দোহার-নবাবগঞ্জের তেলের পাম্পগুলোতে স্বস্তি: ফিরেছে স্বাভাবিক পরিবেশ

মাহমুদুল হাসান সুমন, দোহার (ঢাকা)

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার জ্বালানি তেলের পাম্পগুলোতে কাটতে শুরু করেছে দীর্ঘ প্রতীক্ষার ভোগান্তি। তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় পাম্পগুলোতে আগের সেই উপচে পড়া ভীড় ও যানবাহনের দীর্ঘ সারি আর দেখা যাচ্ছে না। সরকার, স্থানীয় প্রশাসন ও এই আসনের সংসদ সদস্যের কার্যকরী ব্যবস্থাপনায় ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে এই তেল জটের।

কয়েক সপ্তাহ আগেও এমনকি গত সপ্তাহেও দোহার ও নবাবগঞ্জ উপজেলার তেলের পাম্পগুলোতে মোটরসাইকেল, পরিবহন যানযট ও ব্যক্তিগত গাড়ির কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন ছিল নিত্যনৈমিত্তিক দৃশ্য। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেককে তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে। তবে বর্তমানে সেই অস্থিরতা কেটে গিয়ে পাম্পগুলোতে ফিরে এসেছে চিরচেনা স্বাভাবিক পরিবেশ।

স্থানীয় সূত্র ও চালকদের সাথে কথা বলে জানা যায়, মূলত দুটি কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়েছ, প্রথমটি তেলের দাম বৃদ্ধির খবরের শুরুতে সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত তেল সংগ্রহের যে হিড়িক পড়েছিল, তা এখন নেই।

আর মূলত সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় গ্রাহকরা এখন প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করছেন।

এই ব্যাপারে  নিয়মিত গ্রাহক মো আল-আমিন বলেন,

“এখন আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রোদে পুড়তে হচ্ছে না। পাম্পে আসামাত্রই দ্রুত তেল পাওয়া যাচ্ছে এবং আগের মতো কোনো বিশৃঙ্খলাও নেই। স্থানীয় এমপি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকায় তেল ডিপোতে ও মন্ত্রণালয়ে কথা বলেছেন বলে জানতে পেরেছি।

দোহার পেট্টোল পাম্পের ম্যানেজার মোস্তফা আহমেদ জানান, “আগে তেলের দাম বাড়ার গুজবে মানুষ আতঙ্কে অতিরিক্ত তেল নিতে ভিড় করেছিলেন। এতে পাম্পে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। বর্তমানে সরবরাহ স্বাভাবিক থাকায় এবং ক্রেতাদের মধ্যে আতঙ্ক না থাকায় গ্রাহকরা অনায়াসেই তেল নিতে পারছেন। এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি ও উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এই ব্যাপারে ট্যাগ অফিসার এবং দোহার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার বলেন, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা যদি এভাবেই নিয়মিত থাকে এবং সাধারণ মানুষ যদি প্রয়োজনের অতিরিক্ত মজুত করার প্রবণতা থেকে বিরত থাকে, তবে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও স্থিতিশীল থাকবে।

বিলাসপুরের অগ্নিকাণ্ডে এতিম হওয়া শিশুদের সার্বিক দ্বায়িত্বে এমপি খন্দকার আবু আশফাক

মাহমুদুল হাসান সুমন : ঢাকার দোহার উপজেলার বিলাসপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবা-মাকে হারিয়ে বেঁচে যাওয়া শিশুদের দেখতে হাসপাতালে যান ঢাকা-০১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

এ সময় তিনি শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। শিশুদের স্বজনদের সান্ত্বনা দিয়ে তিনি বলেন, এই শোক কাটিয়ে উঠতে পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করা হবে।

সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। নিষ্পাপ শিশুরা এক মুহূর্তে মা-বাবাকে হারিয়েছে। তাদের চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যতের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।আমি এদের পড়াশোনা ও বিয়ের সার্বিক দ্বায়িত্ব নিলাম”।

তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদলের ঢাকা জেলা সহ-সভাপতি আবুল হাসেম। এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বিলাসপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় শিশুদের মা-বাবার মৃত্যু হয় এবং কয়েকজন শিশু আহত অবস্থায় উদ্ধার হন।

আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে রক্তে রঞ্জিত না করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।

আজ রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্যারেড অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, এই সেই ঐতিহাসিক পুলিশ লাইনস। যেখানে ১৯৭১ সালের ২৫ মার্চ  রাতে ঘুমন্ত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী। বুকের তাজা রক্ত দিয়ে সেদিন দেশকে বাঁচাতে শহীদ হয়েছিলেন অনেকে।

তারেক রহমান আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম ফ্যাসিবাদকে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে বিদায় করে। জাতি এক ভয়ানক ফ্যাসিবাদের হাত থেকে বাঁচে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণ-অভ্যুত্থানের ফলে একটি নির্বাচিত সরকার হলো আজকের সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ‘২৫ মার্চ রাতে চট্টগ্রামের কালুর ঘাট বেতারকেন্দ্র থেকে দেশমাতৃকার টানে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন, ঠিক তখনই রাজারবাগের পুলিশ সদস্যরা হানাদার বাহিনীকে প্রতিরোধ গড়ে তোলেন। এতে অনেক পুলিশ সদস্য শহীদ হন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভয়াবহ দুঃশাসন, মামলা, হামলা, গুম, খুন শত অত্যাচার সহ্য করে টিকে ছিল বাংলার মানুষ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্বৈরাচার পুলিশ বাহিনীকেও রক্তে রঞ্জিত করেছে। তাই আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে রক্তে রঞ্জিত না করে, সেই ব্যবস্থা করা হয়েছে।

তারেক রহমান বলেন, ‘গত ফেব্রুয়ারিতে পুলিশ সদস্যরা দেখিয়ে দিয়েছেন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। তবে আগামী দিনে পুলিশের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুলিশের ভালো কাজে দেশ এগিয়ে যাবে। আপনাদের কাজই সবচেয়ে দেশকে ভালো রাখবে। নিরাপত্তা বিধানই আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব এখন।

তারেক রহমান আরও বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমাদের পুলিশ ভালো কাজ করছে। দেশেও ভালো কাজ করতে হবে। এটাই জনগণের প্রত্যাশা।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ভেতর র‍্যাব  ও পুলিশ সদস্যরা যাঁরা মেধা-মনন দিয়ে দেশের জন্য, সমাজের জন্য ভালো কাজ করছেন, তাঁদের অভিবাদন জানাই। সামনে তাঁরা আরও ভালো করবেন বলে আশা করছি।

গুরুতর অসুস্থ কমান্ডার আবু তালেব শিকদারকে দেখতে এমপি আশফাক

মাহমুদুল হাসান সুমন : দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা অ্যাডভোকেট আবু তালেব শিকদার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে দেখতে হাসপাতালে যান ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-০১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি।

এ সময় তিনি অ্যাডভোকেট আবু তালেব শিকদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দোহার পাম্পে কমেছে ভিড়

দোহার পাম্পে কমেছে ভিড়

মাহমুদুল হাসান সুমন : তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ স্বাভাবিক থাকায় ঢাকার দোহার উপজেলার পেট্রোল পাম্পগুলোতে আগের তুলনায় অনেকটাই কমেছে যানবাহনের চাপ।

কয়েক সপ্তাহ আগেও যেখানে মোটরসাইকেল, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যেত, বর্তমানে সেখানে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ার খবরে আগে অনেক চালক ও যানবাহন মালিক অতিরিক্ত তেল সংগ্রহে ভিড় করছিলেন। একই সঙ্গে সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে দেশের বিভিন্ন স্থানের মতো দোহারেও পাম্পগুলোতে বাড়তি চাপ তৈরি হয়। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

