দোহারে ফলাফল বিপর্যয়: পাশের হার ৪৭.৩৫%

নিউজ৩৯; শিক্ষা প্রতিবেদক ::  দোহারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে। পুরো দোহারে এইবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা ৫০ ভাগেরও কম। যা দোহারের নতুন প্রজন্মের ভবিষ্যৎ এর উদ্বেগজনক চিত্রই ফুটিয়ে তুলেছে।

দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, মালিকান্দা স্কুল এন্ড কলেজ ও পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজ খারাপের দিক দিয়ে কে কাকে ছাড়িয়ে যাবে তার জন্য এক অদৃশ্য প্রতিযোগীতাই করেছে। ফেলের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে পদ্মা মহাবিদ্যালয়। এই কলেজে ফেলের হার ৫৮ শতাংশ। এর পরেই আছে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ। এই কলেজে ফেলের হার ৫৪ শতাংশ, এবং মেঘুলা মালিকান্দা স্কুলে ফেলের হার ৪৫ শতাংশ।

দোহারের পূর্ব প্রান্তে মুকসুদপুর ইউনিয়নের ফুলতলায় অবস্থিত পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার ৩৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪১ জন পাস করতে সক্ষম হয়। এর মাঝে মাত্র ২ জন জিপিএ ৫ পেয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে এই কলেজের মানবিক বিভাগ থেকে মাত্র ২২ শতাংশ পরীক্ষার্থী পাস করতে সক্ষম হয়েছে।

দোহারের প্রাাণকেন্দ্র জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৬৫৭ জন শিক্ষার্থী। এর মাঝে ৩০৩ জন পাস করতে সক্ষম হয় এবং এর মাঝে জিপিএ ৫ পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী। খারাপ রেজাল্টের কারণ হিসাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক আঙ্গুল তুলেছেন স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশ্যে। দোহারের মাঝে অন্য দুই কলেজের থেকে কিছুটা ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে মালিকান্দা স্কুল এন্ড কলেজ। এই কলেজ থেকে এবার ২১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১৬ জন পাস করে এবং দুই জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। 

দোহার-নবাবগঞ্জের পশ্চিমাঞ্চলে লোডশেডিংয়ের তীব্রতায় অতিষ্ঠ সাধারণ মানুষ

নিউজ৩৯♦ নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর  বারুয়াখালী ও শিকারীপাড়া ইউনিয়ন ও দোহারের নয়াবাড়ি ইউনিয়নে তীব্র গরমে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গরমের তীব্রতা যখন প্রখর ঠিক তখনি যেন বিদ্যুতের লোডশেডিং বেড়ে যায়। 

গত কয়েক দিনে লোডশেডিয়ের মাত্রা বেড়ে গেছে কয়েক গুন। প্রতিদিন সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যায়। এ দিকে ভ্যাপসা গরমে স্কুল, কলেজের শিক্ষার্থীরা পড়ে বিপাকে। সন্ধ্যা ৭ টা থেকে গভীর রাত পর্যন্ত চলে লোডশেডিং। সন্ধ্যা হলে শিক্ষার্থীরা পড়তে বসার ইচ্ছে থাকলেও পড়তে পারে না বিদ্যুৎ না থাকায়। প্রতিদিনের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারন মানুষ।

কর্মজীবী মানুষরা অফিস আদালত থেকে বাড়ি ফিরেই পড়ে বিপাকে। একদিকে লোডশেডিং অন্যদিকে গরমে জনজীবনে নেমে আসে চরম অস্বস্তি। যার কারনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে পাঠ্য সিলেবাস থেকে। প্রতিদিন ৫ থেকে ৬ ঘন্টা বিদ্যুৎ পায় প্রত্যন্ত অবহেলিত এসব এলাকার মানুষেরা।সারা দেশে বিদ্যুতের ঘাটতি থাকলেও নবাবগঞ্জের পশ্চিমাঞ্চলে রয়েছে বিদ্যুতের যথেষ্ট ঘাটতি। এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু গ্রামের বাসিন্দা জেনিফার আদি গোমেজ জানায়, সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে আর কখন আসে বলা যায় না। মাঝে মাঝে রাতে বিদ্যুতের দেখা মিলে না। এভাবেই গরমে ঘুমিয়ে পড়তে হয়। প্রশাসনের কাছে নবাবগঞ্জের পশ্চিমাঞ্চলের অবহেলিত এসব মানুষদের একটাই দাবি প্রশাসন যেন দ্রুত লোডশেডিং বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।

নবাবগঞ্জে শতবছরের পুরনো ভবনে বসবাসঃ যেকোন সময় ঘটতে পারে বড় রকমের বিপর্যয়

নিউজ৩৯♦ নবাবগঞ্জে শতবছরের পুরনো অর্ধশতাধিক পুরনো জরাজীর্ণ ভবনের বাসিন্দারা প্রাণহানির ঝুঁকি নিয়ে বসবাস করছে। যেকোন সময় এই খানে ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। ইতিমধ্যে টানা কয়েকদিনের অতিবৃষ্টির দরুণ কয়েকটি ভবন ভেঙে পড়েছে। ঝুকিতে রয়েছে বাকি গুলোও। নবাবগঞ্জ উপজেলার বাগমারা ও কলাকোপা গ্রামে এই ভাবে ঝুকি নিয়েই থাকছে ভবনের বাসিন্দারা। 

স্থানীয়রা জানান, দেড়শ বছর আগে নির্মিত এ ভবনগুলো প্রায় ৩০ থেকে ৪০ বছর আগেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলার কলাকোপা গ্রামের কবিরাজ বাড়ি, রাধানাথ সাহার বাড়ির কিছু অংশ, তেলিবাড়িসহ অর্ধশতাধিক বাড়ি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বাগমারা গ্রামে বসবাসরত অলিউর রহমান রঞ্জুর বসত বাড়িতে একটি ভবন ভেঙে পড়লে তিনি উপজেলা নির্বাহী কমকর্তা রাজিবুল আহসানের বরাবর লিখিত আবেদন করেন।

স্থানীয় গৌর চন্দ্র দাস (৭০) জানান, কলাকোপা ইউনিয়নের বাগমারাসহ বিভিন্ন স্থানে প্রায় দেড় শতাধিক বছর আগের পুরনো ভবনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পার্শ¦

বর্তী জালালপুর গ্রামের হাজি ফজলুর রহমান (৮৭) জানান, ছোটবেলা থেকেই দেখে আসছি ভবনগুলো জরাজীর্ণ। তিনি আরো জানান, বাগমারা জলিল মোল্লার বাড়ির ভেতর যে পুরনো ভবনগুলো রয়েছে সেগুলো দ্রুত ভেঙে ফেলা উচিত। এ সব ভবন যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

কলাকোপা মধ্যনগর গ্রামের হরেকৃষ্ণ মালাকার বলেন, তার বসতবাড়ির সামনের একটি ভবন ২০ বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রশাসন অনেক আগেই এটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু ইট খুলে পড়লেও তিনি কিছু করতে পারছেন না। সম্প্রতি প্রতিবেশী পরিবার তাকে চাপ সৃষ্টি করলে তিনি বিষয়টি ভূমি অফিসকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান জানান, এলাকাবাসী এ ধরনের অভিযোগ করেছে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে এবং অনান্য ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা হচ্ছে।

দোহারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ৩৯♦ দোহারের নুরপুর থেকে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুলহাস মাতবর (৩২)কে আটক করেছে দোহার থানা পুলিশ।  বুধবার রাত ৮টার দিকে নুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জুলহাস মাতবর ওই গ্রামের অধিবাসী।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার নুরপুর গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে সংবাদের ভিত্তিতে দোহার থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে জুলহাস মাতবরকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে। 

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ: আটক ৫

নিউজ৩৯; ঢাকা প্রেসক্লাব: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা জেলা সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ নেতাদের মুক্তির দাবিতে ঢাকা জেলা ছাত্রদলের সমাবেশ করেছে।। সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ প্রতিবাদ সমাবেশ হয়।

ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবীর পলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান।তিনি বলেন, সবাইকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। বিএনপি এদেশের মানুষকে গণতন্ত্র এনে দিয়েছে ৯০ এর দশকে। আর এবার বিএনপি গণতান্ত্রিক স্বোইরাচার থেকে গণতন্ত্রকে রক্ষা করে সবাইকে মুক্তি দিবে। এসময় ঢাকা জেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এ সময় ৫ নেতা-কর্মিকে পুলিশ আটক করে। 

অস্ত্র নয়, কলমের শক্তিতে বলীয়ান হবে ছাত্রলীগ : সাইফুর রহমান সোহাগ

ছাত্র রাজনীতির অতীত ও বর্তমান সময়ের আলোকে দেশের অন্যতম বৃহত্তম ছাত্রসংগঠনের প্রধান হিসেবে তার পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে সোহাগ জানান, ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত।

