রায়পাড়ায় মামলার সাক্ষীকে পেটানোর অভিযোগ

নিউজ৩৯♦ দোহারের রায়পাড়া ইউনিয়নে শাশুড়িকে মারধরের মামলায় সাক্ষী হওয়ার জের ধরে মহন মালা (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোহার থানায় একটি জিডি করা হয়েছে। 

জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার রায়পাড়া এলাকার মানিক মনিদাসের স্ত্রী পুকুরপাড়ে কাজ করার জন্য গেলে প্রতিবেশী হরি কমল ও গুরু কমলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা মহন মালাকে রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী মহন মালাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৃহবধু মহন মালা অভিযোগ করেন, ২ মাস আগে হরি কমল ও গুরু কমল আমার শাশুড়িকে মারধর করে। এ বিষয়ে আদালতে একটি মামলা হয়। আমার শাশুড়ির মামলার সাক্ষী হওয়ায় মঙ্গলবার সকালে ক্ষিপ্ত হয়ে হরি কমল ও গুরু কমল আমাকে মারধর করে। ঘটনার পর থেকে হরি কমল ও গুরু কমল পলাতক রয়েছে।

এ ঘটনায় মহন মালার শ্বশুর ধীরেন মানিদাস দোহার থানায় একটি জিডি করলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে টিকে টুলু নামে একজনকে আটক করে এক ঘণ্টা পরে ছেড়ে দেয় পুলিশ। 

এ ব্যাপারে দোহার থানার উপপরিদর্শক মো. মাহবুব বলেন, একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সামান্য ঘটনায় উত্তপ্ত দোহারের সুন্দরীপাড়া গ্রাম

নিউজ৩৯♦ সামান্য ঘটনাকে কেন্দ্র করে দোহারের কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামে বেপারী বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে সুন্দরীপাড়া গ্রাম। সামান্য কথা কাটাকাটির ঘটনা আর সামান্য না থেকে এখন হয়ে গেছে এলাকায় দুই পরিবারের আধিপত্য বিস্তারের লড়াই।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সুন্দরীপাড়া হাইস্কুলের গেটের (মেইন রাস্তা সংলগ্ন) সামনে স্বপন বেপারী ও জিল্লুর রহমান (বাদল বেপারীর ভাগিনা) আড্ডা দিতে ছিল। এসময় মিজান মোল্লা (জমির উদ্দিন মোল্লার ছেলে) মোটর সাইকেলে করে মোহাম্মদ আলী শরীফকে সাথে নিয়ে শিলাকোঠা বাংলা বাজারের দিকে যাচ্ছিল এবং স্বপন বেপারীকে উদ্দেশ্য করে মিজান মোল্লা উসকানিমূলকভাবে কটূক্তি করে। এক পর্যায় দু’জনের মাঝে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়।

পরবর্তীতে সেই দিনই বিকালে মিজান মোল্লা ও তার আত্মীয় স্বজন পরিকল্পিতভাবে ব্যাপারি বাড়ির উপর হামলা করতে যায়। এ সময় বেপারী বাড়ীর লোকজনসহ সুন্দরীপাড়ার সাধারন মানুষ এর প্রতিবাদ করতে গেলে মোল্লা বাড়ি বনাম সুন্দরীপাড়াবাসীর এই দুইপক্ষের মধ্যে বটতলায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় এলাকার মাঝে আতকং ছড়িয়ে পরে এবং বটতলার সকল দোকান বন্ধ হয়ে যায়। এক পর্যায় ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ছয় (৬) জন আহত হয়।  

এ ঘটনায় উভয় পক্ষ দোহার থানায় মামলা করতে গেলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মামলা না করার পরামর্শ দিয়ে দুই পক্ষেরই অভিযোগ থানায় লিপিবদ্ধ করে রেখে দেন। কিন্তু ওসির কথা অমান্য করে মোল্লা বাড়ীর লোকজন বেপারী বাড়ির লোকজনসহ এলাকার আরো কিছু লোকের নামে ঢাকা জজ কোর্টে গিয়ে মামলা করেন। পরবর্তীতে গত মঙ্গলবার (৪/৮/১৫) বেপারী বাড়ির লোকজন উক্ত মামলা থেকে কয়েকজন জামিন নেন।

