রিজভীকে দেখতে হাসপাতালে আশফাক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রুহুল কবির আহমেদ রিজভি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।বৃহস্পতিবার ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক তার রাজনৈতিক গুরু রুহুল কবির রিজভীর সাথে দেখা করতে হাসপাতালে যান।

এসময় ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং জয়পাড়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আতিকুর রহমান সুয়েম উপস্থিত হয়ে, তার জন্য দোয়া ও শুভ কামনা করেন। এছাড়া তার আশু আরোগ্যের জন্য মহান আল্লাহ্ এর কাছে প্রার্থনা করেন।

দোহারে মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢাকার দোহারের কার্তিকপুর বাজার এলাকায় মটরসাইকেলের ধাক্কায় অঞ্জলী কর্মকার (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সে কার্তিকপুর বাজার এলাকার নির্মল কর্মকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে কার্তিকপুর কালীমন্দির যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় সুন্দরীপাড়া থেকে দ্রুত গতীতে আসা একটি মটরসাইকেল ধাক্কা দেয় অঞ্জলী কর্মকারকে। এসময় রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। পরে পথেই মৃত্যু হয় অঞ্জলী কর্মকারের। এদিকে দুর্ঘটনার সাথে সাথে পালিয়ে যায় মটরসাইকেল আরোহী।

এ বিষয়ে মাহমুদপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই সুজন বিশ্বাস জানান , আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর মটরসাইকেল সহ আরোহী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। নিহতের পরিবার এখনো কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নবাবগঞ্জে ৬০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৬০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৮ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১০ ও ১১ অক্টোবর ঢাকায় পাঠানো ৩৯ জনের নমুনা থেকে নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৮ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৬০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৮ জন।

প্রেসিডেন্ট স্কাউটিং অ্যাওয়ার্ড অর্জন করলো দোহারের তামিম বিন জামান

দোহারের কৃতি সন্তান তামিম বিন জামান বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট এওয়ার্ড – ২০১৯ অর্জন করেছেন। তিনি মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দোহার উপজেলার উত্তর শিমুলিয়া মোল্লা বাড়ি। তার পিতার নাম মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। বর্তমানে সে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সদস্য। ২০১৯ সালেই তামিম বিন জামান মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর সাথে যুক্ত হোন।

তামিম বিন জামানের স্কাউটিং শুরু হয় ২০১৫ সালের ৩ জানুয়ারিতে। বাবার অনুপ্রেরণায় সে যুক্ত হয় স্কাউটিংএ। তামিমকে স্কাউটিং এ এগিয়ে যেতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যুগিয়েছেন মালিকান্দা মেঘলা স্কুল এন্ড কলেজ স্কাউট লিডার এবং শিক্ষক মোঃ আফসার উদ্দিন।
শিক্ষক আফসার উদ্দিনের দৃঢ় বিশ্বাস ছিলো একদিন তামিম বাংলাদেশ প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করবে।
কিন্তু ঘটনাচক্রে তামিম মালিকান্দা-মেঘলা স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ থেকে পদত্যাগ করে। এরপর সে বাংলাদেশ প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড পরীক্ষা দেওয়ার সুযোগ খুঁজতে থাকে। পরবর্তীতে সে যুক্ত হয় নবাবগঞ্জ উপজেলার মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপে। সেখানে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোহাম্মদ রাজু ইসলাম তাকে অনুপ্রাণিত করেন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষা দিতে। এরপরে যেটা হলো, সেটা ইতিহাস। কল্পনার স্বপ্নকে বাস্তবায়ন করে, তামিম বিন জামান পেলেন প্রেসিডেন্ট এওয়ার্ড।

তামিম নিউজ৩৯কে বলেন, রাজু স্যারের নির্দেশনায় আমি আজ এত দুরে এসেছি ! আমার এই সফলতায় আমার বাবা ,মা , আফসার স্যার, রাজু স্যার, মালিকান্দা মেঘুলা স্কুল এবং শিশির মাহমুদ স্যার যে কিনা আমাকে সবসময় মানসিক ভাবে সাপোর্ট দিয়েছে, তাদের নিকট আমি চির কৃতজ্ঞ। আমি সর্বাধিক কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করছি সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি।
এছাড়া বিশেষ কৃতজ্ঞতা জানাই মহাকবি কায়কোবাদ স্কাউট গ্রুপের সকল সদস্য কে এবং রাজু স্যার কে।
এছাড়া নিউজ৩৯ এর প্রতিও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।

