নবাবগঞ্জে নিজ এলাকায় গিয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এএসআই মো. সালাহ্ উদ্দিন। নির্যাতনের শিকার ব্যবসায়ী এ অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সালাহ্ উদ্দিন।
সালাহ্ উদ্দিন নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ কালুয়াহাটি গ্রামের জুম্মন বেপারীর ছেলে। তিনি বৃহস্পতিবার আড়াইহাজারে আরও দুই পুলিশ সদস্যের সঙ্গে গণপিটুনির শিকার হন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এএসআই সালাহ্ উদ্দিন ও তার ভাই আলাউদ্দিনের নেতৃত্বে ৪-৫ জন শনিবার সকাল ১১টায় নবাবগঞ্জের টিকরপুর এলাকায় জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীর কাঠের দোকান মীম এন্টারপ্রাইজে হামলা করেন। ব্যবসায়ীকে মারধর করে শরীরের কয়েক স্থানে জখম করেন। হত্যার হুমকি দেন।
পরে জাহাঙ্গীর স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে নবাবগঞ্জ থানায় এসে অভিযোগ করেন। জাহাঙ্গীর জানান, হঠাৎ দোকানে ঢুকে তাকে মারধর করে ও তার ক্যাশ হতে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এএসআই সালাহ্ উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অস্বীকার করেন। তিনি বলেন, আমি অসুস্থ এবং আড়াই হাজার থানায় রয়েছি। নবাবগঞ্জে গিয়ে কারও উপর হামলার প্রশ্নই আসে না।
নবাবগঞ্জ থানার এএসআই জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ব্যবসায়ীকে হুমকি দিলেন এএসআই
পবিত্র হজকে সৌদির আয়ের প্রধান উৎস করার পরিকল্পনা
সৌদি আরব অপরিশোধিত জ্বালানি তেল বাদ দিয়ে এখন পবিত্র হজকে দেশটির জাতীয় আয়ের প্রধান উৎসে পরিণত করার পরিকল্পনা করছে। সৌদি গেজেটের এক খবরে বলা হয়েছে, পবিত্র হজ হতে সৌদি আরব বছরে ৫৩০ থেকে ৬১০ কোটি ডলার সমপরিমাণ অর্থ আয় করে থাকে। হজযাত্রীদের সংখ্যার ওপর এ অর্থের পরিমাণ নির্ভর করে বলে দৈনিকটি জানিয়েছে।
এতে আরো বলা হয়েছে, বেশি সংখ্যক হজযাত্রীর কারণে তেল ও গ্যাসের পরেই দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আয়ের উৎস হয়ে উঠেছে পবিত্র হজ এবং এটি শিল্পখাতের মতই রমরমা হয়ে উঠেছে। হজের সময় ২০ লাখ মুসলমান পবিত্র মক্কাশরীফ ভ্রমণ করে থাকেন। ২০২০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে ২৭ লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, হজ এবং উমরাহর প্রবৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের তরুণদের জন্য এ খাতে চাকরির সংস্থান করারও অনেক সুযোগ রয়েছে বলে খবরে বলা হয়েছে।
রিয়াদ শিগগিরই মারাত্মক অর্থ ঘাটতিতে পড়বে বলে যখন বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করছেন তখন এ খবর দিল সৌদি গেজেট। এরইমধ্যে বাজেট ঘাটতির মুখে পড়েছে সৌদি আরব এবং চলতি বছরে এর পরিমাণ ৮,৭০০ কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় সৌদি সরকার ব্যয় কমানোর কঠোর পদক্ষেপ নিয়েছে।
নবাবগঞ্জের কলাকোপায় ইব্রাহিম খলিলকে আ.লীগের একক প্রার্থী ঘোষনা
নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে মো. ইব্রাহীম খলিলকে চূড়ান্ত করেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। ইব্রাহীম খলিল নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।
তবে এ প্রক্রিয়ায় প্রার্থী বাছাইকে বর্জন করেছে দলের অপর তিন মনোনয়ন প্রত্যাশী।
শুক্রবার বিকালে হরেকৃষ্ণ কুসুম কলি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে দলের নেতাকর্মীরা সর্বসম্মতিক্রমে মো. ইব্রাহীম খলিলকে দলের একক প্রার্থী মনোনীত করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল আরিফ হিটু সভায় সভাপতিত্ব করেন।
নবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
নবাবগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত নাসির উদ্দিন ও তার স্ত্রী রেবা আক্তারকে নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চরপাড়া গ্রামের চর আটিপাড়ার বাসিন্দা মো. জাহের আলীর নেতৃত্বে মোকসেদ, খোকা, রহিম, সোহেলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসির উদ্দিনের শ্বশুরবাড়িতে হামলা চালায়। তারা নাসিরকে খুঁজতে থাকে। নাসির ও তার স্ত্রীর ঘর থেকে বের না হলে সন্ত্রাসীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।
হামলাকারীরা স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করে। রেবা অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা ঘরের মূল্যবান আসবাব ভাংচুর করে এবং ঘরে থাকা ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
নবাবগঞ্জ থানার এসআই সোহেল রানা জানান, লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নবাবগঞ্জে দুই ছেলেকে পুলিশে সোপর্দ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রশিদ গুলু (২৭) ও সজীব শেখ (২৪) নামে দুই মাদকাসক্তকে পুলিশে দিয়েছেন তাদের মা-বাবা। এসময় তাদের কাছ থেকে ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৃথকস্থান থেকে তাদের আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে।
রশিদ গুলু উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সজীব শেখ জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম জানান, মাদকাসক্ত রশিদ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নেশার টাকার জন্য ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আগুন দেয়। এবিষয়ে রশিদের মা আশা বেগম থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।’
স্বাধীনতা পদকের জন্য খুশি নির্মলেন্দু গুণ
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশের পর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদকের জন্য নির্বাচিত হওয়ায় খুশি কবি নির্মলেন্দু গুণ। নিজেকে পুরস্কারের জন্য নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সহপাঠী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। একটি বেসরকারি টেলিভিশনে কবি গুণ বলেন, আমার ফেসবুকে পোস্ট দেখে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন দেখে আমি খুবই খুশি হয়েছি।
সোমবার একটি অনলাইন নিউজপোর্টালকে দেয়া সাক্ষাৎকারে গুণ বলেন, “এর আগে তো কেউ চায় নাই। সরকার দিত। আমি চেয়ে পদকের মূল্যটা বাড়িয়ে দিলাম। এটা প্রার্থিত পদক, নোবেল পুরস্কারের মতোই প্রার্থিত পদক। আমি চাই এটা সসম্মানে সচল থাকুক। আমাকে বাদ দিয়ে এটা সসম্মানে সচল থাকতে পারে না।”
এবারও ‘স্বাধীনতা পদক’ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নির্মলেন্দু গুণ। দীর্ঘ সেই স্ট্যাটাসে তিনি লিখেন, “শেখ হাসিনা স্বাধীনতা পদকের মুলোটি আমার নাকের ডগায় ঝুলিয়ে রেখেছেন। কিন্তু কিছুতেই সেটি আমাকে দিচ্ছেন না। উনার যোগ্য ব্যক্তির তালিকা ক্রমশ দীর্ঘ হতে হতে আকাশ ছুঁয়েছে। কিন্ত সেই তালিকায় আমার স্থান হচ্ছে না। আমার একদা সহপাঠিনী, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দৃষ্টে আমি প্রথম কিছুকাল অবাক হয়েছিলাম- কিন্তু আজকাল খুবই বিরক্ত বোধ করছি। অসম্মানিত বোধ করছি। ক্ষুব্ধ বোধ করছি। আমাকে উপেক্ষা করার বা কবি হিসেবে সামান্য ভাবার সাহস যার হয়, তাকে উপেক্ষা করার শক্তি আমার ভিতরে অনেক আগে থেকেই ছিল, এখনও রয়েছে। পারলে ভুল সংশোধন করুন। অথবা পরে এক সময় আমাকে এই পদকটি দেয়া যাবে, এই ধারণা চিরতরে পরিত্যাগ করুন।”
