আমি যা বলি তাই করিঃ জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান

শাকিল আহমেদ;নিউজ৩৯ঃ বৃ্হস্পতিবার বিকেলে  মেঘুলা বাজার বনিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান বলেন, দোহারে যে ২০ কোটি টাকার উন্নয়ন  প্রকল্প দেওয়া হয়েছে তার কাজ শুরু হলে আগামী ৬ মাসের মধ্যে দোহার থানায় উন্নয়নের মহাযজ্ঞ শুরু হবে। দোহার থানায় কোন রাস্তাঘাট কাঁচা থাকবে না। দোহারের এক গ্রাম থেকে অন্য গ্রমে  যাওয়ার প্রতিটি সংযোগ  রাস্তা করার প্রকল্প গ্রহন করা হয়েছে। আমি যা বলি তা করি।

তিনি উল্লেখ করেন, নবাবগঞ্জে ৯ টি ও দোহারে ১০ টি সহ ঢাকা জেলায় ৫২ টি স্কুলে উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। বনিক সমিতির দাবির প্রেক্ষিতে তিনি মেঘুলা বাজারের প্রতিটি গলি রাস্তা ৮ সিসি ঢালাই, ৫০ লাখ টাকা ব্যয়ে  কাঁচা বাজারের টিন সেড, বনিক সমিতির জন্য দু’তলা ভবন ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ বাবস্থা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মেঘুলা বাজারের যানজট নিরসনের জন্যও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারো জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন দোহার থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, ঢাকা জেলা পরিষদের  প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় রায়, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সেলিম আহমেদ, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহবুদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদিন সহ প্রমুখ নেতৃবৃন্দ এবং বনিক সমিতির  সদস্য ও ব্যবসায়ীবৃন্দ।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের বাসায় হামলার অভিযোগ

শুক্রবার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান ও আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আব্দুল মান্নান সাহেবের স্ত্রী মরহুমা নিলুফার মান্নান এর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠান চলছিল।

আবদুল মান্নানের ব্যক্তিগত সহকারি রফিকুল ইসলাম রফিক জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ক্ষমতাসীন দলের ২০-২৫ জনের একটি দল বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকে। এ সময় তারা গাড়ি ও বাড়ির দরজা-জানালার কাচ ভাংচুর করে। ভাংচুরের পর ওই দলটি চলে যায়।

বিলাশপুরে চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে চাঁদার দাবিতে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই সময় প্রবাসী মোতালেব খানের বাসার তিনজনকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে নগদ এক লাখ টাকা ও একটি সোয়া ভরি ওজনের স্বর্ণের চেইন লুটে নিয়ে গেছে। এ ঘটনায় দোহার থানায় মামলা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে পাঁচ-সাতজনের একটি দল সৌদি প্রবাসী মোতালেব খাঁর বাড়িতে এসে চাঁদা দাবি করে না পাওয়ায় হামলা চালিয়। এসময় সন্ত্রাসীরা মোতালেব খানের স্ত্রী নাসরিন (৩৭) ও ছোট ভাই আলতু খাঁকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ঘরের আলমারিতে থাকা এক লাখ টাকা ও নাসরিনের গলায় থাকা সোয়া ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। আহতদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বুধবার সকালে থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে মোতালেব খাঁ বলেন, সন্ত্রাসী খলিলের নেতৃত্বে একটি দল চাঁদার দাবিতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেছে। এ সময় ঘরের আলমারিতে রাখা এক লাখ টাকা এবং আমার স্ত্রীর গলায় থাকা সোয়া ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, শিগগিরই অপরাধীদের আটকের সংবাদ জানাব। সন্ত্রাসী যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

নিরাপদ ও আধুনিক দোহার-নবাবগঞ্জ গড়াই আমার লক্ষ্য : সালমা ইসলাম

দোহার ও নবাবগঞ্জে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

রোববার বিকালে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের শংকরদিয়া স্কুল মাঠে জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভা ও যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও আধুনিক বাসযোগ্য দোহার-নবাবগঞ্জ গড়তে চাই। এ জন্য এ এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন। আপনারা জানেন আমার সময়ে দোহার-নবাবগঞ্জবাসী শান্তিতে বসবাস করছেন। কারও বাড়িঘর দখল, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা নেই। আপনারা সুযোগ দিলে অসমাপ্ত যে কাজ আছে তা সমাপ্ত করব। ইনশাআল্লাহ দোহার-নবাবগঞ্জকে ঢেলে সাজাব। আমাদের এ জনপদ হবে সারা দেশের মধ্যে নিরাপদ ও উন্নয়নের মডেল।’ তিনি বলেন, ‘দোহার-নবাবগঞ্জের পশ্চিম অঞ্চল উন্নয়নবঞ্চিত ছিল। ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও কেউ কাজ করেনি। কিন্তু আমি কথা দিচ্ছি এই এলাকা আর পিছিয়ে থাকবে না।’

সালমা ইসলাম বলেন, ‘দোহার নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও শ্রীনগর সড়ককে মহাসড়কে উন্নীত করার জন্য একনেকের সভায় ৪৬৯ কোটি টাকা বরাদ্দ করিয়েছি। আপনারা ঐক্যবদ্ধ থাকলে এ অঞ্চলের উন্নয়নকে কোনো অপশক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।’

