দোহারে পদ্মায় ৬৩ গরুসহ ট্রলার ডুবি : নিখোঁজ-২

ঢাকার দোহার উপজেলায় পদ্মানদীতে ৬৩টি গরুসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মধুরচর এলাকায় গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৬৩টি গরুর মধ্যে ৩০টি গরু উদ্ধার করা হয়েছে এবং ট্রলারে থাকা গরুর বেপারী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জসিম( ৪০) ও তার ভাগ্নে সিয়াম( ১২) নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

ট্রলারে থাকা আশিকুল গাজী জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কয়েকজন গরু ব্যবসায়ী ফরিদপুর জেলার টেপাখোলা বাজার থেকে গরু ক্রয় করে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিএমবিঘাট হয়ে ঢাকার দোহার উপজেলার মেঘুলা ঘাটে যাওয়ার সময়ে ইঞ্জিনচালিত ট্রলারটি দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এলে ট্রলারটির নিচের তলীতে ক্ষতিগ্রস্ত হয়ে পানি ঢুকতে থাকে। ট্রলারের মাঝি বিষয়টি বুঝতে পেরে ট্রলারটি নদীর দিকে ভেড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

এসময় ৬৩টি গরুসহ গরুবহণকারী ট্রলারটি পানিতে ডুবে যায়। গরুগুলো ট্রলারের সাথে বেঁধে রাখায় সকলের সহযোগিতায় ৩০টি গরু উদ্বার করা গেলেও বাকি গরুগুলো ট্রলারসহ ডুবে যায়। সকালে ট্রলারসহ মৃত গরুগুলো পানির উপরে ভেসে উঠে। ট্রলার ডুবির ঘটনার খবর পেয়ে দোহার থানা, দোহার কুতুবপুর নৌ পুলিশ, ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, ঢাকা ফায়ার স্টেশন অফিসের প্রধান শাখাকে অবগত করা হলে ঢাকা থেকে টিম এসে উদ্বার কার্যক্রম চালাতে থাকেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে।

আমেরিকা যা চায় আওয়ামী লীগও তাই চায়: সালমান এফ রহমান

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, (news39.net: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী সালমান ফজলুর রহমান নির্বাচনী প্রচারণা সভায় বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি ও জামায়াত বলেছিল যে নির্বাচন হবে না। কিন্তু এখন নির্বাচন চলে এসেছে। আসলে, বিএনপি জনসমর্থন হারিয়েছে।

তিনি বলেন, আমি গত কয়েকদিন আগে আমেরিকার রাজধানীতে গিয়েছিলাম। তখন আমেরিকার মন্ত্রীদের সাথে দেখা হয়েছে। তখন তারা তিনটি বিষয় বলেছে। প্রথমত: বাংলাদেশে অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত। আমি বলেছি সেটা আমাদেরও চাওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান। শেখ হাসিনা জনগণের জন্য কাজ করেছেন তাই তিনি আশা করেন জনগণ তাকে ভোট দিয়ে পুনরায় আবার জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাবেন। দ্বিতীয়ত: কথা ছিল তাদের বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ হওয়া। তখন আমি বললাম যে শান্তিপূর্ণ গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ নির্বাচনের সময় কিছু না কিছু মারামারি ঘটনা ঘটে থাকে। তবে, কেউ যদি অশান্তি করার চেষ্টা করে, তখন আমরা ব্যবস্থা নিতে পারব। তৃতীয়ত: যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হতে হবে। তখন আমি বললাম অংশগ্রহণ মূলক নির্বাচন বলতে কি তোমরা বলতে চাও বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে? তখন তারা বলল যে না আমরা কখনোই একথা বলি নাই, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা তাদের ব্যাপার। আমরা চাই নির্বাচনে একটি অনুকূল পরিবেশ করে দিবো যেন বাংলাদেশের জনগণ ভোটে অংশগ্রহন করতে পারে।

গ্যাস লাইনের বিষয় সালমান এফ রহমান বলেন, প্রথমে কেরানীগঞ্জ থেকে নবাবগঞ্জ ও দোহারে গ্যাস লাইন আসবে। কিন্তু আমি চিন্তা করলাম যে কেরানীগঞ্জ হয়ে আসতে আসতে নবাবগঞ্জ ও দোহারে গ্যাসের চাপ কমে যাবে। সেজন্য আমি সরাসরি নবাবগঞ্জে গ্যাস লাইনের প্রকল্প পাশ করালাম পরে সেখান থেকে গ্যাস দোহারে আসবে। আর তখন গ্যাসের চাপ বেশী থাকায় নবাবগঞ্জ ও দোহারবাসী সুবিধা বেশী পাবে। আমি নির্বাচনের সময় যত কথা দিয়েছি তারমধ্যে বেশিরভাগ কাজ হয়ে গিছে এবং কিছু কাজ চলমান রয়েছে। তাই কাজগুলো শেষ করতে হলে আমাকে ও শেখ হাসিনাকে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি আরো বলেন, নবাবগঞ্জ ও দোহার হবে অর্থনৈতিক অঞ্চল। এখানে হাইটেক পার্ক হবে অর্থনৈতিক জোন হবে। আর এই জন্য আমি তাদেরকে শর্ত দিয়ে বলেছি যে, যারা এখানে অর্থনৈতিক জোন তৈরি করবেন তারা যাতে দোহার ও নবাবগঞ্জ এর লোকদের কাজ দেন। অর্থাৎ এখানে দোহার নবাবগঞ্জ উপজেলার জনগণের কর্মসংস্থান হবে।

দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বৃিথী,আলী আহসান খোকন শিকদার,ঢাকা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু,আনার কলি পুতুল,দোহার উপজেলার সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাশার চোকদারসহ বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী।

দোহার-নবাবগঞ্জে কর্মসংস্থান বাড়িয়ে বেকারত্ব নির্মূল করব: সালমা ইসলাম 

ঢাকা-১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, নির্বাচিত হলে দোহার ও নবাবগঞ্জে কৃষিভিত্তিক শিল্প এলাকা গঠনে কাজ করব। ফলে এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা বিদ্যুৎ ও পানির সংকট নিরসন হয়ে যাবে।  পাশাপাশি কৃষি ও শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটিয়ে কর্মসংস্থান বৃদ্ধি করে দোহার-নবাবগঞ্জে বেকারত্ব নির্মূল করব।

বুধবার দুপুরে নবাবগঞ্জের যন্ত্রাইল চন্দ্রখোলা এলাকায় ভোটারদের সঙ্গে উঠানবৈঠকে এসব কথা বলেন সালমা ইসলাম।

সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম বলেন, আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের কথা দিচ্ছি— আমি এই দোহার-নবাবগঞ্জের জনসাধারণের জীবনমানের উন্নয়নের পাশাপাশি কৃষকের মান উন্নয়নে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। এ ছাড়া যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাঁচা ও আধাপাকা রাস্তাগুলোকে পাকা রাস্তায় রূপান্তর করব। লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে আরেকবার সেবা করার সুযোগ দিন।

তিনি আরও বলেন, আমার স্বামী আপনাদের প্রিয় মানুষ, আপনাদের অহংকার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। করোনা মহামারিতে যখন দেশের মানুষ লকডাউনের কারণে ঘরের বাহিরে বের হতে পারছিল না, অফিস-আদালত, কলকারখানা ও দোকানপাট, সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ খাবার পাচ্ছিল না, ঠিক এই সময়ের ভয়াল দিনগুলোতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ কোটি টাকার চেক তুলে দিয়েছিলেন। তা ছাড়া এই এলাকার গরিব অসহায় হতদরিদ্র্য মানুষের মধ্যে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে চাল-ডাল বিতরণ করেন।

সালমা ইসলাম বলেন, তার (নুরুল ইসলাম) স্বপ্ন ছিল— দোহার-নবাবগঞ্জ যেন বাংলাদেশে একটি দারিদ্র্যমুক্ত এলাকা হিসেবে পরিচিত হয়। আমি তার সহধর্মিণী হিসেবে কথা দিচ্ছি— দোহার-নবাবগঞ্জ উপজেলাকে একটি সর্বাঙ্গীন স্বয়ংসম্পূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলব। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সব উন্নয়নমুখী কর্মকাণ্ডের সফল বাস্তবায়ন ঘটাতে সক্ষম হব। এই অঞ্চলকে বেকারত্ব, দারিদ্র্যের অভিশাপমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

উঠানবৈঠকে ভোটারসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সুখ ও দুঃখের কথা শুনেন সালমা ইসলাম।

এ সময় নির্বাচনি উঠানবৈঠক ও মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, জাপা নেতা মান্নান মাস্টার, এম মজিদ, আব্দুস সালাম, নকুল কুমার, স্বপন কুমার, তাজুল ইসলাস, মতিন মেম্বার, হারুন মিয়া বিরেশ মাজেদ মিয়া, পলাশ রোজারী, শুভ্র তালুকদারসহ নারী নেত্রী আসমা আক্তার রুমি, তানজিনা আহমেদ নিনা প্রমুখ।