কবির এই ফেসবুক পোস্টটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি প্রধানমন্ত্রীরও দৃষ্টিগোচর হয়। পরে এবারের স্বাধীনতা পদকের তালিকায় নির্মলেন্দু গুণের নামও যুক্ত হয়। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এই পুরস্কারের কথা ঘোষণা করেন।
এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেবেন।
মাদক ব্যবসায়ী ধরতে নবাবগঞ্জে পুলিশ অভিযান: কথা কাটাকাটির জের ধরে সংর্ঘষ
মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে গ্রামের এক যুবককে গ্রেফতার করা নিয়ে বাদানুবাদ ও বিক্ষোভের জের ধরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আলহাদিপুর গ্রামে পুলিশের বেধড়ক পিটুনিতে দিনমজুর রিপন তালুকদারসহ অন্তত ৫ জন গ্রামবাসী আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানা পুলিশ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
গ্রামবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল আলহাদিপুর গ্রামে ঢুকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুলিশ গ্রামের যাকে পায় তাকে এলোপাতাড়ি পিটাতে শুরু করে। এঘটনায় ৫ জন গ্রামবাসী আহত হয়। খবর ছড়িয়ে পড়লে পিটুনির হাত থেকে বাঁচতে অন্যরা গা ঢাকা দেয়। শনিবার রাত ৮টায় নবাবগঞ্জ প্রেসক্লাবে এসে আহত রিপন ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে তাদের গ্রামে ঢুকে থানার এসআই কায়সার আহমেদ মাদকাসক্ত অভিযোগ এনে রাজমিস্ত্রীর হেলপার আকাশ (১৪) নামে এক কিশোরসহ ৫ জনকে আটক করে। স্থানীয়রা প্রতিবাদ করলে ৪ জনকে ছেড়ে দেয় কিন্তু আকাশকে জোরজবরদস্তি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এরপর উত্তেজিত এলাকাবাসী সাদাপুর সেতুর সামনে ঢাকা-বান্দুরা সড়কে অবস্থান নেয় এবং পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসী আরো ক্ষুব্ধ হয়। উত্তেজিত জনতা পুলিশের মোটর সাইকেল ও এন মল্লিক পরিবহনের ২টি যাত্রীবাহী বাস ভাঙচুরের চেষ্টা চালায়। একপর্যায়ে আকাশকে ছেড়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
এলাকাবাসীর অভিযোগ, শুক্রবারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ পুনরায় শনিবার এলাকায় এসে স্থানীয়দের ‘গণপিটুনি’ শুরু করে। তারা আরো অভিযোগ করে, পুলিশ মাদক ব্যবসায়ীদের না ধরে প্রতিরাতে এলাকার নিরীহ ও খেটে খাওয়া মানুষদের আটক করে নিয়ে যায়। এরপর ২০/৩০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেয়। পুলিশ এ এলাকায় দীর্ঘদিন ধরে এ জাতীয় কাজ করে আসছে। এদিকে শুক্রবার রাতের ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে মামলা করেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, এটি ভুল বুঝাবুঝির কারণে হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
টানা ২য় বার ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সালমা ইসলাম
টানা ২য় বার ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সালমা ইসলাম এমপি। যমুনা ফিউচার পার্কে শনিবার ডাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি সাধারন সম্পাদক নির্বাচিত হন। । দায়িত্ব পালন করতে গিয়ে নেতাকর্মীদের অব্যাহত সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আজ একটি সুন্দর দিনে, একটি সুন্দর পরিবেশে ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আমি ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে লাঙ্গলের