দোহারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মান্নান খান

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহার উপজেলা যুবলীগ ১১ নভেম্বর দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দোহার উপজেলা আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান এবং স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ।

দোহারের আরও অন্যান্য নেতার নাম থাকলেও নেই ঢাকা-১ আসনের হেভিওয়েট আওয়ামী লীগ প্রার্থী ও প্রধানমন্ত্রীর বেসরকারি বানিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নাম। এছাড়াও নেই দোহার উপজেলা চেয়ারম্যান ও সালমান এফ রহমান পন্থী বলে পরিচিত আলমগীর হোসেনের নাম। এই নাম না দেয়াকে কেন্দ্র করে দোহার উপজেলা আওয়ামী লীগের মাঝে দেখা দিয়েছে উত্তেজনা। এই নাম দেয়া, না দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় অনানুষ্ঠানিকভাবে কয়েক দফায় নিজেদের মাঝে বৈঠক হয়েছে বলে সমর্থিত সূত্রে জানা গেছে।

যদিও এই ধরনের সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দোহার উপজেলা যুবলীগ সভাপতি ভিপি আলমাস উদ্দিন।নিউজ৩৯কে ভিপি আলমাস উদ্দিন জানান, কেন্দ্রের নির্দেশে যুবলীগের এই অনুষ্ঠান সফল করার জন্য দোহার উপজেলা যুবলীগ কাজ করে যাচ্ছে। এখানে বিভৃন্তি সৃষ্টি করার কিছু নেই। সালমান এফ রহমান সময়ের অভাবে আমাদের সময় দিতে পারেন নি। আর কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সালমান এফ রহমান নবাবগঞ্জে ও মান্নান খান দোহারের অনুষ্ঠানে সময় দিবেন। তিনি আরও বলেন, দোহার উপজেলা যুবলীগ ঐক্যবদ্ধ আছে। এখানে কোন্দলের কোন স্থান নেই।

এদিকে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন নিউজ৩৯কে জানিয়েছেন, দোহারের যুবলীগের কোন অনুষ্ঠানের কথা তিনি জানেন না, সালমান এফ রহমানও জানেন না। তাই যুবলীগের অনুষ্ঠান নিয়ে তার কোন মন্তব্য নেই।

এদিকে নবাবগঞ্জে যুবলীগের অনুষ্ঠানে প্রধান অতিথি সালমান এফ রহমান বলে জানা গেছে।

মটর সাইকেল দুর্ঘটনায় ঝরে গেল আরও একটি তাজা প্রান

মটর সাইকেল দুর্ঘটনায় ঝরে গেল দোহারের আরও একটি তাজা প্রান। বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাক কেড়ে নিল দোহারের ঝনকি গ্রামের সোহানের প্রান। আজ বৃহস্পতিবার দুপুরে দোহারের নুরপুর মাঠের কাছে ঢাকা-দোহার সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করেছে দোহার থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দোহারের নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামের বোরহান চোকদারের ছেলে সোহান মালিকান্দা থেকে জয়পাড়া যাওয়ার পথে নুরপুর মাঠের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মটরসাইকেলের সংঘর্ষ হয়। এই সময় ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। সোহান ইসলামাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও মালিকান্দা স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছিল।

ঘাতক ট্রাকটি থানায় আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকের হেলপারকে আটক করেছে দোহার থানা পুলিশ।

ব্যারিস্টার নাজমুল হুদাকে দন্ড কমিয়ে ৪ বছরের সাজা, ৪৫ দিনের মাঝে আদালতে আত্মসমর্পণ

২০০৭ সালের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঘুষ গ্রহণের মামলায় বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দণ্ড কমিয়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই মামলায় তার স্ত্রী সিগমা হুদার তিন বছরের কারাদণ্ড কাস্টডিতে থাকাকালীন সময়কে সাজা বলে গণ্য করেছেন আদালত।

২০০৭ সালের ২১ মার্চ দুদকের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়েছিল, সাপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র জন্য মীর জাহের হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা।

সেসময় আদালত এ মামলায় ব্যারিস্টার নাজমুল হুদাকে সাত বছরের সাজা দিয়েছিল। পরে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। শুরুতে হাইকোর্ট তাকে এ মামলায় খালাস দেয়। কিন্তু ওই খালোসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।

হাইকোর্টে আপিলের শুনানি নিয়ে আদালত বলেন, মামলার গুণাগুণ বিচার করে আপিল নিষ্পত্তি করতে হবে। পরবর্তীতে ওই আপিল শুনানির জন্য হাইকোর্টে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পুনঃশুনানির পর বুধবার হাইকোর্টের বিচারপতি ভবানী প্রাসাদ সিং ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৭ বছরের সাজা কমিয়ে ৪ বছর করে রায় ঘোষণা করেন। একইসঙ্গে রায়ের কপি পাওয়া ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। নিজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তবে সিগমা হুদার পক্ষে এদিন আদালতে ছিলেন তার আইনজীবী আজমালুল হোসেন কিউ সি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান, বিচারিক আদালতের দেয়া সাত বছরের সাজা থেকে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সাজা কমেছে তিন বছর। তবে জরিমানার বিষয়ে কিছু বলেননি হাইকোর্ট। সুতরাং, আড়াই কোটি টাকা জরিমানা তাকে দিতেই হবে।

তবে নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা বিচার চলাকালীন সময়ে বেশ কিছুদিন কারাগারে (কস্টডিতে) ছিলেন। ওই সময়কেই তার সাজা হিসেবে গণ্য করতে বলেছেন আদালত।

২০০৭ সালের ২৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত মামলার রায়ে নাজমুল হুদাকে সাত বছরের কারাদণ্ড ও আড়াই কোটি টাকা জরিমানা করেন। তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

বিচারিক আদালতের দেয়া ওই রায়ের বিরুদ্ধে ২০১১ সালের ২০ মার্চ তারা আপিল করলে হাইকোর্ট থেকে খালাস পান।

পরে দুদক আপিল করলে ২০১৪ সালের ১ ডিসেম্বর খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। ২০১৬ সালের ১৩ এপ্রিল আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এরপর হাইকোর্টে এ মামলার পুনঃশুনানি গ্রহণ করা হয়।

 

সেদিন ম্যাডাম জিয়া আমার জন্য কেঁদেছিলেন, নিউজ৩৯ এর সাক্ষাৎকারে আবু আশফাক

0

খন্দকার আবু আশফাক;  ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ভিপি, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান। অনেক ভাবেই পরিচিত তিনি। এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক এই নেতা ১৯৯০ সালেই বহিষ্কৃত হয়েছিলেন ছাত্রদল থেকে। সেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেঁদেছিলেন তার জন্য এবং বলেছিলেন ওরা আমার সন্তান। বর্তমান বিএনপির নির্বাহি কমিটির এই সদস্য নিউজ৩৯ এর কাছে বলেছেন অনেক দিনের না বলা রাজনৈতিক অনেক গুপ্ত কথা। কথা বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা – ১ আসনে বিএনপিতে নিজের মনোনয়ন নিয়ে। নিউজ৩৯ এর পাঠকদের জন্য তার সাক্ষাৎকার তুলে ধরা হলো। সাক্ষাৎকার নিয়েছেন নিউজ এর সিনিয়র স্টাফ রিপোর্টার আছিফুর রহমান সজল।

নিউজ৩৯: কেমন আছেন?

খন্দকার আবু আশফাকঃ আলহামদুল্লিলাহ, আল্লাহর অশেষ রহমতে ও জনগনের দোয়ায় ভাল আছি।

নিউজ৩৯: আপনার মা একজন স্বর্ণপদক প্রাপ্ত রত্নগর্ভা, দুই ভাই ডাক্তার, এক ভাই জাজ, এক ভাই স্বনামধন্য আইনজীবী, এক ভাই চাটার্ড একাউন্টেড। নিজের পরিবার নিয়ে কিছু বলুন?

খন্দকার আবু আশফাকঃ আমার বাবা আব্দুল আলিম খন্দকার একজন সরকারি কর্মকর্তা। আমরা সাত ভাই, এক বোন। আমরা সবাই শিক্ষাগত ভাবে মাস্টার্স পাশ করেছি।  আমার বড় ভাই ডা খন্দকার আবুল কাশেম সাবেক যুগ্ম সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, মেঝ ভাই খন্দকার আবুল বাশার ঢাকা শিশু হাসপাতালে আছেন, সেঝ ভাই খন্দকার আবুল হোসেন স্পেশাল ট্রাইবুনাল জজ, চতুর্থ ভাই খন্দকার আবুল খায়ের একজন চার্টার্ড একাউন্টেড, পঞ্চম ভাই খন্দকার আবুল কালাম সুপ্রিম কোর্টের একজন আইনজীবি এবং আমার ছোট ভাই খন্দকার আবু শফিকঃ খন্দকার গ্রুপের একজন কর্ণাধার এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একজন পরিচালক। আমার একমাত্র বোন আইরিন পারভিন পারুল একজন মাস্টার্স ডিগ্রী হোল্ডার। আমার ভগ্নীপতি সরদার নুরুল আমিন একজন উপ পুলিশ কমিশনার।

আর নিজের পরিবারের কথা বলি, আমার স্ত্রী একজন এলএলএম ডিগ্রি হোল্ডার। সে কোথাও প্র্যাক্টিস করেন না। সংসার জীবন আর ছেলেমেয়েদের নিয়েই তার ব্যস্ততা। আমার বড় মেয়ে স্কলাস্টিকায় এ লেভেল করছে, ছোট মেয়ে ভিকারুন্নিসা স্কুল এন্ড কলেজ থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে এবং একমাত্র ছেলে আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে এখন ক্লাস ফাইভে অধ্যায়নরত আছে।

নিউজ৩৯: আপনার কর্মজীবন সর্ম্পকে বিছু বলুন?

