শপথ গ্রহণ করলেন দোহারের তিন ইউপি চেয়ারম্যান

ঢাকার দোহার উপজেলার ৩টি ইউনিয়ন রায়পাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানত্রয় সোমবার সকালে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন।

ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম এ শপথ বাক্য পাঠ করান।

এসময় বিদায়ী ডিসি বলেন,জনগণ আপনাদের ভোট দিয়েছেন তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আপনার ভাবতে হবে আপনার ইউনিয়নের সকল ভোটারগণ আপনাকে ভোট দিয়েছেন। তাদের ভোটে আপনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাদের এলাকার উন্নয়নসহ সরকারের নাগরিক সেবা নিশ্চিত করতে আপনারা কাজ করবেন। জনগণ যেনো আপনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রেখে জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবেন এই প্রত্যাশা করছি।

এসময় তিন ইউনিয়নের চেয়ারম্যানদের সমর্থক ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের আব্দুল ওয়াছেক মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা কার্যালয়ের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ কর্নমশালায় নবাবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন মাদরাসার আলেম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, ঢাকা জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিচালক মো. বাহাউদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত প্রমুখ।

দোহারে জলাতঙ্ক নিূমর্লের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় ব্যাপকহারে কুকুরে টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২২ বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে সোমবার সকালে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিমউদদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম।

প্রধান অতিথি বক্তব্য দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম বলেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় চার লক্ষের অধিক মানুষ কুকুর, বিড়াল, শিয়ালের কামড় বা আঁচড়ের শিকার হয়ে থাকে,যাদের মধ্যে বেশির ভাগই শিশু। সে জন্য আমাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং চিঠি প্রেরণ, কর্মসূচি পালনের ক্ষেত্রে লোকবল নিশ্চিত করণ, লজিস্টিক সংগ্রহ ও প্রেরণ করতে হবে।

অবহিতকরণ সভায় দোহার উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ শামীম হোসেন বলেন,
কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তির আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিতকরণ করতে হবে আমাদের। আক্রান্তস্থান ধৌতকরণে প্রয়োজনীয় সাবান ও পানি সরবরাহ এবং বিনামূল্যে ৩ ডোজ (০, ৩ ও ৭ দিনে) Inj Anti- Rabies Vaccine (ARV) এবং কামড়ের ক্যাটাগরি নির্ধারণ পূর্বক Inj Rabies Immunoglobulin (RIG) প্রদান করতে হবে।

এ ছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং বিভিন্ন এনজিও-এর সম্মিলিত উদ্যোগে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে একসাথে কাজ করে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রিসোর্স পার্সন এমডিভি এক্সপার্ট ডা. এম. মুজিবুর রহমান জানান ১ থেকে ৫ ডিসেম্বর টানা পাঁচদিন ২৪টি দক্ষ টিমের সমন্বয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী মালিকবিহীন প্রাণি অর্থাৎ কুকুর নিধন বা অপসারণ শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে কাউকে উৎসাহিত করা যাবে না। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিজ্ঞানভিত্তিক কুকুর নিয়ন্ত্রণের নানাদিক তুলে ধরেন তিনি।

এছাড়া উপস্থিত ছিলেন এমডিভি সুপারভাইজার মোঃ ফিরোজ হোসেন, মোঃ আতিকুল ইসলাম এবং দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা।

গলায় ফাঁসি দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

0

মুন্সীগঞ্জের শ্রীনগরে দেব মন্ডল (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

জানা যায় ,রোববার ২৭ নভেম্বর সকালে উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের পালপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে । সে ওই এলাকার শ্যামল মন্ডলের ছেলে। নিহত দেব মণ্ডল শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এ বিষয়ে জানতে চাইলে দেবের মামা রিপন মন্ডল জানান, বাবা-মার সঙ্গে অভিমান করে ফাঁকা বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে দেব মন্ডল ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে সকাল ৯টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইব্রাহিম জানান, হাসপাতালে আনার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে ।

সারাদেশে নৌযান শ্রমিকদের চলছে কর্মবিরতি

0

১০ দফা দাবিতে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে গত রাত থেকে সারাদেশে নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। তাদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবির আদায়ে এ কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