দোহারে ইলিশ সংরক্ষণে সচেতনতা ও জেলেদের মাঝে চাল বিতরণ

ঢাকার দোহার উপজেলায় মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও সচেতনতার লক্ষ্যে আলোচনা ও ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় আশ্রায়ণ প্রাঙ্গণে মাহমুদপুর এবং কুসুমহাটি ইউনিয়নের ১১৪ জন জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময়ে প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে  আলমগীর হোসেন বলেন, ১৪ অক্টোবর হতে ০৪ নভেম্বর ’২০ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে মৎস্য সংরক্ষণ- ১৯৫০ আইন অনুযায়ী সারাদেশে মা ইলিশ আহরণ, সংরক্ষণ,পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দ-নীয় অপরাধ। আইন অমান্যকারীর শাস্তি কমপক্ষে এক বছর থেকে দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। এই ২২ দিন ইলিশ মাছ না ধরা হলে আমরা কোটি কোটি ইলিশ মাছ পাবো। সেই সাথে মৎস্য সম্পদ সম্মৃদ্ধশালী হবে । এক সময় আমরা যে ইলিশ আড়াই হাজার থেকে ৩ হাজার টাকায় ক্রয় করা হতো এখন তা ৭ শ’ থেকে ১ হাজার টাকায় ক্রয় করতে পারি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ও রপ্তানি করতে পারছি। ইলিশ মাছ রপ্তানির মধ্য দিয়ে দেশের মৎস্য সম্পদের বড় একটা অংশ বৈদেশিক আয় করা যায়।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর নাহার, নৌ পুলিশ কর্মকর্তা লুৎফর, নয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।

নওগাঁ -৬ উপনির্বাচনের মাঠে সরব উপস্থিতি স্বেচ্ছাসেবক লীগে

0

নিউজ৩৯ঃ জাতীয় সংসদ উপ -নির্বাচন নওগাঁ -৬ (আত্রাই ও রানীনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালের নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। আর এই সরব প্রচারণায় সক্রিয় উপস্থিতি দিয়ে নির্বাচনে তদারকি করছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজাল বাবু।

আগামী ১৭ অক্টোবর -২০২০ খ্রিঃ রোজ শনিবার জাতীয় সংসদ উপ -নির্বাচন নওগাঁ -৬ (আত্রাই ও রানীনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালের নৌকা মার্কার সমর্থনে ১৩ অক্টোবর, মংগলবার দুপুরে রাণীনগর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন, অগ্রগতি তথা মানবিক দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণে বিপর্যস্থ অসহায় কর্মহীন মানুষকে সেবা প্রদান করায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান। আগামী ১৭ অক্টোবর ২০২০ তারিখ শনিবার জননেত্রী শেখ হাসিনার তথা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালকে নৌকা মার্কায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহবান জানান।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উন্নয়নের চলমান গতিও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল কে নৌকা মার্কায় বিজয়ী করার আহবান জানান।

আরো বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ার হক,এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল সায়েম, কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, ইশতিয়াক আহমেদ লীন, আবু জাফর, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক সুমন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন রাকিব, রানীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ রানীনগর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

মেয়ের বিয়ের পরদিন পরকীয়ার বলি মা, নবাবগঞ্জ থানাহাজতে ঘাতকের আত্মহত্যা

নিউজ৩৯ প্রতিনিধি: শ্রীনগরে মেয়ের বিয়ের পরদিনই মায়ের পরকীয়ায় বলি হয়ে খুন হয়েছেন। এদিকে মংগলবার সন্দেহভাজন ঘাতক নবাবগঞ্জ থানাহেফাজতে আত্মহত্যা করেছে। জানা যায়, গত শনিবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর গ্রামের ঢালী বাড়ী এলাকায় মালয়েশিয়া প্রবাসী ইয়াকুব ঢালীর স্ত্রী রাজিয়া বেগম (৩২) নিখোঁজ হয়। সোমবার সকাল ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেতলা খ্রিষ্টানপাড়া এলাকার একটি বাঁশের ঝোপ থেকে রাজিয়া বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজিয়া বেগমের পরকীয়া প্রেমিক আবুল মিস্ত্রির ছেলে মামুন (২৮)কে সোমবার বিকালে আটক করা হয়। ওই দিন রাতেই সে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়ার পরপরই থানাহাজতে পরনের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানায়, সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে রাজিয়া বেগমের স্বজনরা তার লাশ শনাক্ত করে। এর আগে শুক্রবার দিন রাজিয়া বেগেমর মেয়ে সুমাইয়ার বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে জানা যায়, প্রবাসী ইয়াকুব ঢালী তার বসতবাড়ি থেকে একটু দূরে হাঁসাড়া-আলমপুর সড়কের পাশে নতুন বাড়ি করেন। প্রায় ৪ বছর আগে বাড়িটি অটোরিকশার গ্যারেজ হিসাবে ভাড়া নেন ওই এলাকার জামাতা আবুল মিস্ত্রি (৫৫)। ইয়াকুবের স্ত্রী রাজিয়া বেগম প্রায়ই সেই বাড়িতে গোসল করতে যেত। এই সুযোগে আবুল মিস্ত্রি কৌশলে রাজিয়া বেগমের গোসলের চিত্র মোবাইল ফোনে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময় টাকা পয়সা হাতিয়ে নেয় এবং তার সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। বেশ কয়েকদিন আগে আবুল মিস্ত্রির ছেলে মামুনের হাতে তার বাবার মোবাইলটি পড়লে সে মোবাইল ফোনে ধারণকৃত রাজিয়া বেগম ও তার বাবার অনৈতিক সম্পর্কের বিভিন্ন ছবি এবং ভিডিও দেখতে পায়। এটাকে কাজে লাগিয়ে মামুন রাজিয়া বেগমের মেয়ে সুমাইয়াকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এটা নিয়ে আবুল মিস্ত্রির সাথে তার স্ত্রী ও ছেলের হাতাহাতি হলে আবুল মিস্ত্রি ১১ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায়।
রাজিয়া বেগম শনিবার সন্ধ্যায় তাদের নতুন বাড়িতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। গোসলখানায় ভেজা কাপড় পড়ে থাকতে দেখে অনেকেই ধারণা করেন সে আবুল মিস্ত্রির হাত ধরে পালিয়ে গেছে। কিন্তু প্রত্যক্ষদর্শী কয়েকজন একই সময় সেখানে মামুনের উপস্থিতি দেখতে পেয়ে তাকে খোঁজ করতে থাকে। কিন্তু মামুন তার ফোন কল রিসিভ না করায় সে কোথায় আছে তা জানা সম্ভব হয়নি। রাত সাড়ে ৯টার দিকে মামুন তার অটোরিকশা নিয়ে এলাকায় ফিরলে এলাকাবাসী তাকে ঘিরে ধরে। এসময় মামুনের সারা শরীর ও মোবাইল ফোনটি ভেজা ছিল। তাৎক্ষণিকভাবে টহল পুলিশ উপস্থিত হলে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর এসে মামুনকে রক্ষা করে। সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজিয়ার লাশের ছবির খবর প্রচার হলে মামুন ও তার পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় লস্করপুর এলাকার আব্দুল মামুনকে ধরিয়ে দেয়ায় রাজিয়ার পরিবারের লোকজনের ওপর চড়াও হয়। সোমবার রাত আটটার দিকে নবাবগঞ্জ থানার এসআই আঃ জলিল মামুনকে শ্রীনগর থানা থেকে নিয়ে যায়। তিনি জানান, রাতে মামুনকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। থানার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সে থানা হাজতের টয়লেটে গিয়ে পরনের লুঙ্গি খুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, লাশ প্রাপ্তির ঘটনাস্থল বিবেচনায় বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশ তদন্ত করছে।