খন্দকার আবু আশফাকঃ প্রথমতঃ আমি একজন রাজনীতিবিদ। আর জীবিকার জন্য আমি একজন ব্যবসায়ী। ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে আমি ভাল আছি। আমার ব্যবসায় প্রতিষ্ঠান খন্দকার গ্রুপ অব কোম্পানির ব্যবসা নিয়েই আমি আছি। সেই সাথে জনমানুষের জন্য রাজনীতির মাঠেও আমি পদচারনা করি।

নিউজ৩৯:  আপনার সব ভাই পেশাগত জীবনে সরকারের বিভিন্ন উচ্চপদে আছেন, নিজেরা নিজেদের পরিচয়ে প্রতিষ্ঠিত। ভাইদের বাইরে যেয়ে আপনি রাজনীতিতে কেন আসলেন?

খন্দকার আবু আশফাকঃ আসলে আমি রাজনীতির মাঠে প্রবেশ করেছি ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। ১৯৮১ সালে তিতুমীর কলেজে ভর্তি হয়েই আমার রাজনীতিতে প্রবেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে রাজনীতিতে প্রবেশ করতে সবচেয়ে উৎসাহ জুগিয়েছেন। তার মতো জনমানুষের নেতার কাছে যেতেই আমার রাজনীতিতে আসা। এরপর ১৯৮৩ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ১৯৮৩ সালে ঢাবিতে পরিসংখ্যানে অনার্স ভর্তি হয়ে ১৯৮৯ সালে বিএসসি অনার্স , ১৯৯০ সালে এম.এস.সি পাশ করি। ১৯৮১ সাল থেকে এখন পর্যন্ত জাতীয়তাবাদী শক্তির সাথেই আছি। বাকী জীবন সেই আদর্শের সেই ঝাণ্ডা নিয়েই বেচে থাকতে চাই।

নিউজ৩৯: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সাথে কি কখনো দেখা হয়েছে?

খন্দকার আবু আশফাকঃ হ্যা, বেশ কয়েকবার দেখা হয়েছে। উনি তিতুমীর কলেজে এসেছেন। উনার সাথে আমার বেশ কিছু স্মৃতিই আছে। উনার সাথে কথা বলেছেন। তিতুমীর কলেজে উনি এসেছেন, কথা বলেছেন, মেধাবী হয়ে রাজনীতি করে দেশের দায়িত্ব নিতে বলেছেন। নিজের জীবনের মতো দেশকে ভালোবাসতে বলেছেন।

নিউজ৩৯: আশফাক ভাই, আপনার অতীত নিয়ে একটা প্রশ্ন করতে চাই। ১৯৯০ সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে এক অস্থির রাজনৈতিক অবস্থা বিরাজ করছিল। স্বৈরাচার এরশাদ পতন আন্দোলনে সেই সময়ে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে অস্থিরতা বিরাজ করছিল। ১৯৯০ সালের ২৪ নভেম্বর বেগম খালেদা জিয়া কাঁদতে কাঁদতে ছাত্র রাজনীতির অন্যতম শীর্ষনেতা ছাত্রদলের সেই সময়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল হক নিরু সহ ফজলুল হক হলের সেই সময় কালের ভিপি আপনিসহ ছয়জনকে বহিস্কার করে। এর প্রতিবাদে মিছিল করায় আরেক শীর্ষনেতা গোলাম ফারুক অভিসহ আরও ছয় জনকে বহিস্কার হয়। সেই দিন খালেদা জিয়া বলেছিলেন “আমি আমার হাতে তৈরি করা ছয় সন্তানকে আজ বহিস্কার করছি, দুই মাস পরই আমি আবার ওদের দলে ফিরিয়ে আনবো”। সেই সময়ের যুবদলের সভাপতি গয়েস্বর চন্দ্র রায় সেই সভায় উপস্থিত ছিলেন। সেই সময় আসলে কি ঘটেছিল, কেন ঘটেছিল সেই ঘটনা। আপনি যদি আমাদের জানাতেন।

খন্দকার আবু আশফাকঃ ১৯৮৯ সালের ডাকসু নির্বাচনে সাতক্ষীরারা হাবিবুল ইসলাম হাবীব (বর্তমানে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক) ফজলুল হক হলের ভিপি নির্বাচিত হন। আর হাবিব উন নবি খান সোহেল (বর্তমানে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি) সাধারণ সম্পাদক হন। অভ্যন্তরীণ গ্রুপিং এর কারণে ১৯৯০ সালের মে মাসে হাবিব উন নবি খান সোহেল গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়। এ হামলার ঘটনা নিয়ে ছাত্রদলের নেতারা দোষারোপের রাজনীতি শুরু করেন।

আবার নেতৃত্ব প্রতিযোগিতার অংশ হিসেবে হাবিবুল ইসলাম হাবীব রাজনীতির মঞ্চ থেকে আমাকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন। আমার বন্ধু হাবিবুল ইসলাম হাবিব(সাবেক এমপি) ফজলুল হক হলের ভিপি নির্বাচিত হয় ১৯৮৯ সালে। আমি ১৯৯০ সালে ফের নির্বাচিত হই। যার কারণে ১৯৯০ সালের ৬ জুন ডাকসু নির্বাচনে আমি খন্দকার আবু আশফাককে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়। কিন্তু আমি নির্দলীয়ভাবে নির্বাচন করি। আর সে নির্বাচনে আমি নির্দলীয়ভাবে  জয়লাভ করে ফজলুল হক হলের ভিপি নির্বাচিত হই। তাদের মধ্যকার দ্বন্দের এই জের ধরে বহিষ্কারের শাস্তি পেতে হয় সানাউল হক নীরু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শফিকুল ইসলাম (রানা সিকদার), ছাত্রদল কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম, শফিকুর রহমান শফিক, তৎকালীন ফজলুল হক শাখার ভিপি আমি খন্দকার আবু আশফাক ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা মীর নেওয়াজ আলীকে।

১৯৯০ সালে  জুনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল নিয়ে হাবিব উন নবি খান সোহেল আর হাবিবুল ইসলাম হাবীবের মধ্যে দ্বন্দ্ব ছিলো। আবার তারা উভয়ে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত নতুন বাংলা ছাত্রসমাজ থেকে আগত এম ইলিয়াছ আলী (গুমের শিকার- সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক) গ্রুপের ছিলেন। অন্যদিকে তৎকালীন ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমানও মুজিববাদী ছাত্রলীগ (ঢাকা কলেজ অধ্যয়নকালীন কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন) থেকে নতুন বাংলা ছাত্রসমাজে যোগ দিতে যান। সেসময় নীরু ভাই অস্ত্রের মুখে আমানউল্লাহ আমানকে জোর করে ছাত্রদলে নিয়ে আসেন। তারা সম্মিলিতভাবে হাবীবকে মারধরের দায় ছাত্রদলের নিজস্ব নেতৃত্ব সানাউল হক নীরুর উপর চাপিয়ে দেন।

তাদের এই অপতৎপরতায় ১৯৯০ সালের ২০ নভেম্বর তৎকালীন বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপিকা জাহানারা বেগম স্বাক্ষরিত এক বিবৃতিতে ৬জনকে বহিষ্কার করা হয়। তখন ছাত্রদল বিষয়ক সম্পাদক ছিলেন অ্যাডভোকেট মজিবুর রহমান। কোন তদন্ত না করে এবং সঠিক উপায়ে এসকল ছাত্র নেতৃবৃন্দকে বহিস্কারেরর প্রতিবাদে ২৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করার প্রতিবাদে আরো ৬জনকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। তারা হলেন, ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক অভি, মহসীন হল শাখার সাধারণ সম্পাদক ও ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সূর্যসেন হলের সাধারন সম্পাদক মির্জা মাসুদ জুয়েল, শহিদুল্লাহ হল শাখার ভিপি (কারাগারে থাকা অবস্থায় নির্বাচিত হন) আক্তারুজ্জামান খোকন, সূর্যসেন হলের ভিপি গোলাম মর্তূজা।

ফলে ছাত্রসমাজের নেতারা বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে বলে এদের বহিস্কার না করলে তারা ছাত্রসমাজ ভেঙ্গে দিবে। ফলে দল ও দেশের বৃহত্তম স্বার্থে স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনের ঐক্য ধরে রাখার জন্য বেগম খালেদা জিয়া চোখের জলে আমাদের ছাত্রদল থেকে বহিস্কার করেন। যার একমাত্র সাক্ষী বাবু গয়েস্বর চন্দ্র রায়। ম্যাডাম সেদিন কেদেছিলেন, বলেছিলেন “আমি আমার হাতে তৈরি করা ছয় সন্তানকে আজ বহিস্কার করছি, দুই মাস পরই আমি আবার ওদের দলে ফিরিয়ে আনবো”। আমরাও আমাদের মায়ের সে আদেশ মেনে নিয়েছিলাম। কিন্তু নির্দেশ ছিল কাজ চালিয়ে যাবার।”

নিউজ৩৯: হাবিবুন নবী খান সোহেল ও হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় ছাত্র সমাজ থেকে আসা ইলিয়াস আলীর গ্রুপের নেতা, অপর দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক ছাত্রদলে আসলেন মুজিববাদী ছাত্রলীগ থেকে। কিন্তু আপনি তো ১৯৮১ সাল থেকেই ছাত্রদল।

খন্দকার আবু আশফাকঃ আসলে ব্যাপারটা সেটা না। মূল ঘটনা হচ্ছে ১৯৮৪ সালে ছাত্রদল থেকে ইলিয়াস আলী ছাত্রসমাজে যোগ দিলো। সেই দিনই আমানুল্লাহ আমানও ছাত্রসমাজে যোগ দেয়ার জন্য ছাত্রসমাজের অফিসে গিয়েছিল। সেই দিন তৎকালীন কিংবদন্তী ছাত্রনেতা সানাউল হক নিরু, আমানুল্লাহ আমানকে অস্ত্রের মুখে সেখান থেকে নিয়ে আসে। আসলে আমানুল্লাহ আমানের দলের সাথে বেঈমানী করার অভ্যাস নতুন না। সেই সময় আমানুল্লাহ আমান ছাত্রদলেরই নেতা ছিল।

একটা জিনিস আপনাদের জানা দরকার ১৯৯১ সালের নির্বাচনের সময়ও কিন্তু আমার বহিস্কার আদেশ ছিল কিন্তু তারপরও আমি দলের বাইরে যাই নি। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদার জন্য আমি জানপ্রান দিয়ে খেটেছি। এবং এতটুকু বলতে পারবো কখনোই আদর্শ চ্যুত হই নি।

নিউজ৩৯: সেই সময়ের কিংবদন্তী ছাত্রনেতাদের মধ্যে আপনি একজন। বাকি সেই সব সহকর্মীদের সাথে আপনার এখনো যোগাযোগ আছে?

খন্দকার আবু আশফাকঃ হ্যা সবার সাথেই যোগাযোগ আছে আমার। এর মাঝে কেউ এখনও রাজনীতিতে আছে আবার কেউ ব্যবসায় বা প্রবাস জীবনে আছে। শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি রানা শিকদার, কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম, নিরু ভাইএর চাচাত ভাই শফিকুর রহমান শফিক, বর্তমান কেন্দ্রীয় বিএনপি নেতা মীর নেওয়াজ আলী, শহীদুল্লাহ হলের ভিপি আখতারুজ্জামান খোকন, শহীদুল্লাহ হলের জিএস মনিরুজ্জামান মনির, সূর্যসেন হলের জিএস খান মির্জা মাসুদ জুয়েল, মহসিন হলের জিএস কামরুল ইসলাম সজল। গোলাম ফারুক অভি বর্তমানে কানাডাতে আছেন। রানা শিকদার বর্তমানে অস্ট্রেলিয়াতে আছে, শফিকুর রহমান শফিক বর্তমানে তার ব্যবসা নিয়ে ব্যস্ত। সেই মেধাবী ছাত্রনেতাদের অনেককেই আমরা আর ছাত্র রাজনীতিতে ফেরত আনতে পারি নি। কালের সাক্ষি হিসাবে আমরা কিছু সাবেক ছাত্রনেতাই এখনও রাজনীতিতে সক্রিয় আছি।

নিউজ৩৯: আপনার সহযোদ্ধা এক সময়ের রাজনৈতিক প্রতিপক্ষ হাবিবুন নবী খান সোহেল বর্তমানে ঢাকা মহানগর বিএনপি দক্ষিনের সভাপতি, আপনি ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক। আপনাদের মাঝে বর্তমানে সম্পর্ক কেমন?

খন্দকার আবু আশফাকঃ অত্যন্ত মধুর সম্পর্ক। হাবীবুন নবী খান সোহেল শুধু আমার সহযোদ্ধাই না, সে আমরা ব্যাচ মেট। এবং হলে আমরা বহুদিন রুমমেটও ছিলাম।

নিউজ৩৯: আপনারা যখন ছাত্ররাজনীতি করেছেন তখন ছাত্রদলকে বলা হতো বিএনপির ভ্যানগার্ড, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ছাত্ররাজনীতি করেছেন। ছাত্ররাজনীতি এখন কি সেই জায়গায় আছে? আপনার মূল্যায়ন কি?

খন্দকার আবু আশফাকঃ আসলে এখানে নিয়মানুবর্তিতা বলে একটা কথা আছে। আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করি তখন ফজরের নামাজের আগে আমরা লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে পড়তাম আর এখনকার ছাত্রনেতারা ঘুম থেকে উঠেই দুপুর একটার সময়। সেই প্র্যাকটিসটা হবে কিভাবে। সেই প্র্যাকটিসটা তো থাকতে হবে।

নিউজ৩৯: দোহার-নবাবগঞ্জ ছাত্রদল নিয়ে আপনার মূল্যায়ন কি?

খন্দকার আবু আশফাকঃ দোহার-নবাবগঞ্জে পূর্বে যে কমিটি ছিল তা অনেকাংশেই ঝিমিয়ে গেছে এবং অনেকের ছাত্রত্বও শেষ হয়ে গেছে। দোহার উপজেলা ও জয়পাড়া কলেজের ছাত্রদল কমিটি করা হয়েছে, নবাবগঞ্জেরটা এখনো করা হয় নি। অতি শীঘ্রই আমরা করবো। তবে আমার চিন্তা যে, দোহার-নবাবগঞ্জে ছাত্ররাজনীতির একটা ব্যাপক পরিবর্তন দরকার। আমি মনে করি ছাত্ররাজনীতিটা ছাত্রদের হাতেই থাকা উচিৎ। এই মেয়াদটা হয়তো আমি ছেড়ে দিছি কিন্তু এর পর ছাত্রদলের কমিটি আমি ছাত্রদের দিয়েই গঠন করবো। ছাত্রদলের কমিটি ছাত্রদের নিয়েই গঠিত হবে।

নিউজ৩৯: বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক হিসাবে বিএনপির বর্তমান অবস্থা কেমন? ঢাকা জেলা বিএনপিকে কিভাবে মূল্যায়ন করবেন?

খন্দকার আবু আশফাকঃ ঢাকা জেলা বিএনপি বর্তমানে আগের যেকোন সময়ের তুলনায় শক্তিশালী অবস্থানে আছে। আমি তো মনে করি দেশের সকল জেলা কমিটির চেয়ে ঢাকা জেলা বিএনপি শক্তিশালী অবস্থানে আছে। নির্বাচনের পূর্বেই ঢাকা জেলা বিএনপির কমিটি নিয়ে যে অচল অবস্থা আছে সেই গুলো দূর করা হবে।

নিউজ৩৯: কিন্তু বিগত আন্দোলনে ঢাকা জেলা ও মহানগরীর ব্যার্থতা-ই সারাদেশে বিএনপি’র আন্দোলন ব্যার্থ হওয়ার মূল কারণ বলে সবাই মনে করে?

খন্দকার আবু আশফাকঃ যেহেতু দায়ি করেই ফেলেছেন, সেহেতু নিশ্চয় কোন কারন ছিল যার কারনে তারা মাঠে নামে নি, আন্দোলন করে নি।

নিউজ৩৯: যুবদলের ক্ষেত্রে দোহার-নবাবগঞ্জে আপনার মূল্যায়ন কি?

খন্দকার আবু আশফাকঃ দোহারে তো যুবদলের কমিটি নাই, নবাবগঞ্জেও কমিটি নাই। এই অবস্থা থেকেই বোঝা যায় জেলাতে একটা অগ্রহণযোগ্য কমিটি তৈরি হয়েছে। আর কমিটির বিরুদ্ধে একটা অভিযোগ আছে তারা টাকার বিনিময়ে পদ বিক্রি করেছে। যে টাকা দিয়ে পদ কিনবে সে রাজনীতিতে আসবে কেন। তাই অতি দ্রুত জেলা কমিটি নতুন করে তৈরি করা হচ্ছে। যাতে অতি দ্রুতই যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করা যায়। মাঠের রাজনীতির যারা কমিটেড তাদের নিয়েই আমি দোহার-নবাবগঞ্জের যুবদলকে আমি নতুন করে সাজাবো।

নিউজ৩৯: আপনি এক সময় যুবদলের বুলু-আলাল কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলেন,আপনি ঢাকা জেলা যুবদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান কেন্দ্রীয় যুবদল কমিটির সভাপতি হওয়ার কথা ছিল আপনার, বর্তমান  ঢাকা জেলা যুবদলের সভাপতি ভিপি নাজিম যুবদলের সব কাজে আপনাকে অবাঞ্চিত ঘোষনা করেছিল। আপনার সাবেক সংগঠনের সভাপতির কাছ থেকে এই ধরনের ঘোষণা আপনি কি দৃষ্টিতে দেখেন?

খন্দকার আবু আশফাকঃ আসলে বর্তমান কেন্দ্রীয় কমিটির দায়িত্ব আমার হাতে চলে এসেছিল প্রায়, এরকম সময় ম্যাডাম খালেদা জিয়া আমাকে ডেকে বললেন, যুবদল না তুমি ঢাকা জেলা বিএনপির দায়িত্ব তুলে নেও। ফলে আমি ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদকের দায়িত্ব বুঝে পাই।

আর ঢাকা জেলা যুবদলের কে আমার নামে কি বললো সেটা আমি জানি না। ঢাকা জেলা যুবদলের, বিভিন্ন উপজেলা যুবদলের কি হাল করেছে তা আজ চোখের সামনে স্পস্ট। ঢাকা জেলা যুবদল এখন কি অবস্থায় আছে সেটা আপনারা ভাল জানেন। গত কয়েক বছরে ঢাকা জেলা যুবদল ঢাকার উপজেলা গুলোতে যুবদলের সাংগঠনিক কাঠামোতে ব্যাপক ক্ষতি করেছে। যুবদলের এই কমিটির উপর অভিযোগ আছে এই কমিটি টাকা নিয়ে দোহার-নবাবগঞ্জসহ বিভিন্ন কমিটি ঘোষণা করেছে। যেটা একজন রাজনীতিবিদ হিসাবে ও জাতীয়তাবাদী সৈনিক হিসাবে, আমি লজ্জাবোধ করেছি এই অভিযোগ শুনে। যেটা মোটেও কাম্য নয়। এই কমিটি আমার দলের কমিটি বলবো না, এটাকে আমি বলবো কারো পকেটের কমিটি।

যদি টাকা দিয়ে কেউ পদ বাগিয়ে নিয়ে যায় তাহলে সেই কমিটি ঘোষণাকারী ঐ নেতার যোগ্যতা কি? রাজনীতি তো ব্যবসার মাঠ না যে টাকা দিয়ে পদ বাগিয়ে নিবে। মাঠের রাজনীতি করে নেতৃত্বে আসতে হবে। এই ঢাকা জেলা যুবদলের কমিটি গত কয়েক বছরে একটি সুন্দর কমিটি ঘোষনা করতে পারে নি কোন উপজেলায়। যেটা একই সাথে দুঃখজনক ও লজ্জা জনক।

তবে অতি শীঘ্রই এই অচল অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে বলে আমি আশা করি। অতি দ্রুত এই কমিটি ভেঙ্গে দিয়ে মাঠের রাজনৈতিক কর্মীদের নিয়ে কমিটি ঘোষনা করে এই অচল অবস্থা দূর করা হবে।

নিউজ৩৯: ২০০৯ সালের নির্বাচনের পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মকাণ্ড যেন অনেকটা স্থবির হয়ে গেছে, যেটা একসময় ঢাকা জেলা ও দোহার-নবাবগঞ্জে খুবই চাঙ্গা ছিল। বর্তমানে স্বেচ্ছাসেবকদলের এই অবস্থা কিভাবে দেখছেন?

খন্দকার আবু আশফাকঃ আসলে আমরা সব অঙ্গসংগঠন নিয়েই কাজ করবো। অতি দ্রুত এই স্থবিরতা দূর হবে। নির্বাচনের আগেই এই কমিটিগুলোকে আমরা একটা সাংগঠনিক ফরমেটে নিয়ে আসবো।

নিউজ৩৯: যদি আগাম নির্বাচন হয় – কতোটা প্রস্তুত আপনি?

খন্দকার আবু আশফাকঃ আসলে আগাম নির্বাচন হবে কি হবে না সেটা আমরা কেউ বলতে পারি না। কারন বর্তমান সরকার তো অবৈধ সরকার। যদি আগাম নির্বাচনও হয়, তাহলেও আমি প্রস্তুত। আর যদি সিডিউল অনুযায়ী নির্বাচন হয় তাহলে নির্বাচনের আগেই আমরা এই অঙ্গসংগঠনগুলোকে ঢেলে সাজাবো।

নিউজ৩৯: একসময় দোহার-নবাবগঞ্জ ঢাকা জেলার একজন প্রভাশালী রাজনীতিবিদ হিসাবে ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বিএনপি থেকে চলে যাওয়ার পর দোহারে বিএনপির একটা নেতৃত্ব সংকট ছিল যেটা অনেকদিন পূরন হয় নি। পরবর্তীতে আপনি দোহারের বিএনপির সেই নেতৃত্বে কতটা প্রভাব রাখতে পেরেছেন?

খন্দকার আবু আশফাকঃ এখানে একটা ব্যাপার আপনাদের মনে রাখতে হবে, আমি কিন্তু শুরু থেকেই ব্যারিস্টার নাজমুল হুদার অনুগত ছিলাম, তাকে আমি পছন্দ করতাম এবং উনি আমাকে প্রচন্ড আদর করতেন। উনাকে কিন্তু আমি এখনও পছন্দ করি। কিন্তু দলের কথা যখন আসে তখন এই পছন্দটা আর থাকে না। উনি দলের জন্য যেমন অনেক করেছেন, দলও উনার জন্য অনেক কিছুই করেছেন। কিন্তু দল তাকে দূরে সরিয়ে দেয় নি, তিনি নিজেই দূরে সরে গেছেন।

আমি নিজে তাকে দলে ফিরিয়ে আনার জন্য ১০ হাজার নেতা কর্মী নিয়ে ম্যাডামের কার্যালয়ে অবস্থান নিয়েছিলাম। ম্যাডামকে অনুরোধ করে আমি তাকে দলে ফিরিয়েও এনেছিলাম। কিন্তু দ্বিতীয়বার যখন উনি নিজে থেকেই চলে যায় তখন আর আমার কিছু করার ছিল না। দল উনাকে ছাড়ে নাই, উনি দল ছেড়ে চলে গেছেন। তবে উনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা এখনো আছে, সব সময় থাকবে। তবে উনি যখন দল ছেড়ে চলে যান তখন দোহারের বিএনপির মূল দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা তাকে প্রশ্ন করেছিল আপনি তো বিএনপি ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু আমরা তো বিএনপিতেই থাকবো। তাহলে আমরা কার সাথে থাকবো?  তখন তিনি একটা কথাই বলেছিলেন, তোমরা আশফাকের সাথে থেকো। ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি’তে আমাকে তার উত্তরসূরি আগেও মনে করতেন এখনও মনে করেন।

নিউজ৩৯: নবাবগঞ্জের বিএনপির রাজনীতিতে যদি আসি, তাহলে নবাবগঞ্জে আপনার রাজনীতি শুরুই হয়েছে একজন প্রভাবশালী আমলা আব্দুল মান্নানের বিরুদ্ধে। ফলে আপনাদের মাঝে একটা প্রতিযোগীতা ছিল এবং আছে, এখন আপনি যদি মনোনয়ন পান, তখন মান্নন পন্থী নেতাদের আপনি কতটুকু আপন করে নিতে পারবেন বা আপনার পাশে থাকা নেতা কর্মীরা সেই নেতাদের কতটুকু আপন করে নিতে পারবে বলে আপনি মনে করেন? কারণ এমপি মনোনয়ন নিয়ে এখনও দ্বিধা বিভক্ত দোহার-নবাবগঞ্জ উপজেলা বিএনপি। এই যে মান্নানপন্থীরা মনে করে আপনি মনোনয়ন পেলে তাদের অবস্থানটা কি হবে, আবার আপনার অনুগতরা মনে করে আব্দুল মান্নান মনোনয়ন পেলে আপনার অনুগত নেতা কর্মীদের কি হবে এই যে একটা চোরাস্রোত বইছে বিএনপিতে, নির্বাচনে সেটা কতটুকু প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এবং এদের সবাইকে নিয়ে এক প্লাটফর্ম কিভাবে দলকে সংগঠিত করবেন?

খন্দকার আবু আশফাকঃ আপনি একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন প্রথমবার যখন আমি উপজেলা নির্বাচন করি তখন আব্দুল মান্নানের অনুসারীরা আমার বিপক্ষে কাজ করেছেন কিন্তু তারপরও আমার বিজয় কিন্তু তারা ঠেকিয়ে রাখতে পারে নি। আমার নিকটতম প্রার্থীর চেয়েও আমি দ্বিগুনের বেশি ভোট পেয়েছিলাম। আর ২০১৪ সালের নির্বাচনেও সকল প্রতিকূলতা দূর করে আমি জনগণের ভালোবাসায় আবার নির্বাচিত হই।

আব্দুল মান্নান সাহেবের রাজনীতি শুরু ১৯৯১ সালে। ১৯৯১ সালে মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হয়ে উনি উনার রাজনৈতিক জীবন শুরু করেন কিন্তু আমার রাজনৈতিক জীবন শুরু কিন্তু ১৯৮১ সালে। রাজনীতির দিক থেকে কিন্তু আমি উনার চেয়ে প্রবীন। আমি রাজনীতিতে উনার চেয়ে ১০ বছরেরে সিনিয়র।

এখন মুষ্টিমেয় সুবিধাভোগী কিছু লোক উনার সাথে আছে আর দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। আমরা তো ব্যক্তির পক্ষে কাজ করবো না, আমরা তো দলের পক্ষে কাজ করবো।

আর এখন আমার যে বয়স, দেশের জন্য এই বয়সে কাজ করতে না পারলে আবার কবে কাজ করবো? আর আমার সাথে যারা কাজ করেছে বা আমার আন্ডারে কাজ করেছে এমন অনেকেই কিন্তু এখন দুই-তিনবার এমপি হয়ে গেছে। আর বেশি বয়স হলে তো কাজ করার স্পীড থাকবে না।

নিউজ৩৯: ঢাকা-১ আসন থেকে একাদশ নির্বাচনে বিএনপি’র অনেক মনোনয়ন প্রার্থীর নামই শোনা যাচ্ছে, এর মাঝে আছেন আপনি নিজে, সাবেক মন্ত্রী আব্দুল মান্নান, আব্দুল মান্নানের মেয়ে মেহজাবিন মান্নানের কথাও শোনা যাচ্ছে, আবার হঠাত করে সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাহিমা হোসাইন জুবলীর কথা শোনা যাচ্ছে, ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব তৃণমূল বিএনপি নিজে করলেও তার মেয়ে অন্তরা হুদা বিএনপির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দোহারে। শোনা যাচ্ছে তিনিও মনোনয়ন চাইবেন বিএনপি থেকে। এরা রাজনীতিতে সবাই আপনার জুনিয়র। এই ব্যাপারটা কিভাবে দেখছেন?

খন্দকার আবু আশফাকঃ বর্তমান অবৈধ সরকার তো গনতন্ত্রকে  ধ্বংস করে দিয়েছে। যদি গণতান্ত্রীক প্রক্রিয়া ফিরে আসে তবে দল থেকে মনোনয়ন যে কেউ চাইতে পারে, আমি সবাইকেই অভিনন্দন জানাবো। কিন্তু দল কাকে দিবে সেটা দলের সিদ্ধান্ত। এবং গণতান্ত্রীক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সবাইকেই দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

আর যদি সরাসরিই বলি, দল অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এবং আমাকে এলাকায় কাজ করার জন্য নির্দেশ দিয়েও দিয়েছে। এবং কেন্দ্র থেকে আব্দুল মান্নান সাহেবকে কোন রাজনৈতিক মুভমেন্ট করার জন্য নিষেধও করে দিয়েছে।

বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া বিএনপির ভাইস প্রেসিডেন্ট শাহজাহান সাহেবকে ডেকে বলেছেন, “ঢাকা-১ থেকে আশফাকই নির্বাচন করবে, এবং শাহজাহান সাহেবের মাধ্যমে আব্দুল মান্নান সাহেবকে জানিয়েও দিয়েছে দোহার-নবাবগঞ্জে তার নির্বাচনী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে। উনাকে ধানমন্ডি এলাকায় চলাফেরা করতে বলো, যদি উনি শারীরিক ভাবে সুস্থ থাকে তাহলে উনার ব্যাপারটা আমি ভেবে দেখবো।”

নিউজ৩৯:বিএনপি’র  তৃণমূলে এই ম্যাসেজটা কি সঠিক ভাবে পৌছাচ্ছে ?

খন্দকার আবু আশফাকঃ তৃণমূলে সবাই ম্যাসেজটা জানে, কিন্তু উনার যে লোকগুলো, সেই লোকগুলোর মনোবল টিকিয়ে রাখার জন্য তারা এটা স্বীকার করছে না। কিন্তু আবার উনার বলয়ের যে লোকগুলো আছে তারাও কিন্তু ভিতর ভিতর আমার সাথে যোগাযোগ রাখছে।

নিউজ৩৯: যদি নির্বাচনে অংশ নেনে, তাহলে আপনার প্রতিপক্ষ হিসাবে আসতে পারেন সালমান এফ রহমান বা আব্দুল মান্নান খান। জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানের নামও আছে সে তালিকায়। আর জোট ছাড়া নির্বাচন হলে আপনার সাথে প্রতিদ্ধন্দিতায় আরও যোগ হতে পারে এডভোকেট সালমা ইসলাম বা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। প্রতিপক্ষ হিসাবে এদের কতটুকু শক্তিশালী মনে করেন?

খন্দকার আবু আশফাকঃ আমি যেহেতু শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হিসাবে আমি এদেরকে কোন শক্তিশালী প্রার্থীই মনে করি না। কারন দোহার-নবাবগঞ্জের মানুষ শহিদ জিয়ার আদর্শে এতই উজ্জীবিত যে এরা যদি একবার ব্যালট পায় তাহলে টু-থার্ড ভোট পেয়ে এই আসন থেকে বিএনপি প্রার্থী জয়লাভ করবে।

নিউজ৩৯: দোহারের রাজনীতিতে ব্যক্তি নাজমুল হুদা একটা ফ্যাক্ট। বিগত উপজেলা নির্বাচনে তার ভাই কামরুল হুদা ব্যক্তি ইমেজের উপর ভর করেই নির্বাচিত হয়েছিলেন। একটা গুজব আছে ব্যারিস্টার নাজমুল হুদা মামলা-হামলার জন্য দল থেকে দূরে আছেন। তিনি কিছুদিন আগে আওয়ামী লীগের একটি জনসভায় বলে গেছেন তিনি দোহার থেকে নির্বাচন করবেন না, গুলশান থেকে করবেন। যদি দোহার থেকে তিনিও নির্বাচন করেন, আপনিও বিএনপি থেকে নির্বাচন করেন তাহলে ব্যাঃ হুদার ব্যাক্তির ইমেজে বিএনপির ভোট ভাগ হওয়ার কোন সম্ভাবনা আছে কি’না?

খন্দকার আবু আশফাকঃ বিএনপির ভোট ভাগ হওয়ার সম্ভাবনা একেবারেই নগন্য। আর ব্যারিস্টার নাজমুল হুদা ব্যক্তি নাজমুল হুদা হয়েছেন বিএনপির দ্বারাই। বিএনপির নেতা কর্মীদের দ্বারাই। তাই ব্যারিস্টার নাজমুল হুদার ব্যক্তি প্রভাব নির্বাচনে খুব একটা পড়বে না।

নিউজ৩৯: ক্ষমতাসীন আওয়ামীলীগের কাকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করেন?

খন্দকার আবু আশফাকঃ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমি কাউকেই শক্ত প্রতিপক্ষ মনে করি না। সেটা যদি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও হন। নির্বাচন হলে জনগণ ভোট দিতে পারলে, আমি আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকেও পরাজিত করতে সক্ষম ইনশাল্লাহ।

নিউজ৩৯: ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত হাওয়া ভবনের ঘনিষ্ট যে ৫২ থেকে ৫৫ জনের নাম শোনা যায়, তার মাঝে আপনার নামও শোনা যায়। বলা হয় আপনি তারেক জিয়ার ঘনিষ্ট জন; বিএনপি’র পররাষ্ট্র বিষয়ক লবী’র সাথে আপনি যুক্ত? আসলে তার সাথে আপনার সম্পর্ক কেমন?

খন্দকার আবু আশফাকঃ আমার মনোনয়নের জন্য তো বাড়তি কোন সুবিধার দরকার নেই। আমি এলাকার তৃনমূলের সাথে মিশে আছি। এটাই আমার মনোনয়ন পাওয়ার জন্য যথেষ্ঠ। পরপর ২ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আওয়ামীলীগের আমলে; আমার জনপ্রিয়তা পরিমাপে তাই ই কি যথেষ্ট নয়?  আর তারেক জিয়ার সাথে আমার সম্পর্ক, দলের রাজনীতিতে আমার অবদান সবই তিনি জানেন, নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়।

নিউজ৩৯: আপনি মনোনয়ন পেলে, জনগণ আপনাকে কেন ভোট দিবে?

খন্দকার আবু আশফাকঃ বিগত যে কারনে আমাকে বারবার নির্বাচিত করে আসছে। কারণ জনগন জানে আমার দ্বারা কোন দুর্নীতি হতে পারে না। আমার সততা, আমার নিষ্ঠা, জনগনের প্রতি আমার দায়বদ্ধতা এগুলোই আমাকে জনগনের ভোটে নির্বাচিত হতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। আমি প্রতিকূলতার মাঝেও জনগণের সাথে ছিলাম, আছি। আমি সকল জনগণের প্রতিনিধি।

নিউজ৩৯: আগাম নির্বাচনের একটা কথা শোনা যায়, যদি আগাম নির্বাচন হয় তাহলে তার জন্য আপনি কতটুকু প্রস্তুত আছেন?

খন্দকার আবু আশফাকঃ নির্বাচন যদি আগামী কালও হয়, তার জন্যও আমি প্রস্তুত আছি। তবে এটা নিশ্চিত করতে হবে জনগন যেন ভোট দিতে পারে।

নিউজ৩৯: আপনি কি মনে করেন, জনগন ভোটাধিকার বিষয়ে?

খন্দকার আবু আশফাকঃ জনগনকে যদি ভোট দানের পরিবেশ তৈরি করে দেয়া হয় তাহলে জনগন ভোট দিতে পারবে। আওয়ামী লীগের এখন আর সেই ক্ষমতা নাই যে ২য় বারের মতো ভোট ডাকাতি করে নির্বাচন করবে বা এরকম নির্বাচন হওয়ার কথা হলেই বিএনপি নির্বাচনে যাবে। বর্তমান আওয়ামী সরকার একটি ভোটবিহীন অবৈধ সরকার।

নিউজ৩৯: সকল কিছু মেনেই বিএনপি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেল, তখন?