শনিবার রাত ১২টা থেকে মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় (ঢাকা) সভাপতি মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন , মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবি করে আসছেন শ্রমিকরা। শুক্রবার ঢাকায় মালিক-শ্রমিক প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তত মজুরি বৃদ্ধির ঘোষণার দাবি জানানো হলেও মালিকপক্ষ সেটি মেনে নেন নি। তারা এক মাসের সময় চেয়েছেন। কিন্তু এ ব্যাপারে এক মাসের সময় দিতে শ্রমিকরা একমত হতে পারে নি । ফলে শনিবার রাত ১২টা থেকে সারাদেশে কর্মবিরতি পালন শুরু করেছেন শ্রমিকরা।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাইনুল হোসেন মিন্টু গণমাধ্যমকে বলেন, ১০ দফা দাবি আদায়ের লক্ষে গত ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সরকার এবং মালিকপক্ষকে আল্টিমেটাম দেয়া হয়েছিল। দাবি বাস্তবায়ন না করায় আমরা শনিবার দিবাগত রাত থেকে মোংলা বন্দরসহ সারা দেশে লাগাতার কর্মবিরতি পালন শুরু হয়।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মাস্টার নজরুল ইসলাম জানান, নৌযান শ্রমিকরা সবচাইতে কম বেতনে চাকরি করেন। এই বেতনে ডাল ভাত খেয়েও চলা যায় না। শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগের সভাপতি শেখ আবুল হাশেম জানান, সরকার এবং মালিকপক্ষ বারবার নৌযান শ্রমিকদের বেতন বাড়ানোর আশ্বাস দিলেও বেতন বাড়েনি। এ কারণে এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি শুরু করতে বাধ্য হয়েছেন।

ডলার সংকট আগামী মাস থেকে কেটে যাবেঃ সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সালমান ফজলুর রহমান বলেছেন, ‘ডলার সংকট আছে, তবে সেটা আগামী মাস থেকে কেটে যাবে।’

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংকের ১০০০তম শাখার শুভ উদ্বোধন করেন তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আমদামি ব্যয় বেড়েছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমরা এক কোটি পরিবারকে টিসিবি এবং ওএমএসের মাধ্যমে খাদ্য সহায়তা দিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর চেম্বার্সের সভাপতি গোলাম রসুল, আইএফআইসি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি সৌয়দ মনসুর মোস্তফা প্রমুখ।

দোহারে ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনা করে ৬০ পিছ ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮ টায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের নির্দেশে এসআই নান্টু কৃষ্ণ মজুমদার সংঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাটাখালি এলাকায় থেকে মৃতঃ মালেক মৃধার ছেলে মামুন (২৮), রাহাবের ছেলে রনি(২৪), মৃত্যু হাবিবুর রহমানের ছেলে তাহমিদুর রহমান (২৫), শেখ সাইফুল ইসলামের ছেলে সেলিম (২৬),আবুল হোসেনের ছেলে এমারত হোসেন, (২৮), জুলমতের ছেলে আমিন(২৫), নান্টু ছেলে সজল(২৮) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার বর্তমান বাজার মূল্য ৪,১৮,০০০/= (চার লক্ষ আঠারো হাজার) টাকা।

অভিযানের বিষয় এ এস আই নান্টু কৃষ্ণ মজুমদার বলেন, আমরা গোপন সংবাদ পাই কাটাখালি এলাকায় বেশ কিছু মাদক বেচা কেনা হচ্ছে সেই সূত্র ধরে আমরা ঐ স্থানে অভিযান পরিচালনা করে সাতজনকে আটক করি। পরে তাদেরকে আজ শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহতি থাকবে।

যাকাত আদায়ে বিভাগ সেরা দোহারের ইউএনও

ঢাকায় সর্বোচ্চ ২০২১-২২ বছরে যাকাত সংগ্রহকারী কর্মকর্তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সর্বোচ্চ যাকাত আদায়কারী কর্মকর্তা হিসেবে ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোবাশ্বের আলম ও ঢাকা জেলা প্রশাসক জনাব মোঃ শহীদুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়েছে।

