দোহারে মাদকবিরোধী সভা

নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহারে পুলিশের আয়োজনে গতকাল দোহার থানা প্রাঙ্গণে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক সেবন রোধে স্থানীয় প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যমের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মিনহাজ-উল-ইসলাম, পদ্মা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুল হায়দার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

নবাবগঞ্জে খুন: দায় স্বীকার স্বামী-ছেলের

নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জের সাদাপুর গ্রামে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে স্বামী বোরহান শিকদার ও ছেলে ফারুক হোসেন। সোমবার ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয় তারা। রোববার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, সম্প্রতি বোরহান শিকদারের ব্যবসার চার লাখ টাকা ঋণ পরিশোধ করতে বাবার বাড়ির চার শতাংশ জমি বিক্রি করে স্ত্রী রোকেয়া বেগম। ওই নারীর মেজো ছেলে সৌদি প্রবাসী সুমন পাঁচ লাখ টাকায় মায়ের কাছ থেকে জমিটি কেনে।

এতে স্বামী বোরহানের ঈর্ষা হয়। কারণ ওই সম্পত্তি থেকে তিনি ও তার অন্য ছেলেরা বঞ্চিত হবেন। সম্পত্তির জন্য ছোট ছেলেকে নিয়ে রোকেয়াকে হত্যার পরিকল্পনা করে স্বামী। ২৫ আগস্ট রাত ১২টার দিকে পরিকল্পনামাফিক ছোট ছেলে ফারুক হোসেন তার মাকে চাকু দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

জয়পাড়া কলেজ ও তোফাজ্জল হোসেন কলেজে শিক্ষক নিয়োগ

নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জের শিকারীপাড়ার তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে ও দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ও সরকারি বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ করা হবে।

তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে স্নাতক (সম্মান) শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়সমূহে সৃষ্ট পদে ৫ জন করে প্রভাষক নিয়োগ করা হবে। ছবি, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় সনদের কপি নিবন্ধনসহ আগামী ১০/০৯/২০১৫ইং তারিখের মধ্যে আবেদনপত্র প্রিন্সিপাল বরাবর পৌঁছাতে বলা হয়েছে। প্রয়োজনে কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার -০১৯৮২৪৮৮৬৩০ (অফিস)।

জয়পাড়া কলেজে অনার্স কোর্সে পাঠদানের জন্য রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ের ০৫ জন করে প্রভাষক নিয়োগ করা হবে। শতভাগ বেতন ভাতা কলেজ থেকে প্রদান করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবরে আবেদন পৌঁছাতে বলা হয়েছে। পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

নবাবগঞ্জে ৭৮৯ ক্যান বিয়ারসহ আটক ৩

নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জে ৭৮৯ ক্যান অ্যালকোহলযুক্ত অবৈধ বিয়ারসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলেন- উপজেলার সিংজোড় গ্রামের মো. আলাউদ্দিন আহম্মেদের ছেলে মো. সালাউদ্দিন আহম্মেদ, শোল্লা গ্রামের রমেশ কুমার সরকারের ছেলে প্রদীপ কুমার সরকার ও একই গ্রামের হযরত আলীর ছেলে দুলাল। 

সোমবার দুপুরের দিকে উপজেলার শোল্লা এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয় বলে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার জানিয়েছেন। তিনি জানান, ওই তিন যুবকসহ তাদের মূল হোতা সারোয়ার নামের আরও এক যুবক এই অবৈধ ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেন। সোমবার দুপুরে গোপন সংবাদ পেয়ে শোল্লা বাজারের পাশে সালাউদ্দিনের ভাড়া দোকানে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয় এবং মূল ব্যবসায়ী সারোয়ার পালিয়ে যায়।

দোহারে ভাঙন ও বন্যা পরিস্থিতির অবনতি

নিউজ৩৯.নেট ♦ প্রতি বছরের মতো টানা বর্ষণ ও পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঢাকার দোহার উপজেলার পদ্মা তীরবর্তী নয়াবাড়ি, মাহমুদপুর, নারিশা ও মুকছেদপুর ইউনিয়নের গ্রামগুলোতে ফের ভাঙন শুরু হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 

পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি এবং এর বিভিন্ন শাখা-প্রশাখায় গত তিন দিনে ব্যাপকভাবে পানি বেড়ে গেছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, রাইপাড়া, বিলাশপুর, সুতারপাড়া, নারিশা ও মুকছেদপুরসহ ৮টি ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জয়পাড়া পৌরসভার জয়পাড়া, দোহার, উত্তর জয়পাড়া, লটাখোলা, নিকড়া, বানাঘাটা, বটিয়াসহ বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলে ব্যাপকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। অত্র অঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে শাকসবজির দাম ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে চরম হুমকির মুখে। 

ওদিকে, গত কয়েকদিনে পদ্মায় তীব্র স্রোত আর জোয়ারের ফলে পদ্মা তীরবর্তী নারিশা ইউনিয়নের মেঘুলা, রানীপুর, মধুরচর, পশ্চিমচর, বেলতলা, বিলাশপুর ইউনিয়নের চরকুতুবপুর, মাহমুদুরপুর ইউনিয়নের মাহমুদপুর, মৈনট এলাকায় ফের ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রতি বছরের মতো এ বছর নদীভাঙনে ঘরবাড়ি ও ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে প্রায় ৫০টি পরিবার।

ইছামতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে অনুষ্ঠিত হল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নগর সভ্যতার ভিড়ে হাঁপিয়ে ওঠা লোকজন কয়েক ঘণ্টার জন্য হলেও এ আনন্দ উপভোগ করেন। ইছামতি নদীর দু’পাড়ে নারী, পুরুষ, শিশুসহ উপস্থিত হয় হাজারো দর্শক।

শনিবার বিকালে দীঘিরপাড় নওমোজাহিদ ক্লাবের আয়োজনে মরহুম আবু বকর খান মজলিশ (চুন্নু) স্মরণে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইছামতি নদীতে নানা ধরনের নৌকার উপস্থিতি চোখে পড়ে। দর্শকদের আনন্দ দিতে বাইচের নৌকাগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়। প্রতিযোগিতায় পিকেবি ফ্রেন্ডস ক্লাবের মুরাদ মিয়ার নৌকা প্রথম পুরস্কার অর্জন করে।

দীঘিরপাড় নওমোজাহিদ ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আওয়ামী আইনজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল। উপস্থিত ছিলেন বক্সনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আল মামুন, গোবিন্দ রাজবংশী, শেখ মিলন, মুক্তিযোদ্ধা লাটু বাঙালি, মহসীন হাসান লিটু, সাহের মেম্বার, আলম সর্দার ও কামাল খান।

তিন প্রার্থীর মনোনয়ন বৈধ

আগামী ২১ সেপ্টেম্বর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তিন জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে দোহার উপজেলা নির্বাচন অফিস। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই করে ৪ প্রার্থীর মাঝে তিন জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেণ দোহার উপজেলা নির্বাচনী কর্মকর্তা। 

গত মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদ প্রার্থী চার জন মনোনয়ন পত্র জমা দেন। এদের মধ্যে ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি ও নাজমুল হুদা সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম ভুলু, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কবির, আওয়ামী কেন্দ্রীয় কমিটির উপ কমিটির সহ সম্পাদক সাগর শাহীন। এর মাঝে সাগর শাহিন বাদে মনোনয়ন বৈধ ঘোষণা হয় তিন জনের। 

প্রাথমিক বাছাই শেষে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা জসীম উদ্দিন সিরাজুল ইসলাম ভুলু, আলমগীর ব্যাপারি ও মেহবুব কবিরের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। এবং আয়করের কাগজ জমা না দেয়ায় সাগর শাহিনের মনোনয়ন পত্র বাতিল করা হয়। 

মনোনয়ন পত্র বৈধ করার জন্য নতুন করে আপিল করার সুযোগ থাকলেও সাগর শাহীন শাহীন আওয়ামী লীগ প্রার্থী আলমগীর ব্যাপারীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে নিউজ৩৯কে বলেন। তিনি আলমগীর হোসেনকে সমর্থন দিয়েই আপিল না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। 

