দোহারে ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 

ঢাকার দোহারে সাইমন ইসলাম রুবেল (৩৪) নামের এক ডিস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গত বুধবার রাত ১১টার দিকে রুবেলের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার পশ্চিম সুতারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রুবেলের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রুবেল দীর্ঘদিন ধরে দোহারের সুতারপাড়া এলাকায় ডিশ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বছরখানেক আগে রুবেলের কাছ থেকে সুতারপাড়ার গ্রামের একটি নির্দিষ্ট অঞ্চলে ডিশ লাইন সরবরাহের একটি চুক্তি হয় একই এলাকার বাদল চোকদারের। যার বিনিময়ে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা লাইন ভাড়া বাবদ রুবেলকে দেওয়ার কথা ছিল বাদল চোকদারের। কিন্তু বেশ কয়েকমাস ধরে বাদল চোকদার সেই লাইন ভাড়ার টাকা রুবেলকে দিতে গড়িমসি করেন। ফলে তাদের মধ্যে শত্রুতা শুরু হয়। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করেন রুবেল।

গতকাল বুধবার রাত ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে রুবেলের বাড়ির পাশে বাদল চোকদার তার দুই সহযোগী আওলাদ হোসেন ও সেলিমকে নিয়ে ওত পেতে থাকেন। একসময় রুবেল কাজ শেষে বাড়িতে ফেরার পথে তার ওপর চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মাথায় ও পায়ে আঘাত করেন। রুবেলের চিৎকার শুনে তার ছোট ভাই রুমান বাড়ির বাইরে এসে তার ভাইকে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় এবং ওই তিনজনকে অস্ত্রসহ দেখতে পান। পরে রুমান চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। এর আগেই পালিয়ে যায় ঘাতকরা।

দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মুকসুদপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

 

ঢাকার দোহারে মহান স্বাধীনতার সংগ্রামের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা হাজী খলিলুর রহমান ইন্তেকাল করেন। সে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর গ্রামের বাসিন্দা।

সোমবার দুপুরে উপজেলার মুকসুদপুর এলাকায় নিজ বাস ভবনে হৃদরোগে মারা যায়। বিকেলে বীর মুক্তি যোদ্ধা খলিলুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপস্থিত ছিলেন আইজি আর আঃ মান্নান খান, ইউপি চেয়ারম্যান হান্নান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা ও দোহার থানা ওসি সিরাজুল ইসলাম প্রমুখ।

নবাবগঞ্জে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

ঢাকার নবাবগঞ্জে যানজট নিরসন ও পথচারীদের দুর্ভোগ কমানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন নবাবগঞ্জ চত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ মিথুন মুন্নির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সময় সড়কের দু’পাশে অবস্থিত ২০টি দোকান উচ্ছেদ করেন।

ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনায় সহায়তা করেন নবাবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

মিরপুর টু নবাবগঞ্জ: নবকলি পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

অবশেষে বহুল প্রতিক্ষিত নবকলি পরিবহন লি: এর মিরপুর-০১ থেকে কাশিয়াখালী বেড়ীবাঁধ পর্যন্ত বাস সেবা চালু হয়েছে আজ থেকে। আজ সকালে নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধ বাসস্টপ থেকে প্রতিষ্ঠানের মালিক সমিতি সহ ঢাকা জেলার বিভিন্ন স্থরের মান্য ব্যক্তিবর্গ এই বাস সেবার উদ্ভোধন করবেন।

নবকলি মালিক সমিতির সাথে কথা বলে জানা যায় যে তারা সল্প খরচে সাধারণ মানুষ যাতে আরামে তাহাদের গন্তব্যে পৌছতে পারে সে লক্ষ্যে তারা তাদের সেবা দিয়ে যাবেন। তারা আরোও জানান যে নবকলি পরিবহন সম্পূর্নরুপে ‘সিটিং সার্ভিস’ পরিবহন। প্রতিদিন মিরপুর ০১ থেকে কল্যাণপুর-শাহাবাগ-গুলিস্থান-কদমতলী-কেরানীগঞ্জ- টিকরপুর- কোমরগঞ্জ – নবাবগঞ্জ – কাশিয়াখালী বেড়িবাঁধ পর্যন্ত এই বাস চলবে। তাঁদের প্রতিটি বাস পরিচ্ছন্ন বলে জানান এবং ৩৬ সীটের।

তারা আরও বলেন, আধুনিক সব সেবা এই পরিবহনে পাওয়া যাবে; যাত্রী সেবাই তাদের মূল লক্ষ্য এবং ভ্রমনে কোন যাত্রী যাহাতে কোনরূপ হয়রানীর শিকার না হন এর জন্য তারা বিশেষ বাবস্থা গ্রহন করেছেন। তারা সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। দোহার নবাবগঞ্জ এর সবাইকে তাদের পরিবহনের সেবা নেওয়ার আহব্বান জানিয়েছেন।

গুগল মানচিত্রে দেখুন নবকলি পরিবহনের যাত্রাপথ:

নবাবগঞ্জের বাগমারা মার্কেটে আগুন, ৩ দোকান পুড়ে ছাই

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাগমারা বাজারে কতুবউদ্দিন মার্কেটে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মার্কেটের মালিক কুতুব উদ্দিন ও ভাড়াটিয়ারা দাবি করেছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি।

স্থানীয় ও বাজারের দোকানদার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাগমারা বাজারের চাঁদনী প্লাজা মার্কেটের পার্শ্ববর্তী কুতুবদ্দীনের মার্কেটের তুলার দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা আরো ২টি দোকানে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে বাজারের দোকানদার ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। চেষ্টা চালিয়ে ১ ঘণ্টা পর তারা আগুন নিভাতে পারলেও ততক্ষণে তুলার দোকান, সুতার দোকান, কলার দোকানসহ ৩ টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়।

মার্কেটের মালিক কুতুবদ্দীন বাংলানিউজকে জানান, তার ৩টি দোকানঘর ও মার্কেটের জেনরেটর আগুনে পুড়ে গেছে। তাতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ভাড়াটিয়া তুলার দোকানদার মাসুদ মিয়া বলেন, আমার প্রায় ৬০ হাজার টাকার তুলা পুড়ে গেছে।

সুতা, এমব্রডারি মেশিন, ডিজাইন মেশিন অন্নান্য সামগ্রীসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন অপর ভাড়াটিয়া সুতার দোকানদার মো. জাকির হোসেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) আরাফাত জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি তদন্ত চলছে।

নবাবগঞ্জের সফল কৃষাণী মায়া

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলা একটি কৃষিনির্ভর এলাকা। ১৪টি ইউনিয়নের ৪২টি কৃষি ব্লক নিয়ে উপজেলার কৃষি এলাকা গঠিত। উপজেলার এক সফল কৃষাণীর নাম মায়া রানী বাউল। তার সফলতা এখন অনেক কৃষককেই কৃষিকাজ করতে অনুপ্রাণিত করছে।

উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা গ্রামের জগদীশচন্দ্র বাউলের স্ত্রী মায়া রানী বাউল। মধ্যবিত্ত সংসারে সচ্ছলতা আনার উদ্দেশ্যে নিজেকে কৃষিকাজে নিয়োজিত রেখেছেন এক যুগেরও বেশি সময় ধরে। কৃষিকাজ করে ১৫টি বিদেশি গাভী কিনে বাড়িতে গড়ে তুলেছেন একটি ডেইরি ফার্ম, যা থেকে তার বর্তমান মাসিক আয় প্রায় ৭০ হাজার টাকা।

প্রতিবছরের মতো এবারও মায়া রানী বাউল প্রায় ১০ বিঘা জমিতে বেগুন, শিম, পেঁপে, টমেটো, আলুসহ বিভিন্ন সবজির উত্পাদন করেছেন, যা থেকে আয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা। ৪ বিঘা জমিতে বুনেছেন সরিষা। তাকে কৃষিকাজে পরামর্শ দিয়ে সহায়তা করে যাচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওয়ালীউল্লাহ ও তার স্বামী ডা. জগদীশচন্দ্র বাউল।

শুধু জমিতে বেগুন, শিম, পেঁপে চাষ করেই থেমে থাকেননি মায়া রানী। এসবের পাশাপাশি নিজের বাড়িতে তিনি রোপণ করেছেন ফলদ ও ঔষধি গাছ। ফলে এলাকার সাধারণ মানুষের কাছে পরোপকারী বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।