বিজয় ছিনিয়ে এনেছি। এ সাফল্য শুধু আমার একার নয়। এ সাফল্য জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীর। সর্বোপরি আমার নেতা যোগ্য বলেই এ বিজয় অর্জন সম্ভব হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই দোহার-নবাবগঞ্জে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে এলাকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দল থেকে অসংখ্য মানুষ জাতীয় পার্টিতে যোগদান করেছে। এই যোগদান প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমি ঢাকা জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার পর কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মেলন সফলভাবে সম্পন্ন করে দুটি শক্তিশালী কমিটি উপহার দিয়েছি। তাদের নেতৃত্বে ওই এলাকার জাতীয় পার্টি সুসংগঠিত হয়েছে। কিছুদিন আগে ধামরাই উপজেলা জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন করে একটি কমিটি গঠন করা
হয়েছে। আমি বিশ্বাস করি, খুব অল্প সময়ের মধ্যে ধামরাইয়ে জাতীয় পার্টি একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।’ অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, ‘৬৮ হাজার গ্রামের প্রতিটি প্রান্তে এরশাদের উন্নয়নের ছোঁয়া লেগে আছে। আমরা সবাই তার নেতৃত্বে সব ভেদাভেদ ভুলে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাব। দেশের মানুষ আজ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। একমাত্র জাতীয় পার্টিই পারে বাংলার খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে। তাই জাতীয় পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সম্মেলন সফল ও সুন্দরভাবে আয়োজন করায় অ্যাডভোকেট সালমা ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে তার মতো নেতা বেশি প্রয়োজন। ৩শ’ আসনে অ্যাডভোকেট সালমা ইসলামের মতো নেতা থাকলে জাতীয় পার্টি চিরদিন ক্ষমতায় থাকবে। এবিএম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, অ্যাডভোকেট সালমা ইসলাম প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় ছুটে বেড়ান। মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। এ যুগে যা বিরল।
নবাবগঞ্জে ইউপি নির্বাচন: দৌড় ঝাপে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা দলের সমর্থনের অপেক্ষায় দিন গুনছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা নেতাকর্মী ও স্থানীয়রা জানায়, এই প্রথম দলীয় প্রতীক নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই দলের প্রার্থী হতে আগ্রহী সংখ্যাও বেশী। কে পাবেন দলের মনোনয়ন? এ প্রত্যাশায় একাধিক প্রার্থী সমর্থন পেতে ঘুরছেন উপজেলার তৃণমূল নেতাদের থেকে শুরু করে জেলা নেতাদের কাছে। দলের টিকিট পাবে কি পাবে না এমনটি ভেবে আপাতত গণ-সংযোগ থেকে বিছিন্ন রয়েছেন অনেকে। দলীয় সম্ভাব্য প্রার্থীরা জানান, দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা।
মনোনয়ন প্রত্যাশি ১৪ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন, উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে আগ্রহী প্রার্থী গত ইউনিয়ন নির্বাচনে বর্তমান চেয়ারম্যান তৈয়ব আহম্মেদের সাথে ২১২ ভোটের ব্যবধানে পরাজিত হওয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, মো. ইব্রাহীম খলিল, বাংলাদেশ আওয়ামী প্রচারলীগের যুগ্ম আহ্বায়ক এজাজ আহমেদ পান্না, সাবেক ঢাকা জেলা ছাত্রলীগ নেতা মীর আরিফ হোসেন, তরুণ প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ও দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভি.পি ওয়াহিদুজ্জামান রনি। বিএনপি থেকে যুবদল নেতা দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মোহসীন উদ্দিন পলাশ। মামুন খান, সাবেক ছাত্রদল নেতা মহসিন আহ্মেদ তুষার উল্লেখ্য সে গত ২ বার ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান তৈয়ব আহম্মেদের প্রার্থী হওয়ার বিষয় আলোচনায় থাকলেও সে সু-স্পষ্টভাবে জানিয়েছেন সে এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তিনি একটানা প্রায় ৪০ বছর কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
জয়কৃষ্ণপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মোতাহার হোসেন, আবুল হোসেন, আকমল হোসেন, ফরিদ হোসেন। বিএনপির কোন প্রার্থীকে এখনো প্রচার-প্রচারণায় দেখা যায়নি।
শিকারীপাড়া আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আলীমোর রহমান খান পিয়ারা, মোজাম্মেল হক টিপু, আব্দুস সালাম। অপরদিকে বিএনপির একক প্রার্থী আব্দুল জব্বার।
বারুয়াখালী ইউনিয়নে আওয়ামীলীগের মো. রওশন আলী, যুবলীগ নেতা কাজী সালাহ্ উদ্দিন বিদ্যুৎ, সৈয়দ ইফতেখার হোসেন রোমান, মোশারফ মোল্লা, ইঞ্জিনিয়ার আরিফ শিকদার। বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল-মামুন এবং আলহাজ্ব রজ্জব মোল্লা।
বান্দুরা ইউনিয়নে আওয়ামীলীগের নাছির উদ্দিন পান্নু, মো. সুলতান উদ্দিন, দেওয়ান মুসলেম, শামসুল হক, নাছির উদ্দিন। বিএনপির সমর্থিত হিল্লাল মিয়া ছাড়া অন্য কাউকে প্রচার-প্রচারণায় দেখা যায়নি।
নয়নশ্রী ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান পলাশ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, এ্যাড. নান্নু ও ড. অমল চন্দ্র শীল।
বিএনপির সমর্থিত প্রার্থীরা হলেন- হাবিবুর রহমান খান পান্নু এবং মো. হাবিব। জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী রিপন মোল্লা, মাসুদ মোল্লা।
যন্ত্রাইল ইউনিয়নে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান নন্দ লাল সিং, নবাবগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ ঝিলুর ভাগ্নে মনিরুজ্জামান (তুহিন), কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান হিরন, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এবং আবুল কালাম আজাদ। বিএনপি থেকে আব্দুল বারেক ও মোক্তার হোসেনের নাম শোনা যাচ্ছে।
শোল্লা ইউনিয়নে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক ফজল, মো. দেলোয়ার হোসেন খান, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান কিসমত, তরুণ প্রার্থী দেওয়ান তুহিন রহমান, দেওয়ান আব্দুল আওয়াল, কুতুব উদ্দিন চুন্নু, মো. আব্দুল কায়েম, বিএনপি থেকে নাসির আহসান পলাশ এবং পবন মাহমুদের নাম শোনা যাচ্ছে।
কৈলাইল ইউনিয়নে শাহ-আলম মাস্টার, বীর মুক্তিযুদ্ধা নাসির উদ্দিন, মোঃ পান্নু মাতবর, আজহার আহম্মেদ বুবুল, মধ্যম কুমার সিদ্ধা আকাশ, বর্তমান ১নং ওয়ার্ড মেম্বার উপজেলা কৃষকদল নেতা আমজাদ হোসেন চৌধূরী এ্যাপোলো, আব্দুল হক, হুমায়ুন কবির, বশির মিয়া। বিএনপি থেকে ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রশিদ ও হুমায়ুন মোল্লা।
বক্তনগর ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুল ওয়াদুদ মিয়া, মো. শের আলী, জাহাঙ্গীর সিকদার, বিএনপির বর্তমান চেয়ারম্যান এরশাদ আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম শিশু ও এম,এ সালাম। জাতীয় পার্টির মো. মোরাদ মিয়া এবং আবুল হোসেন আজাদ।
বাহ্রা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন পেতে লবিং করছেন বর্তমান চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদ, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলার বর্তমান যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো. রাকিব এবং বিএনপির আলহাজ্ব আব্দুস সালাম ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ ওসমানি।
আগলা ইউনিয়নে আওয়ামী লীগের ও বিএনপিতে রয়েছে একজন করে প্রার্থী তারা হলেন আওয়ামী লীগের সুরুজ খান এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান আবেদ হোসেন।
গালিমপুর ইউনিয়নে আওয়ামীলীগের রেজাউর রহমান রেজা, আজিজুর রহমান ভূইয়া, লুৎফর বেপারী। বিএনপির একক প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তপন মোল্লা।
চূড়াইন ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ভূইয়া, মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়ল, আব্দুল বাসেত মিয়া, হাজী মো. জাহাঙ্গীর মোল্লা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাইফুল ইসলাম। অপরদিকে বিএনপির বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ, হাজী ইউসুফ আলী খান এবং আব্দুল আলীম সিকদারের নাম শোনা যাচ্ছে।
উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান জানান, নবাবগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ৭ মে ৪র্থ ধাপে রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করলে সঠিক তারিখ নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জানান, দলীয় সমর্থনের জন্য সম্ভাব্য প্রার্থীরা মৌখিক ভাবে প্রার্থী হওয়ার আবেদন করছেন। এখনো লিখিত ভাবে আবেদন হয়নি এবং দলের সমর্থনের বিষয় সিদ্ধান্ত হয়নি।
উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেন জানান, এখনো প্রার্থী বাছাইয়ে দলের নির্দেশ পাওয়া যায়নি। নির্দেশ পেলেই কার্যক্রম শুরু হবে।
আজ পাই দিবস, জন্মদিন আইনস্টাইনের
বিজ্ঞান আর গণিতের জন্য আজকের দিনটিকে অসাধারণ বলাই যায়। আজ পাই দিবস আর সেই সঙ্গে আজ বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী, আপেক্ষিক তত্ত্বের স্রষ্টা আলবার্ট আইনস্টাইনেরও জন্মদিন।
পাই কি? পাই হচ্ছে গণিতের একটি বিশেষ সংখ্যা, যা দিয়ে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত প্রকাশ করা হয়। শুধু তাই নয়, গণিতের নানা সমস্যার সমাধানে এই ধ্রুবকের গুরুত্ব অপরিসীম।
সর্বপ্রথম পাই-এর হিসাব করার কৃতিত্বটা প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিস-এর। এরপর ১৭০৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ গণিতবিদ উইলিয়াম জোনস এই সংখ্যাটিকে একটি গ্রিক বর্ণ দিয়ে প্রকাশ করেন। পরবর্তীতে ১৭৩৭ সালের শুরুর দিকে সুইস গণিতবিদ লিওনার্দ ইউলার এটি জনপ্রিয় করেন।
পাই-এর মানের এর দশমিকের পর সংখ্যার কোনো শেষ নেই- ৩.১৪১৫৯২৬৫৩৬……। তবে, হিসেবের সুবিধার্থে এর দশমিকের পরে দুই ঘর পর্যন্ত নেওয়া হয়ে থাকে, অর্থাৎ ৩.১৪।
এ কারণে, প্রতিবছর মার্চ মাসের ১৪ তারিখ পাই দিবস পালন করা হয়। যদি সংখ্যাটি আরও দুই ঘর পর্যন্ত নেওয়া হলে সংখ্যাটি দাঁড়ায় ৩.১৪১৫ আর এরপর আরকেটি ৯ থাকায়, সংখ্যাটিকে ৩.১৪১৬ও ধরা হয়ে থাকে। সেই জন্যে এ বছরের পাই দিবসকে (৩.১৪.১৬)-কে অনেক গণিতপ্রেমি আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছেন।
১৮৭৯ সালের আজকের দিনে জার্মানির কিংডম অফ উটামবার্গ-এ জন্ম নেন আলবার্ট আইনস্টাইন।
জীবনের একটা সময় আইনস্টাইন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটনে বসবাস করতেন। আজকের দিনটি উদযাপনে সেখানে নানা আয়োজন করা হয়েছে বলে জানায় টাইম ম্যাগাজিন।