২০১৪ সালের ভোটার তালিকা অনুযায়ী দোহারে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৫৮ জন। এর মাঝে পুরুষ ভোটার ৭৩ হাজার ১২০ জন ও মহিলা ভোটার ৭৮ হাজার ৬৫০ জন। দোহার উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৫ টি। 

দোহার উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি

আসন্ন দোহার উপজেলা উপ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দোহার ও ঢাকা জেলা বিএনপি। কয়েক সপ্তাহ আগে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুলু সমর্থন পেলেও উপজেলা নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচন না করার সিদ্ধান্ত নিল দলটি।

গত দুই সপ্তাহ আগে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নানের বাসায় বৈঠকে উপজেলা নির্বাচনে বিএনপির অংশ গ্রহণ করার কথা প্রথমে জানানো হয়। এবং বিএনপি প্রার্থী হিসাবে সিরাজুল ইসলাম ভুলুকে মনোনয়নও দেয়া হয়। কিন্তু হঠাত করেই নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় দলটি।

উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার বিষয়টি নিউজ৩৯-কে নিশ্চিত করেছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা ও দোহার উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদ।

এদিকে চেয়ারম্যান পদে লড়া দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুলু বিএনএর চেয়ারম্যান নাজমুল হুদাকে নিয়ে মনোনয়ন জমা দেয়ায় তাকে দল থেকে বহিস্কারের চিন্তাভাবনাও জেলা বিএনপি করছে বলে আভাস দিয়েছেন ঢাকা জেলা বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা। 

শাইনপুকুর থেকে ইয়াবা ব্যবসায়ী আটক

দোহারের শাইনপুকুর থেকে ৩৬৩ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী নাসির হালদার(৩৮)-কে আটক করেছে র‍্যাব ১১। রবিবার দুপুর ১ টার দিকে বালাশুরের র‍্যাব ১১ এর ক্যাম্প কমান্ডার এএসপি মাসুদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

গ্রেফতারকৃত নাসির ঝালকাঠি উপজেলার পুকুরিজানি গ্রামের আশরাফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘ দিন ঘরে এই এলাকায় কাজ করা মাদক চোরাচালান চক্রের একজন অন্যতম সদস্য বলে র‍্যাব ১১ জানায়। 

দোহারের আলোচিত আসাদ হত্যা মামলার চার্জশীট আদালতে দাখিল

দোহারের বহুল আলোচিত জয়পাড়া পরিবহনের শ্রমিক আসাদ হত্যা মামলার চার্জশীট আদালতে দাখিল করেছে দোহার থানা পুলিশ। গত ৬ আগস্ট ১২ জনকে অভিযুক্ত করে চার্জশীট আদালতে প্রেরণ করে দোহার থানা পুলিশ।

এদের মধ্যে আছেন নবাবগঞ্জের চুড়াইনের মৃত আব্দুল মজিদের ছেলে হাবিব, শরীয়তপুরের শাহাদাতের ছেলে আল আমিন, দোহারের ইউসুফপুরের করম আলীর ছেলে কাজল, দোহারের ইকরাশীর আলী ব্যাপারীর ছেলে নাছির উদ্দিন, পূর্ব জয়পাড়া গ্রামের তাইজুদ্দিনের ছেলে সাইদ, মৈনটের সালামের ছেলে কাদের, চর জয়পাড়া গ্রামের  আফতাব ব্যাপারীর ছেলে মুর এ আলম, নবাবগঞ্জের খানে হাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে পলাশ, মানিকগঞ্জের শেখ শফিউদ্দিনের ছেলে আফজাল, ইউসুফপুরের ফজলুল হকের ছেলে তরিকুল ইসলাম লিটন, জয়পাড়ার আব্দুল মান্নানের ছেলে সাইদুল ফকির ও গাড়ির ড্রাইভার মিজানুর রহমান মিজান। 

উল্লেখ্য ২০১৪ সালের ৪ এপ্রিল কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর বেইলি ব্রীজের নিচ থেকে জয়পাড়া পরিবহনের শ্রমিক আসাদের লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ।