আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পুনরায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ। কেন্দ্রীয় সভাপতি এড. মোল্লা মোঃ আবু কাউসার জাপান সফরে থাকায় সার্বিক দায়িত্ব পেয়েছেন তিনি।
এদিকে একুশে বইমেলায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রকাশনা বঙ্গবন্ধু বার্তা এর স্টলে ‘ছবি কথা বলে – উন্নয়নের মহা সড়কে বাংলাদেশ ২০১৬’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও বিক্রয় সেবার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সভাপতি এড. মোল্লা মোঃ আবু কাউসার ও বর্তম্মানে ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহ।এ সময় সহ-সভাপতি মতিউর রহমান মতিসহ বঙ্গবন্ধু বার্তার উপদেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক একেএম অাজিম, বঙ্গবন্ধু বার্তার উপদেষ্ঠা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অাবদুল্লাহ অাল সায়েম ও বঙ্গবন্ধু বার্তার সম্পাদক ও প্রকাশক স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, দপ্তর সেলে দায়িত্বরত মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লবসহ অন্যান্য নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
নির্মল গুহ স্বেচ্ছাসেবকলীগের পুনরায় ভারপ্রাপ্ত সভাপতি
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক দৃষ্টান্ত স্থাপন
মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য/ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না/ ও বন্ধু….
একজন সরকারি কর্মকর্তা যিনি জনগণের সেবক, একই সাথে একটি উপজেলার প্রধান হিসাবে এবং জন-বান্ধব প্রশাসক হিসাবে দৃষ্টান্ত স্থাপন করলেন দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম আল-আমিন । মঙ্গলবার দোহার উপজেলা প্রশাসনে নিজ কার্যালয়ে সহকারি কমিশনার(ভূমি)এর উপস্থিতিতে একজন মৃত মুক্তিযোদ্ধার সন্তানকে চাকুরী দিলেন। সে সময় চাকুরীদাতা প্রতিষ্ঠান জয়পাড়া ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক এর ব্যবস্থাপক দেলোয়ার হোসেন সহ অন্যান্য মালিকগণ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা মোকছেদ আলী। চাকুরী করতেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পিয়ন হিসেবে।স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কোনো মতে সংসার চালাতেন। মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি ভাতা ও চাকিরর বেতন তা দিয়ে কোনো মতে চলে যেত ছেলে-মেয়েদের লেখাপড়া ও সংসারের দৈনন্দিন খরচ। এরই মধ্যে গত তিন বছর আগে বড় মেয়ের বিয়ে দিতে গিয়ে জমানো সরকারি তহবিল থেকে টাকাও উঠিয়ে ফেলেন। চাকরি জীবনে সৎ ও নিষ্ঠাবান এই মুক্তিযোদ্ধা, শত প্রতিকূলতার মাঝেও চালিয়ে গিয়েছেন সন্তানদের পড়ালেখা। মেয়ে শিল্পী আক্তারকে পড়ছে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এর ডিগ্রী শ্রেণিতে আর ছেলে নবাবগঞ্জ কলেজে উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী।
কিন্তু গত ২ ফ্রেব্রুয়ারি আকস্মিকভাবে মৃত্যু হয় মোকছেদ আলীর।সংসারে আয়ের একমাত্র ব্যক্তিকে হারিয়ে হতাশায় ডুবে যায় পুরো পরিবার। মৃত্যুর কারণে সরকারি চাকরির বেতন ও মুক্তিযোদ্ধা ভাতা কাগজপত্র জটিলতায় পুনরায় চালু হতে সময় লাগবে। ততদিন কিভাবে চলবে পরিবারটি।
এমন অবস্থায় এই পরিবারের পাশে দাঁড়ান দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম, আল-আমীন। গত শনিবার প্রয়াত মোকছেদের বাড়িতে গিয়ে পরিবারটিকে আশ্বস্ত করেন তাদের পাশে তিনি থাকবেন। বেতন ও ভাতা চালু না হওয়া পর্যন্ত মোকছেদের স্ত্রী-সন্তানরা যাতে খেয়ে-পড়ে চলতে পারে সে ব্যবস্থা করে দিবেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী আজ মঙ্গলবার সকালে মোকছেদের মেয়ে শিল্পী আক্তারকে নিজের অফিসে ডেকে এলাকারই একটি প্রাইভেট প্রতিষ্ঠান – জয়পাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেণ্টারে ৭ হাজার টাকা বেতনে সম্মানজনক একটি চাকরির ব্যবস্থা করে দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন। চাকরির পাশাপাশি দুই ভাই-বোন যাতে পড়ালেখা চালিয়ে যেতে পারে সে ব্যবস্থাও করেন তিনি।
