বিসিবি সভাপতি বুলবুলের সাথে খন্দকার আরশীনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নবাবগঞ্জ ক্রিকেট একাডেমির প্রেসিডেন্ট খন্দকার মাহমুদ আরশীন আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় উভয়ের মধ্যে দেশের ক্রিকেটের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে অবকাঠামো গড়ে তোলা এবং তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

খন্দকার মাহমুদ আরশীন নবাবগঞ্জ ও আশপাশের অঞ্চলে ক্রিকেটের প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত নবাবগঞ্জ ক্রিকেট একাডেমি ইতোমধ্যেই স্থানীয় প্রতিভাবান খেলোয়াড় তৈরির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

সাক্ষাৎ শেষে খন্দকার মাহমুদ আরশীন বলেন, “আমিনুল ইসলাম বুলবুল ভাই শুধু দেশের ক্রিকেট ইতিহাসের একজন গর্ব নয়, তিনিই এখন বিসিবির নেতৃত্বে আছেন—এটি আমাদের জন্য আশার আলো। আমি বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের ক্রিকেট আরও একধাপ এগিয়ে যাবে।”

এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও খন্দকার মাহমুদ আরশীনের ভূমিকার প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসারে তাঁর উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে দুইজনই ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ক্রিকেটের উন্নয়নে যৌথভাবে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তা ফুটবল টুর্নামেন্টের প্লেয়ার  ড্রাফট অনুষ্ঠিত

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা পূরণে প্রথমবারের মতো নয়াবাড়ি ইউনিয়নের আন্তায় আয়োজন করা হচ্ছে আন্তা ফুটবল টুর্নামেন্ট। আন্তা ফুটবল টুর্নামেন্টের সিজন ১— যার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  ২৯ মে ২০২৫ তারিখে বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী ও জমকালো আয়োজনে।

ড্রাফট অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন তরুন রাজনীতিবিদ বেনজির আহমেদ ইমন। ড্রাফট অনুষ্ঠানের আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন নাঈম হোসেন ও তানভীর আহমেদ। সহযোগিতায় ছিলেন আলামিন খান, ইকবাল আহমেদ ও সিদ্দিকুর রহমান। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন দোহার উপজেলা ছাত্রদল নেতা হাসিবুল হাসান দিনার।

ড্রাফটে অংশগ্রহণ করে মোট ৮টি দল: ড্রীম হান্টার্স, আন্তা ফ্রেন্ডস ক্লাব, সিকদার টাইটানস, বাংলার মাটি প্রবাসী ফাউন্ডেশন, আন্তা ফ্রেন্ডস পাওয়ার, নয়াবাড়ি ব্রাদার্স, দোহারি এন্টারপ্রাইজ, আন্তা রেড ড্রাগন্স।

সকল টিম মালিকদের সরব উপস্থিতিতে ড্রাফট পর্বটি ছিল প্রাণবন্ত এবং রোমাঞ্চকর। ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া দুই খেলোয়াড়কে ঘিরে—গোলকিপার ফাহিম এবং ডিফেন্ডার সিয়াম।

একটি শোক সংবাদ

মাহমুদুল হাসান সুমন, দোহার প্রতিনিধি: দোহার উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জলিল মিয়া (জলিল লন্ড্রী )  ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৩ বছর। তার বাসা উপজেলার দোহার গ্রামে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। তিনি জয়পাড়া বনিক সমিতির ৩ বারের নির্বাচিত  সাধারণ সম্পাদক ও ঐতিহ্যবাহী ছাত্রবন্ধু লাইব্রেরীর মালিক  ছিলেন।

শতবর্ষীর এই মানুষটির জানাজার নামাজ বৃহস্পতিবার  সকাল ১০ ঘটিকার সময় তার বাসা সংলগ্ন দোহার নূরপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে । তিনি ৫কন্যা, ৩পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবার তার মাগফেরাত কামনায় সকলের কেছে দোয়া চেয়েছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রোইং ফেডারেশনে যুগ্ম সম্পাদক হলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

স্টাফ রিপোর্টার: নৌকা বাইচ সম্পর্কিত জাতীয় ক্রীড়া সংগঠন বাংলাদেশ রোইং ফেডারশনের  নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে খন্দকার মো: মাহবুবুর রহমানকে সভাপতি,   মাকসুদ আলমকে সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জের রাশিম মোল্লাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে  ।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব  মো আমিনুল ইসলাম  ১৯ সদস্য  বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেছেন । এছাড়া  মোশারফ হোসেন ও ক্যাপ্টেন এস এম  এ সুফিয়ান মাহমুদকে সহ-সভাপতি এবং  মোস্তাক আহমেদকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

কমিটির কার্য নির্বাহী সদস্যরা হলেন –  এ এইচ এম মহিউদ্দিন, মো. এমদাদ হোসেন মিয়া, নাসিরুজ্জামান চৌধুরী,  আমিনুল ইসলাম রাজু, ফাইজুল ইসলাম আরিজ, মো. রবিউল্লাহ,  মো. কাইউম, রবিউল আলম, মো. ফখর উদ্দিন চৌধুরীও সাঈদ শাফায়েত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭২ সালে স্বাধীনতা দিবসে প্রথম নৌবাবাইচ সমিতি গঠন করা হয়। পরে ১৯৭৪ সালে নৌকাবাইচের নাম পরিবর্তন করে বাংলাদেশ রোইং ফেডারেশন নামকরণ করা হয়। ১৯৮২ সালে এশিয়ান রোয়িং, আন্তর্জাতিক আন্তর্জাতিক রোইং ও ড্রাগন ফেডারেশনের সদস্য পদ লাভ করে বাংলাদেশ রোইং  রোফেডারেশন।

এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে দোহারে বাস্তায় দোয়া মাহফিল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় আয়োজন করা হয়েছে শোকরানা দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি।

আজ বুধবার বিকেলে দোহার থানাধীন বাস্তা এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি নুর-এ-আলম ঝিলু এবং হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী। এছাড়াও থানা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সংক্ষিপ্ত আলোচনার পর অনুষ্ঠিত দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাস্তা এতিমখানা ও মাদ্রাসার মোহতামিম মাওলানা হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী। শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বক্তারা এ টি এম আজহারুল ইসলামের মুক্তিকে আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত বলে উল্লেখ করেন এবং তার সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া করেন।

গুগল পে দিয়ে কোথায় কোথায় পেমেন্ট করা যায়?

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট—যা ‘গুগল পে’ নামেই বেশি পরিচিত। আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এ সেবার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশে সম্প্রতি গুগল ওয়ালেট, যা সাধারণত ‘গুগল পে’ নামেই পরিচিত, আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে, সিটি ব্যাংক-এর ভিসা এবং মাস্টারকার্ডধারীরা তাদের কার্ড Google Wallet-এর সাথে লিঙ্ক করে NFC পেমেন্ট সমর্থনকারী যেকোনো টার্মিনালে ব্যবহার করতে পারবেন। ধীরে ধীরে অন্যান্য ব্যাংকের গ্রাহকদের জন্যও এই সেবা সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

তবে, বর্তমানে (২৮ মে ২০২৫) পর্যন্ত বাংলাদেশে Google Pay-এর ব্যাপক প্রচলন নেই এবং সমস্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে এর ইন্টিগ্রেশন সম্পন্ন হয়নি। তাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি Google Pay ব্যবহার করে যেসব জায়গায় পেমেন্ট করতে পারবেন, তা নির্ভর করবে Google Pay-এর সম্পূর্ণ রোলআউট এবং স্থানীয় ব্যাংক ও মার্চেন্টদের সাথে এর ইন্টিগ্রেশনের উপর।

গুগল পে দিয়ে মূলত দুটি প্রধান উপায়ে পেমেন্ট করা যায়:

১. অনলাইন পেমেন্ট: যেসব অনলাইন ওয়েবসাইট বা অ্যাপে “Google Pay দিয়ে কিনুন” বা Google Pay লোগো থাকে, সেখানে আপনি আপনার সেভ করা কার্ডের বিবরণ ব্যবহার করে দ্রুত পেমেন্ট করতে পারবেন। এটি চেক-আউট প্রক্রিয়াকে সহজ এবং নিরাপদ করে তোলে।

২. দোকান বা স্টোরে পেমেন্ট (কন্ট্যাক্টলেস পেমেন্ট): যেসব দোকানে NFC (Near Field Communication) পেমেন্ট সমর্থন করে, সেখানে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ট্যাপ করে পেমেন্ট করতে পারবেন। এর জন্য আপনাকে Google Wallet-এ আপনার কার্ড যোগ করতে হবে এবং পেমেন্ট করার সময় আপনার ফোনটি NFC টার্মিনালের কাছে ধরে রাখতে হবে। দোকানে সাধারণত Google Pay, GPay বা কন্ট্যাক্টলেস পেমেন্টের প্রতীক দেখা যায়।

অন্যান্য কিছু ব্যবহার:

  • বন্ধুদের বা পরিবারকে টাকা পাঠানো: কিছু দেশে Google Pay ব্যবহার করে বন্ধুদের বা পরিবারকে টাকা পাঠানো যায়। তবে বাংলাদেশে এই ফিচারটি এখনো পুরোপুরি চালু হয়নি।
  • Google Play Store-এ কেনাকাটা: Google Play Store-এ অ্যাপ, গেম, মুভি বা অন্যান্য ডিজিটাল কন্টেন্ট কেনার জন্য Google Pay ব্যবহার করা যায়।
  • কিছু Google পণ্য এবং পরিষেবার জন্য পেমেন্ট: Google-এর অন্যান্য কিছু পণ্য এবং পরিষেবার জন্য পেমেন্ট করতেও Google Pay ব্যবহার করা যেতে পারে।