’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরচারবিরোধী আন্দোলন ও সাম্প্রতিককালে জামায়াত-শিবিরের তাণ্ডব মোকাবেলাসহ সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময়ে কিছু সংখ্যক সদস্যের কারণে সংগঠনটির ওপর কালিমা লেগেছে। ক্যাম্পাসগুলোতে অস্ত্রের রাজনীতি শুরু করে তারা। আমরা সেই অবস্থা থেকে বের হয়ে আসতে চাই। কেননা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। তিনি ছাত্রদের হাতে বই ও কলম তুলে দিয়েছেন। আমরা ছাত্রলীগ অস্ত্র নয়, কলমের শক্তিতে বলীয়ান হতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করব।অপর এক প্রশ্নের জবাবে সোহাগ বলেন, ছাত্রলীগে যারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে বা করেছে তাদের চিহ্নিতকরার কাজ চলছে। এটা আরো জোরদার করা হবে। যদি কেউ নিজের স্বার্থে সংগঠনে শিবির বা ছাত্রদলের কাউকে দলে ভেড়ানোর চেষ্টা করে তাকেও ছাড় দেয়া হবে না।

তিনি ছাত্রলীগের প্রতিটি ইউনিটে নিয়মিত সম্মেলনের মাধ্যমে কমিটি করার কথা উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে যারা নেতৃত্বে আসবে তাদের অবশ্যই নিয়মিত ছাত্র হতে হবে। বয়স ২৯ বছরের মধ্যেই সীমাবদ্ধ হতে হবে। অবিবাহিত হতে হবে। এর বাইরে যারা কমিটি করার চেষ্টা করবে সংগঠন থেকে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।ক্যাম্পাসে সহাবস্থান বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে নবনির্বাচিত এই সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আমরাও সহাবস্থান চাই। এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। তিনি ছাত্রদলের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা নিয়মিত ছাত্রদের নিয়ে কমিটি করুন। তৃণমূলের ভোটে নেতা নির্বাচিত করুন। সংগঠনের চেইন অব কমান্ড ফিরিয়ে আনুন। আমরাও আপনাদের সহযোগিতা করব। সে সঙ্গে স্বাধীনতাবিরোধী অপশক্তি ছাত্রশিবিরের সঙ্গ ছেড়ে দিন। এতে দেশ উপকৃত হবে, ছাত্রসমাজ উপকৃত হবে।ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগকে আরো সাংগঠনিকভাবে দক্ষ করে গড়ে তোলা আমাদের কাজ। যে কোনো মূল্যে সংগঠনের চেইন অব কমান্ড বজায় রাখা হবে। দেশরতœ শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে দেশের প্রগতিশীল ছাত্রসমাজকে জাগিয়ে তুলব। মোট কথা ছাত্রলীগকে একটি সুশৃঙ্খল ও একতাবদ্ধ সংগঠন হিসেবে উপহার দেয়াই আমাদের লক্ষ্য।

ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে সোহাগ বলেন, সাধারণ ছাত্রছাত্রীরা যেন নির্ভয়ে ক্যাম্পাসে যেতে পারে, সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। অভিভাবকরা যেন নিশ্চিন্তে তাদের সন্তানদের ক্যাম্পাসে পাঠাতে পারেন সে জন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী তাদের পাশে থাকবে। ক্যাম্পাসের নিরাপত্তায় যা যা করা দরকার ছাত্রলীগের নেতাকর্মীরা তাই করবে। সে ব্যবস্থা আমরা করব। ইভটিজিং প্রতিরোধেও আমরা কঠোর ব্যবস্থা নেব।ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সোহাগ বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি গরিব, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। তাদের লেখাপড়ায় সহযোগিতা করুন। যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারছেন না তাদের আর্থিকভাবে সহযোগিতার চেষ্টা করুন। প্রয়োজনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের সহায়তা করা হবে। মেধাবীদের মূল্যায়ন করুন।

দোহারে শিবির নেতাসহ ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯:দোহার উপজেলায় শিবির নেতা মুক্তার হোসেনসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বুধবার রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।এর পূর্বেও মুক্তার হোসেন গ্রেফতার হয়ে বর্তমানে জামিনে মুক্ত ছিলেন। অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের মোরশেদ খানের ২ ছেলে উজ্জল খান ও দুলাল হোসেন খান, চরবইত্যা গ্রামের মৃত. মোফাজ্জল খানের ছেলে জসিম উদ্দিন। দোহার থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার শিবির নেতাসহ গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ষোলঘরে আরাম পরিবহনের বাস পানির তলায়