মায়া রানী জানান, আমার স্বামীর সংসারে অভাব ছিল না। মধ্যবিত্ত সংসারে একটু সচ্ছলতা আনার জন্য আমি সবসময় চেয়েছি নিজে কিছু করতে। যেহেতু আমাদের বাইরে কাজ করার সুযোগ নেই, তাই বাড়িতেই কিছু করার চিন্তা করেছিলাম। এক সময় আমার স্বামী আমাকে বাড়িতে ও বাড়ির পার্শ্ববর্তী জমিতে সবজি চাষের কথা বলেন। আমি কোনো কিছু চিন্তা না করে প্রথমে অল্প জমিতে বেগুন ও শিমের চাষ করলাম। প্রথম বছর ভালো লাভ হওয়ায় আমি আরও আগ্রহী হয়ে উঠলাম। ধীরে ধীরে জমির পরিমাণ বাড়িয়ে এখন আমি বেগুন ও শিমের পাশাপাশি অন্য

সবজিও চাষ করছি। এখন আমি সবজি চাষের পাশাপাশি ডেইরি ফার্ম গড়ে তুলেছি। এতে আমার পরিবারে আরও সচ্ছলতা ফিরে এসেছে।

উপজেলা কৃষক সংগঠক শেখ আবুল হোসেন জানান, মায়া রানী বাউলের সাফল্য দেখে উপজেলার অনেক মহিলা এখন কৃষিকাজে এগিয়ে আসছেন। তার উত্পাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নবাবগঞ্জের মানুষের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে বলেও জানান তিনি।

নবাবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুল আমীন জানান, কৃষি ও কৃষকের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, যা দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে জরুরি। আমি উপজেলার অন্য নারীদেরও বলব, আপনারাও মায়া রানীর মতো এগিয়ে আসুন, সাফল্য আসবেই।

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

 

শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন” এই স্লোগানের আলোকে সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা “২০১৭” শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সাথে মিল রেখে বিকাল সাড়ে তিনটায় বেলুন ও পায়রা উড়িয়ে উন্নয়ন মেলার কার্যক্রম শুরু করা হয়। এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় সরকারী বেসরকারী দপ্তর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা কমপ্লেক্স চত্বর হতে নবাবগঞ্জ কলেজ ও বাগমারা হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। এই সরকারের বিগত তিন বছরের উন্নয়ন, অগ্রগতি, সাফল্য ও পরিকল্পনা নিয়ে তৈরী করা তথ্যাদি ও প্রামাণ্য চিত্র সাজিয়ে প্রায় অর্ধশত স্টল বসেছে। সাজানো হয়েছে অপরূপ সাজে। যে দপ্তর যে বিষয়ে বেশী সাফল্য করেছে তা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

 

সেই সাথে গত তিন বছরে নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে সরকারের তরফ থেকে যে সব উন্নয়ন কর্মকান্ড হয়েছে তার চিত্র প্রদর্শন করা হয়েছে মেলার বিভিন্ন স্টলে। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নি, ওসি মোস্তফা কামাল, প্রকৌশলী মো. শাজাহান, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন,  নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, পল্লী বিদুত্যেও এজিএম মো. কামাল হোসেন, সাব রেজিস্টার রেজাউল করিম, শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, রেজাউর রহমান, শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম প্রমুখ।

দোহার নবাবগঞ্জে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা জেলা ছাত্রলীগ ও দোহার নবাবগঞ্জ থানা এবং ইউপি ওয়ার্ড ছাত্রলীগ নেতা কর্মীরা আনন্দ মিছিল করে।

জানা যায়, ঢাকার নবাবগঞ্জ উপজেলা নয়নশ্রী,বান্দুরা ও শিকাড়ীপাড়া ছাত্রলীগের নেতা কর্মীরা বুধবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি আনন্দ মিছিল করেন। মিছিলটি নবাবগঞ্জ বাজার হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

অন্যদিকে দোহার উপজেলার মুকসুদপুর, নারিশা ও জয়পাড়া বাজার থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা একটি আনন্দ মিছিলে অংশ নেয়। মিছিলটি জয়পাড়া বাজার হয়ে দোহার উপজেলায় গিয়ে শেষ হয়। মিছিলে ঢাকা জেলা ছাত্রলীগ, থানা, ইউপি এবং ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেয়

দোহারে মাদক ব্যবসায়ী আটক

 

ঢাকার দোহারের মুকসুদপুর থেকে সজীব হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। সজীব হোসেন উপজেলার মৌড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া এলাকায় শনিবার রাতে ফুলতলার ফাঁড়ির ইনচার্য এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীরা অভিযান চালিয়ে সজীব হোসেন কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এই ব্যাপারে দোহার থানা ওসি সিরাজুল ইসলাম জানায়, সজীব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপনে সংবাদ পেয়ে চল্লিশ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয় এবং সজীবের নামে মাদক আইনে মামলা রজুকরে রবিবার সকালে সজীবকে কোর্টে প্রেরণ করা হয়।

বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আশা করি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তারা আগামী নির্বাচনে অংশ নেবে। তবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনও একদিন। সেই পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে।  রবিবার (৮ জানুয়ারি) ঢাকার নবাবগঞ্জের বকসনগর উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

 

রবিবার দুপুরে নবাবগঞ্জের ছোট রাজপাড়ায় মুক্তিযোদ্ধা শহীদ সৈয়দ হোসেনের স্মৃতিফলক উন্মোচন করে শ্রদ্ধা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এরপর তিনি যোগ দেন বকসনগর উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, ‘দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে যে সন্ত্রাস ও নৈরাজ্য হয়েছে তাতে অনেক মায়ের কোল খালি হয়েছে।’

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ৫ জানুয়ারি নির্বাচন না করে ভুল করেছে। নারায়ণগঞ্জে একটি চমৎকার নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে বিএনপির অনেক নেতাও সাধুবাদ জানালো। অথচ কয়েকদিন পর খালেদা জিয়া এ নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। আশা করি ৫ জানুয়ারির নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে।’

 

আগামী নির্বাচনের প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনও দিন নির্বাচন হবে। সেই পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের কাজ চলছে। আমাদের পেছনে ফিরে তাকানোর কোনও সুযোগ নেই। খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। এমনকি চাহিদা মিটিয়ে আজ আমরা খাদ্য রফতানি করছি। এমন দেশই বঙ্গবন্ধু চেয়ছিলেন।’

 

নবাবগঞ্জের স্মৃতি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নবাবগঞ্জ নিয়ে আমার অনেক স্মৃতি আছে। ১৯৬৯ সালে একবার এসেছিলাম এখানে। তবে সেদিনের নবাবগঞ্জ আর আজকের নবাবগঞ্জের মধ্যে পার্থক্য অনেক। ওই সময়ের চেয়ে নবাবগঞ্জ অনেক উন্নত হয়েছে। তবে আরও উন্নতি দরকার।’

 

তোফায়েল আহমেদ বলেন, ‘গুলশান থেকে নবাবগঞ্জ আসতে মাত্র দেড় ঘণ্টা সময় লাগে। হোন্ডার (মোটর সাইকেল) বহর না থাকলে আরও কম সময় লাগত। হোন্ডার মিছিল আমার ভালো লাগে না। ভোলায় আমার বহরে কেউ যদি হোন্ডার মিছিলে থাকে, তাহলে আমি অন্য রাস্তা দিয়ে যাই।’

 

মোটর সাইকেল প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী স্মরণ করেন ১৯৭০ সালের নির্বাচনের কথা। তিনি বলেন, ‘নির্বাচনে বঙ্গবন্ধু আমাকে ভোলা থেকে মনোনয়ন দিয়েছিলেন। তিনি এক হাজার ৭৫০ টাকা দামের ৫০ সিসির একটি মোটর সাইকেল দিয়েছিলেন আমাকে। কিন্তু ওইটা চালানোর রাস্তা ভোলায় ছিল না। আজ ভোলার চেহারাও বদলেছে। আমি যখন ভোলায় যাই তখন আমার সঙ্গে অনেক গাড়ি বহর থাকে। বঙ্গবন্ধু এমন সুন্দর দেশই চেয়েছিলেন।’

 

এসময় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সমুদ্রের গভীরতা মাপা যায়। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি বাঙালির ভালোবাসার গভীরতা মাপা যায় না। বঙ্গবন্ধুর দু’টি স্বপ্ন ছিল— দেশের স্বাধীনতা এবং সোনার বাংলাদেশ গড়া। তিনি স্বাধীনতা দিতে পেরেছিলেন, সোনার বাংলাদেশ গড়ে যেতে পারেননি। আমরা তার সুযোগ্য কন্যার নেতৃত্বে সেই সোনার বাংলাদেশ বিনির্মাণ করছি।’

বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বকসনগর উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন মিয়া। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশীষ কুমার সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, ঢাকা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের এমডি ওবায়দুল্লাহ আল মাসুদ।

বিএনপিকে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে: বাণিজ্যমন্ত্রী