আবেগে আপ্লুত শিল্পি নিউজ৩৯কে বলেন, “২/৪ খাওয়ার জন্যও আব্বা ঘরে রেখে যেতে পারেনি। আব্বার বেতন-ভাতা চালু হলে হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু এমন দুঃসময়ে ইউএনও স্যার আমাদের পাশে না দাড়ালে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যেত। সংসারও চালাতে পারতাম না। ওনি আমাদের জন্য যা করলেন এটা কোনো দিনও ভুলব না। আব্বার কাছে শুনেছিলাম স্যারের কথা, সত্যি সত্যি স্যার একজন ভাল মানুষ। ”
এ ব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন বলেন, মোকছেদ আলী একজন ভাল ও সরল প্রকৃতির মানুষ ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে আমি ঢাকাও ছুটে গিয়েছিলাম। পরে বাড়িতে গিয়ে পরিবারটির দুরবস্থা দেখে তাদের পাশে দাড়িয়েছি। যাতে মোকছেদের ছেলে-মেয়ে পড়ালেখাটা চালিয়ে যেতে পারে। ওদের বাবার স্বপ্ন যেন পূরণ হয়।
সাংবাদিক শিমুল হত্যা বিচার দাবীতে নবাবগঞ্জে মানববন্ধন
দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নবাবগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সংবাদকর্মীরা। সোমবার দুপুরে (৬ জানুয়ারী) মানববন্ধনকারীরা উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঢাকা-বান্দুরা আন্ত: মহাসড়কে দাঁড়িয়ে ঘন্টা ব্যাপী তারা এ মানববন্ধন করে। এ সময় উপজেলার সামাজিক, রাজনীতিক সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী মানববন্ধনে অংশ গ্রহন করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জের শাহাজাদপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শুক্রবার চিকিৎসারত অবস্থায় মারা যান শিমুল। এরপরেই সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে দেশের সাংবাদিক সমাজ। দেশের গন্যমান্য ব্যাক্তিরাও এর তব্র নিন্দা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আজহারুল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ সালাহ্উদ্দিন বাচ্চু, সাহিদুল হক খান ডাবলু, সহ-সভাপতি মো. আলম হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহম্মেদ, জাহাঙ্গীর চোকদার, ওয়ার্কার্স পার্টির নেতা মো. আসলাম খান, সাংবাদিক মজিবুর রহমান, একাত্তর টিভির সাংবাদিক আহমেদ ফারুক, ফজলুর রহমান, দৈনিক আমাদের সময়ের বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলু, দৈনিক ইত্তেফাকের মো. কাজী সোহেল, আসাদুজ্জামান সুমন, দৈনিক সকালের খবরের ইমরান হোসেন সুজন , শাহীনূর রহমান, মিল্লাত হোসেন, নিউজ৩৯.নেট-এর আসিফ শেখ, ফিরোজ হোসেন প্রমূখ।
কে এই নুরুল হুদা?
সার্চ কমিটির অনুসন্ধান শেষে নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। সোমবার রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম একথা জানান।
সিইসি হওয়ার দৌঁড়ে ম্প্রথম ছিলেন সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদা (কে এম নুরুল হুদা)। ৭৩ ব্যাচের প্রশাসনিক ক্যাডার কে এম নুরুল হুদা বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এছাড়া ফরিদপুর জেলার প্রশাসক ছিলেন তিনি। দীর্ঘদিন ওএসডি থাকার পর ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে তিনি।
তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকায়। মুক্তিযুদ্ধের সময় তিনি জেলা কমান্ডারের দায়িত্ব পালন করেন।
ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয় যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।
সিইসি হলেন কে এম নুরুল হুদাঃ আওয়ামীলীগ ১, বিএনপি ১
নিউজ৩৯ঃ নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির দেয়া ১০ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সচিবালয়ের রাত সাড়ে ৯টা সংবাদ সম্মেনেল মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম প্রস্তাবিত নামের তালিকা ঘোষণা করেন। সিইসি হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা নাম প্রস্তাব করেন। নতুন চার নির্বাচন কমিশনার হচ্ছেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক বিচারক কবিতা খানম এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী। এদের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার এর নাম বিএনপি এবং সাবেক জেলা ও দায়রা জজ বিচারক কবিতা খানম এর নাম আওয়ামীলীগ প্রস্তাব করেছিল।
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে দোহার নবাবগঞ্জে সংবাদকর্মীদের মানববন্ধন
সাংবাদিক শিমুল হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঢাকার দোহার ও নবাবগঞ্জ এলাকায় কর্মরত সংবাদকর্মীসহ সুশিল সমাজ। সোমবার বেলা সাড়ে ১২টায় নবাবগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা ফটকে গিয়ে মানববন্ধন করে।দুপুর দেড়টার দিকে দোহার উপজেলার রতন চত্তরে দাঁড়িয়ে মানববন্ধন করেছে সাংবাদিক ও সংবাদকর্মিরা।
নবাবগঞ্জে মানব বন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আজহারুল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ সালাহ্উদ্দিন বাচ্চু, সাহিদুল হক খান ডাবলু, সহ-সভাপতি আলম হোসেন, উপজেলা জাতীয়পার্টির যুগ্ম-আহ্বায়ক জুয়েল আহম্মেদ, জাহাঙ্গীর চোকদার, ওয়ার্কার্সপার্টি নেতা আসলাম খান, সাংবাদকর্মী- মজিবুর রহমান, আহমেদ ফারুক, ফজলুর রহমান, বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলু, মো. কাজী সোহেল, আসাদুজ্জামান সুমন, ইমরান হোসেন সুজন, শাহীনূর রহমান প্রমূখ।
দোহারে মানব বন্ধনে উপস্থিত ছিলেন দোহার থানার ওসি সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি অমিতাভ পাল অপু, বর্তমান সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সংবাদকর্মী- শেখ সোহেল রানা, শামীম আরমান, আবুল হাসেম ফকির প্রমূখ। এ সময় মানববন্ধনকারীরা শিমুলের হত্যাকারীদের দ্রুত বিচার আইনে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
সততার দৃষ্টান্ত স্থাপন করলেন নবাবগঞ্জ পুলিশ
নবাবগঞ্জ থানা পুলিশের চতুরতায় খোঁয়া যাওয়া মূল্যবান কাগজপত্রসহ মালামাল ফিরে পেলেন মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া গ্রামের কাতার প্রবাসী মো. ইয়ানূছ খান। বুধবার রাতে কেরাণীগঞ্জের কদমতলী থেকে সিএনজি অটোরিক্সা যোগে হরিরামপুরে শাশুড় বাড়িতে ফেরার সময়ে সিএনজি চালক মালামাল গুলো নিয়ে পালায়।
বুধবার রাতে টিকরপুর চক এলাকার পুলিশ চেকপোস্ট থেকে কর্তব্যরত সদস্যরা মালামাল গুলো উদ্ধার করে থানায় আনে।
এতে প্রবাসী পরিবারের ভিসা লাগানো পাসপোর্ট, বিমানের টিকিট, আধা ভরির সোনার গহনা, ৩ লাখ টাকার ব্যাংক চেক, নগদ ২০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল ছিল। পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নবাবগঞ্জ থানা থেকে সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম সুমন প্রবাসীকে তার মালামাল বুঝিয়ে দেন।
নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার জানান, রাত ১০টার দিকে টিকরপুর চক এলাকায় চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যরা সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ করে। পরে তার কাছ থেকে মালামাল ও কাগজপত্র গুলো উদ্ধার করা হয়। ব্যাগে থাকা মোবাইল নম্বর দিয়ে প্রবাসীর সাথে যোগাযোগ করা হয়।
থানা ফটকে প্রবাসী মো. ইয়ানূছ খান জানান, দেড় মাস আগে তিনি বিদেশ থেকে দেশে আসেন। ফেরার বিমানের টিকিট নিশ্চিত করার জন্য ঢাকায় এসেছিলেন। তাছাড়া স্ত্রীও ঢাকার একটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার বিকালে শাশুড়ীর মৃত্যুর সংবাদ পেয়ে কেরানীগঞ্জের কদমতলী থেকে সিএনজি অটোরিক্সা যোগে হরিরামপুরের দড়িকান্দি গ্রামের শ্বশুর বাড়িতে ফেরেন। বাড়ির সামনে এলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এই সুযোগে সিএনজি চালক মালামাল নিয়ে পালায়। রাতে নবাবগঞ্জ থানা পুলিশ কর্তৃক উদ্ধারের সংবাদ পাই।
ঐ প্রবাসী আরো জানান, বিদেশে অনেক জায়গায় ঘুরেছি। কতো রকমের পুলিশ দেখেছি। বাংলাদেশের পুলিশের প্রতি আমার ধারণা পাল্টে গেলো। আমার যা কিছু খোঁয়া গিয়েছিল সব ফিরে পেয়েছি। তাদের প্রতি আমার শ্রদ্ধা আরো বাড়লো।
অর্থ সচিব হলেন নবাবগঞ্জের হেদায়েতুল্লাহ আল মামুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন অর্থসচিব হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন জনাব হেদায়েতুল্লাহ আল মামুন। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি নটর ডেম কলেজ থেকে ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেন। প্রশাসনে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এই জাঁদরেল আমলা এক নিভৃতচারী কবি, গীতিকার ও আবৃত্তিকার।
১৯৫৮ সালের ৫ই অক্টোবর ঢাকা জেলার নবাবগঞ্জের বর্ধনপাড়ার ছোট রাজাপুর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোঃ জালাল উদ্দীন মোল্লা ও মাতার নাম ফাতেমা খাতুন। নিউজ৩৯ এর পক্ষ থেকে দোহার – নবাবগঞ্জের এই কৃতি সন্তানকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন।
বেসরকারিভাবে হজের খরচ কমপক্ষে ৩ লাখ ১৯ হাজার টাকা
বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এর আওতায় সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৩ লাখ ১৯ হাজার টাকা ও সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে ভিক্টরি হোটেলের কনফারেন্স কক্ষে হাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করা হয়।
হাব সভাপতি ইব্রাহিম বাহার জানান, বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ১৭ হাজার হজ গমনেচ্ছুকে হজে পাঠাবে বিভিন্ন এজেন্সি। একজন হজ গমনেচ্ছু সর্বনিম্ন ৩ লাখ ১৯ হাজার টাকার প্যাকেজে হজে যেতে পারবেন।
বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় অন্যান্য প্যাকেজের মূল্য নির্ধারিত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ প্যাকেজের মূল্য ১৫ লাখ টাকাও হতে পারে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হাব মহাসচিব শেখ আবদুল্লাহ, সহ-সভাপতি ফরিদউদ্দিন আহমেদ মজুমদার, অর্থ-সম্পাদক ফজলুল ওহাব মামুন উপস্থিত ছিলেন।
হাব সভাপতি জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি ব্যবস্থাপনার প্রাক নিবন্ধন শুরু হবে।
উল্লেখ্য, গত বছর ৪০ হাজারেরও বেশি হজ গমনেচ্ছু প্রাক-নিবন্ধন করলেও হজে যেতে পারেননি। তারা এবার প্রথমে সুযোগ পাবেন।
দোহারে অনিয়মের অভিযোগে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই স্থগিত
দোহার উপজেলায় ‘অনিয়ম ও স্বেচ্ছাচারিতা’র অভিযোগে সোমবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধারা যাচাই-বাছাই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।
জানা গেছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই এবং গেজেট থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতের কাজ চলাকালে অনলাইনে প্রায় আড়াই হাজার ফরম পূরণ হয়। এ নিয়ে দোহার মুক্তিযোদ্ধা সংসদের একাংশের মুক্তিযোদ্ধা ও সাধারণ মুক্তিযোদ্ধা ছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি হয়।
দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সোমবার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, “উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করার জন্য যে কমিটি করা হয়েছে, সেটা সঠিকভাবে করা হয় নি। তা ছাড়া যে প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হচ্ছে, তাতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেকেই বাদ পড়ে যাবেন। প্রতিটি ইউনিয়নের পাঁচ-সাতজন মুক্তিযোদ্ধাকে কমিটিতে রাখা হলে যাচাই-বাছাই প্রক্রিয়ার অনিয়ম দূর হবে এবং প্রকৃত মুক্তিযোদ্ধারাই তালিকায় চলে আসবেন।”
যাচাই-বাছাই কমিটির বিশেষজ্ঞ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুর এ এলাহী মোহাম্মদ আল আমিন বলেন, ”উপজেলার মুক্তিযোদ্ধা ভাতা ও সুবিধাভোগী মুক্তিযোদ্ধা রয়েছেন ৫০৭ জন। আর গেজেটভুক্ত রয়েছেন ৫৬১ জন। এ ছাড়া লাল বইয়ে তালিকাভুক্ত রয়েছেন ২৯৪ জন। তবে কী কারণে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া স্থগিত রয়েছে এবং কবে থেকে আবার এ প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে আমি অবগত নই।”
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, গত ২৮ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত আটটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে (নয়াবাড়ি, মাহমুদপুর, বিলাসপুর, কুসুমহাটি ও রাইপাড়া) মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া গত ৩০ জানুয়ারি পৌরসভা ও সুতারপাড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের দিন ধার্য ছিল। সেদিন যাচাই-বাছাই না হওয়ায় কমিটি বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে ইউএনও বরাবর দেওয়া অভিযোগে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।
উপজেলার ডেপুটি কমান্ডার মো. শাহাজাহান বলেন, উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের যাচাই-বাছাই শেষ হয়েছে। বাকি ইউনিয়নের যাচাই-বাছাইয়ের তারিখ কয়েক দিনের মধ্যে জানানো হবে।
যাচাই-বাছাই কমিটির সদস্য কমান্ডার আবুল কালাম বলেন, ”ফরম ক্রেতাদের বেশির ভাগই অপরিচিত মুখ। কমিটির আরেক সদস্য বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রজ্জব আলী মোল্লা বলেন, ফরম নেওয়া ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আল আমীন বলেন, ”মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। বর্তমানে যাচাই-বাছাই স্থগিত আছে।”
source: prothom alo 02/02/2017