ঘটনাস্থলে গিয়ে কয়েক জনের সাথে কথা বললে তারা এই প্রতিবেদককে বলেন, ঘটনাটি পরিকল্পিত ভাবেই মোল্লারা করছে। আসলে মোল্লারা কারো ভালো দেখতে পারে না; কারো ভালো চায় না। তারা চায় সবাই তাদের হুকুম মতো চলুক। কয়েকজন অভিযোগ করে বলেন, মোল্লাবাড়ির লোকজন ওরা মেধাবী ছাত্র হান্নানকে দিনে দুপুরে সবার সামনে হত্যা করছে, বাহ্রা গ্রামের মোহন মেম্বারের ভাই রমিজকে রামদা দিয়ে কুঁপিয়ে যখম করছে , সুন্দরীপাড়ার শিকদার বাড়ির মরহুম কালা শিকদারকে চাপাতি দিয়ে এলোপাতারি কুঁপিয়ে মারছে। এলাকার সবাই মোল্লাদের অপকর্মের কথা জানে কিন্তু কেউ ওদের ভয়ে এতদিন মুখ খোলেনি, কোন প্রতিবাদও করতে পারেনি। 

টেলিফোনে বাদল বেপারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- পরবর্তীতে মোল্লারা কোন অপকমর্ করতে আসলে এলাকার লোকজন কে সাথে নিয়ে এভাবেই বেপারী বাড়ীর লোকজন সাধারন মানুষের পাশে থাকবে এবং তাদের সকল অপকর্মের উচিত জবাব দেওয়া হবে।

জেনারেটরের তারে জড়িয়ে জয়পাড়ায় জেনারেটর ব্যবসায়ীর মৃত্যু

নিউজ৩৯♦ জেনারেটরের তারের সাথে জড়িয়ে দুঃখ জনক মৃত্যু হয়েছে দক্ষিন জয়পারার জেনারেটর ব্যবসায়ী মো পান্নুর(১৯)। সোমবার বিকালে লাইনের ক্রুটি সারতে গেলে জেনারেটরের তারের সাথে জড়িয়ে তার এই দুঃখ জনক মৃত্যু হয়। পান্নু উপজেলার দক্ষিন জয়পাড়া গ্রামের নুর আহম্মেদের ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, উপজেলার দক্ষিন জয়পাড়া গ্রামে জেনারেটর ব্যবসা করে আসা পান্নু জেনারেটর লাইনে ক্রুটি দেখা দিলে সে লাইন চেক করতে বের হয়। এইসময় অসাবধানতা বসত সে জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়। সে সময় তাকে দ্রুত দোহার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায়। এসময় রাস্তায় তার মৃত্যু হয়। 

নবাবগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি হয়েছে। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ২ নারীকে পিটিয়ে আহত করেছে ডাকাতরা। শুক্রবার গভীর রাতে উপজেলার কৈলাইল ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বেপারি, তার স্ত্রী সফুরা খাতুন ও পুত্রবধূ মরিয়ম। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১টার দিকে উপজেলার কৈলাইল পশ্চিমপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বেপারির বাড়িতে হানা দেয় ৪-৫ জনের ডাকাত দল। তারা বসতঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে  ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, শাড়ি-কাপড়সহ সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। 

এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে মুক্তিযোদ্ধা শাহজাহান বেপারি, তার স্ত্রী সফুরা খাতুন ও পুত্রবধূ মরিয়মকে পিটিয়ে আহত করে। 

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান, খবর পেয়েছি। এদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পানিতে ডুবে হারালো আরো দুটি প্রাণঃ ঘটনাস্থল শোল্লা

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সুলতানপুর গ্রামে ডোবার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে  দু’টি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার  বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-সুলতানপুর গ্রামের মোনায়েমের ছেলে মুন্না (৭) ও পার্শ্ববর্তী কুন্ডা গ্রামের নাদিমের ছেলে নিরব (৬)।

স্থানীয় ইউসুফ জানান, বিকেলে মুন্না ও নিরব স্থানীয় একটি ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। বেশ কিছুক্ষণ তাদের না দেখে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে। এর একপর্যায়ে ডোবায় তাদের মৃতদেহ পাওয়া যায়। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

নিউজ৩৯♦ জাতীয় মৎস্য উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌরি মণ্ডল। রোববার দুপুরে অফিস সভাকক্ষে এর আয়োজন করা হয়। নবাবগঞ্জ উপজেলা মৎস্য অফিস এর আয়োজন করে। 

এ সময় উপজেলার সরকারি পুকুর, জলাশয়, মাছের অভয়াশ্রম, মৎস্য প্রজনন ক্ষেত্র, উন্মুক্ত জলাশয়, পাইকারি বাজারগুলোর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ, সায়েদুল ইসলাম ভূইয়া, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আজহারুল হক, শেখ সালাহ্উদ্দিন বাচ্চু, সাহিদুল হক খান ডাবলু, বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলু, মো. কাজী সোহেল প্রমুখ।

১৫ আগস্টকে সামনে রেখে নবাবগঞ্জে ছাত্রলীগের শোক মিছিল ও সভা

নিউজ৩৯♦ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপি অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোক মিছিল ও সভা করেছে ছাত্রলীগ। নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ শাখা এর আয়োজন করে। 

শনিবার দুপুরে দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাস থেকে একটি র‍্যালি বের হয়ে। পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ফিরে কলেজ সংসদে শোক সভা করে। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রনি, দোহার-নবা বগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শোভন সিকদার, সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম প্রমুখ। 

এলাকাবাসীর বিক্ষোভের মুখে ফিরে গেলেন শিক্ষক

নিউজ৩৯: এলাকাবাসীর বিক্ষোভের মুখে ফিরে গেলেন মুকসুদপুরের মইতপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক ঝর্না রানী মন্ডল। শনিবার সকালে মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্কুলের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর সম্মেলিত প্রতিবাদের মুখে ফিরে হেলেন সদ্য নিয়োগ পাওয়া এই শিক্ষক। 

গত কয়েক মাস আগে দোহারেরই সাত ভিটা সরকারি প্রাইমারী স্কুলের দুর্নীতি নিয়ে তোলপাড় হয়ে যায় দোহারের সংবাদ মাধ্যমগুলোতে। সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ঝর্না রানী মন্ডল। এবং সমস্ত দুর্নীতির অভিযোগের কেন্দ্র বিন্দুতে ছিলেন ঝর্না রানী মন্ডল। সেই সময় তার বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ, বিদ্যাল্যের টাকা আত্মসাৎ, বিভিন্ন দুর্নীতি ও অনিয়ময়ের অভিযোগ ঊঠে। এবং তার বিরুদ্ধে ফুঁসে ঊঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ এলাকাবাসী। স্কুল থেকে তাকে বহিস্কারের জন্য আন্দোলনও হয়। ফলশ্রুতিতে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে উপজেলা শিক্ষা অফিস। এই সময় পুরো ব্যাপারটার তদারকিতে ছিল জেলা শিক্ষা অফিস। 

এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা রজু করতে নির্দেশ দেয় ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও তাকে দোহারেরই মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়। 

এই ব্যাপারে মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য এমদাদুল হক বলেন, আমরা তীলে তীলে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তাই একজন প্রমানিত দুর্নীতি গ্রস্থ শিক্ষককে আমরা আমদের স্কুলে মেনে নিতে পারি না।   

ছেলের জন্য লাল গাড়ি নিয়ে আসবো; মৃত্যুর ৩০ মিনিট পূর্বে শাহিন

নিউজ৩৯♦ ভাগ্যের চাকা পরিবর্তনের জন্য ১০ বছর ধরে সৌদি আরবে অমানুষিক পরিশ্রমের ওয়েল্ডিং এর কাজ করতেন বটিয়ার শাহিন। কিন্তু দুঃখ জনক ভাবে সহকর্মীর ভুলে প্রান হারান শাহিন। সৌদি আরবের রিয়াদের হারা এলাকায় ওয়েল্ডিং এর কাজ করার সময় গত সোমবার এই ঘটনা ঘটে। কিন্তু শাহিন সরদারের মৃত্যু শুধু শাহিন সরদারের মাঝেই আবদ্ধ নেই, সেটা এখন সারা জীবনের কষ্ট হয়ে দাড়িয়েছে তার অনাগত সন্তানের জন্যও। 

তিন বছর আগে ২০১২ সালে মাঝিরচরের মইনুদ্দিন প্রমানিকের মেয়ে সাবিয়া আক্তার সুমির সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় শাহীন সরদারের। গত সোমবারও সব কিছু ঠিক ছিল। মৃত্যুর মাত্র ৩০ মিনিট আগেও অনাগত সন্তান ও স্ত্রীর শরীরিক অবস্থা নিয়ে কথা হয়েছিল শাহিনের। স্ত্রীর কাছে বলেছিল দেশে আসার সময় সন্তানের জন্য লাল গাড়ি নিয়ে আসার কথা। যাতে একটু বড় হলেই চালাতে পারে। কিন্তু মৃত্যুর ধূসর চাদরে তার আগেই ঢাকা পরলো শাহিন। 

ছেলের মৃত্যুতে মা জাহানারা বেগম পাগল প্রায়। কোন কিছুই মেনে নিতে পারছেন না এই নারী। 

শাহীন শেষ বাড়ের মতো বাড়ি এসেছিলেন ১০ মাস আগে। সাত মাসের ছুটি শেষ করে সৌদি আরবের দিকে রওনা দিয়েছিলেন গত এপ্রিল মাসে। কিন্তু ৩ মাস যেতে না যেতেই চির অচেনার দেশে হারিয়ে গেল শাহিন। 

শাহিনের পারিবারিক সুত্র জানিয়েছে সরকার ও শাহিনের মালিক কর্তৃপক্ষ লাশ দেশে ফেরত পাঠাবার যথাযথ ব্যবস্থা গ্রহন করবে। 

টানা বর্ষণে বেহাল দশা দোহার নবাবগঞ্জের রাস্তাঘাটের

নিউজ৩৯♦ টানা দুই সপ্তাহের অবিরাম বর্ষণে দোহার-নবাবগঞ্জের রাস্তা প্রায় পুকুরে পরিনত হয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে ঢাকার দোহার নবাবগঞ্জ উপজেলার রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে যানবাহন থেকে শুরু করে মানুষের হাটাচলাতে সৃষ্টি হচ্ছে বিঘ্ন। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই দুই উপজেলার সাধারণ মানুষ এবং স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের।

সরেজমিন দেখা যায়, নবাবগঞ্জের রাজপাড়া বাগমারা সড়কে বৃষ্টির মধ্যে ট্রাক ও নসিমন করিমন গাড়ি চলাচলের কারণে পিচ, ইট ও খোয়া সরে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। 

বান্দুরা-নয়নশ্রী রাস্তার অনেকাংশে ধসে গিয়ে চলাচলে বিঘœ ঘটছে। ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ চৌরাস্তায় পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। 

একই অবস্থা ঢাকা-বান্দুরা সড়কের বিভিন্ন অংশে। 

চুড়াইন বাজার, গোবিন্দপুর রাস্তা, কোমরগঞ্জ, আগলা, খারশুর, বাগমারা, বান্দুরা বাসস্ট্যান্ডসহ প্রায় ২০ কিলোমিটার রাস্তায়ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত আর পানিতে একাকার হয়ে পড়ায় ছোট ছোট যানবাহনগুলো পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে।

এলাকাবাসীর দাবি জরুরি ভিত্তিতে এসব রাস্তার সংস্তার না করলে অনেক স্থানেই যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তাদের অভিযোগ, এসব রাস্তা মেরামত বা তৈরির সময় দুপাশে পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অনেক নতুন রাস্তাও বৃষ্টির পানির তোড়ে ভেঙে পড়ছে।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিস সূত্র জানায়, সম্প্রতি টানা বর্ষণে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ৫০টিরও অধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের রাস্তাগুলোর একই অবস্থা।

এছাড়া দোহারের লটাখোলার করম আলীর মোড়, মৈনট ঘাট, চর মাহমুদপুরের কার্তিকপুর ব্রিজ থেকে লটাখোলা ভাঙা সেতু, আউলিয়াবাদ থেকে কার্তিকপুর স্কুল, দোহার পৌর এলাকার জয়পাড়া বাজার, ওয়ান ব্যাংকের মোড় থেকে পবন বেপারির বাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার পিচ ও ইটের খোয়া উঠে গেছে। এতে রাস্তাজুড়ে ডোবার মতো বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যান চলাচলের সময় কাদাপানি ছিটে জামাকাপড় নষ্ট হয়ে যাচ্ছে।

দোহারের মৈনটঘাট এলাকার বাসচালক সালাউদ্দিন বলেন, বৃষ্টিতে প্রায় কয়েক কিলোমিটার রাস্তাজুড়ে কাদা জমে গেছে। গাড়ি চলাচলে কষ্ট হচ্ছে। এ অবস্থা থাকলে এ রাস্তায় চলাচল করা যাবে না।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. শাহজাহান বলেন, টানা বর্ষণে রাস্তার অনেক ক্ষতি হয়েছে। খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা চলছে।

সড়ক ও জনপথ বিভাগের মুন্সীগঞ্জ রেঞ্জের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল বলেন, বিষয়টি নিয়ে আমরা ভাবছি। রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে।