বাংলাদেশিকে হত্যার দায়ে মালয়েশিয়ায়র দুই পুলিশের মৃত্যুদণ্ড

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার দায়ে দুই  ইমিগ্রেশন পুলিশের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির উচ্চ আদালত। গত ৩ মার্চ শুক্রবার  দুই কর্মকর্তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়। বিচারপতি আবুবকর কাতার  দুই কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায়  মৃত্যুদণ্ড প্রদান করেন। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, কাঙ্গার পারলিসের ইমিগ্রেশন পুলিশ মো. আমিনউদ্দিন  ইয়াসিন এবং জুহাইরুল ইফিন্দি জুলকাফলি।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ২০১৪ সালের ২৯ অক্টোবর কাঙ্গার পারলিসে ৪৫ বছর বয়সী অবৈধ অভিবাসী বাংলাদেশি আবু বকর সিদ্দিককে খুন করেন। এর আগে ২০১৫ সালের ১ অক্টোবর কানগার হাইকোর্ট তাদের বিরুদ্ধে অানিত অভিযোগের সত্যতা না পেয়ে খালাস দিয়েছিলেন। পরবর্তীতে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। বিচারপতি আবুবকর কাতার জানান, আদালতে প্রতিরক্ষা প্রসিকিউশন মামলার বিরুদ্ধে যুক্তিসংগত সন্দেহ উত্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘প্রসিকিউশনে সফলতার সঙ্গে অভিযোগ সঠিক প্রমাণিত হয়েছে। দোষী সাবস্ত্য হওয়ায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

এদিকে মামলার তথ্যবিবরণীতে বলা হয়, আটক আবু বকর সিদ্দিক গ্যাস্ট্রিকে আক্রান্ত ছিলেন। তিনি ওষুধ দেয়ার জন্য ওই কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন। তারপর সিসিটিভির ফুটেজে দেখা যায়,  তাকে লকআপের বাইরে আনা হয়েছিল এবং ইমিগ্রেশনের ওই দুই কর্মকর্তার হাতে লম্বা কাঠের লাঠি ছিল। ওই সময় আবু বকরের অপর এক সঙ্গী অভিযোগ করেছিলেন যে  ইমিগ্রেশন অফিসার  তাকে মারধর করেছিল। এ ঘটনার পরে আবু বকরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ৪ নভেম্বর ২০১৪ সালে আবুবকর মারা যান। ময়নাতদন্তে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং একাধিক বেত্রাঘাতের ফলে নরম টিস্যু জখম হয়ে আবু বকরের মৃত্যু হয়।

 

আজ ৪ মার্চ; ৭১ এর এই দিনে

১৯৭১ এর এই দিনে জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা ও গণহত্যার প্রতিবাদে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঢাকাসহ সারা বাংলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত হয়। প্রদেশের বেসামরিক শাসনব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে।

হরতাল চলাকালে খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন। চট্টগ্রামে আজ দুদিনে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ১২১ জনে।

বঙ্গবন্ধুর আহবানের পর স্বাধিকার আন্দোলনে গুলিতে আহত মুমূর্ষু বীর সংগ্রামীদের প্রাণরক্ষার্থে শত শত নারী-পুরুষ ও ছাত্রছাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন।

রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র ‘ঢাকা বেতার কেন্দ্র’ এবং পাকিস্তান টেলিভিশন ‘ঢাকা টেলিভিশন’ হিসেবে সম্প্রচার শুরু করে। বেতার-টেলিভিশন শিল্পীরা ঘোষণা করেন, যতদিন পর্যন্ত দেশের জনগণ ও ছাত্রসমাজ সংগ্রামে লিপ্ত থাকবেন ততদিন পর্যন্ত ‘বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে তাঁরা অংশ নেবেন না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, চরম ত্যাগ স্বীকার ছাড়া কোনদিন কোন জাতির মুক্তি আসেনি। তিনি উপনিবেশবাদী শোষণ ও শাসন অব্যাহত রাখার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবানে সাড়া দেয়ায় বীর জাতিকে অভিনন্দন জানান।

আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ও ৬ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালনের আহবান জানিয়ে বলেন, যেসব সরকারি ও বেসরকারি অফিসে কর্মচারীরা এখনো বেতন পাননি শুধু বেতন প্রদানের জন্য সেসব অফিস আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকবে।

করাচী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এয়ার মার্শাল (অব.) আসগর খান দেশকে বিচ্ছিন্নতার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

পিডিপি প্রধান নূরুল আমীন এক বিবৃতিতে ১০ মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্টের প্রতি অবিলম্বে জাতীয় পরিষদের অধিবেশন ঢাকায় আহবান করার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন শিক্ষক পৃথক পৃথক বিবৃতিতে ঢাকার ‘পাকিস্তান অবজারভার’ পত্রিকার গণবিরোধী ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জেড. এ ভুট্টো করাচীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেশের সংহতির জন্য তাঁর দল যদ্দুর সম্ভব ৬-দফার কাছাকাছি হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। পূর্ব পাকিস্তানের বিস্ফোরন্মুখ পরিস্থিতির অবসানের জন্য তিনি এখন জাতীয় পরিষদের অধিবেশনে রাজি হবেন কী না- এ প্রশ্নের জবাবে জনাব ভুট্টো বলেন, ‘ঘটনাপ্রবাহ দ্রুত ঘটছে। এ সম্পর্কে অবহিত করার জন্য আমরা সাংবাদিকদের সঙ্গে আবার যোগাযোগ করবো।’

 

নবাবগঞ্জের ভাঙ্গাপাড়ায় ডাকাতি আহত ২

নবাবগঞ্জ উপজেলার ভাঙ্গাপাড়া গ্রামে ডাকাত দলের হামলায় মো. ওয়াসিম খান ও মো.জলিল খান নামে দুইব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। গত ৩ মার্চ শুক্রবার ভোররাতে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল ভাঙ্গাপাড়া গ্রামের ওয়াসিম খানের বাড়িতে হানা দেয়। এসময় ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা ওয়াসিম খান জেগে উঠে চিৎকার করলে একটি শর্টগানের ছোড়া গুলিতে তাকে গুলিবিদ্ধ করা হয়। মুহুর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে পাশের ঘরে হানা দিলে সেই ঘরে বসবাসরত জলিল খান জেগে উঠলে একই কৌশলে তাকে লাঠির আঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনার পর পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদেরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাদের রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন ।

এ ব্যাপারে নবাবগঞ্জ বারুয়াখালী তদন্ত কেন্দ্র ইনচার্জ অখিল রঞ্জন সরকার নিউজ৩৯ কে জানান,ডাকাত দল কে পুলিশ ও এলাকাবাসী পাকরাও করলে তারা পালিয়ে যায়, ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয়নি গুলির বিষয় টি সঠিক নয় দেশীয় অস্ত্র দিয়ে ডাকাতরা আঘাত করেছে।

 

প্রায় ৩৩ কোটি ডোমেইন নাম ইন্টারনেটে

২০১৬ সালের শেষ তিন মাসে ইন্টারনেটে ২৩ লাখ ডোমেইন নাম যুক্ত হয়েছে। এতে ২০১৬ সালের শেষ পর্যন্ত ইন্টারনেটের দুনিয়ায় মোট নিবন্ধিত ডোমেইন সংখ্যা দাঁড়িয়েছে ৩২ কোটি ৯৩ লাখ। গত বুধবার ডোমেইন নাম ও ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ভেরিসাইন এ তথ্য প্রকাশ করেছে।

‘ডোমেইন নেম ইন্ডাস্ট্রি ব্রিফ’ নামের প্রতিবেদনে ভেরিসাইন বলেছে, ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের চেয়ে পরের প্রান্তিকে ডোমেইন নাম নিবন্ধনের হার ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। অবশ্য বা​র্ষিক তুলনা করলে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে ডটকম ও ডটনেট মিলে টপ লেভেল ডোমেইনস (টিএলডিএস) নিবন্ধন দাঁড়িয়েছে ১৪ কোটি ২২ লাখ। বার্ষিক ডোমেইন নিবন্ধন বৃদ্ধির হার বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসেবে ডটকম ডোমেইন নিবন্ধন হয়েছে ১২ কোটি ৬৯ লাখ আর ডটনেট নিবন্ধন হয়েছে ১ কোটি ৫৩ লাখ।

লটাখোলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সাহায্য প্রদান

দোহারের পূর্ব লটাখোলায় এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সাতটি পরিবারকে আর্থিক সহযোগিতা ও বস্ত্র প্রদান করেছে হিন্দু ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভবতারণ সেবা সংঘ।

গতকাল ৩ মার্চ শনিবার সংগঠনটির প্রতিষ্ঠাতা হিন্দু কল্যান ট্রাস্টের সাবেক সচিব ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্য নন্দদুলাল গোস্বামীর উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে ৮ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া প্রতিটি পরিবারকে শাড়ি, গেঞ্জি সহ প্রয়োজনীয় বস্ত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তারক ভট্টাচার্য, সুকুমার পাল, অঞ্জলী পাল, দুলাল দাস, ডা. বিনয় কৃষ্ণ দাস, সুবল সরকার, শেফালী রাজবংশী। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক অমিতাভ অপু ও তার সহধর্মণী ডা. সুফলা দেবনাথ প্রমূখ।

আজ ৩ মার্চ; ৭১ এর এই দিনে

গণহত্যার শোক দিবস আর অর্ধদিবস হরতালের মধ্য দিয়ে শুরু হয় ১৯৭১ এর ৩ মার্চের দিনটি। মজলুম জননেতা মওলানা ভাসানী নিন্দা ও ব্যঙ্গাত্মক টেলিগ্রাম পাঠান পাকিস্তানি শাসক ইয়াহিয়া খানের কাছে। ঢাকার পল্টনের জনসভায় অহিংস আন্দোলনের ডাক দেন শেখ মুজিবুর রহমান। এ সভায় স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রনেতা শাজাহান সিরাজ।

সকাল থেকেই মিছিলের নগরী হয়ে ওঠে ঢাকা। পার্লামেন্টারি গ্রুপের ১২ জন নির্বাচিত নেতাকে ১০ মার্চ বৈঠকে আমন্ত্রণ জানান ইয়াহিয়া খান। শেখ মুজিবুর রহমান এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। দেশজুড়ে হতাহতের সংখ্যা ছিল দুই হাজারেরও বেশি।

 

চুল পাকা রোধ করে আমলকি

আমাদের দেশের আবহাওয়ায় বর্তমানে অনেকের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। এটা বিব্রতকর তো বটেই, বন্ধুমহলেও হাসির পাত্র হতে হয় অনেককে। আর বিয়ে করতে গেলে আবার কনেপক্ষ বা পাত্রপক্ষ পাত্র/পাত্রীর বয়স নিয়ে সন্দেহ পোষণ করে বসেন। এই বিব্রতকর অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারে আমলকি। কয়েকটি শুকনা আমলকি হাল্কা থেতলে নিয়ে এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকালে ভালভাবে কচলে ছেকে নিন। এবার এই পানিটা মাথায় দিয়ে একঘন্টা রেখে ধুয়ে ফেলুন। এভাবে প্রতি সপ্তাহে মিশ্রণটি চুলে লাগালে চুল প্রাকৃতিকভাবে কালো থাকবে এবং চুল হবে ঝলমলে স্বাস্থোজ্জ্বল।

 

আজ ২রা মার্চ; ৭১ এর এই দিনে

 

আজ ঐতিহাসিক ২রা মার্চ। ১৯৭১ এর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয়েছিল বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। আরো একধাপ এগিয়ে যায় স্বাধীনতা আন্দোলন। সশস্ত্র সংগ্রামের পথ ধরে পরবর্তীতে স্বাধীন দেশ পায় বাঙ্গালী জাতি।

পাকিস্তানী শাসকগোষ্ঠীর শোষন-নির্যাতন থেকে মুক্তি পেতে একাত্তরের শুরুতেই আন্দোলন বেগবান হয়। মার্চের শুরু থেকেই প্রস্তুতি চলে সশস্ত্র সংগ্রামের। ২রা মার্চ আনুষ্ঠানিকভাবে পাস করা হয় স্বাধীনতার প্রস্তাব। পাকিস্তানী স্বৈরসকারের জারি করা কার্ফ্যু ভেঙ্গে আগের দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকা হরতাল স্বত:স্ফুর্তভাবে পালিত হয় সারাদেশে। পুলিশের গুলিতে নিহত হয় দুইজন। প্রতিবাদে ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত  প্রতিদিন সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পুর্ব পাকিস্তানে হরতাল ডাকেন বঙ্গবন্ধু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এদিন প্রতিবাদী জনসভা আয়োজন করে ছাত্রলীগ। উপস্থিত হন লাখো ছাত্র জনতা। উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম পতাকা। ঢাকার নিউ মার্কেটে এ্যাপোলো ক্লথ স্টোরের কর্ণধার কাঙ্খিত পতাকা তৈরী করে দিয়েছিলেন বিনা পারিশ্রমিকে।

ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ ও ডাকসু ভিপি আসম আব্দুর রবসহ অন্যান্য নেতারা পতাকাটি উত্তোলন করেন। সৃষ্টি হয় অভূতপূর্ব দৃশ্যের। লাল, সবুজ, সোনালি তিন রঙের পতাকাটি সেই যে বাংলার আকাশে উড়লো তা আর নামাতে পারেনি পাকিস্তানের বর্বর সেনাবাহিনী ও সরকার। সমাবেশ থেকে ছাত্ররা মিছিল সহকারে বঙ্গবন্ধুর বাসভবনে যেয়ে সেখানেও বাংলাদেশের নতুন পতাকা উড়িয়ে দেন।

সেদিনের পতাকা উত্তোলন এগিয়ে নেয় স্বাধীনতা সংগ্রাম, তারই ফসল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর অনন্তকাল পতপত করে উড়বে স্বাধীন দেশের লাল-সবুজের পতাকা।

 

সকালে নাশতা না করা ক্ষতিকর

সকালে নাশতা করেন না? নাকি নাশতায় অনিয়ম করেন? যাঁরা সকালের নাশতা এড়িয়ে যান, তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা যায়। বলা হয়, সকালের নাশতা দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। তাই এটি মোটেও এড়ানো উচিত নয়।

নাশতা না খেলে যে সমস্যা হয়, তা জেনে নিন:

ডায়াবেটিস: সকালের নাশতা এড়িয়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এ সমস্যা নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে সকালের নাশতা এড়িয়ে যাওয়ার ঘটনায় টাইপ টু ডায়াবেটিস তৈরি হয়।

হৃদ্‌রোগ: যাঁরা সকালে নাশতা করেন, নিয়মিত নাশতা না করা ব্যক্তিদের চেয়ে তাঁদের হৃদ্‌রোগের ঝুঁকি কম থাকে। এক গবেষণায় দেখা গেছে, সকালের নাশতা না খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপ, ইনসুলিন প্রতিরোধ ও রক্তের চিনির মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি যুক্ত রয়েছে।

মাইগ্রেন: সকালের নাশতা না করলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। রক্তে গ্লুকোজ কমে যায়, রক্তচাপ বাড়ে। এতে মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যা দেখা দেয়।

চুল পড়ে: মাথার চুলের ফলিকল বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সকালের নাশতা। প্রোটিনবিহীন খাবার খেলে কেরাটিনের স্তরে প্রভাব পড়ে, যা চুল পড়ার হার বাড়ায়। তাই সকালে প্রোটিনযুক্ত নাশতা করা উচিত।

 

প্যারিসে বাংলা প্রেসক্লাবের যাত্রা

শিল্প সাহিত্য সংস্কৃতির শহর প্যারিসে বর্ণাঢ্য আয়োজনে অভিষেক হলো ইউরোপে বসবাসরত বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের। স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে গত ২৬ ফেব্রুয়ারি রবিবার ফ্রান্সের সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে উদ্বোধনী বক্তব্য রাখেন ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি হযরত আলী খাঁন।

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহসভাপতি এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সামসুল ইসলাম এবং ফ্রান্সের সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপণ করেন প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু।

এসময় কমিউনিটি নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু তাহির, সংগঠনের সহসভাপতি রিয়াজ হোসেন, এম ডি জাকির হোসেন সুমন ,সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, কমরেড খন্দকার, মোহাম্মদ নুরুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নয়ন মামুন, দপ্তর সম্পাদক আল আমিন, সহ দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক তুফাজ্জল তপু, সদস্য আবুল কালাম মামুন।