গত ১৬ নভেম্বর, বুধবার ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় কার্যালয় এর আয়োজনে হজ্জ ক্যাম্প অডিটোরিয়াম (৪র্থ তলা), আশকোনা, ঢাকায় সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী কর্মকর্তাদের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ মুনিম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন, ঢাকা ও গভর্নর, বোর্ড অব গভর্নরস, ইসলামিক ফাউন্ডেশন, জনাব ফারুক আহম্মেদ, প্রকল্প পরিচালক ( অতিরিক্ত সচিব), মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ঢাকা জেলা প্রশাসক জনাব মোঃ শহীদুল ইসলাম, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত শ্রেষ্ঠ ৩ জন ইমাম, মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা এবং ২০২১, ২০২২ সালের শ্রেষ্ঠ যাকাত আদায়কারী কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।

দোহারে ৩ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরিফ হাসান, নিউজ৩৯ঃ দোহার – নবাবগঞ্জে আইন-শৃংখলা বাহিনীর জিরো টলারেন্সে সত্বেও কমছে না মাদক কেনা-বেচা। নিয়মিতই ধরা পড়ছে মাদকসেবী এবং ব্যবসায়ীরা। এইবার রোববার রাতে দোহারে ৩ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ২০কেজি গাঁজা। উপজেলার নূরপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তিন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন দোহার থানার ওসি মোস্তফা কামাল।

দোহার থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতার তিনজন দীর্ঘদিন যাবত ঢাকা জেলার নবাবগঞ্জ দোহারসহ আশপাশের জেলায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে ২০ কেজি গাঁজা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার গঙ্গানগর এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নোয়াগাঁও এলাকার টুনু মিয়ার ছেলে মো. শিপন (৩০) ও ফুলতলির হুমায়ন কবিরে ছেলে রোমান (৩০)।

দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, দোহারকে মাদকমুক্ত করতে দিনরাত কাজ করে যাচ্ছে দোহার থানা পুলিশ। এক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। গত এক সপ্তাহে একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। চলমান অভিযানের অংশ হিসেবে রোববার তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের মাদক আইনে মামলা দিয়ে ঢাকায় প্রেরণ কারা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

দোহারে শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড়

ঢাকার দোহারে ফুটপাতের দোকানগুলোয় শীতের পোশাক কেনাকাটার ধুম পড়েছে। আর স্বল্প মূল্যে শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার বিভিন্ন বাজারের রাস্তার পাশের ফুটপাতে দোকান সাজিয়ে শীতবস্ত্র বিক্রেতাদের বসতে দেখা গেছে। এ ছাড়া ভ্যানে করে শীতের পোশাক বিক্রি করতেও দেখা গেছে অনেক বিক্রেতাকে। এসব দোকানে গরম কাপড় কেনাকাটা জমে উঠেছে।

ব্যবসায়ীরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি পাওয়ার সঙ্গে শীতের পোশাকেরও দাম বেড়েছে। সাধ্যের মধ্যে মূল্যে শীতের পোশাক কিনতে দরিদ্র শ্রেণির পাশাপাশি মধ্যবিত্তরাও ভিড় করছেন ফুটপাতের শীতবস্ত্রের দোকানে।

বাজার ঘুরে দেখা যায়, শিশু, নারী, পুরুষসহ সব বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে এ দোকানগুলোয়। জ্যাকেট, লং কোর্ট, উলের পোশাক, শর্ট জ্যাকেটসহ সব ধরনের পোশাকই পাওয়া যাচ্ছে এখানে।

কয়েকজন ক্রেতা জানান, শীত সবে শুরু হয়েছে, এখনই গরম কাপড়ের যে মূল্যবৃদ্ধি পেয়েছে, শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। মার্কেটে দাম বেশি হওয়ায় স্বল্পমূল্যে মোটামুটি মানের পোশাক কিনতে ফুটপাতে ভিড় করে ক্রেতারা।

ফুটপাতের শীতবস্ত্র বিক্রেতা মো. রাসেল হোসেনসহ কয়েকজন বলেন, গত বছর যে মূল্যে শীতের কাপড় কিনতে পারছে, তা এবার দ্বিগুণ দাম বাড়ছে। এবার গরম কাপড়ের ক্রয়মূল্য বেশি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।