খন্দকার আবু আশফাকঃ আমি তো বিএনপিরই একটা ক্ষুদ্র অংশ। দল নির্বাচনে গেলে আমিও যাব। আর আমি আগেও বলেছি যেকোন সময়ের নির্বাচনের জন্যই আমি প্রস্তুত আছি।

নিউজ৩৯: আপনার নির্বাচনী ইশতেহার নিয়ে যদি কিছু বলেন?

খন্দকার আবু আশফাকঃ দোহার-নবাবগঞ্জে ডিজিটাল টেলিফোনের যে প্রচলন সেটা কিন্তু আমি এনেছি। এখন দোহার-নবাবগঞ্জের কলিং কোড যে ৭৭ ব্যবহার করা হয় সেটা কিন্তু আমার হাত ধরেই এসেছে। আর দোহারের সবচেয়ে বড় চাহিদা যেটা সেটা হচ্ছে গ্যাস। ঢাকার অদূরে সাভার কালিয়াকোরে যে বড় বড় ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে তার অন্যতম কারন হচ্ছে গ্যাস। দোহার-নবাবগঞ্জে গ্যাসের সুবিধা নেই বলেই, এতো বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিজের বাড়ি দোহার-নবাবগঞ্জে হলেও গ্যাসের কোন সুবিধা না থাকার কারনে কোন শিল্পকারখানা গড়ে উঠে নি। আমি দোহার-নবাবগঞ্জে গ্যাস আনার জন্য কাজ করে যাব।

নিউজ৩৯: দোহার-নবাবগঞ্জের তরুণদের প্রতি আপনার কি প্রতিশ্রুতি থাকবে?

খন্দকার আবু আশফাকঃ দোহার-নবাবগঞ্জে, আমি তরুন-তরুনী ও যুবক-যুবতীদের জন্য কয়েকটা ট্রেনিং ইন্সটিটিউট তৈরি করবো যাতে তারা এখানে প্রশিক্ষন নিয়ে নিজেরা উপার্জন করতে পারে। আমি শিল্প কলকারখানা ও আত্ম-কর্মসংস্থানে নজর দিবো।

নিউজ৩৯: দোহার-নবাবগঞ্জে প্রায় ১লক্ষ সংখ্যালঘু তথা হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ভোট আছে, এই ভোট ব্যাংকের ব্যাপারে আপনার মত কি?

খন্দকার আবু আশফাকঃ আমি শুধু আপনাকে একটা উদাহরন দেই, আমাদের কলাকোপা ইউনিয়নে গত দুই বার নির্বাচনে সাড়ে ৯ হাজার ভোট কাস্ট হয়েছে, এর মাঝে দুইবারই আমি সাড়ে আট হাজার ভোট পেয়েছি, এখানে হিন্দু সম্প্রদায়ের ভোট আছে মিনিমাম ২০%।  হিন্দু হলেই যে কেউ বিএনপি বা আমাকে ভোট দিবে না এটা আমি বিশ্বাস করি না।  ৫০% খ্রিস্টানও আমাকে ভোট দেয়, এমনকি ২০% আওয়ামী লীগের নেতা কর্মীরাও আমাকে ভোট দেয়।আমার সাথে প্রত্যকের সুসম্পর্ক বিদ্যমান, যে কোন কাজে সহজেই আমার কাছে আসতে পারে, আমাকে পাশে পায়। আমাকে তারা তাদের কাছের মানুষ ভাবে, ভাবে তাদের স্বজন।

নিউজ৩৯: দীর্ঘদিন কাশিয়াখালী বাঁধ নিয়ে আন্দোলন হচ্ছে, পদ্মা বাঁধের কাজ চলছে। আপনি নির্বাচিত হলে কাশিয়াখালি বাঁধের ব্যাপারে কি উদ্যোগ নিবেন?

খন্দকার আবু আশফাকঃ কাশিয়াখালি বাঁধ এই অঞ্চলের জন্য একটা গুরুত্বপূর্ণ বাঁধ। আমি এই বাঁধের আরও সংস্কার করে আরও শক্তিশালী করে তুলবো । একই সাথে কাশিয়াখালি বাঁধের ব্যাপারে আমি যে উদ্যোগটা প্রথমে নিব সেটা হলো আমি কাশিয়াখালি বাঁধে আরো কয়েকটা স্লুইচ গেটের উদ্যোগ নিবে। যাতে পলির অভাবে মৃতপ্রায় নবাবগঞ্জ অঞ্চলের কৃষি যেন নতুন করে প্রাণ ফিরে প্রায় এবং একই সাথে মৃত প্রায় ইছামতী নদীকে আমি আবার প্রান সঞ্চারের চেষ্টা করবো। যেন পদ্মার পানির একটা পরিমিত পরিমান ইছামতীতে ঢুকে।

নিউজ৩৯: দোহার-নবাবগঞ্জের অন্যতম প্রধান একটি সমস্যা হচ্ছে মাদক সমস্যা। আপনি যখন উপজেলা নির্বাচনে করেছেন তখন মাদক নির্মূলের প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিশ্রুতি কতটুকু পুরন করতে পেরেছেন?

খন্দকার আবু আশফাকঃ আসলে সেই প্রতিশ্রুতি সব পুরণ করতে পেরেছি এটা ভূল হবে। কারণ দোহার-নবাবগঞ্জে মাদকটি মূলত নিয়ন্ত্রন করে এই অবৈধ আওয়ামী লীগ সরকারের নেতা কর্মীরা এবং তাদের সহযোগী পেটোয়া পুলিশ বাহিনী। তাই চাইলেও আমি এই সেক্টরে যতটুকু কাজ করতে চেয়েছি সেটা করতে পারি নি।

নিউজ৩৯: দোহার-নবাবগঞ্জকে কি আপনি সমান চোখে দেখবেন?

খন্দকার আবু আশফাকঃ যেহেতু দোহার-নবাবগঞ্জ আমার নির্বাচনী এলাকা তাই এখানে আলাদা করে দেখার কোন সুযোগই নেই। এবং সকল জনগনের যেমন আমার উপর দাবি থাকবে, তেমনি সকল জনগনের উপর আমারও দাবি থাকবে।

নিউজ৩৯: যদি নির্বাচনী আসন ভাগ হয়, দোহার-নবাবগঞ্জ আলাদা হয়ে যায়, তখন দোহারের জন্য আপনি কাকে যোগ্য প্রার্থী বলে মনে করেন? যেহেতু ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক, আপনার একটা প্রভাব তো সেখানে থাকবে।

খন্দকার আবু আশফাকঃ এখন যারা দোহারে রাজনীতি করেন, মাঠে তাদের অংশ গ্রহন নেই বললেই চলে। যদি আলাদা হয় তখন দেখতে হবে এদের মধ্যে কারা কারা যোগ্য, কাকে দিয়ে এই সিটটা উদ্ধার করা যাবে। সেই অনুসারে তখন সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজ৩৯: আপনি ছাত্ররাজনীতি করে আজকে এই অবস্থায় এসেছেন। নির্বাচন করে ফজলুল হক হলের ভিপি নির্বাচিত হয়েছেন, কিন্তু আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সারা দেশেই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। আপনার নির্বাচনী আসনে ডিএন কলেজ বা জয়পাড়া কলেজের ছাত্র সংসদ নির্বাচন নেই। আপনি ছাত্রসংসদ নির্বাচন শুরু করতে কতটুকু অবদান রাখতে পারবেন বা এর কোন সুযোগ আপনার আছে কিনা?

খন্দকার আবু আশফাকঃ ১২ বছর ধরেই সারা দেশের কোথাও ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে না। ১৯৯১ সালের পর ডাকসু নির্বাচনও হচ্ছে না। আমরা ছিলাম ডাকসু নির্বাচন করা শেষ ছাত্রনেতা। আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি তাহলে আমরা অতি দ্রুতই এই ছাত্র সংসদ নির্বাচন গুলো অনুষ্ঠানের ব্যবস্থা করবো। কারন ছাত্ররাজনীতি থেকে নতুন কোন নেতৃত্ব উঠে আসছে না। আর নতুন নতুন নেতা তৈরি হচ্ছে না বলেই আজ ছাত্ররাজনীতির এই করুন দশা।

নিউজ৩৯: ১৯৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের শীর্ষ ১০ জন নেতার যদি তালিকা করা হয় তাহলে আপনি তাদের মধ্যে একজন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন, এখন দোহার নবাবগঞ্জের অনেক ছাত্র ঢাকা-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে, তারা যদি রাজনীতিতে যুক্ত না হয় তাহলে দেশ তো ভবিষ্যৎ এ নেতৃত্ব সংকটে পড়বে। তাদের রাজনীতিতে কেন আসা উচিৎ, তারা কি স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসবে, বলে মনে করেন?

খন্দকার আবু আশফাকঃ আসলে যারা রাজনীতি করতে চায়, দেশকে ভালবাসে দেশের মানুষের জন্য কাজ করতে চায় তাদের অবশ্যই রাজনীতির সাথে যুক্ত  হওয়া উচিৎ, কারন রাজনীতিতে যুক্ত হওয়া ছাড়া জনমানুষের কাছাকাছি পৌছানো সম্ভব না। সেই সাথে এই প্রতিজ্ঞাও থাকতে হবে যে আমি দেশের জন্য কিছু করতে চাই, দেশের জনগনের জন্য কিছু করতে চাই। তাই তাদের একটা ব্যানারের নিচে অবস্থান নিয়ে ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়া উচিৎ, কারন একা তো বেশি পথ পাড়ি দেয়া সম্ভব না। কেউ যদি শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয় সে ছাত্রদল করবে, কেউ শেখ মুজিবের আদর্শে আস্থা পেলে ছাত্রলীগ করবে। কিন্তু ছাত্ররাজনীতিতে সংযুক্ত হতেই হবে যদি দেশের জনমানুষের প্রতিনিধিত্ব করতে চায়।

নিউজ৩৯: বিএনপির একক প্রার্থী হিসাবে এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন?

খন্দকার আবু আশফাকঃ আসলে ম্যাডাম তো আমাকে বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েই দিয়েছে। ম্যাডাম যেহেতু বলে দিয়েছেন আমার আর নতুন করে কিছু বলার নাই। তারপরও দোহার-নবাবগঞ্জের সকল মানুষের সাথে আমি চলাফেরা করি, তাদের আমার উপর বিশ্বাস আছে, আমারও তাদের উপর বিশ্বাস আছে। ইনশায়াল্লাহ তারাই আমাকে ভোট দিয়ে এই সংসদীয় আসনে আমাকে এমপি নির্বাচিত করবে।

নিউজ৩৯: দোহার-নবাবগঞ্জে আপনার রাজনৈতিক উত্তরসূরি কে হবে বলে মনে করেন?

খন্দকার আবু আশফাকঃ সেটা সময় বলে দিবে। কে নিজেকে যোগ্য করে গড়ে তুলবে।

নিউজ৩৯: নিউজ৩৯’র উদ্দেশ্যে কিছু বলতে চান?

খন্দকার আবু আশফাকঃ নিউজ৩৯ ধীরে ধীরে একটা বড় প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আজ সংবাদপত্র জগতে তারা একটি শক্তিশালী অবস্থান করে নিয়েছে। আমি আশা করি, নিউজ৩৯ দোহার-নবাবগঞ্জের জনমানুষের জন্য কাজ করে যাবে।

নিউজ৩৯: আপনাকে ধন্যবাদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য।

খন্দকার আবু আশফাকঃ আপনাদেরও ধন্যবাদ। আমার কথা জনগণের কাছে পৌছে দেয়ায় নিউজ৩৯ এর সকল সাংবাদিক, কর্মকর্তা ও শুভাকাংখীদেরকে ধন্যবাদ, একই সাথে আমি ধন্যবাদ জানাইতে চাই দোহার-নবাবগঞ্জের সকল মানুষকে-জনসাধারণকে। আসসালামু আলাইকুম।

জয়কৃষ্ণপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে সোনাবাজুর এলাকায় কোনো গাড়ির ধাক্কায় আহত অবস্থায় ওই বৃদ্ধাকে দেখতে পায় স্থানীয় লোকজন। এসময় স্থানীয়দের সহযোগিতায় গ্রাম পুলিশ এরশাদ ওই বৃদ্ধাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, বৃদ্ধার দেহের ক্ষত দেখে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘুরে আসুন ইতিহাস ও ঐতিহ্যের নগর নবাবগঞ্জ

শহুরে জীবনের যান্ত্রিকতা ছেড়ে অনেকেই প্রকৃতির কাছাকাছি যেতে চান সতেজতা অনুভব করতে। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে সময় স্বল্পতার কারণে বেড়ানোর কথা ভাবতেই পারেন না। তবে রাজধানীর কাছাকাছি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কোনো স্থান থাকলে স্বল্প সময়ে বেড়িয়ে আসতে পারেব।

রাজধানী ঢাকা থেকে মাত্র দেড় ঘন্টা পথের দূরত্বে রয়েছে এমনি একটি স্থান। মাত্র একদিনে সুন্দর ও আনন্দময় ভ্রমণের জন্য স্থানটি ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় হতে পারে।

বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে নিরাপদে ঘুরে বেড়াতে চাইলে চলে আসুন রাজধানীর একেবারে পাশের উপজেলা নবাবগঞ্জে। ২৪৪ দশমিক ৮০ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার উত্তরে সিঙ্গাইর উপজেলা। দক্ষিণে দোহার উপজেলা। পূর্বে কেরানীগঞ্জ, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা। পশ্চিমে হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলা।

প্রথমে আপনাকে আসতে হবে কলাকোপায়। নদী আর স্থাপনার সমন্বয় কলাকোপার মূল বৈশিষ্ট্য।

ঢাকার খুব কাছেই নবাবগঞ্জের একটি গ্রাম কলাকোপা। পাশের গ্রাম বান্দুরা। ঢাকা মহানগর থেকে দেড় ঘন্টার পথ। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পার হয়ে কেরানীগঞ্জের উপর দিয়ে কায়কোবাদ সেতু টপকে রাস্তার দুপাশের সবুজ উপভোগ করতে করতে ইতিহাস সমৃদ্ধ এই প্রাচীন নগরে পৌঁছে যাওয়া যাবে।

শুরুতেই বলে রাখি; এখানে বেশ কয়েকটি স্পট রয়েছে ঘুরে দেখার জন্য। তাই দিনে দিনে সবগুলো স্পট দেখতে চাইলে আপনাকে খুব সকালেই রওনা দিতে হবে। গুলিস্তান থেকে দোহার-নবাবগঞ্জগামী বাসে মাত্র ৬০ টাকা দিয়ে বসে পড়ুন। বাসে উঠে হেলপারকে বলবেন- জজ বাড়ির সামনে নামিয়ে দিতে।

ইতিহাস-ঐতিহ্যের বিশাল এক ভাণ্ডার কলাকোপা-বান্দুরা। উনিশ শতকেও এখানে জমিদারদের বসতি ছিল। প্রায় ২০০ বছরের ইতিহাসসমৃদ্ধ গ্রাম কলাকোপা-বান্দুরা একসময় ব্যবসা-বাণিজ্যের তীর্থস্থান ছিল। এখানকার প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়ানো। যার প্রাণ ইছামতি নদী। এখানে দেখার অনেক কিছুই আছে। একদিকে স্নিগ্ধ অপরূপ প্রকৃতি অন্য দিকে নানা পুরাণ কাহিনী।

কোকিলপেয়ারী জমিদার বাড়ির পাশে উকিল বাড়ি। তারপর জমিদার ব্রজেন সাহার ব্রজ নিকেতন (যা এখন জজ বাড়ি নাম ধারণ করেছে)। ব্যবসায়ী রাধানাথ সাহার বাড়ি। শ্রীযুক্ত বাবু লোকনাথ সাহার বাড়ি (যার খ্যাতি মঠবাড়ি বা তেলিবাড়ি নামে)। মধুবাবুর পাইন্না বাড়ি, পোদ্দার বাড়ি এবং কালি বাড়ি। এখানে আরও আছে খেলারাম দাতার বিগ্রহমন্দির, মহামায়া দেবীর মন্দির। আর একটু দূরের হাসনাবাদে জপমালা রানীর গির্জা।

ঐতিহ্যবাহী জজ বাড়ি :

ব্রজনিকেতনএটি নবাবগঞ্জের কলাকোপা নামক স্থানে অবস্থিত। একটি সুন্দর বাগান ঘেরা এবং বিশালাকৃতির এই জমিদার বাড়িটি মূলত জজ বাড়ি নামে পরিচিত। বাড়ির পাশেই রয়েছে শান বাঁধানো পুকুর। রয়েছে পোষা হরিণের একটি খামার। বাগানের হাজারো রকমের ফুল আপনার দৃষ্টি আকর্ষণ করবে অনায়াসে। জমিদার বাড়িটি অতি প্রাচীন কালের ঐতিহ্যবাহী নকশায় তৈরি। যা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও পুরোনো দিনের কথা মনে করিয়ে দিবে।

কোকিল প্যারি জমিদার বাড়ি :

এই জমিদার বাড়িটি জজ বাড়ির ঠিক পাশেই অবস্থিত। বলা যেতে পারে এটি জজ বাড়ির ওল্ড ভারসন। জজ বাড়ি বিভিন্ন সময়ে সংস্কার করা হলেও এটি রয়ে গেছে সেই আগে যেমনটি ছিল। এই জমিদার বাড়িতেও রয়েছে শত শত দৃষ্টিনন্দন ফুলের গাছ আর বাড়ির ঠিক সামনে রয়েছে বিশালাকৃতির স্বচ্ছ পানির পুকুর। রয়েছে বিশালাকৃতির পুকুর ঘাট।