সৎ ব্যবসা উত্তম ইবাদত

0

ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয়, উৎপাদন ও বণ্টন মানুষের জীবনের এক বিশাল অংশ দখল করে আছে। এসব এমন এক বাস্তবতা, যা ছাড়া মানবজীবন অচল হয়ে পড়ে। এই চাহিদার প্রতি লক্ষ্য রেখে ইসলাম নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিতে যে ব্যবসা করা হয়, তা বৈধ।’ (সুরা আন-নিসা: ২৯)

ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহের গুরুত্ব ইসলামে অনস্বীকার্য। সততা ও আমানতদারির সঙ্গে বৈধপথে ব্যবসা-বাণিজ্য করলে কিয়ামতের দিন নবী ও শহীদদের সঙ্গী হবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে।’ (তিরমিজি: ১২০৯)

হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির সঙ্গে কোনো ধরনের কথা বলবেন না, তাদের প্রতি ভ্রূক্ষেপ করবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাদের একজন—যে ব্যক্তি তার ব্যবসায়িক পণ্যকে মিথ্যা কসম খেয়ে বিক্রি করে।’ (তিরমিজি: ১০৬)

ইসলামবিষয়ক: ইসমাঈল সিদ্দিকী 

ইসরায়েলে ২০ জাহাজ ও ২৩০ প্লেন বোঝাই অস্ত্র পাঠিয়েছে আমেরিকা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা আড়াই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ২০ হাজার সাত শতাধিকেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এই যুদ্ধে ইসরায়েলকে ২৩০টি কার্গো প্লেন ও ২০টি জাহাজ বোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে আমেরিকা। গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে বিশ্ব পরাশক্তি দেশটি।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে আমেরিকা ২৩০টি কার্গো প্লেন এবং ২০টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই জাহাজ ইসরায়েলে পাঠিয়েছে।

ইসরায়েলি সামরিক পরিসংখ্যান অনুসারে, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলা ও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে গিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৪৮৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

দোহারে সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার ও চুরিকৃত অটোগাড়ি উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দোহার সার্কেল এর সিনিয়র পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম এ তথ্য জানান।

গ্রেপ্তারকুতরা হলেন, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কানাইকাঠি এলাকার মৃত ইসমাইল সরদারের ছেলে স্বপন সরদার (৪৬), বরিশাল জেলার মুলাদী উপজেলার লক্ষীপুর উপজেলার জয়নাল হাওলাদারের ছেলে মোঃ বাবুল হাওলাদার (৪৫), একই উপজেলার সোনামদ্দিন বন্দর এলাকার রহমান কাজীর ছেলে মোঃ কামাল কাজী (৪৬) ও মাদারীপুর জেলা শিবচর উপজেলার রাজারচর কাজী কান্দি উপজেলার মৃত হাকিম হাওলাদারের ছেলে মোঃ খোকন হাওলাদার।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধার সময় দোহার উপজেলার ডাইয়া গজারিয়া (মিজানগর) এলাকার মোঃ শেখ আনোয়ারের ছেলে মোঃ সুমন শেখ (৩২) তাহার ইজিবাইকটি চালানোর উদ্দেশ্যে বাহির হলে সন্ধ্যা অনুমানিক ০৫.১৫ টার সময় তিনি উপজেলার মুকসুদপুর সংলগ্ন ডাক বাংলো মোড়ে পদ্মা নদীর সংলগ্ন পাকা রাস্তার পাশে তাহার অটোগাড়ির ঘাড়ে তালাবন্ধ করে পদ্মা নদীর পাড়ে যায়।

পরে আনুমানিক ১৫ মিনিট পর এসে দেখেন তাহার অটোগাড়িটি নাই। পরে আশপাশের এলাকা ও বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তিনি অটোগাড়িটি খুঁজে না পেয়ে ওই দিনই দোহার থানায় অজ্ঞাতনামা একটি অটোগাড়ি চুরি হওয়ার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন মোঃ সুমন শেখ । পরে এরই ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) নির্দেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম এর সরাসরি তত্ত্বাবধানে ও অপারেশন পরিকল্পনায় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর-রশীদ দোহার থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে চোরাই অটোগাড়িটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ সময় তাহাদের কাছে থেকে ২টি মাস্টার কি উদ্ধার করা হয়। যার দ্বারা যেকোন ইজিবাইক কয়েক সেকেন্ডের মধ্যেমে তালা খুলে চুরি করে নিয়ে যাওয়া যায়। চুরি করা অটোরিকশার যন্ত্রাংশ ঢাকার মোহাম্মদপুর ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রয় করে বলে জানায় চোরচক্রের সদস্যরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের সাথে আরো কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