এ সময় সালমা ইসলাম জয়কৃষ্ণপুরের কাশিয়াখালী বেড়িবাঁধে স­–ইসগেট, আশ্রয়ণ কেন্দ্র ও স্কুল-কলেজের ভবন নির্মাণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘গত চার বছরে এ এলাকার যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার ৪৬ বছরেও হয়নি।’ অনুষ্ঠানে জালাল উদ্দিন, আবুল কালাম ও শামীম হোসেনের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তিন শতাধিক নেতাকর্মী সালমা ইসলাম এমপির হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, জাতীয় পার্টি ঢাকা জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন দিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিলুফার মান্নানের কুলখানি ও দোয়া মাহফিল বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্ত্রী নিলুফার মান্নান-এর কুলখানি ও দোয়া মাহফিল আগামী ৩০ নভেম্বর আব্দুল মান্নানের নিজ বাড়ী নবাবগঞ্জের গোবিন্দোপুরের অনুষ্ঠিত হবে। এছাড়া  ২৮ নভেম্বর মঙ্গলবার বাদ আছর গুলশান আজাদ মসজিদ, ২৯ নভেম্বর বুধবার বাদ আছর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদ (৭নং রোড)  এ অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জে আয়োজিত কুলখানি ও দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন আব্দুল মান্নান সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

নিলুফার মান্নান ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শণ শাস্ত্রে কৃতিত্বের সাথে এম.এ ডিগ্রী অর্জন করেণ। তিনি এ.আর.চৌধুরি সিকিউরিটি লিঃ ও এয়ার এ্যালায়েন্স লিঃ এর চেয়ারম্যান এবং বেঙ্গল এয়ারলিফট লিঃ, বেঙ্গল ট্রাভেলস এন্ড ট্যুরস লিঃ, বেঙ্গল এয়ারলিফট এভিয়েশন লিঃ, বেঙ্গল এন.এফ.কে (নিলুফার-ফরিদা-কওকাব) টেক্সটাইল লিঃ, বেঙ্গল নিটেক্স লিঃ ও বেঙ্গল হাই-স্টাইল লিঃ এর পরিচালক ছিলেন। তিনি উইম্যান্স ভলনেটারী এসোসিয়েশন এর প্রথম বাংলাদেশী হিসেবে সেক্রেটারী জেনারেল এবং ইনার হুইল ক্লাব (ঢাকা নর্থ)-এর সভাপতি ছিলেন। ও ইনার হুইল জেলার ডিস্ট্রিক্ট এক্সটেনশন অর্গানাইজার (১৯৯৯-২০০০) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেণ।

পল্লী কবি জসিম উদ্দিন-এর কালজয়ী গীতিনাট্য নকশী কাঁথার মাঠে তিনি এ্যামেচার শিল্পী হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেও সকলের সুনাম অর্জন করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন।

সৌদি আরবে খন্দকার আবু আশফাককে গণসংবর্ধনা

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাককে সৌদি আরবের জেদ্দায় দোহার-নবাবগঞ্জ সৌদি আরব প্রবাসী বিএনপি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে জেদ্দার কাবাবিশ হোটেলে সৌদি আরব বিএনপি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির আহ্বায়ক ও দোহারের বাশতলার কৃতি সন্তান এম.এ. আজাদ চয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুখলেছুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোভাবর্ধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সৌদি আরব বিএনপির সভাপতি আহম্মেদ আলী মুকিব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, জেদ্দা মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক সোয়েব আহমেদ, আব্দুল মান্নান, কামাল আহমেদ প্রমুখ।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে নবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

0

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে নবাবগঞ্জে স্মরনকালের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে নবাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতির জন্য ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে আয়োজিত এই শোভাযাত্রায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো অংশ নেয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে নবাবগঞ্জের প্রাণকেন্দ্র উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে নবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

এই আয়োজিত শোভাযাত্রায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব পত্তনদার প্রমুখ।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে দোহারে বর্ণাঢ্য শোভাযাত্রা

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে দোহারে স্মরনকালের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে দোহারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতির জন্য ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে আয়োজিত এই শোভাযাত্রায় দোহার উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, দোহার পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো অংশ নেয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে দোহারের প্রাণকেন্দ্র উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে দোহারে বর্ণাঢ্য শোভাযাত্রা

এই আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়েছেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দ্বরানী, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাশার চোকদারসহ দোহার উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীরা।

গ্যাডের নির্বাচন ২২ ডিসেম্বর

গ্রাজুয়েটস এসোসিয়েশন অব দোহারের ২০১৮-২০১৯ সালের নির্বাচনের জন্য এক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিং এ গ্যাডের নির্বাচন ও বার্ষিক বনভোজন নিয়ে আলোচনা করা হয়।

আয়োজিত মিটিং-এ সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮-২০১৯ সালের জন্য নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের তারিখ হিসাবে ২২ ডিসেম্বর ২০১৭ ঘোষনা করা হয়। এছাড়া গ্যাডের দেয়া দুস্থ শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের তারিখ ৫ জানুয়ারি ২০১৮ নির্ধারণ করা হয়। এছাড়া বনভোজনের জন্য ২৭ জানুয়ারি ২০১৮ সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়।

ডিএন কলেজ মাঠে নিলুফা মান্নানের জানাজা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা,  নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের স্ত্রী নিলুফা মান্নানের নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ১০টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। দোহার-নবাবগঞ্জসহ ঢাকা জেলা বিএনপি নেতা কর্মী সহ জানাজায় অংশগ্রহণ করেন দোহার-নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরাও।

পারিবারিক সূত্রে জানা যায়, ডিএন কলেজ মাঠে জানাজা শেষে গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও ঢাকার ধানমন্ডিতে পৃথক আরও দুটি জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে নিলুফা মান্নানের লাশ দাফন করা হবে।

ডিএন কলেজে অনুষ্ঠিত জানাজায় অংশ গ্রহন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, সাবেক এমপি সুবিদ আলী টিপু, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাহউদ্দিন বাবু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে নিলুফা মান্নানের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান রাজনীতির সাথে সম্পৃক্ত ও জামাতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো নিলুফা মান্নানের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।