বাংলাদেশে সম্প্রতি গুগল ওয়ালেট চালু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গুগল ওয়ালেট সাধারণত ব্যবহারকারীদের কেনাকাটা, অনলাইন পেমেন্ট বা ‘পিয়ার-টু-পিয়ার’ (ব্যক্তি থেকে ব্যক্তি) ট্রান্সফারের মতো লেনদেনে কোনো চার্জ করে না, যদি তারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন। তবে, কার্ডধারীর ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা, কার্ডের ধরণ এবং লেনদেনের প্রকৃতির ওপর ভিত্তি করে ফি ধার্য করতে পারে।

ভবিষ্যতে বাংলাদেশে Google Pay-এর ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

স্ত্রীসহ সাবেক আইজিআর আব্দুল মান্নান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক (আইজিআর) খান মো. আব্দুল মান্নান ও তার স্ত্রী শাকিলা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দেয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান নিষেধাজ্ঞা ও ব্লকের আবেদন করেন।

গণমাধ্যমকে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, সাবেক মহাপরিদর্শক (নিবন্ধন) খান মো. আবদুল মান্নান ও অন্যান্যদের বিরুদ্ধে সাব-রেজিস্ট্রার নিয়োগ-বদলি, বদলি স্থগিত এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীদের নিয়োগ ও বদলিসহ কয়েকশত নকল নবিশ নিয়োগ, কয়েক হাজার দলিল লেখকের লাইসেন্স বা সনদ বিক্রয়ের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেজন্য, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

এছাড়া বর্তমানে বাংলাদেশে স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর, আয়কর রিটার্ন দাখিল, পাসপোর্ট ইস্যু-নবায়ন, ব্যাংক হিসাব খোলা-পরিচালনাসহ যাবতীয় কার্যক্রম তথা নাগরিক সুবিধা যেহেতু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সম্পাদিত হয় সেহেতু অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্রটি ব্লক করা হলে এ সমস্ত কাজ সম্পন্ন সম্ভব হবে না। তাই, জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

দোহারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ভূমি মেলা ২০২৫

প্রতিবেদক, মোঃ আল-আমিনঃ ঢাকার দোহার উপজেলায় জমকালো আয়োজনের মাধ্যমে পালিত হলো ভূমি মেলা ২০২৫। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এই মেলা, র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার, ২৫ মে সকাল ১১টায় দোহার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম। তিনি উদ্বোধনী ভাষণে ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন এবং সবার উদ্দেশে নিয়মিত খাজনা পরিশোধ ও অনলাইন ভূমি সেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। মেলায় আগতদের প্রশ্নের উত্তর দিয়ে তিনি অংশগ্রহণকারীদের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে আধুনিক ভূমি সেবার সুযোগ-সুবিধা, ভূমি সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সেবাগ্রহণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংক্রান্ত বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প-এর সহযোগিতায় আয়োজিত এই ভূমি মেলায় অংশগ্রহণ করেন দোহার উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্যবৃন্দ এবং সাধারণ জনগণ।

মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র‍্যালি এবং ভূমি সেবাসমূহ প্রদর্শনকারী স্টল, যেখানে ভূমি রেকর্ড যাচাই, খাজনা পরিশোধ, নামজারি প্রক্রিয়া সহ বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হয়।

উক্ত আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে ভূমি ব্যবস্থাপনা ও সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ডিজিটাল ভূমি সেবার গ্রহণযোগ্যতা আরও একধাপ এগিয়ে যাবে।

শিশু রূপের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা জেলার দোহার উপজেলার বাসিন্দা, চ্যানেল এস-এর প্রতিনিধি ও সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদের ছোট ছেলে কাজী রাইয়ান আহমেদ রূপের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৪ মে।

মাত্র ৫ বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর প্যানকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের এই দিনে (২৪ মে, বুধবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করে রূপ।

জানা গেছে, মাত্র ১১ মাস বয়সে রূপ লিউকেমিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। এরপর দীর্ঘদিন ঢাকার নর্দান মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাপান বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত প্যানকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে এই শিশু।

রূপের অকাল প্রয়াণ আজও শোকের ছায়া ফেলেছে পরিবার-পরিজন ও পরিচিতজনদের মনে। তার রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

পালামগঞ্জে মোটরবাইক দূর্ঘটনায় যুবক নিহত

মাহমুদুল হাসান সুমন : ঢাকার দোহার উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ  (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক এই উপজেলার জামালচরের ইনু মোল্লার ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পালামগঞ্জের কবরস্থান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সোহাগ কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও জানা যায়।

নিহত সোহাগ মোটর সাইকেলের পিছনে বসা ছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার শাহজাহানের ছেলে শাওন। গুরুতর আহত অবস্থায় সোহাগকে শাওনসহ অন্যান্যরা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন,আমারা খবর পেয়েছি এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”