিন এমনি করে চালিয়ে যেতেছি।

উলুর পাকে ঘুরছে মাথা, খাটছি সারা দিন

খাজনাপাতি সবই দেবো, সবুর করে নিন।

 

 

দুর্ভিক্ষের ছড়া

 

গল্প শোনো ছোট্ট খুকু, গল্প শুনে হাসতে মানা

ক্ষুধার দেশে খোদার মানুষ ক’দিন হলো খায় নি খানা।

থাকার ঘরের চাল ভেঙেছে, গাছতলাতে বাসা

ভুলেই গেছে দেশের মানুষ মিষ্টি করে হাসা।

পায় নি মানুষ খাবার খেতে একটা রুটি, একটু ডাল

মরছে মানুষ জঠর-জ্বালায়, চাল-বাজারে নেই যে চাল।

দেশের রাজা টানছে গাঁজা, ছড়ান কথার বুলি

রাজপুতনার মোটর গাড়ি উড়ায় পথের ধূলি।

যে দেশে লোক ভাত না পেয়ে পথে-ঘাটে জীবন খোয়ায়

ঠিক সে দেশের রাজপুতেরা প্যারিস থেকে কাপড় ধোয়ায়।

স্বাক্ষর জাল করে দোহার-নবাবগঞ্জের ৩৬টি প্রকল্পের প্রায় কোটি টাকা আত্মসাৎ

নিউজ৩৯♦ স্বাক্ষর জাল করে মোটা অংকের বিল তুলে নেয়ার ঘটনা ঘটেছে ঢাকা জেলা পরিষদে। শুধু একটি প্যাকেজেই আত্মসাৎ করা হয়ছে ৭২ লাখ টাকা। আর এটি করতে গিয়ে জেলা পরিষদের প্রভাবশালী চক্রটি ৩৬টি প্রতিষ্ঠানের প্যাড ও সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে। অথচ প্রকল্প এলাকা পরিদর্শনপূর্বক বিল ছাড় করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে জেলা পরিষদের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তা পালন করেননি। উল্টো এভাবে জালিয়াতি করে টাকা তুলে নেয়ার সুযোগ করে দেয়া হয়েছে। কেননা সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের নীরব সমর্থন না থাকলে স্বাক্ষর জাল করে টাকা হাতিয়ে নেয়া মোটেই সম্ভব নয়। জেলা পরিষদ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র বলছে, এ রকম স্বাক্ষর জাল ও ভুয়া প্রকল্প দেখিয়ে বিগত কয়েকটি অর্থবছরে কমপক্ষে ২০ কোটি টাকা দুর্নীতিবাজদের পকেটে চলে গেছে। তথ্যানুন্ধানে জানা যায়, ২০১২-২০১৩ এবং ২০১৩-২০১৪ অর্থবছরে ঘটছে এ রকম ভয়াবহ জালিয়াতির ঘটনা। অভিযোগ রয়েছে, এসব জালিয়াতি ও দুর্নীতির পরিকল্পনা এবং বাস্তবায়নে সহায়তা করেছেন ঢাকা জেলা পরিষদের সাবেক প্রধান প্রকৌশলী নুরুন্নবী পাঠান ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মলয় কুমার রায়। আর প্রশাসক হিসেবে হাসিনা দৌলাও এ দায় এড়াতে পারেন না। সূত্র বলছে, তার জানার মধ্যেই সবকিছু হয়েছে। এমনকি স্বাক্ষর জাল করে এসব প্রতিষ্ঠানের নামে যারা বিল উঠিয়ে নিয়েছেন তারা প্রত্যেকের প্রশাসক হাসিনা দৌলার ঘনিষ্ঠজন। এরা হলেন প্রশাসক হাসিনা দৌলার পিএস মনির হোসেন, ঠিকাদার দিদার উদ্দিন, হাজী মিজান প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা বলেন, ‘জেলা পরিষদে যোগদানের পর প্রতিষ্ঠানের নিয়ম-কানুন বুঝে উঠতে কিছুটা সময় লেগেছিল। ওই সময়ে সাবেক প্রকৌশলী নুরুন্নবী পাঠান, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মলয় কুমার রায় এবং কিছু ঠিকাদার আমাকে ভুল বুঝিয়ে অনেক ভুয়া প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে বিল উঠিয়ে নেন। এদের মধ্যে ঠিকাদার দিদার উদ্দিন, হাজী মিজান এবং আমার ব্যক্তিগত পিএস মনির হোসেনও এসব অনৈতিক কাজ করেছে বলে বিভিন্ন তদন্তে বেরিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতির দায়ে সাবেক প্রধান প্রকৌশলী নুরুন্নবী পাঠান, প্রধান নির্বাহী কর্মকর্তা মলয় কুমার রায়কে অন্যত্র বদলি করেছে প্রশাসন। এতে আমি অত্যন্ত খুশি। আর মনির হোসেনকে আমার পিএস পদ থেকে বাদ দিয়েছি। দুর্নীতিবাজ ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করে রেখেছি। ভবিষ্যতে এদের জেলা পরিষদে আর কোনো কাজের সুযোগ দেয়া হবে না। তালিকা ধরে ভুয়া বা জালিয়াতি করে উঠিয়ে নেয়া কিছু টাকা ফেরতও নেয়া হয়েছে।’ প্রতিষ্ঠানের প্রধান হয়ে দুর্নীতির দায় এড়াতে পারেন কিনা জানতে চাইলে হাসিনা দৌলা বলেন, ‘দুর্নীতিবাজদের চক্রান্তে আমি কঠিন বিপদে পড়েছি। দোয়া করবেন, আল্লাহতায়ালা যেন আমাকে এসব বিপদ থেকে রক্ষা করেন।’

ঢাকা জেলা পরিষদের সাবেক প্রকৌশলী নুরন্নবী পাঠান বলেন, ‘তার সময়ের কিছু প্রকল্পের কাজের অনিয়মের তদন্ত চলছে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বোঝা যাবে কে দোষী না নির্দোষ।’

ঢাকা জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মলয় কুমার রায় বলেন, ‘ঢাকা জেলা পরিষদে যেসব অনিয়ম সংঘটিত হয়েছে সেসবের ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ : ঢাকা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে বিল তুলে নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সাভার উপজেলার ফুলবাড়ীয়া শীব দেবের মন্দির, দোহার উপজেলার শ্রী শ্রী কালিমন্দির, ধামরাই উপজেলার চণ্ডাইলের শ্রী শ্রী কালিমন্দির, ধামরাই উপজেলার কাকরনি নাটমন্দির এবং দিলীপ মুখার্জি শিব মন্দির, ধামরাই উপজেলার শ্রীরামপুর বাজার জামে মসজিদ, সাভার উপজেলার উত্তর পোড়াবাড়ীর মণ্ডলবাড়ি সরস্বতী মন্দির এবং পোড়াবাড়ী শ্রী শ্রী গঙ্গা মন্দির, আশুলিয়া উপজেলার শ্রী হরী মন্দির, সাভার কবিরাজপাড়া দুর্গামন্দির, সাভার গণকপাড়া শিব মন্দির, দোহার উপজেলার শ্রী শ্রী রাধারায় মন্দির, ধামরাই উপজেলার বালিয়া এলাকার রাস্তা ও কবরস্থান উন্নয়ন, ধামরাই চৌহালির উরজুরি কালিমন্দির, কেরানীগঞ্জ হাসনাবাদ শ্রী শ্রী রাধা কালিমন্দির উন্নয়ন, নবাবগঞ্জের হরিশপুর শীবঠাকুর মন্দির উন্নয়ন, নবাবগঞ্জের শোল্লা শ্রী শ্রী গঙ্গাদেবীর মন্দির, ধামরাই পশ্চিম কেলিয়া বায়তুস সালাম জামে মসজিদ, ধামরাই কুল্লা কেলিয়া এমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, ধামরাই মধুডাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদ, দোহার হরিচণ্ডি ব্যাপারী বাড়ি জামে মসজিদ, কেরানীগঞ্জ সবুরবাড়ী শ্রী শ্রী মহাদেব মন্দির, নবাবগঞ্জ ভাঙ্গাভিটা কালিমন্দির, কোমরগঞ্জ পাঠানকান্দা বায়তুল দাল জামে মসজিদ, ঢাকা গৌরাঙ্গ মহাপ্রভু সেবাশ্রম উন্নয়ন, ধামরাই বড়কুশিয়ারা বায়তুল আমান জামে মসজিদ, আশুলিয়া বাড়ীগাঁও বোয়ালীপাড়া জামে মসজিদ, আশুলিয়া মোল্লাপাড়া কবরস্থান, ঢাকা রাধা ভোনপাড়া শ্রী শ্রী দুর্গামন্দির, নবাবগঞ্জ করাতিবাড়ী মন্দির, উত্তরখান সর্বজনীন দুর্গামন্দির, নবাবগঞ্জ আশিকুলসীবাড়ী রাস্তা, দোহার শিলাকাঠা বায়তুল জামে মসজিদ, সাভার নামনগর নদীরপাড় জামে মসজিদ, ঢাকার আল-রাইন স্কুল।

নবাবগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যাঃ স্বামী পলাতক

নিউজ৩৯♦ নবাবগঞ্জ উপজেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে শাহানাজ (৩০) নামে এক গৃহবধূকে খুন করেছে তার স্বামী। ঘটনার পর থেকে ঘাতক শহিদ পলাতক রয়েছে। শাহানাজ স্বামীর সাথে উপজেলার বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ গ্রামের কাদের মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঝগড়াকে কেন্দ্র করে শনিবার রাতের কোনো এক সময় শহিদ তার স্ত্রী শাহানাজের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

রোববার সকালে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ও প্রচুর রক্তরণ হয়েছে। নিহতের লাশ এবং খুনের আলামত একটি হাতুড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সায়েদুর রহমান বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।