দোহারের কয়েকজন যানবাহন চালক জানান, এখন আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। পাম্পে গিয়ে দ্রুত তেল পাওয়া যাচ্ছে এবং আগের মতো বিশৃঙ্খলাও নেই।

পাম্পের ম্যানেজার  মোস্তফা আহমেদ জানান, “আগে তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ায় মানুষজন আতঙ্কে অতিরিক্ত তেল নিতে ভিড় করছিলেন। এতে পাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। এখন সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং ক্রেতাদের চাপও অনেক কমে এসেছে। বর্তমানে গ্রাহকরা স্বাভাবিকভাবেই তেল নিতে পারছেন।”

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলে এবং অতিরিক্ত মজুতের প্রবণতা কমলে পরিস্থিতি আরও স্থিতিশীল থাকবে।

নবাবগঞ্জে মরিচা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে চালবাহী ট্রাক খাদে, আহত ২

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মরিচা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চালবাহী ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, দ্রুতগতিতে চলা ট্রাকটি মরিচা সেতুর ঢাল দিয়ে নামার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ট্রাকে থাকা বিপুল পরিমাণ চালের বস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হয়।

রাজপথের লড়াকু সৈনিকের ঘরে ফেরার প্রতীক্ষা: ইশতিয়াকের জন্য হাহাকার নবাবগঞ্জ ছাত্রদল

নিউজ ডেস্ক: ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে এখন এক ধরনের নীরব বেদনা বিরাজ করছে। রাজপথের সাহসী মুখ, তৃণমূলের আস্থার প্রতীক ইশতিয়াক আহমেদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে আবারও স্বপদে দেখতে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ইশতিয়াক আহমেদ চৌধুরী শুধু একজন সাংগঠনিক নেতা নন, তিনি নবাবগঞ্জ ছাত্রদলের রাজপথের সংগ্রামী চেতনার প্রতীক। আন্দোলন-সংগ্রামের প্রতিটি কঠিন সময়ে তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। হামলা, মামলা, জেল-জুলুম কিংবা রাজনৈতিক চাপ—কোনো কিছুই তাকে দলীয় আদর্শ ও কর্মীদের পাশে দাঁড়ানো থেকে বিরত রাখতে পারেনি।

দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলকে সুসংগঠিত করতে কাজ করেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার পেছনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য বলেই মনে করেন নেতাকর্মীরা।

নেতাহীনতায় হতাশ তৃণমূল। তাদের দাবি, ইশতিয়াকের অনুপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমে আগের সেই প্রাণচাঞ্চল্য নেই। এক কর্মীর ভাষায়,

যিনি সবসময় আমাদের আগলে রাখতেন, তার অনুপস্থিতিতে আমরা যেন অভিভাবকহীন হয়ে পড়েছি। তৃণমূল নেতাকর্মীদের আশঙ্কা, এই শূন্যতা দীর্ঘস্থায়ী হলে সংগঠনের ভেতরে স্থবিরতা আরও বাড়তে পারে এবং দীর্ঘদিনের সাংগঠনিক অর্জন ক্ষতিগ্রস্ত হতে পারে।

নেতাকর্মীদের মতে, দলের দুঃসময়ে যিনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, তার মূল্যায়ন হওয়া উচিত রাজনৈতিক ত্যাগ ও অবদানের ভিত্তিতে। তারা মনে করেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় নেতৃত্বে ফিরিয়ে আনা হলে নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল আবারও শক্তিশালী ও প্রাণবন্ত হয়ে উঠবে।

তৃণমূলের প্রত্যাশা—ত্যাগী এই নেতার প্রতি সুবিচার করা হবে এবং রাজপথের লড়াকু সৈনিক ইশতিয়াক আহমেদ চৌধুরী আবারও সংগঠনের নেতৃত্বে ফিরবেন।

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার মুখে লেবার পার্টি

বৃহস্পতিবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় নির্বাচন, যেখানে ক্ষমতাসীন লেবার পার্টির জন্য কঠিন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বে এটি সরকারের প্রথম বড় নির্বাচনি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