ঘুরে আসুন ইতিহাস ও ঐতিহ্যের নগর নবাবগঞ্জ

ছবিতে যে দুটি স্থাপনা দেখা যাচ্ছে তা নির্মাতার পিতা ও মাতার মুর্তির জন্য বানানো, একটিতে পিতার মুর্তি ও আরেকটিতে মাতার মুর্তি ছিল। পিতার মুর্তিটির মাথা ভেঙে ফেলা হয়েছে। আর মাতার মুর্তির পুরোটাই বিলুপ্ত। সেই সময় অস্ট্রেলিয়া থেকে মুর্তি দুইটি বানিয়ে আনা হয়েছিল এবং একটি মুর্তি একটি অখণ্ড পাথর কেটে বানানো। পিতার মুর্তির আসন ভঙ্গির সাথে বুদ্ধের মিল থাকায় অনেকে এটিকে বৌদ্ধমন্দির মনে করেন, কিন্তু তা ভুল।

খেলারাম দাতা’র বাড়ি (আন্ধার কোঠা) :

এটি এক সময় সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। সম্প্রতি সংস্কার করা হয়েছে, তবে আদি রং নকশার অনেকটাই হারিয়ে গেছে। বাড়ীটি এলাকায় বেশ কিছু মিথ প্রচলিত আছে। এখনো মাটির উপর দুইতলা একটি জড়াজীর্ণ ভবন দেখতে পাবেন। কথিত আছে এই পাঁচতলা ভবনটি এক রাতে তিনতলা পর্যন্ত মাটির নিচে চলে গিয়েছিল।

ভবনটির উপরের তলাতে একটি বড় চৌবাচ্চা আছে। কথিত আছে জমিদার খেলালামদা এর মা একদিন তার সন্তানের কাছে দুধ খেতে চাইলে তিনি তার মায়ের জন্য এই চৌবাচ্চা বানানোর নির্দেশ দেন। পরে সেই বিরাট চৌবাচ্চায় দুধ এবং কলা দিয়ে পূর্ণ করে তার মাকে সেই চৌবাচ্চায় নামিয়ে দেন। তার মা সাতার কেঁটে কেঁটে মনের সাধ মিটিয়ে দুধ পান করেছিলেন। এই বাড়িটির পাশেও একটি বিরাট পুকুর আছে। কথিত আছে এই পুকুরের পাশে এসে কেউ কিছু চাইলে তার পর দিন তাই মিলে যেত।

ষোড়শ শতকে খেলারাম দাতা সমূদ্রবাণিজ্য করতেন, মালয় সাগর পর্যন্ত তার যাতায়াত ছিল। তিনি পর্তুগিজদের সাথে মিলে জলদস্যুতা করতেন বলে শোনা যায়। একসময় অনুতাপ থেকে এলাকায় দান খয়রাত শুরু করেন, সেই থেকে তার নামের সাথে ‘দাতা’ শব্দটি জুড়ে যায়।

কলাকোপা আনসার ক্যাম্প :

জজ বাড়ির কাছেই কলাকোপা আনসার ক্যাম্প অবস্থিত। এটিও একটি দৃষ্টিনন্দন স্থান। ছায়া সুনিবিড় সুন্দর একটি পরিবেশ। পিকনিক স্পট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আনসারদের বসবাসের জন্য অনেক বড় একটি এলাকা নিয়ে গড়ে উঠেছে এই নয়নাভিরাম ক্যাম্পটি। এখানে বেশ কয়েকটি পুরোনো ঐতিহ্যবাহী ভবন রয়েছে।

ইছামতি নদী :

কাশিয়াখালী বাঁধ থেকে, নবাবগঞ্জএই নদীকে ঘিরে সেই আগের মত প্রাণ চাঞ্চল্য না থাকলেও সূর্যাস্তের সময় আপনি মুগ্ধ হয়ে এর রূপ অবলোকন করতে সক্ষম হবেন।

ভাঙা মসজিদ, বান্দুরা :

কথিত আছে এই মসজিদটি এক রাতে গায়েবীভাবে সৃষ্টি হয়েছিল। যে রাতে এটি সৃষ্টি হয়েছিল সেদিন ভোরে কোনো এক লোক এই মসজিদটি প্রথম আবিষ্কার করেন। কিন্তু তখন পর্যন্ত এটি সম্পূর্ণ সৃষ্টি হতে পারেনি। মানুষের চোখে পড়ে যাওয়ায় এটি সেরকম অসম্পূর্ণই থেকে যায়। এর একটি অংশ ভাঙা থাকার কারণে এটি ভাঙা মসজিদ নামেই পরিচিত। কিন্তু বাস্তবতা হল, মসজিদটি সম্ভবত মোগল আমলে কোনো সেনা ছাউনির লোকেরা তৈরি করে থাকতে পারে।

নিশকান্দা মন্দির:

এটি মাঝিরকান্দা নামক স্থানের অদূরে অবস্থিত। একটি বটগাছের নিচে এই মুর্তিটি নির্মাণ করা করেছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। বর্তমানের বটগাছটি কেটে ফেলা হয়েছে। প্রতি বছর এই মূর্তিকে ঘিরে পূজা এবং মেলার আয়োজন করা হয়ে থাকে।

বান্দুরা গির্জা :

দোহার ও নবাবগঞ্জে ছয়টি গির্জা আছে। তার মধ্যে সবচে’ পুরোনো বান্দুরার “রাণীর পবিত্র জপমালা গির্জা”।  বিশাল এলাকা নিয়ে স্থাপিত এই গির্জাটি। গির্জার ভেতরের দিকটা বেশি আকর্ষণীয় এবং সামনে একটি বিশাল খোলা মাঠের সৌন্দর্য হাজারগুণ বাড়িয়ে দিয়েছে।

Queen’s Holy Rosary Church, নবাবগঞ্জ

Save

Save

নবাবগঞ্জে ঔষধ ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নুরুল ইসলাম (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আগলা মাছ বাজার থেকে নুর ইসলামের লাশ গলাকাটা অবস্থায় উদ্ধার করে স্বজনরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে তার লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নুরুল উত্তর চৌকিঘাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সে আগলা মাঝপাড়া গ্রামের তেঁতুলতলা বাজার এলাকায় রাশেদ ক্লিনিকে একটি দোকানে ওষুধের ব্যবসা করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নুরুল। রাত সাড়ে ১১টার দিকে আগলা মাছ বাজারে তাঁকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গতকাল সকালে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাস্তা থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ

ঢাকার দোহার উপজেলার থানার মোড় এলাকায় রাস্তার মাঝে থাকা বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ শুরু করেছে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে থানার মোড়ে একটি খুঁটি অপসারণ হয়েছে দেখা যায়। চলছে বাকি খুঁটিগুলোর অপসারণের কাজও।  ‘রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি, বিড়ম্বনায় পথচারীরা’ শিরোনামে খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে পল্লীবিদ্যুৎ সমিতি ও পৌরসভা কর্তৃপক্ষ। এ ব্যাপারে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর প্রকৌশলী কামাল হোসেন নিউজ৩৯কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রতিদিনের সংবাদনে এই সংবাদটি প্রকাশের পরে পৌরসভা টাকা জমা দিয়ে আবেদন করলে আমরা খুঁটি অপসারণের কাজ শুরু করি। পর্যাযক্রমে রাস্তার মাঝখান থেকে সব খুঁটি অপসারণ করা হবে।’

কৃতজ্ঞতা স্বীকার করে দোহার পৌর মেয়র আব্দুর রহীম মিয়া বলেন,  নিউজ৩৯এ খবরটি ছাপা হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। পরে আমরা খুঁটিগুলো অপসারণের জন্য টাকা জমা দিয়ে আবেদন করলে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটিগুলো অপসারণের কাজ শুরু করে।’

পথচারী শামীম আরমান বলেন, এতদিন রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় চলাচলে খুব অসুবিধা হতো। এখন পল্লীবিদ্যুৎ এগুলো সরাতে শুরু করেছে।

দোহারে ৮ নতুন সড়ক উদ্বোধন

ঢাকার দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮টি নতুন সড়কের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ৯টি ইউনিয়নে এসব নতুন সড়কের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি দোহারের কুসুমহাটি-চরকুশাই সড়ক, শিলাকোঠা স্কুল থেকে বাংলাবাজার, মাহমুদপুর ইউপি অফিস থেকে বিএম প্রাথমিক বিদ্যালয়, নয়াবাড়ী বাহ্রাঘাট থেকে ধোয়াইর, রাইপাড়া ইসলামপুর খালপাড়, করিমগঞ্জ জামালচর সড়ক, বিলাসপুর হাজার বিঘা থেকে রামনাথপুর বটতলা ও সুতারপাড়া ইউনিয়নের হোসেনের মোড় থেকে আল আমিন বাজার পর্যন্ত এই ৮টি রাস্তার উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন, প্রকৌশলী সুশীল চন্দ্র সরকার, ওসি সিরাজুল ইসলাম শেখ, বিলাসপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দিলু প্রমুখ।

নবাবগঞ্জে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

খাদ্য শষ্যের জন্য হুমকি বলে বিবেচিত ইদুর নিধনের অভিযান শুরু করেছে নবাবগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তর। “ইঁদুর দমন সফল করি,মাঠের ফসল গোলায় ভরি” এই প্রতিপাদ্য এই ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়। এই সময় এই ইদুর নিধন নিয়ে আলোচনা সভা আয়োজন করে করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

৩১শে অক্টোবর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলার প্রশাসন প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করে ওয়াছেক মিলনায়তনে এসে আলোচনা সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন,কৃষি অফিসার শহিদুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার ও মো: নোবেল সহ প্রমূখ।