দোহারে অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা

দোহারে মঙ্গলবার ১৩ই অক্টোবর সকাল ১০টার দিকে মোবাইল কোর্ট অভিযানের সময় এক অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ ১ লক্ষ টাকা। অবৈধ ড্রেজার ব্যবসায়ী দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের অরঙ্গাবাদ গ্রামের শুকুর মিয়ার ছেলে শহিদ মিয়া(৩৫)।

গোপন সংবাদের ভিত্তিতে দোহার  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে অভিযান চালানো হয়। এই সময় ড্রেজারের সাথে থাকা দুই জন শ্রমিককে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ড্রেজার ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করে পরর্বতীতে বালু ব্যবসায়ী বসির আহম্মেদ ১লক্ষ টাকা অর্থদন্ড দিয়ে আটকদের ছাড়িয়ে নিয়ে যায় এবং আর বালু উত্তোলন করবে না বলে মুচলেকা দিয়ে যায়।

দোহারের মৈনটে মা ইলিশ সংরক্ষণে সভা অনুষ্ঠিত

ঢাকা জেলার দোহারে দোহার উপজেলা মৎস পরিষদের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট আশ্রয়ণ প্রকল্পে এ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা ১১ টায়, উপজেলা মৎস পরিষদের উদ্যোগে, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে মাহমুদপুরের মৈনট আশ্রয়ণ প্রকল্পে এই মা ইলিশ সংরক্ষণের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন।

প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। ইলিশ দেশের চাহিদা মিটিয়ে, বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্যন হয়। এর জন্য মা ইলিশ রক্ষায় সকলকে এক সাথে কাজ করতে হবে। পরে জেলা পরিষদের উদ্যোগে প্রায় ৮ শত জেলেদের মাঝে ত্রাণ সহয়তা প্রদাণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, ৎস কর্মকর্তা লুৎফর নাহার ও নৌ-পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান প্রমূখ।

আব্দুল আলীমের স্ত্রীর ইন্তেকাল; সুতারপাড়ায় দাফন

মঙ্গলবার ভোরে বাংলা পল্লী গানের সম্রাট আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল আলীমের মেয়ে নূরজাহান আলীম ফেইসবুকে খবরটি নিশ্চিত করেন।

তিনি লেখেন, “আজ পল্লী সম্রাট আব্দুল আলীমের স্ত্রী আমাদের মা মিসেস জমিলা আলীম পৃথিবী ছেড়ে চলে গেছে …।” রাজধানীর বনশ্রীর একটা বেসরকারি হাসপাতালে জমিলা আলীম মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত জুনে তার ব্রেইন স্ট্রোক হয়। সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার হাসপাতালেও ভর্তি হন। দোহার উপজেলায় গ্রামের বাড়িতে জমিলা আলীমকে দাফন করা হবে।