লন্ডন থেকে এএফপি জানায়, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে লাখো ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বড় জয় পাওয়ার পর এটি লেবার সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

জরিপ অনুযায়ী, লেবার পার্টি উল্লেখযোগ্য আসন হারাতে পারে, যা স্টারমারের নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে। যদিও তাকে সরিয়ে দেওয়া সহজ নয় এবং দলের ভেতরে শক্ত বিকল্প নেতৃত্বও এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে এবং বামপন্থী গ্রিন পার্টি এ নির্বাচনে উল্লেখযোগ্য অগ্রগতি পেতে পারে। প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি ভোটারদের অনাগ্রহই এই পরিবর্তনের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক টিম বেল মনে করেন, সরকারের কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত, নেতৃত্বের যোগাযোগ দুর্বলতা এবং ভোটারদের আস্থাহীনতা বর্তমান পরিস্থিতিকে জটিল করেছে।

ওয়েলসে লেবার পার্টির শতবর্ষী আধিপত্যও হুমকির মুখে পড়তে পারে বলে জরিপে ইঙ্গিত মিলেছে। প্রায় তিন দশক ধরে অঞ্চলটিতে শক্ত অবস্থান থাকলেও এবার তারা ক্ষমতা হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্কটল্যান্ডেও লেবারের অবস্থান দুর্বল হতে পারে। সেখানে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) তাদের অবস্থান আরও শক্ত করতে পারে এবং রিফর্ম ইউকে দ্বিতীয় অবস্থানে উঠে আসতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

ইংল্যান্ডেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে লেবার। স্থানীয় কাউন্সিলের হাজার হাজার আসনের মধ্যে উল্লেখযোগ্য অংশ হারাতে পারে দলটি, যেখানে রিফর্ম ইউকে ও কনজারভেটিভ পার্টি কিছু লাভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং সরকারের নীতিগত সিদ্ধান্তগুলো ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক বিকল্পের অভাবও বর্তমান পরিস্থিতিকে প্রভাবিত করছে।

এদিকে লেবার দলের অভ্যন্তরেও নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে গুঞ্জন রয়েছে, যদিও এখনই কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে স্টারমারের নেতৃত্ব আপাতত টিকে থাকলেও তা রাজনৈতিকভাবে চাপের মধ্যে থাকবে।

দোহারে অবৈধ চায়না দুয়ারী জাল কারখানায় অভিযান- ১৫০০ জাল জব্দ ও ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জাল উৎপাদনকারী ৪টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৪ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।

অভিযানে উপস্থিত ছিলেন ফিশারিজ কোয়ারান্টাইন অফিসার মোঃ কামরুল হাসান সরকার, দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং কোস্টগার্ড পাগলা ও পদ্মা স্টেশনের সদস্যরা।

অভিযান চলাকালে ১৫০০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃষ্টিতে ধসে পড়ছে দোহার পৌরসভার নবনির্মিত সড়ক

প্রতিবেদক, শরিফ হাসান: ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় দোহার পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ জয়পাড়া চৌধুরীপাড়া এলাকায় হাই মিয়া মসজিদ থেকে নাসিরের বাড়ি পর্যন্ত সড়কটি সম্প্রতি বি.এফ.এস (বিটুমিনাস ফ্লেক্সিবল সারফেস) পদ্ধতিতে নির্মাণ করা হয়।

 গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে সড়কটির শুভ উদ্বোধন করেন দোহার পৌরসভার প্রশাসক জনাব মোঃ মাঈদুল ইসলাম।

প্রায় ৯ লাখ ১০ হাজার ৩৭৮ টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটি উদ্বোধনের কিছুদিনের মধ্যেই বৃষ্টির কারণে দুটি স্থানে দেবে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এতে করে সড়কটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ কাজ বা যথাযথ তদারকির অভাবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

এদিকে দোহার পৌরসভার পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।