শ্রমিকের অধিকার আদায়ে ইসলাম

আতিক উল্লাহ আল মাসউদ

মানুষ সৃষ্টির সেরা জীব। এই শ্রেষ্ঠত্বের অন্যতম মহত্ব হলো, আল্লাহ তাআলা মানুষকে শ্রমনির্ভর করে সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষ স্থান, কাল ও পাত্র ভেদে শ্রমজীবী। শ্রমজীবী হওয়া দাসত্বের নয় বরং মনুষ্যত্বের গুণ। মানব সৃষ্টির গুণাগুণ বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি।’ (সুরা বালাদ: ০৪)

শ্রম বিনিময় করে রিজিক তালাশ করার মধ্যে মানুষ্য জাতির ভারসাম্য ফুটে ওঠে। এর বিপরীতে রয়েছে অলসতা ও অন্যের মুখাপেক্ষিতা। অলসতা মূলত দরিদ্রতার প্রথম ফটক। যদিও আমাদের জনজীবন দিন দিন অলসতা ও মুখাপেক্ষীর দিকে ধাবিত হচ্ছে। আমরা যদি এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বর্তমান অর্থনীতির দিকে দৃষ্টি রাখি, তাহলে দেখতে পাই চলমান অর্থনীতিকে গতিশীল করতে হলে সবাইকে শ্রমনির্ভর উপার্জনের দিকে নজর দিতে হবে।

মালিক কখনোই শ্রমিককে কর্কশ ও অকথ্যভাবে নাজেহাল করতে পারবে না। শ্রমিক যেভাবে মালিকের সেবা প্রদান করবে, মালিক তেমনি করে শ্রমিকের সঙ্গে উত্তম আচরণ করবে। এ ব্যাপারে রাসুলের (সা.) সর্বশেষ উপদেশের মধ্যে পাওয়া যায়। তিনি বলেন, ‘তোমরা অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় কর।’ (আবু দাউদ: ৫১৫৬)

শ্রমিকের সঙ্গে অশোভন আচরণ করলে কিয়ামতের দিন তাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। রাসুল (সা.) বলেন, ‘সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল। তোমাদের সবাইকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।’ (বুখারি: ৮৯৩) শ্রমিক নিয়োগ ও আচরণের বিভিন্ন দিক নিয়ে হজরত মুহম্মদ (সা.) কড়া নির্দেশ দিয়েছেন। পারিশ্রমিক নির্ধারণ করে শ্রমিক নিয়োগ দিতে হবে। যাতে পরে কারো মনে আঘাত ও বিষণ্নতা দেখা না যায়। রাসুল (সা.) মজুরি নির্ধারণ না করে শ্রমিক নিয়োগ দিতে নিষেধ করেছেন। (মুসানাদে আহমাদ: ১১৫৬৫)
শ্রমিকের দায়িত্ব হলো ভালোভাবে কাজ করা আর মালিকের দায়িত্ব হলো কাজ আদায় হওয়া মাত্র মজুরি আদায় করা। না হয় কঠিন শাস্তি ভোগ করতে হবে। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তায়ালা বলেন, কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবো। তাদের একজন হলো ওই ব্যক্তি, যে শ্রমিক নিয়োগ করার পর তার থেকে পুরো কাজ আদায় করে নেয়, কিন্তু তার পারিশ্রমিক দেয় না। (বুখারি)

যে মালিকের বিপক্ষে আল্লাহ তাআলা বাদী হবেন, তার জন্য মুক্তির আশা নেই। যেমন অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘অধিনস্থদের সঙ্গে দুর্ব্যবহারকারী মনিব জান্নাতে প্রবেশ করবে না।’ ইবনে মাজাহ)

শ্রমিকরা আমানতের সঙ্গে দায়িত্ব পালন করার মাধ্যমে আমাদের সচ্ছলতা আসে। কাজেই তাদের সঙ্গে দুর্ব্যবহার কখনোই কাম্য নয়। আমাদের উচিত, শ্রমিকের যথাযথ প্রাপ্য ও হক আদায় করা। তাদের জীবনের প্রতি দৃষ্টি রাখাও মালিক পক্ষের দায়িত্বের অংশ। তার বিপদাপদে সঙ্গে থাকা মালিকের নৈতিক দায়িত্ব।