শুক্রবার দুপুরে দোহারের আরাম পরিবহনের একটি বাস ষোলঘরের দুর্ঘটনায় পড়ে জলাশয়ে ডুবে যায়, প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার দুপুরে বাসটি ঢাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে দোহারের উদ্দেশ্যে রওনা দেয়, বেলা সোয়া ১টার দিকে শ্রীনগরের ষোলঘর বটতলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জলাশয়ে গিয়ে ১০ফুট গভীর পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার ৩ ঘণ্টা পর বাসটি উদ্ধার করা হয়েছে। বাস থেকে ৩টি লাশ উদ্ধারের খবর দিয়েছে শ্রীনগর থানা পুলিশ। উদ্ধারকৃত ৩টি লাশে মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন শ্রীনগর কোলাপাড়া গ্রামের রমিজ (৬০), শম্ভু বর্মন (৩৩) ও অজ্ঞাত এক বৃদ্ধ মহিলা।

বাস থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৭ জনকে। এদের মধ্যে দুইজনকে শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই বাসের ভেতর থেকে ১৫ থেকে ১৭ জন যাত্রী আহত অবস্থায় সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর যাত্রীদের কি অবস্থা তা জানা যায়নি।

হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসান নিউজ৩৯.নেট-কে জানান, শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে দোহারগামী ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের ষোলঘর এলাকায় আরাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়।এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে শম্ভু বর্মন (৩৩) ও রমিজ আলী (৬০) নামে দুজন নিহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা ও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাসটিকে পানি থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দু’টি দল।

তবে,বাসের মধ্যে আর কোন লাশ নেই বলে জানান শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান। অর্ধশত যাত্রীর মধ্যে তিনজন নিহত, অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন, বাকিরা নিখোজ। আহতদের স্থানীয় ষোলঘর হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, বেলা সোয়া ১টার দিকে আরাম পরিবহনের বাসটি ঢাকা থেকে দোহার যাচ্ছিল। “পথে ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।”

উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিসের জেটি ও ক্রেন রাস্তার উপর থাকায় মহাসড়কের দুই পার্শে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে সময়ক্ষেপণ হচ্ছে অভিযোগ তুলে এলাকাবাসী বেলা ৩টার দিকে মহাসড়কে যান চলাচল বন্ধ করে পরে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস বাসটিকে পানি থেকে টেনে উপরে উঠাতে সক্ষম হয়। এরপর মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ এর নেতৃত্বে উদ্ধার তৎপরতা সমাপ্ত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
 
স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারক করেন।

আন্ধারকোঠায় গুলিবর্ষণঃ এলাকাবাসীর মানববন্ধন

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর আন্ধারকোঠা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি শাহাদাত দেওয়ান ও তার পরিবারের উপর গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের  ফটকে এ মানববন্ধন করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে আহতের স্বজনরা। এতে নারী, শিশু, কিশোর, যুবক, প্রবীনসহ আন্ধারকোঠা, জয়নগর, কুঠিবাড়ী ও মিয়াহাটি এলাকার সকল শ্রেণী পেশার  মানুষ অংশগ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান মানববন্ধনকারীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, এঘটনার মূল আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই মঙ্গলবার আন্ধারকোঠা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে প্রতিপক্ষের গুলিতে সাবেক ছাত্রসমাজ নেতা শাহাদাত দেওয়ান (৩৮) ও তার ভাবি মাসরুফা বন্যা (২৭) গুলিবিদ্ধ হয়। আহতরা এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে । তাদের মধ্যে শাহাদাতের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।  

এবিষয়ে নবাবগঞ্জ থানায় এজাহার নামীয় ১১জনসহ অজ্ঞাত আরো ১৫ জনের নামে মামলা হয়। এঘটনার পরপরই গুলিবর্ষণকারী আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ।

ধীতপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মনির হোসেন♦ ঢাকার দোহার উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ মো. মাজেদ খান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার বিকালে উপজেলার ধীতপুর এলাকার আড়িয়াল বিলের ১ম ব্রিজ থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. মাজেদ খান ধীতপুর গ্রামের মৃত হাসেম খানের ছেলে। 

র‌্যাব-১১ এর কমান্ডার এএসপি মোস্তাকীন বিল্লাহর নেতৃত্বে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ধীতপুর-মরিচা সড়কের ধীতপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি দল। মাদক বেচাকেনা করার সময় মো. মাজেদ খানকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। তার বিরোদ্ধে মাদক ব্যবসা অভিযোগ অনেক আগে থেকেই ছিল বলে এলাকা বাসী জানায়।