পরিশেষে বলতে চাই, শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখার সাহসী সৈনিক। তাদের নিঃসৃত ঘাম আমাদের জন্য নিয়ামত। কাজেই তাদের সঙ্গে উত্তম আচরণ করা আমাদের নৈতিক দায়িত্ব

দোহার-নবাবগঞ্জে আলাদা গ্যাস পাইপলাইন স্থাপন হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দোহার-নবাবগঞ্জের জন্য আলাদা গ্যাস পাইপলাইন স্থাপন করা হবে। এ ছাড়া আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। দোহার-নবাবগঞ্জবাসী আমাকে নির্বাচিত করলে অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করলে পাল্টে যাবে দোহার-নবাবগঞ্জ উপজেলার চেহারা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে। তিনি বলেন, আপনাদেরকে সেবা করার জন্য পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করছি।  রোববার সকাল থেকে নবাবগঞ্জ উপজেলার  নয়নশ্রী ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, সমস্যা সমাধান হয়ে গেলে আমরা সহজে ভুলে যাই। বিদ্যুতের  সমস্যা ছিল। শেখ হাসিনার সরকার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করার কারণে লোডশেডিংয়ের কথা ভুলে গেছি, ভুলে গেলে চলবে না। বান্দুরা-নয়নশ্রী সরাসরি সড়ক যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণ উদ্বোধন করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শতভাগ প্রযুক্তিনির্ভর কৃষকদের সহযোগিতা করা হবে। প্রবাসী সেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা বিশেষ হাসপাতালের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিয়ে স্বাস্থ্যসেবা পেতে পারেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে  টেলিমেডিসিন সেবা কেন্দ্র চালু করা হবে যাতে করে এলাকায় দোহার-নবাবগঞ্জ উপজেলার হাসপাতাল ১০০ বেডে উন্নীত করা, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট, কালিগঙ্গা নদীর দক্ষিণ তীর রক্ষা বাঁধ প্রকল্প, শেখ কামাল আইসিটি পার্ক চলমান রয়েছে। দোহার-নবাবগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প এবং দোহার-নবাবগঞ্জ উপজেলার জন্য আলাদা গ্যাস লাইন স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পাল্টে যাবে দোহার-নবাবগঞ্জ।

দ্বাদশ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে ঢাকা-১ আসন, দোহার-নবাবগ‌ঞ্জের ভোটার‌দের দ্বা‌রে দ্বা‌রে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বি‌নিয়োগ উপ‌দেষ্টা ও ঢাকা-১ আস‌নের আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। নির্বাচনী প্রচারণায় অংশ নি‌য়ে সালমান এফ রহমান বলেন, সারা বিশ্ব এই নির্বাচ‌নের দি‌কে তা‌কি‌য়ে আ‌ছে। এই সরকার সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচ‌ন করতে সকল প্রশাসন‌কে নির্দেশ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার,  বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সহ-সভাপতি স্মৃতি কণা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আনারকলি পুতুল,  নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জালাল উদ্দিন জালাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডক্টর এডভোকেট শাফিল উদ্দিন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম নাদিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ এম এ বারী বাবুল মোল্লা,  বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, এম এ মনিরুজ্জামান তুহিন, নয়নশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পলাশ চৌধুরী, সাবেক  যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নন্দলাল সিং সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নবাবগঞ্জে সড়কে গাছ পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ‘ডামি নির্বাচন’ বর্জন, চলমান অসহযোগ আন্দোলনের সফল ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে নবাবগঞ্জ ছাত্রদল।

আজ রোববার ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে টিকরপুর থেকে খারশুল ব্রিজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। পরে সেখানে গাছ ফেলে তাতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. শফিকুল ইসলাম নীরবের নেতৃত্বে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নির্দেশে এ বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মামুন আর রশিদসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদল ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের নেতারা।

দোহারে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার দোহারে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ডিসেম্বর) সকালে দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনিসুর রহমান। নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে বলে জানান জেলা প্রশাসক। এবং তিনি সবাই উদ্দেশ্য বলেন প্রার্থীদের জন্য যেমন আইন আছে তেমনি আমাদের জন্যও আইন আছে। আমরা নিরপেক্ষ থেকে সুষ্ঠু ভোট গ্রহণের ব্যবস্থা করবো।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হারুন অর রশিদ, দোহার উপজেলা নির্বাচনি কর্মকর্তা তাসিনুর রহমান, নবাবগঞ্জ উপজেলা নির্বাচনি কর্মকর্তা রেজাউল ইসলাম সহ আরও অনেকে।